ভাইদেরই! কারণ ওদের ইস্কুলের বালাই নেই! মেয়েমানুষের পড়ার ওপর দস্তুরমত খাপ্পা মুক্তকেশী। মেয়েরা লেখাপড়া শিখলে বাঁচাল, আর ম্লেচ্ছ ভাষা শিখলে বিধবা হয়, এটা যে অবধারিত, তা তার জানা আছে। কাজেই ওদের পড়ার বালাই নেই।
তবু চাঁপাকে সুবৰ্ণ জবরদস্তি করে বাড়িতেই নিজে পড়ায়, কিন্তু চাপা আর এ পর্যন্ত কথামালা ছাড়িয়ে বোধোদয়ে উঠল না। বরং চন্ননটা দাদাদিদির বই টেনে টেনে নিজেই দিব্যি পড়তে শিখে গেছে। সেজমেয়ে পারুলটাও দুলে দুলে পড়া মুখস্থর ভান করে। কাকারা ওদের ঘরের দৃশ্য দেখতে পেলে বলে, মেজগিনীর পাঠশালা!
কিন্তু সে যাক, উমাশশীর মেয়ে মোটা হওয়ার অপরাধে ধিক্কার খেয়ে অপ্রতিভ গলায় বলে, নাই বা ইস্কুল খুললো! কুটুমবাড়িতে কত দিন থাকা হবে?
থাকলেই বা! বড়মানুষ কুটুমবাড়ি! তোর মা তো বোনের সংসারের গপূপো করতে দিশেহারা হচ্ছে।
হঠাৎ মেয়েটা অবিশ্বাস্য দুঃসাহসে বলে ওঠে, হবে না কেন? তোমার মতন তো ওখানে কেউ রাতদিন খিটখিট করে না!
মুক্তকেশী স্তম্ভিত হয়ে যান।
মুক্তকেশী যেন আপন ভবিষ্যতের অন্ধকার ছবি দেখতে পান। মানবে না, আর কেউ মানবে না, মনে হচ্ছে মান-সম্মানের দিন শেষ হয়ে এল! একজন চোপা করলেই সবাই সাহস পাবে।
এইটি করলো মেজবৌমা।
দুঃসাহস ঢোকালো সবাইয়ের মধ্যে!
মেজবৌমাই দেখালো গুরুজনের মুখে মুখে কথা কয়েও পার পাওয়া যায়।
মুক্তকেশীর তবে গতি কি?
মাসতুতো বোন হেমের মতন পাশ-ঠেলা বুড়ী হয়ে পড়ে থাকবেন?
হেমের দুর্দশা তো নিজের চক্ষে দেখে আসছেন। তার তো ওই একটা বৌ থেকেই শনি ঢুকলো!
কিন্তু মুক্তকেশী কি এখনই হার মানবেন?
মুক্তকেশী আর একবার শক্ত হাতে হাল ধরবার চেষ্টা করবেন না?
করেন।
অতএব সেই মেজবৌমাকেই নিয়ে পড়েন।
বলি মেজবৌমা, পোবা নয়। বেটাছেলে এত কথা জানে না। তুমি কি বলে চলে এলে? তুমি জানো না আটে-কাঠে চড়তে নেই? এটা তোমার আট মাস পড়েছে না?
সুবৰ্ণ এতক্ষণ বড় এবং সেজ জায়েদের সঙ্গে নিজ নিজ অভিজ্ঞতার গল্প করছিল এবং বলতে কি মনটা একটু ভালই ছিল। চাপা নেটিপেটি হয়ে গায়ের কাছে বসে ছিল আর ঠাকুমার গুরুবাড়ি সম্পর্কেও ভাল-মন্দ গল্প তুলে হাসছিল। মোট কথা, একা বাড়িতে এসে পড়ার থেকে, ওই জনারণ্য তার পক্ষে ভালই হয়েছিল যেন।
কিন্তু শাশুড়ীর এই গায়ে পড়ে অপদস্থ করায় চাপা-পড়া আগুন জ্বলে উঠল। কঠিন গলায় বলে উঠল সে, জািনব না কেন মা? তবে সেই আদিখ্যেতা করতে গিয়ে কুটুমবাড়িতে দাঁড়িয়ে জুতো খাব?
জুতো!
মুক্তকেশী বলে ওঠেন, তুমি খাবে জুতো? গলবস্ত্ৰ জোড়হস্ত সোয়ামীকেই তো ফি হাত জুতো মেরে তবে কথা কইছ মেজবৌমা? তাকে বলতে পারলে না, এখন যাওয়া চলবে না? সুবলাও তো বুড়োমাগী, সে জানে না?
