কিন্তু আশ্চর্য, সেসব করে না প্ৰবোধ। বরং নিশ্চিন্ত গলায় বলে, তা সেটা হলেই বোধ হয় খুশি হও তুমি!
সুবৰ্ণ আবার মুখটা ফিরিয়ে নিয়ে জানলার দিকে রাখে।
শুধু উদাস উদাস গলায় বলে, খুশি? কি জানি! জিনিসটার আস্বাদ তো জানলাম না একাল অবধি!
১.২৩ মেয়ে-গাড়িতে শুধু বৌকেই তুলে দেয় না প্ৰবোধ
মেয়ে-গাড়িতে শুধু বৌকেই তুলে দেয় না প্ৰবোধ, সব ছেলেমেয়ে কটাকেই তুলে দেয়। মালপত্র তো বটেই। নিজে হাত-পা ঝেড়ে পাশের কামরায় বসে মনে মনে চিন্তা করতে থাকে, কি করে আবার অবস্থা আয়ত্তে আনা যাবে!
নিতান্তই যে হাত পুড়িয়ে রোধে খাওয়ার এবং তৎপরে মামীর বাড়ি গিয়ে গিয়ে খাওয়ার যন্ত্রণাতেই বৌকে আনতে গিয়েছিল সে, এবং গিয়ে মাত্র দেখতে না পেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল, সেটাই বোঝাতে হবে। বিশদ ব্যাখ্যায়।
তা ছাড়া শরীর খারাপের ভানও করতে হবে একটু, নচেৎ যে পাষাণ মেয়েমানুষ, মন গলবে না!
আশ্চর্য এই, বৌ যতই বেচাল করুক আর প্রবোধ তাতে যতই ক্ষেপে যাক, শেষ পর্যন্ত নিজেকেই যেন ক্ষুদ্র মনে হয়। সুবৰ্ণকে কিছুতেই সত্যি অসতী মেয়েমানুষ ভাবা যায় না। ও যেন আপন মহিমায় মাথা খাঁড়া করে দাঁড়িয়ে থাকে। তখন নিজেকে সমর্থনা করতে, কৌশল করতে বসা ছাড়া আর কি করা যায়?
তা এবার সুবিধে আছে।
বাড়িতে কেউ নেই।
অত বড় বাড়িটায় শুধু তো তারা চার ভাই। আর গিয়ে পড়বে শুধু প্ৰবোধেরই নিজ পরিবারটুকু। অতএব—
কিন্তু হায় প্ৰবোধের কপাল!
একবেলার জন্যে ঘুরে এসে দেখলো কিনা পরিস্থিতি বিপরীত! বাড়ি লোকে লোকরণ্য।
গুরুবাড়ি থেকে মুক্তকেশী এসে গেছেন নাতনীকে নিয়ে, বোনের বাড়ি থেকে উমাশশী এসে গেছে দশ ছেলেমেয়ে নিয়ে।
প্রভাসের বৌ এসে গেছে নিজস্ব বাহিনী নিয়ে।
তা তার জন্যেই মুক্তকেশীর আসার সুবিধে। সে ছিল কাটোয়ায় পিসির বাড়ি, শাশুড়ী রয়েছেন নবদ্বীপে, এই সুবিধয়ে পিসির সঙ্গে গিয়েছিল শ্ৰীপাট নবদ্বীপ দেখতে। মুক্তকেশী এমন সুযোগ ছাড়লেন। না, ওকে ধরে বসে ৱললেন, আর দীর্ঘকাল পরের বাড়ি বসে থেকে কাজ নেই। সেজবৌমা, চলো চলে যাই। রোগবালাই কিছু চিরকাল থাকছে না। আর সব কথার সার কথা রাখে কেষ্ট মারে কে?
সেজবৌ সুবৰ্ণলতা নয়।
সেজবৌ শাশুড়ীর মুখের উপর বলে বসলো না, তা সেই সার কথাটা তো জানাই ছিল মা আপনার, তবে এত বড় সংসারটাকে নিয়ে সাত-ছরকোট করলেন কেন?
বললো না। বলতে জানলেও বলতো না।
কারণ সেজবৌ এ প্রস্তাবে বাঁচালো।
অধিক দিন যে পরের বাড়ি বাস সুবিধেয় নয়, সে কথাটা সেও বুঝে ফেলেছে।
অতএব সেই যাত্ৰাতেই কলকাতার ট্রেনে চেপে বসা! পুরুষ অভিভাবক হিসেবে পিসির ছেলে এল সঙ্গে। বছর ষোলর ছেলেটা, তা হোক, পুরুষ তো বটে!
