.
..দুর থেকে কুকুরের তীব্র চিৎকার শোনা গেল।
কিছুক্ষণ পরে সেই শব্দ থেমে গেল। শিকারিরা পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে এই নীরবতার কারণ কী?
আবার শুরু হল ককরের চিৎকার।
শিকারিরা তখন কাদা আর জঙ্গল ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কুকুরগুলির গলার আওয়াজ বদলে গেল। সে কি উৎকট শব্দ! ভাষা দিয়ে সেই বীভৎস স্বর-লহরীর বর্ণনা দেওয়া যায় না- রুদ্ধ আক্রোশের প্রচণ্ড আস্ফালনে যেন কুকুরগুলো সমস্ত দুনিয়াটাকেই ছিঁড়ে ফেলতে চাইছে।
ডেল চিৎকার করে উঠল, ওরা জাগুয়ারকে ঘিরে ধরেছে! ক্লে, হাঁ করে কী দেখছ? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল!
কিন্তু তাড়াতাড়ি চল বললেই কি তাড়াতাড়ি যাওয়া যায়?
বল্লমের ফলার মতো শক্ত গাছের পাতা আর অজস্র গাছের সরু সরু ডালপালা পরস্পরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। সেই অসংখ্য উদ্ভিদের ব্যুহ ভেদ করে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। সবচেয়ে বিশ্রী হচ্ছে ম্যানগ্রোভ গাছের ঝোঁপগুলি। এগুলো বুক পর্যন্ত উঁচু অর্থাৎ উপর দিয়ে ডিঙিয়ে যাওয়ার উপায় নেই, আবার তলা দিয়ে নিচু হয়ে যাওয়াও সম্ভব না।
ডেল কিন্তু অসাধ্য সাধন করলে।
মাথার উপর রাইফেল তুলে ধরে ঘন উদ্ভিদের বেড়াজাল ছিঁড়ে সে পাগলের মতো শব্দ লক্ষ্য করে ছুটল।
একটা পূর্ণবয়স্ক জাগুয়ার যদি কুকুরের দলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাহলে কুকুরগুলোর কি অবস্থা হতে পারে ডেল তা জানে। তার পোষা জন্তুগুলোর শোচনীয় দুর্দশার কথা কল্পনা করে ডেল মরিয়া হয়ে উঠেছিল।
ভাইকে পিছনে ফেলে, উদ্ভিদের দুর্ভেদ্য ফাঁদ ছিঁড়ে ডেল ছুটল শব্দ লক্ষ্য করে…
ক্লে অতি কষ্টে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। সারমেয় কণ্ঠের হিংস্র গর্জন শুনে সে বুঝতে পারলে লড়াইটা খুব জোর চলছে। কিন্তু শত্রুপক্ষ সম্পূর্ণ নীরব- শুধু মাঝে মাঝে দু-একটা কুকুর তীব্র আর্তনাদ করে জানিয়ে দিচ্ছে, প্রতিপক্ষ নীরব হলেও নিশ্চেষ্ট নয়।
ছপ-ছপ-ছপাস!
