শুধোতে আমার দায় পড়েছে! জগু বলে, দেখছি না দেমাকে দমদম করছেন বাবু। মা এসেছে আবার কার তোয়াক্কা, কেমন?
প্ৰবোধ বেজার গলায় বলে, শুধু মা কেন, সঙ্গুষ্টির যে যেখানে ছিল, সবাই তো এসেছে। যেন ভাগাড়ের শকুন; একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ল! খবর নেই বার্তা নেই—
এই শোনো উল্টোপাল্টা—, জগু হাত উল্টে বলে, তবে যে পোকা বললো, তুই মেজবৌমাদের আনতে চাপত গেছিস? আবার বলছিস খবর নেই বাত্রা নেই-
আরে বাবা আনতে গেছলাম কে বললে? প্ৰবোধ সাফাইয়ে তৎপর হয়, গিয়েছিলাম খবরাখবর নিতে। তোমাদের মেজবৌমা যে একেবারে কলকাতায় ফিরবো বলে দড়ি-ছেড়া হলো। ফ্যাশানি তো? পাড়াগায়ে আর পোষাচ্ছিল না। আর কি বিবির! ভাবলাম, এতই যখন ইয়ে, তখন চলুক। এসে দেখি-
এসে কী দেখেছে প্ৰবোধ, সে কথায় কান না দিয়ে জগু সন্দিগ্ধ গলায় বলে, মেজবৌমা অন্যায় বায়না নিয়ে দাঁড়ি-ছেড়া হলো? বানিয়ে বানিয়ে বলছিস না তো হতভাগা? তোর তো সে-গুণে ঘাট নেই! নিজেই ছুটিস নি তো আনতে?
প্ৰবোধ অবশ্য নিশ্চিন্ত হয়েই বলেছিল কথাটা। কারণ জানে যে সুবর্ণ কিছু আর ভাসুর বা মামীশাশুড়ীর কাছে এসে প্রকৃত ঘটনা জানাতে যাচ্ছে না, অতএব নিজের মুখটাই রক্ষা হোক! বৌয়ের জন্যে হেদিয়ে মরছিল সে, এ কথাটা উহ্যই থাক।
কিন্তু জগু সেই নিশ্চিন্তির ঘরেই কোপ মারলো। মুশকিল! আবার এখন ভেবে ভেবে কথা বানানো!—শোনো কথা, অকারণ মিছে কথা বলতে যাব কেন? যেতে মাত্ৰই তো কেঁদে পড়লো। বললো, আর এই পচা পুকুরের দেশে পড়ে থাকতে পারছি না। অগত্যাই আমাকে নিয়ে আসতে হল। এসে দেখি, হারেকেষ্ট! নদে থেকে মা, কাটোয়া থেকে সেজবৌমা, ব্যাণ্ডেল থেকে বড়বৌ ছেলে।পুলে সমেত, সব এসে হাজির। তাই ঝালাপালা হয়ে বেরিয়ে পড়লাম।
শ্যামাসুন্দরী সকলের একসঙ্গে আসার খবরে বিস্ময় প্রকাশ করে তারপর বলেন, তা এসেছে এসেছে। আজ আমাদের এখানে রান্নাবান্না হয়েছে। যখন, খেয়ে যাও চার ভাই। নচেৎ মনে বড় কষ্ট হবে। আর ওই আমিষগুলোও নষ্ট হবে। জগা তো খায় না ওসব। তোরা খাবি বলেই দুরকম মাছ এনেছে, হাঁসের ডিম এনেছে—
বলা বাহুল্য সেদিন জগু মুখে ওদের শুধু ডাল চচ্চড়ির নিরাশার বাণী শোনালেও, মামা বাড়ির আদরই করছিল পিসতুতো ভাইদের। নিত্য নতুন।
তবে আজকের পদ দুটো শুনেই হঠাৎ মনটা চঞ্চল হয়ে উঠলো প্ৰবোধের।
সুবৰ্ণ ইলিশ মাছের পরম ভক্ত। হাঁসের ডিমেরও কম নয়। মন ভাল থাকলে তোড়জোড় করে বাড়িসুদ্ধ সকলকে ভোজ খাওয়ানো বাতিক ওর। প্রায়ই সে-ভোজের মূল হচ্ছে খিচুড়ি। এবং অনুমান উপকরণ ওই দুটো জিনিস।
ইলিশ আর হাঁসের ডিম ভাজা।
উমাশশীর জন্যে ডিম হেঁসেলে ওঠে না, সুবৰ্ণই আলাদা উনুন জ্বেলে মহোৎসাহে— তা নিজে ভাল না বাসলে কেউ শুধু পরের জন্যে এত করে?