পাকেচক্ৰে অথবা প্ৰবোধের গ্রহের ফেরে, ক্রুদ্ধ অভিমানাহত দিদির নির্দেশে উমাশশীও সেই দিনই চলে এসেছে দিদির বাড়ি থেকে। এরা সকালে ও বিকেলে।
তার মানে বৌ নিয়ে নির্জন গৃহবাসের রোমাঞ্চময় কল্পনাটা ভূমিসাৎ হয়ে গেল প্ৰবোধের। একা বাড়িতে গলা খুলে উপদেশ আদেশ দিয়ে দিয়ে বৌকে গড়ে পিটে নতুনভাবে তৈরি করে নেবার স্বপ্ন গেল ভেঙে। অবস্থাটা পর্যবেক্ষণ করেই মনে মনে সংসার-পরিজন সকলের সম্পর্কে একটা কটুক্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে।
আর আজ সুবর্ণর মত তারও মনে হল, বাড়িতে বড় বেশি লোক! এত লোকের চাপে সত্যিই নিজের আর কিছু খোলে না। অথচ সুবর্ণ যখন দুমদাম করে বলে বসে, বাবাঃ, এ বাড়িতে মানুষ আর মানুষের বুদ্ধি খেলাবে কোথা থেকে, বৃথা গজালি করতে করতেই দিনরাত্তির কেটে যায়, তখন প্ৰবোধ তাকে একোলর্ষেড়ে, আত্মসুখী বলে গঞ্জনা দিয়েছে।
এমন মনে হচ্ছে বাস্তবিক এত লোকের চাপে নিজের মাহাত্ম্য ফোঁটানো যায় না কোথাও। মনে হচ্ছে, সেই রাতদুপুরের আগে আর সুবর্ণর সঙ্গে মোকাবিলার উপায় নেই।
দূর! শালার সংসারে নিকুচি, বেশ আছে জগুদা! তারপরেই মনে হয় মামীর বাড়িতে খবর দেওয়া আবশ্যক।
সেই দিকেই পা চালায়।
ওরা তো সব এসে গেল।
নৈর্ব্যক্তিক সুরে খবরটা ঘোষণা করলো প্ৰবোধ।
শ্যামাসুন্দরী দাওয়ায় বসে মালা ঘোরাচ্ছিলেন, ইশারায় প্রশ্ন করলেন, কারা?
প্ৰবোধ তেমনি নির্লিপ্ত গলায় বলে, আর কে? মা আর মায়ের চেলাচামুণ্ডো! তোমাকে আর ভাগ্নেদের ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম।
জগু কোথায় যেন ছিল, ভাইয়ের গলা শুনে এদিকে আসতে আসতে ভাবছিল, আজ যে প্ৰবোধ এমন সকাল সকাল? খিদে লেগেছে বোধ হয়। যাক, মার তো বেলাবেলিই রান্না প্ৰস্তুত হয়ে যায়।
কানে এল, ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম।
এক পায়ে খাঁড়া হল জগু।
ক্রুদ্ধ। গলায় বলে উঠল, সেই কথাই বলতে এলাম মানে? খাবি না আজ?
প্ৰবোধ অবহেলার গলায় বলে, আর দরকার কি? এসেই গেছে। যখন সবাই–রান্নাবান্না হচ্ছে বাড়িতে–
জগু আরো ক্রুদ্ধ হয়, দরকার নেই! বলি মায়া-মমতা বলেও কি কোনো বস্তু নেই তো শরীরে পেবো? একটা বুড়ী আশা করে একঘর রোধে রেখেছে, আমি একটা পাগল-ছাগল দাদা আলাদা করে উঠোনে উনুন জ্বলে হাঁসের ডিমের ডালনা, ইলিশ মাছের ঝোল, আর মৌরলার টক বানিয়ে রেখেছি আর তুমি নবাব আলি এসে অমনি হুকুম দিলে, ভাত বাড়বার দরকার নেই, বাড়িতে রান্না হচ্ছে। ধন্যি বটে! লেখাপড়া শিখে এমন বুনো জংলি, হলি কি করে রে পেবো?
শ্যামাসুন্দরীর আর মালাজপা হয় না। শ্যামাসুন্দরী প্ৰবোধের মেজাজ জানেন, অতএব শঙ্কিত শশব্যস্ততায় মালাটি কপালে ছুঁইয়ে রূঢ় গলায় বলে ওঠেন, তা তুই বা ভাল করে সব না। শুনে গেছে। বাঁদরের মতন কথা কইছিস কেন? হঠাৎ ওরা এল কেন, কে কে এল, ঠাকুরঝি হা-ক্লান্ত হয়ে এসে হঠাৎ রান্নাই বা করতে বসলেন কি করে এখুনি, শুধে সে সব?