সুবৰ্ণ তীব্ৰস্বরে বলে, সবাই সব জানে মা, শুধু আপনি আপনার ছেলেকে জানেন না। তবে আটে-কাঠে চড়ে যদি কিছু বিপদ ঘটে তো বুঝবো সেটা আমার পুণ্যফল।
পুণ্যফল! বিপদ ঘটলে তোমার পুণ্যফল? মুক্তকেশী যেন অসহ্য ক্ৰোধে এলিয়ে পড়েন। মেজবৌমা, তুমি না মা?
মা বলেই তো বলছি মা। সুবর্ণ এবার খুব শান্ত গলায় বলে, তবু তো পৃথিবীতে একটা হতভাগাও কমবে!
হতভাগ! মুক্তকেশী এবার স্বক্ষেত্রে আসেন। বলেন, তা বটে! তোমার মত মায়ের গর্ভে যে জন্মাতে এসেছে, তাকে হতভাগাই বলতে হবে!
তা সেই কথাই তো আমিও বলছি মা! কেনা বাদীর পেটের সন্তান হতভাগা ছাড়া আর কি?
চলে যায় সেখান থেকে।
আর গল্পের আসরে গিয়ে যোগ দেয় না, চলে যায় নিজের ঘরে। আর দড়ি বাধা-বাধা সেই পুরনো পত্রিকাগুলো টেনে নিয়ে বাধন খোলে।
হঠাৎ চোখে পড়ে একটা পত্রিকার খাঁজে ভাঁজ করা রয়েছে সেই কবিতার পৃষ্ঠা দুটো! তার সঙ্গে আলাদা একটা টুকরো! যেটুকু হারিয়ে গিয়েছিল। খুঁজে বার করে সঙ্গে দিয়েছে।
সুবৰ্ণর অজ্ঞাতসারে সুবর্ণর চোখ দিয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ে।
সুবৰ্ণর জন্যেও পৃথিবীতে শ্রদ্ধা আছে, সম্মান আছে, প্রীতি আছে। নির্মল ভালবাসার স্পর্শ আছে। তবে পৃথিবীর উপর একেবারে বিশ্বাস হারাবে কেন সুবৰ্ণ? কেন একেবারে হতাশ হবে? সুবৰ্ণর গর্ভজাত সন্তানদের কি মানুষের পরিচয় দিতে পারবে না। সুবৰ্ণ? যে মানুষ পৃথিবীর উপর
কিন্তু সে কি এই পরিবেশে সম্ভব?
জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ে আবার শুকিয়ে যায়, বইগুলো ওল্টাতে থাকে সুবর্ণ।
টের পায় না। তখন— ওর জায়েরা ভাঙা গল্প জোড়া দিয়ে আবার জমিয়ে বসে হেসে হেসে বলছে, ওর পেটের সন্তান হতভাগা? বাবা, ভাগ্যবন্ত তা হলে কে? বলে ওঁর ছেলেমেয়ের আদর দেখিলে-
যত্নকেই আদর বলে ওরা।
ঘরে ঢুকলো প্ৰবোধ।
চোরের মত চুপি চুপি।
কোঁচার খুঁটে কি যেন একটা চাপা দিয়ে।
এ-ঘরটা বাড়ির একটেরে, সুবর্ণর সেই গৃহপ্ৰবেশের দিনের আহত অভিমানের ফলশ্রুতি। সেইটাই কায়েম হয়ে গেছে। প্ৰবোধ অবশ্য বরাবরই আক্ষেপ জানিয়ে আসছে ওঁচা ঘর নিয়ে। তবে সুবর্ণ বলে, এই ভাল! এ ঘরে যে সহজে কেউ ঢুকতে আসে না, সেই আমার পরম লাভ!
তা কেউ ঢুকতে আসে না জেনেও প্ৰবোধ আস্তে দরজাটা আধভেজানো করে ফিসফিস করে বলে, এই শোনো, চাটু করে এটুকু সেরে ফেল দিকি।
সুবৰ্ণ এই অভিনব ধরন-ধারণে অবাক হয়। এবং সেই জন্যই বোধ করি পুঞ্জীভূত অভিমান দমন করেও কথা বলে।
বলে, কি সেরে ফেলবো?
আরে এসো না। এই জানলার ধারে। চাটু করে মুখে পুরে ফেল।
