বারে-ক্লাবে মাতালদের ওরকম ডবল দেখার ঘটনা অনেক দেখেছি।
আবার এর উলটোটাও দেখেছি।
এক বারে দুই যমজ ভাই মদ খেতে যায়। অন্য টেবিলে এক মদ্যপ এক পেগ মদ টেনে সামনে তাকাতেই ওই দুই ভাইকে দেখতে পায়। অবিকল একরকম দেখতে দুজন মানুষ।
সঙ্গে সঙ্গে প্রাচীন মদ্যপটি বুঝতে পারলেন ডাবল দেখছেন। এক পাত্র পান করে এতটা নেশা হওয়া অনুচিত, কিন্তু তিনি আর মদ্যপান করতে সাহস পেলেন না।
.
ধীরে ধীরে জটিলেশ্বরবাবুর সঙ্গে একটু-আধটু আলাপ পরিচয় হল।
কথায় কথায় জানলাম তিনি দুধের ডেয়ারিতে কাজ করেন। আগে মফসসলে ছিলেন, এখন প্রমোশন পেয়ে কলকাতা-সদরে হেড অফিসে এসেছেন।
জটিলেশ্বরবাবুর মূল কাজ হল দুধে জল মেশানো।
এ অবশ্য চিরাচরিত গোয়ালার দুধে জল মেশানো নয়। বিদেশ থেকে গুঁড়ো দুধ এনে তার মধ্যে পরিমাণমতো জল মেশানো। বলাবাহুল্য জলের মাত্রা বেশি করতে পারলে লাভও বেশি। এই জন্যে অনেক সময়েই প্যাকেটের দুধ গোয়ালার দুধের মতোই পাতলা হয়ে যায়।
একদিন হঠাৎ বিনা কারণেই উপযাচক হয়ে জটিলেশ্বর আমাকে বললেন, জানেন আমাদের কোম্পানির প্যাকেটের দুধে এবার থেকে জলের পরিমাণ একদম কমে যাবে। একেবারে ঘন দুধ পাবেন।
এ তথ্যে আসার কোনও প্রয়োজন ছিল না, জটিলেশ্বরবাবুদের কোম্পানির দুধ আমি খাই না। তবে ভদ্রতার খাতিরে সংক্ষিপ্ত প্রশ্ন করি, কেন? কী ব্যাপার বুঝতে পারছি না।
জটিলেশ্বর মৃদু হেসে বললেন, আমাদের কোম্পানি বোতলের জলের ব্যবসা শুরু করেছে, নতুন প্ল্যান্ট গতকাল চালু হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন। কাগজে দেখেননি?
এ সব খবর কাগজে আর কে পড়ে! তবু আমি বললাম, কিন্তু দুধে জল কমবে কেন?
জটিলেশ্বরবাবু বললেন, বুঝতে পারছেন না? এক লিটার জলের দাম হচ্ছে বারো টাকা, আর দুধের লিটার হল এগারো টাকা। দুধে জল মেশালে কোম্পানিরই ক্ষতি। এখন জল যত কম দেওয়া যাবে ততই লাভ।
.
ধীরে ধীরে জটিলেশ্বরবাবুর জটিলতা আমি টের পেতে লাগলাম।
এক রবিবার সকালে এলেন, এসে বললেন, আপনি তো লেখা-টেখা করেন। একটা চমৎকার বাক্য রচনা করেছি শুনুন,
খয়াখর্জুর মেয়েরা খুব খাইখুট্টি হয়।
আমি এ ধরনের বাক্যে অভ্যস্ত নই, বললাম, এর মানে?