হঠাৎ শিকারিদের কানে এল জলের আলোড়নধ্বনি- জাগুয়ার বোধহয় ডাঙা ছেড়ে জলের মধ্যে আশ্রয় নিয়েছে।
মিনিট দশেক বাদে লড়াইয়ের শব্দ অনুসরণ করে ক্লে আর একটা জলাশয়ের ধারে এসে দাঁড়াল। সামনের দিকে তাকিয়ে ডেল তার আগেই ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং কুকুরগুলো হ্রদের তীরবর্তী অগভীর জলে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করছে। তীর থেকে একটু দূরে গভীর জলের দিকে ভেসে যাচ্ছে আর একটা কুকুরের দেহ; তার কাঁধের উপর থেকে উদর অবধি নেমে এসেছে একটা দীর্ঘ রক্তাক্ত ক্ষতচিহ্ন।
হ্রদের ঘোলাটে-হলুদ জলের উপর বৃত্তের আকারে ছড়িয়ে পড়ছে লাল রক্তের আলপনা। কুকুরটা দুর্বলভাবে পা ছুঁড়ে সাঁতার কাটতে চেষ্টা করছে বটে, কিন্তু তার মাথা এখনই জলের উপর ঝুঁকে পড়েছে।
ব্যাঞ্জো ওটাকে থামাতে চেষ্টা করেছিল, ডেল শান্ত স্বরে বললে, সেইজন্যেই ওর এই দুর্দশা।
হ্রদের অপরদিকে অঙ্গুলি নির্দেশ করে ডেল আবার বললে, জাগুয়ার ওইদিকে পালিয়েছে।
অন্যান্য কুকুরগুলি তখনও চিৎকার করছে। খুব সম্ভব পলাতক জাগুয়ারকে তারা সারমেয়-ভাষায় গালাগালি দিচ্ছে।
শিকারি দুজন এবার হ্রদের দিকে দৃষ্টিনিক্ষেপ করলে। হ্রদটা যেমন প্রশস্ত তেমনি গভীর। হ্রদের বিপরীত দিকে পৌঁছতে হলে খাড়ি এবং অন্যান্য জলাশয়ের ধার দিয়ে অন্তত ঘন্টাখানেক হাঁটতে হবে। অবসন্ন দেহ মন নিয়ে জাগুয়ারের পিছনে তাড়া করার উৎসাহ শিকারিদের ছিল না। প্রিয় হাউন্ডের মৃত্যুতে দুই ভাই খুব মুষড়ে পড়েছিল।
ডেল-এর দুঃখই বেশি, কারণ ব্যাঞ্জো তার নিজস্ব কুকুর। শিকারের বিপদজনক খেলায় ব্যাঞ্জো ছিল একটি পাকা খেলোয়াড় এবং তার দক্ষতার পিছনে আছে শিকারিদের বহু বৎসরের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের ইতিহাস। এই ধরনের একটা শিক্ষিত কুকুরের দাম প্রায় ১০০০ ডলার। কিন্তু টাকাটাই একমাত্র প্রশ্ন নয়, প্রায় একশোটা শিকার অভিযানে ব্যাঞ্জো ছিল দুই ভাইয়ের সঙ্গী ও বন্ধু।
সেদিন রাত্রে তাঁবুতে ফিরে ডেল গোরুর শিং-এর শিঙা বার করলে। শিঙাটাকে মাটির খুব কাছে নামিয়ে ধরে শিঙায় মুখ লাগিয়ে ডেল গর্জন করে উঠল।
অবিকল জাগুয়ারের কণ্ঠস্বর।
গম্ভীর হুঙ্কারধ্বনিতে সাড়া এল হ্রদের অপর দিক থেকে, ব্যাঞ্জোর হত্যাকারী এখনও সেখানেই আছে।
আরও দু-একটা জাগুয়ার শিঙার ডাকে সাড়া দিয়ে গর্জে উঠল। কিন্তু ডেল সেদিকে কর্ণপাত করলে না।
হ্রদের উলটো দিকে আছে ব্যাঞ্জোর হত্যাকারী- ডেল চায় শুধু তাকেই।
ডেল এবং ক্লে-র কুকুর-বাহিনীতে ছিল প্রায় কুড়িটা শক্তিশালী হাউন্ড। সমস্ত দলটাকে নিয়ে তারা শিকার অভিযানে যাত্রা করলে। এই বিপুল সারমেয় বাহিনীর কবল থেকে বোধহয় কোনো জাগুয়ারই আত্মরক্ষা করতে পারবে না। উপরন্তু তাদের সঙ্গী হল আরও দু-জন স্থানীয় শিকারি অর্থাৎ আয়োজনের আর কোনো ত্রুটি রইল না।
পূর্ব বার্ণিত খাঁড়ির মধ্য দিয়ে জল, জঙ্গল এবং প্যাঁচপ্যাঁচে কাদা ভেঙে শুরু হল শিকার অভিযান।
ডেল ভেবেছিল হ্রদটাকে সম্পূর্ণ প্রদক্ষিণ করার আগে পলাতকের সন্ধান পাওয়া যাবে না। কিন্তু প্রায় অর্ধেক পথ যেতে না যেতেই তাদের চোখে পড়ল জাগুয়ারের পায়ের দাগ। ডেল-এর অভিজ্ঞ চক্ষু এক নজরেই বুঝতে পারলে, এই পদচিহ্নের মালিক হচ্ছে ব্যাঞ্জোর হত্যাকারী।