মনটা উতলা হতে লাগলো, শেষ অবধি এক কৌশল ফেঁদে বসলো প্ৰবোধ।
অমায়িক গলায় বললো, বুঝছি সবই। তবে কিনা মাও তো এতদিন পরে ছেলেরা বলে হামলাচ্ছে। তা তুমি বরং এক কাজ কর মামী, ওই মাছটা, হাঁসের ডিমটা আর তোমার দিকের ব্যানুনের ভাল দু-একটা পদ বাগিয়ে নিয়ে যাবার মতন দুটো বাসন দাও, আমি নিয়ে যাই। মার ভাতের সঙ্গে মামার বাড়ির ব্যঞ্জন! আহা!
নিয়ে যাবি তুই? এখান থেকে বয়ে?
জগু অবাক হয়।
প্ৰবোধ হঠাৎ জগুর কাছে সরে আসে এবং নীচু গলায় ফিসফিস করে কি যেন বলে, সঙ্গে সঙ্গে জণ্ড প্রবলভাবে ওর পিঠে একটা চাপড় দিয়ে হেসে ওঠে। হাসতেই থাকে হা-হা করে।
প্ৰবোধ লজ্জিত হয়, শ্যামাসুন্দরী বিরক্ত। বলেন, পাগলের মতন হাসছিস যে?
জগু আরো উদাত্ত হয়।
আর একবার থাবড়া মারে প্রবোধের পিঠে। বলে, হাসব না? কে বলে ভায়া আমার কাঠখোট্টা? ভেতরে ভেতরে ভায়া—
সুবৰ্ণও প্রথমটা এসে হতচকিত হয়ে গিয়েছিল বৈকি। এসে যে বাড়ি এমন গুলজার দেখবে সে ধারণা ছিল না। তবে চাঁপাকে দেখে ভাল লাগল। আবার দেখে চোখে জলও এল। কী হাল হয়েছে মেয়েটার! অথচ এরা? বড় জায়ের ছেলেমেয়েরা! মাসির ভাত খেয়ে বলতে নেই দিব্যি হয়ে উঠেছে!
মেয়ের রোগা হয়ে যাওয়ার কথা তোলে না। সুবর্ণ। কে বলতে পারে সে কথায় কত কথা হবে! তোলে রঙের কথা। বলে, কী রং হয়েছে রে তোর চাপা? একেবারে যে কালি-বুলি! গঙ্গার জলে নেয়ে নেয়ে চুলগুলোও তো গেছে!
কথাটা মিথ্যে নয়।
মুক্তকেশী নিজেই পঞ্চাশবার এ আক্ষেপ করেছেন, কিন্তু এখন সহসা চাঁপার মায়ের মুখের আক্ষেপবাণীতে অপমান বোধ করেন। যেন এই রং আর চুলের খর্বতার সঙ্গে মুক্তকেশীর ক্রটির কথা নিহিত আছে।
অথচ অস্বীকার করে উড়িয়ে দেওয়া যায় না, চুলের কথা বাদ দিলেও মেয়েটা শুধু কালোবুলাই হয় নি, রোগা দড়িও হয়ে গেছে। আর সেটা আরো বেশী চোখে পড়ছে উমাশশীর ছেলেমেয়েগুলোর স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতির পাশে।
মাসির বাড়ি থেকে এত গোলগাল হয়ে আসা কেন! এটা যেন মুক্তকেশীকেই অপমান করা!
অপমানের দাহে জুলতে জুলতে একসময় শোধ নেন। উল্টোপথে নেন।
একটা নাতনীকে ডেকে বলে বসেন, বড়লোক মাসীর বাড়ি গিয়ে খুব আদেখলার মত খেয়েছিলি, কেমন?
নাতিকে বললেন, নজর লাগবে। মেয়েসন্তান নজর লাগে না।
মেয়েটা থিতামত খেয়ে বলে, বাঃ, আমরা বুঝি চেয়ে খেয়েছি?
চেয়ে খেয়েছিস কি মেগে খেয়েছিস তা জানি নে, তবে খেয়েছিস তা মালুম হচ্ছে। তা হঠাৎ চলে এলি যে? আরো থাকলেই পারতিস? ইস্কুল-মিস্কুল তো খোলে নি ভাইদের!
