অন্যান্য রেড ইন্ডিয়ানরা আহত মানুষটির সামনে থেকে কুকুরটাকে টেনে সরিয়ে দিল। আর তখনই তার নামকরণ হল মামালুজ। আলাস্কার রেড ইন্ডিয়ানদেব ভাষায় মামালুজ শব্দটির ভাবার্থ হচ্ছে নরকের প্রহরী। রেড ইন্ডিয়ান জাতির কয়েকটি গোষ্ঠীর প্রচলিত বিশ্বাস যে, নরকের দ্বার রক্ষা করে একটি প্রকাণ্ড কুকুর। মামালুজ নামকরণ থেকেই বোঝা যায় কুকুরটা স্থানীয় মানুষের মনে দারুণ আতঙ্কের সঞ্চার করেছিল। সেখানকার মানুষ নরকের কুকুরকে আবার নরকে পাঠিয়ে দেওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ল অর্থাৎ তারা কুকুরটাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল।
কিন্তু সেই সিদ্ধান্ত কার্যে পরিণত হওয়ার আগেই অকুস্থলে উপস্থিত হল এক পেশাদার স্লেজ-চালক, নাম তার লয়েড়. এ. স্মিথ।
ঘটনা যেখানে ঘটেছে, সেই আলাস্কার বিস্তীর্ণ তুষারাবৃত তুন্দ্রা অঞ্চলে কুকুর–টানা স্লেজ-গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন একেবারেই অচল। সেখানকার প্রচণ্ড ঠান্ডায় ঘোড়া অথবা খচ্চর খুব বেশিদিন বেঁচে থাকতে পারে না। যে কুকুরগুলো স্লেজ গাড়ি টানে,তাদের বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়। স্লেজ-বাহক কুকুরগুলো হাস্কি নামে অভিহিত। বিশেষ জাতের ওই কুকুরগুলো অত্যন্ত কষ্টসহিষ্ণু, কিন্তু ভীষণ হিংস্র। নেকড়ের মতো ভয়ানক ওই কুকুর দিয়ে গাড়ি চালানোর কাজটা সহজ নয়। দেহে আর মনে যথেষ্ট শক্তি না-থাকলে স্লেজ-গাড়ির চালক হওয়া যায় না। স্থানীয় ভাষায় স্লেজ-চালককে বলা হয় মশার। স্মিথ নামে যে আমেরিকান যুবকটির কথা বলা হচ্ছিল, সেও একজন মশার। ওই অঞ্চলের নানা জায়গায় ডাকবিভাগের চিঠিপত্র, টাকাপয়সা পৌঁছে দেওয়ার ভার নিয়েছিল সে।
রেড ইন্ডিয়ানদের যে-গ্রামে মামালুজ ছিল, সেইখানে হঠাৎ এসে পড়ল স্মিথ তার কুকুর টানা স্লেজ-গাড়ি নিয়ে। সে যাচ্ছিল সল্ট ওয়াটার ল্যান্ড নামে জায়গাটাতে চিঠি বিলি করতে গ্রামটা তার যাওয়ার পথে পড়েছিল। যে-লোকটি মামালুজকে গুলি করে মারতে যাচ্ছিল, সে স্মিথকে জন্তুটা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করল। ওই লোকটির বক্তব্য থেকে স্মিথ জানতে পারল কুকুরটার কাছে আদর-ভালোবাসার মুল্য নেই কিছুমাত্র; ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে যারা আদর করে তার পিঠ চাপড়াতে গেছে, তাদের হাতে-পায়ে মামালুজের দাঁতের দাগ এখনও বর্তমান। স্লেজবাহক কুকুরদের এক দলপতি মামালুজের বরাদ্দ খাদ্যে ভাগ বসাতে গিয়েছিল। ফল হল ভয়াবহ তৎক্ষণাত দলপতিকে হত্যা করেছিল মামালুজ।
