একেকবার থেমে যায় বৃষ্টি, তারপর আবার নামে। কখনও কখনও বিদ্যুৎ চমকায়। গুড় গুড় করে মেঘ ডাকে। যেন বা যাতায় মটর কিংবা অড়হর ভাঙাচ্ছে কেউ। তারপরই বৃষ্টির বেগ বাড়ে। টুপটাপ শব্দে বড় বড় ফোঁটা পড়ে। খানিক পর আবার কমে। কোত্থেকে যে দমকা একটা হাওয়া আসে। শো শো শব্দে গাছপালার ওপর দিয়ে বয়ে যায়। আকাশে অবিরাম চলাচল করে মেঘ। ঈশান কোণ থেকে কালো বর্ণের মেঘ ওঠে আসে মধ্য আকাশে। সেই মেঘে কেবলই বৃষ্টি হয়।
এবারের বর্ষা খুব দ্রুত নেমে আসছে লোকালয়ে।
খালবিল উপচে জল ওঠে যাচ্ছে জমিতে। চোত বোশেখের খরায় শুকিয়ে যাওয়া মাটি জলে ডোবা পাটপাতার মতো কোমল হয়ে ওঠছে। দেখে মনে হয়, আবহমানকাল ধরে এরকম বৃষ্টিপাত হচ্ছে পৃথিবীতে। এখানে কখনও সূর্য ওঠেনি, নীল রোদ পড়েনি প্রান্তরে কিংবা রাতেরবেলা চাঁদ ওঠেনি, শুভ্র জ্যোৎস্না নামেনি চরাচরে। শুধুই বৃষ্টিপাত হচ্ছে।
ইরফানের ঘরের খড়ের চালা ভিজে চপচপ করছে।
জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে। সেই সব ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। ঘরের ভেতর। বড় একটা ফুটোর তলায় টিনের থালা পেতে রেখেছে পদ্মা। থেমে থেমে পড়ছে থালার ওপর। আর টুমটুম করে শব্দ হচ্ছে। ঘরের মেঝেও ভিজে ওঠেছে। স্যাঁতস্যাঁতে নরম মাটির গন্ধ পাওয়া যায়। বর্ষা যে খুবই প্রবল হয়ে আসছে বোঝা যায়। দুপুরের পর পর পুরোনো মাথালটা মাথায় পরল ইরফান।
খালুই হাতে নিল। তারপর ঘর থেকে বেরুল। দরোজার বাইরে চালার সঙ্গে দড়ির আংটায় আড়াআড়ি ঝোলানো টেটাটা নামাতে নামাতে আকাশের দিকে তাকাল। দুপুর বেলায়ই কীরকম অন্ধকার হয়ে ওঠেছে চারদিক। বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার পর পরই মেঘ ডেকে ওঠেছে।
আঙুলের ডগা বুলিয়ে টেটার ধার পরীক্ষা করল ইরফান। তারপর পদ্মাকে বলল, মেঘে কী ডাক ছাড়ে হুনছচ। কই মাছ উডব আইজ।
পদ্মা ভীতু গলায় বলল, ঠাডা পড়তে পারে। কাম নাই তুমার মাছ মারতে যাইয়া। আমাগোর কই মাছ লাগব না। পদ্মার কথা শুনে ঠা ঠা করে হেসে উঠল ইরফান। জোয়াইরা দিনে ঠাডা পড়ে না। জোয়াইরা মাছ ধরলে তর খারাপ লাগে হেইডা ক। আসল কতাডা ক বউ।
পদ্ম খানিক চুপ করে রইল। তারপর বলল, মাছের বড় সুখের দিন এইডা। তুমি কী নিঠুর গো। এই দিনের মাছ না মারলে কী অয়। মাছ না খাইলে কী অয়!
