একবার যখন দুই প্রতিদ্বন্দ্বী মাথায় মাথা লাগিয়ে পরস্পরকে হাত দিয়ে কাবু করার চেষ্টা করছে, সেইসময় হঠাৎ এক ধাক্কায় সাশার মাথাটা একপাশে কাত হয়ে গেল–সঙ্গেসঙ্গে একটা তীব্র যন্ত্রণার ঢেউ উঠে এল মাথার বাঁ-দিক থেকে! তুরস্কের কুস্তিগির সাশার বাঁ-কান কামড়ে ধরেছে! সাশার ঘাড় বেয়ে গড়িয়ে নামছে লাল রক্তের ধারা!
বেদুইনোর চর্বিবহুল বিশাল উদরে প্রচণ্ড বেগে ঘুসি মারল সাশা। ফল হল তৎক্ষণাৎ দম নেওয়ার জন্য বেদুইনো হাঁ করতেই কানের উপর কামড়টা আলগা হয়ে গেল।
আবার যদি কামড়াতে চেষ্টা করো, দাঁতে দাঁত ঘষে সাশা বলল, এটা তাহলে আর কুস্তি থাকবে না, একেবারে খুনোখুনি হয়ে যাবে।
বেদুইনো চাপা গলায় গর্জন করে কিছু বলল, তার মুখের ভাব হয়ে উঠল ভয়ংকর সে আবার ঝাঁপ দিল সাশাকে লক্ষ করে। আবার দুজন দুজনকে জড়িয়ে ধরল; সেইসময় অস্ফুট স্বরে বেদুইনো জানিয়ে দিল একবার যদি সে প্রতিদ্বন্দ্বীর গলাটা নাগালের মধ্যে পায়, তাহলে শ্বাসরোধ করে তাকে সে হত্যা করবে। হত্যার অপরাধে ক্রুদ্ধ জনতা হয়তো তাকে ফাঁসি দিতে পারে, কিন্তু সেই ঝুঁকি নিতে সে প্রস্তুত। সাশা বুঝল লোকটা ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠেছে, এই লড়াই এখন আর প্রতিযোগিতার লড়াই নয়–সাশার পক্ষে এটা এখন প্রাণ বাঁচানোর লড়াই।
আবার বেদুইনের মতো হাত ছাড়িয়ে সরে গেল সাশা। খ্যাপা ষাঁড়ের মতোই তার দিকে আবার তেড়ে এল বেদুইনো। আর ঠিক সেই মুহূর্তে সাশার কানে এল ফাভেলের তীব্র চিৎকার ওহে তুর্কি যোদ্ধা! এই সাদা চামড়ার মানুষটাকে খুন করো!
সঙ্গেসঙ্গে পিস্তল তুলে শূন্যে গুলি ছুড়ল ফাভেল। তৎক্ষণাৎ চেয়ারের উপর উঠে দাঁড়াল ডম কার্লোস, পরক্ষণেই তার পিস্তল সগর্জনে অগ্নিবর্ষণ করল মাথার উপর ছাতের দিকে। সেই আওয়াজ মিলিয়ে যাওয়ার আগেই আরও কয়েকটা আগ্নেয়াস্ত্র গর্জে উঠল জনতার ভিতর থেকে। বেদুইনো গুলির শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর মঞ্চ থেকে নেমে অন্তর্ধান করল বিদ্যুদবেগে!
