সাশার মুখের দিকে তাকিয়েই আর্নস্ট বুঝতে পারল একটা কিছু গোলমাল হয়েছে।
তোর নিশ্চয়ই বিপদ হয়েছিল? আর্নস্টের প্রশ্ন।
সাশা মাথা নেড়ে সায় দিল। তারপর সমস্ত ঘটনা খুলে বলল।
লোকটা যে মারা গেছে, সে-বিষয়ে তুই কি নিশ্চিত?
আমার মনে হয় ফাভেল মারা গেছে। না হলে ডম কার্লোস আমার পিছনে নদী পর্যন্ত ধাওয়া করত না।
ডম কার্লোস যেমন ধূর্ত, তেমনই বিচক্ষণ, আর্নস্ট বলল, খুব সম্ভব তুমি ওই এলাকা ছেড়ে চলে গেছ কি না সে-বিষয়ে সে নিশ্চিত হতে চেয়েছিল। মুখে সে যা-ই বলুক, তোমার পিছনে তাড়া করার ইচ্ছা তার কখনোই ছিল না।
কয়েক বছর পরে সাশা জানতে পেরেছিল তার দাদার অনুমান নির্ভুল। পাসোফানডো ছেড়ে ডম কার্লোস যখন সাশাকে অনুসরণ করেছিল, সেইসময় অজ্ঞান হয়ে পড়েছিল ফাভেল মারা যায়নি। দু-দিন ধরে সাশাকে অনুসরণ করেছিল ডম কার্লোস। তার কারণ, সাশা যে উক্ত প্রদেশ ত্যাগ করেছে সে-বিষয়ে সে সম্পূর্ণ নিঃসন্দেহ হতে চেয়েছিল। অবশ্য তখন সাশা জানত না যে, ফাভেল বেঁচে আছে। সে ধরে নিয়েছিল ফাভেলের হন্তারক হিসেবে পুলিশ তাকে খুঁজছে। অতএব ক্লিভল্যন্ডিয়া ছেড়ে তাড়াতাড়ি সরে পড়ার জন্য সাশা ব্যস্ত হয়ে উঠল। পরের দিন সকালেই দুই ভাই ক্লিভল্যান্ডিয়া ছেড়ে মাত্তো গ্রসোর পথে উত্তর দিকে রওনা হল।
হিরা যেখানে পাওয়া যায়, সোজাসুজি সেই জায়গাটার দিকে অগ্রসর হতে সাহস পেল না দুই ভাই। কারণ, পথ অতিশয় দুর্গম, অজস্র জলাভূমির মাঝখানে পথের দিশা হারিয়ে ফেলার সম্ভাবনা তো আছেই, তার উপর বনবাসী রেড ইন্ডিয়ানদের কবলে পড়ার ভয় রয়েছে। তাদের খপ্পরে পড়লে সশরীরে ফিরে আসার সম্ভাবনা অতিশয় ক্ষীণ। কাজেই দেরি হলেও ঘোরাপথে–যে-পথে জঙ্গলের ফাঁকে ফাঁকে লোকালয় দেখা যায় সেই পথে যাওয়াই নিরাপদ।
আরও একটি বিষয় সাশার মনে ঝড় তুলেছিল। জোকুইম গুয়াতো নামে যে-লোকটির কথা ডম কার্লোস তাকে বলেছিল–বাস্তবে সত্যিই তার অস্তিত্ব আছে কি না জানার জন্য অস্থির হয়ে উঠেছিল সাশা। সে জানত মাত্তো গ্রসোর মালভূমিতে যে হিরা পাওয়া যায়, তার সন্ধান পাওয়ার জন্যই উগ্রীব হয়ে রয়েছে তার দাদা। কিন্তু হিরা নয়–জোকুইম নামক অসাধারণ মানুষটি সম্পর্কেই অধিকতর কৌতূহলী ছিল সাশা। যদি সত্যিই বাস্তবে ওই লোকটির অস্তিত্ব থাকে, তাহলে মার্সেলো আর বেদুইনোর সঙ্গে লড়াইয়ের চাইতেও অনেক বেশি ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে সাশা।
দাদার কাছে মনের গোপন ইচ্ছা খুলে বলল না সে, শুধু সাও লরেংকোর দিকে যে বনপথ চলে গেছে, সেই পথ ধরতে দাদাকে পরামর্শ দিল। কার্লোসের কাহিনি যদি সত্য হয়, তাহলে ওই পথে গেলেই জোকুইমের সাক্ষাৎ পাওয়া যাবে।
.