আবার শব্দ করে হাসে ইরফান। তুই অহন পোলাপান রইছস বউ! কতা কচ পোলাপানের লাহান। মাছের সুখের দিন দেইক্কা মাছ মারব না মাইনষে, মাছ খাইব না! ইরফানের ঘর ছাড়িয়ে বিশ তিরিশ কদম খোলা উঠোন। বৃষ্টিতে উঠোনের আটাল মাটি খুব পেছল হয়েছে। সেই পেছল মাটির উঠোন দিয়া অভ্যস্ত পায়ে হেঁটে যায় ইরফান। পেছন থেকে পদ্মা বলল, হাঁজে হাঁজে আইয়া পইড়। আইজ রাইতে আর মাছ মারতে যাইতে পারবা না।
ইরফান কথা বলে না। হাসে। তারপর উঠোন পেরিয়ে মাঠের দিকে নেমে যায়।
ধানপাটের জমিতে এখন গোড়ালি ডুবে যাওয়ার মতো জল। পাটপাতা বৃষ্টিতে ভিজে ঘন সবুজ হয়েছে কোন ফাঁকে। নদী থেকে খাল বেয়ে জল আসছে গ্রামে। অঞ্চলটা নিচু। খালডোবার সংখ্যা বেশি। বর্ষার মুখে মুখে অল্প সময়ে পুকুর ডোবা ভেসে জল ওঠে যায় মাঠে।
মাঠে নেমে ইরফান দেখতে পায় টুপ টুপ করে অনবরত বৃষ্টি পড়ছে জলের ওপর। বাতাসে ঝিলমিলিয়ে ঢেউ ওঠছে ফসলহীন বাজা জমিতে। কনকনে একটা শীত গড়িয়ে গড়িয়ে বয়ে যায়। এসময় পাট ক্ষেতে মাছ পাওয়া যাবে না। মাছেরা সব কেলি করে রাতেরবেলা। ছুটোছুটি করে অল্প জলে। সেকী উদ্দাম ছুটোছুটি!
মিয়াবাড়ির পুকুর থেকে জল নামছে পাশের নিচু জমিতে। এরকম জলের সঙ্গে ঝাঁকে ঝকে নামে পুঁটি মাছ। পুঁটি মাছের শরীরের দুপাশে লাল রঙের সির পড়ে এসময়। পেটভর্তি থাকে ডিম। আর শরীর কী নরম! কী তুলতুলে!
মিয়াবাড়ির ঘন গাছগাছালির ভেতর ছায়াঘন অন্ধকার জমে ওঠেছে। ঝিম মারা গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। সর সর করে একটানা একটা শব্দ হচ্ছে। এক টুকরো কালো মেঘ পেটভর্তি ডিমের ভারে চলতে না পারা রয়না মাছের মতো ধীর ভঙ্গিতে ওঠে আসে মধ্য আকাশে। ফলে ছায়াঘন অন্ধকার আরো অন্ধকার হয়।
মাঠে না গিয়ে মিয়াবাড়ির দিকে হাঁটতে লাগল ইরফান। জায়গাটা নিরিবিলি। কিছু ঝোপঝাড় আছে, লম্বা লম্বা আড়ালি দল আর বাকসা ঘাস আছে। এই ধরনের জঙ্গুলে জায়গায় শিংমাছ ওঠার সম্ভাবনা। শিংমাছগুলো সবসময় ওঠে। আট দশটা একসঙ্গে হয়ে খেলা করে। ক্যোৎ ক্যোৎ শব্দে চারদিক মাত করে ফেলে। তখন টেটা মারলে একসঙ্গে অনেকগুলো গাঁথা যায়। পেটের ভেতর ডিম থাকে বলে মাছগুলো কমজোরী। এখন বাচ্চা হবে তখন বাচ্চা হবে এমন মেয়েমানুষের মতো ধীর চলাচল তাদের। টেটা মারার পর অনায়াসে খালুইতে তোলা যায়।
মিয়াদের আম বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আকাশে মেঘের সেই গুড় গুড় ডাক আবার শুনল ইরফান। শুনে বুকের ভেতরটা খুশিতে নেচে ওঠত তার। বর্ষা শুরু হওয়ার পর গত কয়েকদিনে আজই প্রথম এরকম শব্দে মেঘ ডাকছে। আজ কই মাছ না ওঠে পারে না। মেঘের এরকম ডাকে উচ্ছলতা বাড়ে কই মাছের। মাথায় বিকার দেখা দেয়। কিছুতেই আর জলায় থাকতে পারে না। কানকো দুটোকে ল্যাংড়া খোঁড়া মানুষের