বহুদিন শিক্ষা দেওয়ার পর স্লেজবাহক কুকুরদের দলপতি হিসাবে একটি কুকুরকে গড়ে তোলা যায়। টাকার দিক থেকে ধরলেও একটি শিক্ষিত দলপতি কুকুরের দাম বড়ো কম নয়, অতএব দলের নেতা কুকুরটিকে হত্যা করে মামালুজ যে মালিককে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছিল, সে-বিষয়ে সন্দেহ নেই। তারপর রেড ইন্ডিয়ান স্লেজ-চালকের উপর আক্রমণ চালিয়ে তার গলায় কামড় বসানোর ঘটনাও জানতে পারল স্মিথ। আগন্তুকের কাছে মামালুজ সম্পর্কে যাবতীয় ভীতিপ্রদ তথ্য পরিবেশন করে গ্রামের মানুষটি জানাল কুকুরটা হত্যা করার সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে।
জন্তুটাকে দেখে স্মিথ আকৃষ্ট হল। এমন বলিষ্ঠ কুকুরকে উপযুক্ত শিক্ষা দিতে পারলে তাকে দিয়ে ভালোভাবেই প্রয়োজনীয় কাজ করানো যাবে।
অবশ্য কুকুরটার স্বভাবচরিত্র সুবিধের নয়, তার সাহচর্য দস্তুরমতো বিপজ্জনক–স্মিথ পাক্কা মশার, বিপদের ভয়ে এমন চমৎকার জানোয়ারটাকে হাতছাড়া করতে সে চাইল না। সুতরাং স্মিথ যখন গ্রাম ছেড়ে গন্তব্যস্থলের দিকে যাত্রা করল, তখন দেখা গেল তার সঙ্গে চলেছে কুখ্যাত নরকের প্রহরী মামালুজ!
খুনি দুর্নাম থাকা সত্ত্বেও কুকুরটার প্রতি স্মিথের আকৃষ্ট হওয়ার কারণ ছিল। মামালুজ নামে হাস্কি কুকুরটার শরীরে মেদের চিহ্ন ছিল না একটুও। আগাগোড়া শক্ত হাড় আর পেশিবদ্ধ শরীরের ওজন ছিল ১০০ পাউন্ড। বিশেষ করে তার চারটি পা ছিল অসাধারণ শক্তিশালী। যারা কুকুর চেনে, তারা মামালুজের মুখের দিকে একবার চাইলেই বুঝতে পারত জন্তুটা সাধারণ কুকুরের চাইতে অনেক বেশি বুদ্ধিমান। তার চোখে-মুখে তীক্ষ্ণ বুদ্ধির আভাস অতিশয় স্পষ্ট। এমন একটা জন্তুকে উপযুক্ত শিক্ষা দিতে পারলে স্লেজ-চালকের মস্ত লাভ তাই মামালুজকে দলের নেতা হিসাবে গড়ে তোলার সংকল্প নিয়েছিল মশার স্মিথ।
যাত্রা শুরু করার পরের দিনই মামালুজ তার হিংস্র স্বভাবের পরিচয় দিল–স্মিথের একটা হাতের উপর পড়ল দন্তাঘাতের চিহ্ন! সপ্তাহটা শেষ হওয়ার আগেই তার নিতম্ব থেকে উরু পর্যন্ত আরও একটা দীর্ঘ ক্ষতচিহ্ন এঁকে দিল মামালুজের ধারালো দাঁত!
স্মিথের বন্ধুরা তার পছন্দকে তারিফ করতে পারল না। তারাও স্লেজ-চালক মশার-বরফে ঢাকা দুর্গম তুন্দ্রার পথে পথে নির্মম তুষার-ঝটিকা ভেদ করে খানাখন্দ পেরিয়ে কুকুরটানা স্লেজ-গাড়ি চালাতে তারা অভ্যস্ত কিন্তু এই নির্ভীক দুর্দান্ত মানুষগুলো মামালুজ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে লাগল। তাদের মতে এই খুনি জন্তুটাকে বিদায় না-দিলে ভবিষ্যতে স্মিথের বিপদ অনিবার্য।
স্মিথ কারো কথায় কর্ণপাত করল না। শীতের মাঝামাঝি সময়ে তার বাঁ-হাতে পুরোবাহুর উপর মামালুজ আবার তার দাঁতের চিহ্ন রাখল এবং দলের একটি কুকুর মারা পড়ল মামালুজের নিষ্ঠুর দন্তাঘাতে। স্মিথ তবুও অবিচল। মামালুজ তখন শকটবাহী কুকুরদের নেতা। তাকে নিয়ে স্মিথ গর্ব করতেও ছাড়ত না।
