লালচুলো স্টুয়াড্রেসকে ডেকে মার্টিনি দিতে বলল সে। মেয়েটার নাম ক্লেয়ার। হাসিটা চমত্কার, মেকি মনে হয় না। ট্রেটা দেয়ার সময় ওয়াল্টারের কাঁধে ক্লেয়ারের নরম স্তন ঘষা খেল। ওয়াল্টারের মনে হলো ইচ্ছে করে কাজটা করেছে মেয়েটা। মদের গ্লাসে চুমুক দিতে দিতে নিজেকে চোখ রাঙাল-বুড়ো বয়সে ভিমরতিতে ধরেছে, না?
ফিল্ম চলার সময় ওয়াল্টারের পাশের খালি সীটে বসে পড়ল ক্লেয়ার। দ্বিতীয়বার জানতে চাইল ওয়াল্টার ভ্রমণটা উপভোগ করছে কিনা এবং সে তার জন্যে আর কি করতে পারে?
‘কিছুই করতে হবে না,’ ফিসফিস করে জবাব দিল ওয়াল্টার। ‘সব ঠিক আছে।’ এক সাথে ছবিটা দেখল দু’জনে। ওয়েস্টার্ন ছবি। তবে পর্দায় মন দিতে পারল না ওয়াল্টার। তার আবার সন্দেহ হতে শুরু করেছে মেয়েটা ইচ্ছে করে তার সাথে ছোঁয়াছুঁয়ি করছে। এই তো একটু আগে উরু ছুঁইয়ে দিল। মনে মনে নিজেকে আবার ধমক দিল ওয়াল্টার। আসলে অমন কিছুই ঘটছে না, সবই তার কল্পনা। আর মেয়েটা তার মত বুড়োর সাথে রংঢং করতে যাবে কেন? প্লেনে তো তরুণ যাত্রীর অভাব নেই। তামাশা করতে মন চাইলে তাদের সাথে করবে।
পর্দায় ধুমধাম মারপিট চলছে, ক্লেয়ার সরে এল ওয়াল্টারের কাছে, ফিসফিসিয়ে বলল তাকে এখন কফি দিতে যেতে হবে। ওয়াল্টার গ্যালিতে চলে আসুক না। তাহলে ক্লেয়ার তাকে ককটেল বানিয়ে খাওয়াতে পারবে। অর্থপূর্ণ হাসি হেসে চলে গেল স্টুয়ার্ডেস। ফাঁকা দৃষ্টিতে পর্দার দিকে তাকিয়ে রইল নিকোলাস ওয়াল্টার। গ্যালিতে গেলে ক্ষতি কিসের? কিসের ক্ষতি?
.
ক্লেয়ার জ্যাকেট আর মাথার ক্যাপ খুলে ফেলেছে, হেলান দিয়ে দাঁড়িয়েছে কেবিনের দেয়ালে। ভদকার গ্লাসে চুমুক দিচ্ছে, ওয়াল্টারকে বলছে ডিউটি চলাকালীন পান করার অনুমতি তাদের নেই। মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছে কেউ এল কিনা। আরেক স্টুয়ার্ডেস, সিন্ডি ক্লেয়ারের হয়ে প্রক্সি দিচ্ছে। ক্লেয়ার জানাল তার বাড়ি ডেনভারে। ওয়াল্টারের বাড়ি কোথায়? সে কি করে? ইউরোপ এসেছে ব্যবসার কাজে নাকি স্ফূর্তি করতে?
যতদূর সম্ভব ক্লেয়ারের কৌতূহল মেটানোর চেষ্টা করছে ওয়াল্টার। মেয়েটার দিকে প্রায় তাকাচ্ছেই না, ভাবলেশহীন থাকার চেষ্টা করছে। পান করতে করতে পোর্ট হোলের দিকে তাকাচ্ছে, যেন এমন করেই সে অভ্যস্ত।
‘আপনি আকাশ ভ্রমণ পছন্দ করেন?’ জানতে চাইল স্টুয়ার্ডেস।
‘নাহ্,’ জবাব দিল ওয়াল্টার। ‘একটা ধাতব টুকরো কি করে আকাশে উড়ে বেড়ায় বুঝতে পারি না আমি।’
‘আমিও,’ খিলখিল হাসল ক্লেয়ার।
‘একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢোকে না আমার,’ বলল ওয়াল্টার। ‘প্লেন চলার সময় চাকা পেটের মধ্যে ঢুকিয়ে রাখে কেন?’