শূন্যে পিস্তল নাচিয়ে ডম কার্লোস সবাইকে শান্ত হতে বলল। সকলেই জানত কার্লোসের পিস্তল কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, তাই যারা গুলি ছুঁড়েছিল তারা হাতের অস্ত্র পকেটে লুকিয়ে সুবোধ বালকের মতো শান্ত হয়ে দাঁড়াল। ম্যানেজার জানিয়ে দিল নাট্যশালার ভিতর এমন আচরণ করা অত্যন্ত অন্যায় এবং পরবর্তী রাত্রে মুষ্টিযুদ্ধের প্রতিযোগিতা হবে না। কিন্তু দর্শকরা তখন লড়াইয়ের নেশায় মত্ত, তারা চিৎকার করে আপত্তি জানাতে লাগল।
প্রতিযোগীদের জন্য যে-ঘরটা নির্দিষ্ট ছিল, সেই ঘরে কার্লোসকে নিয়ে প্রবেশ করল সাশা। সেখানে তখন বেদুইনো দ্রুতবেগে গায়ে জামা চড়াচ্ছে, তার চোখ মুখ থেকে মিলিয়ে গেছে হিংস্র আক্রোশের আভাস। সাশাকে দেখেই সে বলে উঠল, আমি পেশাদার কুস্তিগির। আমি মুষ্টিযোদ্ধা নই। বক্সিং আমি লড়তে জানি না। আমি এখনই এই জায়গা থেকে চলে যেতে চাই।
ডম কার্লোস তাকে আশ্বাস দিয়ে জানাল পরের রাতে ওখানে আর গুলি চলবে না। বেদুইনো বলল, টিকিট বিক্রির অর্ধেক টাকা যদি লড়াই শুরু হওয়ার আগেই তাকে দেওয়া হয়, তাহলে সে মুষ্টিযুদ্ধ লড়তে রাজি আছে। সাশা তার প্রস্তাবে সম্মতি জানাল। বেদুইনোর ব্যবহারে সাশা খুবই অসন্তুষ্ট হয়েছিল, মুষ্টিযুদ্ধের আসরে লোকটাকে ভালো হাতে শিক্ষা দেওয়ার জন্যই সে প্রতিদ্বন্দ্বীর প্রস্তাবে সম্মতি জানিয়েছিল।
মুষ্টিযুদ্ধ শুরু হল পূর্বোক্ত নাট্যশালায় রাত্রে। দেখা গেল বেদুইনো দক্ষ মল্লযোদ্ধা হলেও মুষ্টিযুদ্ধে সে নিতান্তই আনাড়ি। মুখের উপর কয়েকটা ঘুসি পড়তেই সে হঠাৎ দাঁত দিয়ে তার হাতের দস্তানার ফিতা খুলতে সচেষ্ট হল।
সর্বনাশ! সাশা বুঝল মুষ্টিযুদ্ধের দস্তানা থেকে হাত দুটিকে মুক্ত করতে পারলেই বেদুইনো তাকে আক্রমণ করবে এবং তাহলে সাশার প্রাণসংশয় অবধারিত। শরীর ঝুঁকিয়ে বেদুইনো দাঁত দিয়ে ফিতা খুলছিল, একটা হাত দস্তানা থেকে মুক্ত করে সে জ্বলন্ত দৃষ্টিতে চাইল সাশার দিকে। তৎক্ষণাৎ শরীরের সমস্ত শক্তি দিয়ে বেদুইনোর চোয়ালে ঘুসি মারল সাশা। বেদুইনো সেই আঘাত সহ্য করতে পারল না, ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। সাশা এত জোরে ঘুসি চালিয়েছিল যে, তার কবজি প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যে কারো সঙ্গে করমর্দন করার অবস্থাও ছিল না তার।
সাশা জয়লাভ করাতে বিলক্ষণ খুশি হয়েছিল ডম কার্লোস। সে সাশাকে অভিনন্দন জানাতে এল প্রতিযোগীদের জন্য সংরক্ষিত ঘরে। সাশা বলল, লড়াইয়ের আগে বা পরে সে একবারও ফাভেলকে দেখতে পায়নি।
সে ছিল মঞ্চের কাছেই। তুমি তাকে দেখতে পাওনি, কার্লোস বলল, তবে আমি ছিলাম বলে সে এবার তোমায় ঘাঁটাতে সাহস পায়নি। কিন্তু ফাভেল তোমাকে ভবিষ্যতে বিপদে ফেলবে এটা জেনে রাখো। তুমি তাকে লোকের চোখে হেয় করেছ। সে ওই অপমান কখনো ভুলবে না সাশা।
বেদুইনোর সঙ্গে লড়াইতে নেমে সাশা যে-টাকা পেয়েছিল, সেই টাকায় দুটি খচ্চর ও একটি ঘোড়া কিনল সাশা আর আর্নস্ট। কিছু যন্ত্রপাতিও কিনল তারা। আর একটি খচ্চর কিনতে পারলেই দুই ভাই হিরার সন্ধানে মাত্তো গ্রুসোতে রওনা হতে পারে। একটি খচ্চরকে নিজস্ব ব্যবহারের জন্য রাখল সাশা, নাম দিল বেদুইনো!
