চেয়ারের বসা লোকটি মনীন্দ্রের বয়েসী। লম্বা শাদা দাড়ি মুখে, মাথায় গোল টুপি। মোবাড়ির লোক। গাঁয়ের পাঁচ মাথার এক মাথা সালতাবদ্দিন। সালতাবদ্দিন মনীন্দ্রর একেবারে হাতের লোক। মজিদ বেরিয়ে যেতেই সালতাবদ্দিন বলল, মইজ্জা কি রাইতেও বাইত যায়নি?
শুনে হাসে মনীন্দ্র। তয় খাইব কই? বাওনের লগে খাইবনি।
এ কথা শুনে বেঞ্চে বসা লোকগুলো হাসে।
মজিদ হাজামের পোলা, ভদ্রসমাজের বাইরের লোক। ওর ভাই বেরাদররা কামলা মজুর খাটে, বুড়ো বাপ শীতকালে মুসলমানির কাজ করে বেড়ায়। মজিদকে মনীন্দ্র রেখেছে কম্পাউন্ডার হিশেবে, পাহারাদার হিশেবে। দশ বিঘের ওপর বাড়িখানা তার। বিশাল আম কাঁঠালের বাগান, বিশাল পুকুর, বাঁশঝাড়, কপাটি খেলার মাঠ। মজিদ কম্পাউন্ডার এসবের পাহারাদারও।
সালতাবদ্দিন বলল, চদরী আইবো কবে?
শুনে নড়েচড়ে ওঠল মনীন্দ্র। হাতের বইটা বন্ধ করে শাদা ফরাশ বিছানো খাটের ওপর আধশোয়া হল। আইয়া পরনের কতা। দেরি করতাছে ক্যা বুজি না। চদরী নাই আমার বহুত অসুবিধা অইতাছে। বাইষ্যাকাল। মজিদের লইয়া বাইর অইতে অয়। বাড়ি খালি থাকে। দেশ গেরাম গেছে চোর ছেচ্চরে ভইরা। কাইল পশ্চিমের ঝার থিকা ছয় সাত বাঁশ কাইট্টা লইয়া গেছে।
মনীন্দ্রর কথায় বেঞ্চে বসা লোকগুলো একটু আহাউঁহু করে। একজন লুঙির কোঁচর থেকে কুম্ভিপাতার বিড়ি বের করে ধরায়। আরেকজন বলে, চদরী কর্তায় কইলকাত্তা গেছে দুই বচ্ছর পর। ইট্টু বেড়াইয়া খেলাইয়া আইব না।
কেউ কোন কথা বলে না।
খানিকপর বেঞ্চে বসা অল্পবয়সী একজন সালতাবদ্দিনকে বলল, লন যাই নানা। রাইত অইল।
সালতাবদ্দিন একটু নড়েচড়ে ওঠে। মনীন্দ্রর দিকে তাকায়, যাইগা মনীন্দ্র।
মনীন্দ্র বলল, আর ইট্টু বহ। পিয়ার খার বাইত গেলাম না ক্যা হুইন্না যাও।
তারপর একটু হাসে মনীন্দ্র। হাসতে হাসতে বলল, পরে তো কইবা সেকেগো লগে বনিবনা নাই মনীন্দ্রর।
শুনে সালতাবদ্দিন হাসে। কথা বলে না।
মনীন্দ্র বলল, পিয়ার খার বউ বাঁচব না। কালা জাউল্লা আবল তাবল চিকিৎসা করে। নমোর পুতেরে হিগাইলাম আমি, অহনে হেয়ই আমার থিকা বড় কেরামত। অর মরণও প্রিয়নাথের মতনই অইব। শেতলা মায়ই নিব অরে। বহুত বাইড়া গেছে নমোর পুতে। দেইখো তোমরা।
প্রিয়নাথের ব্যাপারটা সালতাবদ্দিনের জানা। মনীন্দ্রর কম্পাউন্ডার ছিল। দশ বার বছর লেগে চেপে থেকে টুকটাক ব্যবস্থাও শিখেছিল। দিনে দিনে গোপন কিছু রোগীপত্র জোগাড় হয়ে গিয়েছিল প্রিয়নাথের। সস্তা ডাক্তার, দুআনা চার আনায় ওষুধ পথ্য দেয়, নাড়ি দেখে। গোপনে গোপনে লোকজন আসা-যাওয়া করে প্রিয়নাথের কাছে। প্রিয়নাথও সুযোগ পেলেই মনীন্দ্রকে ফাঁকি দিয়ে রোগীবাড়ি