‘নামিয়ে রাখলে প্লেন চালানো সম্ভব নয় বলে,’ জবাব দিল মেয়েটা।
‘কিন্তু আসল সময় যদি চাকা পেটের ভেতর থেকে বেরিয়ে না আসে তখন?’ ওয়াল্টারের প্রশ্ন শুনে হিহি করে হেসে উঠল ক্লেয়ার, ওর হাত ধরে এগোল গ্যালির মাঝ দিয়ে। তারপর উঠে পড়ল ছোট একটা লিফটে।
‘চাকা সবসময় নেমে আসে,’ বলল স্টুয়ার্ডেস। ‘চলুন, জিনিসটা দেখাই আপনাকে। আন্ডার ফ্লোর গ্যালিতে আছে ওটা…এই তো এসে পড়েছি।’ নেমে পড়ল ক্লেয়ার, তার পেছনে ওয়াল্টার। হাতে এখনও ড্রিঙ্কের গ্লাস।
ওভেন, বার বক্স আর ট্রলির মাঝ দিয়ে এঁকেবেঁকে চলল ক্লেয়ার, মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে দেখল ওয়াল্টারকে। ইশারা করল ওর পেছন পেছন আসতে। দুটো ট্রলির মাঝখানে আটকা পড়ে গেল ওয়াল্টার। হেসে ওকে উদ্ধার করল ক্লেয়ার, টুসকি মারল নাকে, তারপর নাচের ভঙ্গিতে সরে গেল। এগোল ভারী একটা দরজার দিকে।
ক্লেয়ারের সাথে তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে পড়েছে ওয়াল্টার। বেড়ে গেছে পালস রেট, পাঁজরে দমাদম বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত সে।
‘ওখানে চাকা রাখা হয়,’ বলল ক্লেয়ার। ‘সেন্টার হোল্ডে। লাল একটা বাতির দিকে ইঙ্গিত করল। ‘প্রেসারাইজেশন লেভেল নিচে নেমে গেলে আমরা সবুজ সংকেত পাই, মানে আলোটা সবুজ হয়ে ওঠে। তখন নামার জন্যে প্রস্তুত হই।’
‘সেটা কখন ঘটবে?’ জিজ্ঞেস করল ওয়াল্টার।
প্রার্থনা করল যেন ঘটনাটা অনেক পরে ঘটে।
‘সময় হয়ে এল বলে,’ জবাব দিল ক্লেয়ার। ধাক্কা মেরে দরজা খুলল, তার পিছু পিছু সেন্টার হোল্ডে ঢুকল ওয়াল্টার। ভেতরে ভীষণ ঠাণ্ডা। শিরশির করে উঠল গা। মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল ওয়াল্টার, ক্লেয়ারের সাথে চলে এল ইস্পাতের প্রকাণ্ড একটা কন্টেইনারের সামনে। হোল্ডের পুরো জায়গা দখল করে আছে এটা।
‘আসুন,’ কন্টেইনারের গায়ে লাগানো সিঁড়ি বাইতে শুরু করল ক্লেয়ার। পেছন পেছন যথারীতি ওয়াল্টার। ওপরে উঠে এল ওরা।
‘এটাকে বলে হুইল ওয়েল বে,’ একটা হ্যাচ টেনে খুলল ক্লেয়ার।
‘দেখুন।’
উঁকি দিল ওয়াল্টার হ্যাচের মুখে। ওর নাকের কয়েক ইঞ্চি নিচে শুয়ে আছে দানব চাকাগুলো।
‘মোট ষোলোটা,’ জানাল ক্লেয়ার। ‘প্রতি চারটে চাকার জন্যে একটা বগি। প্রতিটি চাকা পাঁচ ফুট উঁচু।’
চেষ্টাকৃত হাসি দিল ওয়াল্টার, ভোঁতা চোখে তাকিয়ে আছে চাকাগুলোর দিকে। ক্লেয়ার বলে চলেছে কিভাবে হাইড্রলিক কাজ করে। যদি কাজ না করে, যদিও তা কখনোই ঘটেনি, তবু অমন ঘটলে নিচের হুইল ওয়েল ডোর হাত দিয়ে টানলেই খুলে যাবে, চাকাগুলো নিজে থেকে নেমে যাবে ঝপ করে।
