প্রতি বছর শ্ৰাদ্ধবার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়।
সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে, সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা!
কিন্তু আশ্চৰ্য, আশ্চর্য!
শেষ পর্যন্ত ক্ৰটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো। ওটাই বিধিলিপি সুবৰ্ণর! নইলে কে কবে শুনেছে। ছাত থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ!
অবিশ্যি রান্নাঘরের ছাত, একতলা, নিচু—তবু ছাত তো!
পড়েছিল সেই ছাত থেকে!
তদবধি ছাতের সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকতো। চাবি থাকতো মুক্তকেশীর হাতে।
মুগ্ধই কি দয়াদাক্ষিণ দেখিয়েছেন, কিছু?
কিছু না।
যোগে গঙ্গাস্নানের বায়না নিয়ে শাশুড়ীর সঙ্গে চুপি চুপি গঙ্গাস্নানে গিয়ে দেখেছে—হয় নি।
লাভ হয় নি!
কেউ কোনোদিন এ সন্দেহ করে নি, সুবৰ্ণ স্রেফ তলিয়ে যাবার জন্যে আপ্ৰাণ চেষ্টা করছে।
তাই চেষ্টা সফল হতো না।
সঙ্গে যারা যেত তারাই সহসা ওর হাত ধরে টান দিত, যাচ্ছ কোথায়? এই ঘাটের কাছে কাছে থাক না? অত এগোবার দরকার কি?
কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবৰ্ণলতা?
উমাশশী, গিরিবালা, বিন্দু, এরাও তো থেকেছে ওই একই পরিবেশে? কই, ওরা তো রাতদিন মরণের বাসনায় উদ্বেল হয় নি?
হয়তো সত্যিই মূল কারণ ওই বস্তা বস্তা নাটক-নভেল! আর তো কারণ দেখা যায় না!
কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের থেকে পঞ্চাশ বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তঃপুরে এসে ঢুকতো তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্র-পত্রিকা এসে এসে ঢুকতোও তো!
চলতি সাহিত্যের ওই খবরটা কি সে রাখতো? ওই যোগানদার? নাকি সুবৰ্ণলতার নির্দেশে খুঁজে আনতো?
সুবৰ্ণলতার নির্দেশ!
সুবৰ্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে?
তা ছিল একজন।
যে নাকি সুবৰ্ণলতার নির্দেশ মানতে পেলে কৃতাৰ্থ হতো।
ক্ষ্যাপাটে ক্ষ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধার কেউ ধারতো না, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হারাতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরতো দুলো।
সুশীলার কোন এক দূর সম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো, মামার বাড়ি, সুবৰ্ণকে বলতো মামী।
সুবৰ্ণকে বই যোগাবার ভার নিয়েছিল সে।
কেন নিয়েছিল কে জানে!
হয়তো তার ক্ষ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশী করতে সাধ হতো তার। তা ছাড়া মেজমামীর উপর অহেতুক একটা টান ছিল দুলোর।
বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র। এ বাড়ির মেজবৌও যে একটু ক্ষ্যাপাটে, এ তো সর্বজনবিদিত।
কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনতো দুলোই জানে। সুবৰ্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবুর বাড়ি থেকে আনি। মল্লিক। বাবু যে সক্কল বই কেনে গো! টাকার তো অধিবাদি নেই ওনার! আর বলে, দুলো রে, লক্ষ্মী সার্থক হয়। সরস্বতীকে কিনে।
কী সূত্রে যে দুলো সেই লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয় পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল, সে কথা বোধ হয়। দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অবাধ গতিবিধি। দুলো যথেচ্ছ বই আনে।
ব্যাপারটা সন্দেহজনক।
সুবৰ্ণরও হয়েছিল সন্দেহ। চুরি নয় তো?
সে সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে। বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জনিস না, বই চাইলে রাগ করে না?
দ্যুলোকে কেউ কখনো তুমি করে না।
সুবৰ্ণও করলো না।
বলল, তুই তো পড়িস না? ওরা রাগ করে না?
দুলো মেয়েদের মত গালে হাত দিত, রাগ করবে, কী বল? যারা বই পড়তে ভালবাসে, মল্লিকবাবু তাদের খুব ভালবাসে। মেয়েছেলেরা পড়লে তো আরোই। বলে, মেয়েছেলেরা যতদিন না। মানুষ হচ্ছে, ততদিন আর আমাদের দেশের দুঃখু ঘুচিবে না। ওনার বাড়ির সবাই তো ক অক্ষর গো-মাংস! বলে, তুই একটা আমার ভক্ত জুটলি, তাও মুখ্যু! আমার কপোলই এই। আমি যদি পড়তে ভালবাসতাম, মল্লিকবাবু বোধ হয় আলমারি সুন্ধু সব বই দিয়েই দিত। আমায়! … আচ্ছা! মেজমামী, রাতদিন যে দেশের দুঃখু দেশের দুঃখুটা করে মল্লিকবাবু, দেশের দুঃখুটা কী?
আছে দুঃখু, তুই বুঝবি না—, সুবর্ণ উত্তেজিত হত, দেশের কথা আর কি বলেন তোর মল্লিকবাবু?
কত বলে! একগাদা লোক আসে, আর ওই গপপোই তো হয় বৈঠকখানায়া!
তুই শুনিস না সেসব কথা?
সুবৰ্ণলতার স্বর চাপা, উত্তেজিত।
দুলো মেজমামীর এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি।
কেন তা করিস? মনে রাখতে পারিস না?
দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখুকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি!
না, বেশ নেই! সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখু। বুঝতে হবে সেটা।
দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামীটা দেখছি। একই জাতের পাগল। তারপর বলে বসতো, মল্লিকবাবু ঠিক তোমার মতন কথা বলে। তোমাকে যদি দেখতে পেতো, নিৰ্ঘাত খুব ভালবাসতো। দেখার ইচ্ছেও রয়েছে—
সুবৰ্ণর গায়ে কাটা দিয়ে ওঠে।
সুবৰ্ণ তাড়াতাড়ি বলে ওঠে, দূর বোকা ছেলে। বলতে নেই। ও-কথা। খবরদার আর ও-কথা কখনো মুখে আনিস নি।
দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিলো কিনা সেদিনকে-