জটিলেশ্বর বললেন, মানে তো সোজা, ছোটখাটো মেয়েরা বেশি খায়।
তারপর একটু থেমে আমাকে চিন্তা করার সুযোগ দিয়ে বললেন, অনুপ্রাসের এটা একটা চমৎকার নমুনা। সাতটা শব্দের মধ্যে পাঁচটাই খ দিয়ে।
সেদিন এক কাপ চা খেয়ে বিদায় নিলেন। কিন্তু পরের রবিবার আবার এলেন জটিলতর সমস্যা নিয়ে।
দেখলাম দুটো বাংলা প্রবাদ তিনি সম্পূর্ণ গুলিয়ে ফেলেছেন।
আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হাতিমারা কেরানি কথাটার মানে কী? আপনি তো লেখক মানুষ, আপনি তো নিশ্চয় জানেন।
আমি বললাম, হাতিমারা কেরানি এ জাতীয় কোনও কথা কখনও শুনিনি।
জটিলেশ্বর গম্ভীর হয়ে বললেন, এ কথাটা নিশ্চয় শুনেছেন–মরা মাছি লাখ টাকা। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ভদ্রলোক হাতি আর মাছি গোলমাল করে ফেলেছেন। কিন্তু আমি কিছু বলার আগেই তিনি সেদিন চা না খেয়েই চলে গেলেন।
এগুলো রসিকতা না পাগলামি এ বিষয়ে আমার মনে ধন্দ ছিল।
কিন্তু আজ সকালেই সে ধন্দ দূর হয়েছে।
.
সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম।
দেখি পার্কের ওপাশে তাঁর ফ্ল্যাট বাড়ির সামনে সিঁড়ির ওপর জটিলেশ্বরবাবু বসে আছেন। আমাকে দেখে হাতজোড় করে নমস্কার করে বললেন, গুড মর্নিং। সুপ্রভাত। তারপর প্রশ্ন করলেন, আচ্ছা আমরা গুড মর্নিং বলি। সুপ্রভাত বলি। গুড ডে বলি কিন্তু সুদিন বলি না কেন?
এই জটিলতা এড়িয়ে আমি বললাম, কিন্তু আপনি সিঁড়ির ওপর বসে আছেন কেন?
কী করব বলুন? জটিলেশ্বর বললেন, বাড়িতে গিয়ে কড়া নাড়ালাম দরজা না খুলে কাজের লোকটা বলল, জটিলেশ্বরবাবু বাড়ি নেই। পরে আসুন।
তারপর মাথা চুলকোতে চুলকোতে বললেন, সকালে হাঁটতে বেরিয়েছিলাম এখন বাড়ি ফিরে এই বিপত্তি।
আমি বললাম, তাহলে এখন কী করবেন?
জটিলেশ্বরবাবু বললেন, কী আর করব! দেখি জটিলেশ্বরবাবু কখন ফেরেন।
আমি রীতিমতো বিস্মিত হয়ে বললাম, কিন্তু আপনিই তো জটিলেশ্বরবাবু?
ভ্রূ কুঞ্চিত মুখে জটিলেশ্বর বললেন, সেটাই তো প্রশ্ন।
জতুগৃহ
নিবারণবাবু লোকটাকে প্রথম প্রথম আমি যতটা বোকা ভেবেছিলাম, তিনি বোধ হয় তা নন।
ভদ্রলোকের সঙ্গে আমার আজ প্রায় বছর দেড়েক আলাপ। দিল্লি না বোম্বাই, কোথায় যেন বড় চাকরি করতেন, সেখান থেকে অবসর নিয়ে আমাদের গলির মোড়ের এক মালটিস্টোরিড বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে ডেরা বেঁধেছেন।
আমাদের রাস্তাটা সরাসরি ময়দানের দক্ষিণ মুখে গিয়ে পড়েছে। মোড় পেরোলেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গ্রাউন্ডের উলটো দিকে রানির উদ্যান, ভিক্টোরিয়া মেমোরিয়াল।
সকালে বিকেলে এদিকে যাঁরা হাঁটতে আসেন তাদের মধ্যে রাজা, উজির, কোটাল, কোটিপতি থেকে সামান্য কেরানি, মাস্টার, জোচ্চোর, হাসির গল্পের লেখক ইত্যাদি সব রকম লোক আছে। এদের মধ্যে একটাই মাত্র প্রভেদ যে, একদল ভিক্টোরিয়ার বাগানে হাঁটেন, অন্য দল ব্রিগেড প্যারেডের মাঠে হাঁটেন। যাঁরা ভিক্টোরিয়ায় হাঁটেন তারা কখনওই ব্রিগেড প্যারেডে যান না। অন্যদিকে ব্রিগেড প্যারেড হটিয়েদের কাছে ভিক্টোরিয়া অস্পৃশ্য।