যায়। কিন্তু মনীন্দ্র বড় চালাক লোক। বামুনের পৌলা। জগৎসংসারে আপন কেউ নেই। দেশ ভাগ হয়ে গেল, তবু একলা পড়ে আছে এদেশে। দশ বিঘের ওপর বাড়িখানা আগলাচ্ছে, ডাক্তারি কবিরাজি করে পয়সা কামাচ্ছে দেদার। এসব বুঝতে দেরি হয় না তার। প্রিয়নাথের বড় দোষ ছিল সুযোগ পেলেই মনীন্দ্রর কিছু বদনাম গাইত সে। সবই আসছিল মনীন্দ্রের কানে। তক্কে তক্কে ছিল মনীন্দ্র। কবে সুযোগ আসবে, কবে প্রিয়নাথকে দেখে নেবে সে। সুযোগ এসেছিল।
মাওয়ার বেলদারবাড়ি গুটিবসন্তের চিকিৎসা করতে গিয়েছিল প্রিয়নাথ। বেজায় ওঠা ওঠেছিল সেবার ওফা বেলদারের। দেখে প্রিয়নাথ গেল ভয় পেয়ে। রোগী দেখবে কি, বাড়ি ফিরতে না ফিরতে নিজেই রোগী হয়ে গেল প্রিয়নাথ। দুদিন তার কোনও খোঁজ খবর নেই। কিন্তু মনীন্দ্রর কাছে খবর হয়ে গেছে, প্রিয়নাথ চললেন।
তিনদিনের দিন প্রিয়নাথের বুড়ি মা এসে পা জড়িয়ে ধরল মনীন্দ্রর।
কত্তা, পোলাডারে বাঁচান।
কিন্তু মনীন্দ্র গেল না। একদিনেই ওফা বেলদার আর তার ডাক্তারবাবু প্রিয়নাথ মারা গেল। মনীন্দ্র হচ্ছে গিয়ে এই এলাকার বড় গুণিন। কে বাচবে কে মরবে রোগী দেখেই বলে দিতে পারে সে। কখনও কখনও না দেখেও পারে। এমনও দেখা গেছে গুটিবসন্তে শরীর পচে গেছে রোগীর, মনীন্দ্রকে খবর দিয়েছে তখন, মনীন্দ্র গিয়ে চিকিৎসা সারিয়েছে। প্রয়োজনে মনীন্দ্র নাকি জিভ দিয়ে চেটে চেটে রোগীর শরীর থেকে বসন্ত তুলে নেয়। কাজী বাড়ির আকবরকে নাকি বাঁচিয়েছিল ওরকম চেটে চেটে। আকবর এখন মাওয়ার বাজারে মুদিমনোহারির দোকান করে।
এসব গল্প মেদিনীমণ্ডলের সবার জানা। মনীন্দ্র সম্পর্কে এরকম গল্প অনেককাল ধরে চলছে চারপাশের গ্রামে।
মজিদ ফিরে এল খানিক পর। ঘাটে নৌকা বাঁধার শব্দ পেয়েই বেঞ্চে বসা লোকগুলো ওঠে। সালতাবদ্দিন বলল, আর না মনীন্দ্র, ম্যালা রাইত অইছে। যাই।
মনীন্দ্র কোনও কথা বলে না। একে একে লোকগুলো সব অন্ধকার উঠোনে নেমে যায়। তারপর ঘাটে নৌকা ছাড়ার শব্দ, জলে বৈঠা পড়ার শব্দ।
মজিদকে দেখেই আড়মোড় ভাঙল মনীন্দ্র। খাটের তলা থেকে বইলাঅলা খড়ম দুটো বের করে পরল। তারপর মাটিতে চটর চটর শব্দ তুলে রান্নাঘরের দিকে চলে গেল। চৌধুরী নেই, মনীন্দ্রকেই করতে হয় সব। রান্না বান্না, হাট বাজার। বামুনের পোলা, বেজাতের হাতেরটা তো আর খেতে পারে না!
রান্নাঘরে গিয়ে চুলো জ্বালায় মনীন্দ্র। চুলোর ওপর এক কড়াই দুধ থাকে সব সময়। ঘন্টায় ঘন্টায় দুধ খায় মনীন্দ্র। রাতের বেলা ভাত খায় না। ফলটা মিষ্টিটা খায়। রোগীবাড়ি থেকে ম্যালা কিছু পায় মনীন্দ্র। ফলপাকুর, মিষ্টি, মাছ। মনীন্দ্রের রান্নাঘর ভর্তি থাকে খাবারে।