ষষ্ঠ পরিচ্ছেদ
কয়েক সপ্তাহ ধরে পূর্ব প্যারাগুয়ের আবাদ করা জমির উপর দিয়ে অশ্ব ও অশ্বতর চালিয়ে ভ্রমণ করল দুই ভাই। মাতে বা ব্রেজিলের চা এখানেই জন্মায়। যেসব জায়গায় আবাদ করা হয়নি, সেইসব জায়গাতে মাথা তুলে দাঁড়িয়েছে নিবিড় অরণ্য। পথ চলতে চলতে যেখানে লোকালয় পাওয়া গেছে, সেইখানেই বিশ্রাম নিয়েছে আর্নস্ট আর সাশা। লোকালয় থেকে তারা খাদ্য সংগ্রহ করেছে তো বটেই, অধিকন্তু টাকা রোজগার যা করেছে, তা-ও পরিমাণে নেহাত কম নয়। ব্রেজিলের ওইসব অরণ্যবেষ্টিত স্থানে যেসব মানুষ থাকে, তারা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রাখলেও ওইসব অস্ত্রের যত্ন নিতে জানে না। ফলে বন্দুক, পিস্তল প্রভৃতি অস্ত্র প্রায়ই অকেজো হয়ে যায়। দুই ভাই ওই অকেজো অস্ত্রের মেরামতির কাজে খুবই দক্ষ হয়ে উঠেছিল এবং তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রামে ও শহরে। তাদের সঙ্গে চাক্ষুষ পরিচয় না-থাকলেও ভ্রাম্যমাণ পথিকের মুখে দক্ষ মিস্ত্রি হিসাবে তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূরদূরান্তে।
একদিন একটা ছোটো জনবসতির মধ্যে যখন তারা ঘোড়া আর খচ্চর চালিয়ে এসে পড়েছে, সেইসময় একটি প্রবীণ পুরুষ তাদের অভিবাদন জানিয়ে বলল, আমি এই এলাকার মেয়র। আমার নাম ইউসেবিও। আমি বোধহয় দুই বিখ্যাত রুশ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি, যারা অকেজো বন্দুক-পিস্তল মেরামত করতে জানে এবং অসুস্থ রোগীকে সুস্থ করে তোলে?
গভীর অরণ্যের মধ্যেও যে তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে সে-কথা জেনে দুজনেই খুব আশ্চর্য হল, খুশিও হল। সাশা মেয়রকে বলল নানা ধরনের ওষুধ তারা সঙ্গে রাখে বটে, রোগ সারানোর চেষ্টা করে এ-কথাও মিথ্যা নয় তবে সেজন্য তারা পারিশ্রমিক গ্রহণ করে না।
জনবসতির এক পাশে বাঁশ আর পাতা দিয়ে একটা গির্জা তৈরি করা হয়েছে। গির্জার পিছন দিয়ে বয়ে চলেছে একটা অগভীর নদী। ওই নদীর ধারে বয়স্ক মানুষটির নির্দেশ অনুসারে ঘোড়া আর খচ্চরদের নিয়ে গেল আর্নস্ট। উদ্দেশ্য জন্তুগুলোর পিঠ থেকে মালপত্র খুলে তাদের ভারমুক্ত করা এবং নদীর জলে তাদের তৃষ্ণা নিবারণের সুযোগ দেওয়া।
কয়েকদিনের জন্য যদি একটা ঘর ভাড়া পাওয়া যায়, তাহলে আমাদের সুবিধা হয়, সাশা বলল, যে কয়দিন আমরা থাকব, সেই কটা দিন আমরা চুপচাপ বসে থাকব না যেসব অকেজো বন্দুক-পিস্তল আমাদের হাতে তুলে দেওয়া হবে, সেগুলোকে আমরা আবার ব্যবহারের উপযুক্ত করে দেব।
