কি বলছিল?
বলছিল, মেয়েমানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখতে আহ্লাদ হয়। তোর মেজমামীকে আমার দেখতে ইচ্ছে করে দুলো!
চুপ চুপ, একদম চুপ!
ক্ষ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ। কিন্তু থামাতে পারতো না নিজের ঘরটাকে, আর সে ঘরের মালিককে দেখতে? যাকে সুবৰ্ণ দেবতারূপে কল্পনা করে রেখেছে?
তা দেবতা ছাড়া আর কি?
যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সাথীর্কতা সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই সে!
সংসারে এইসব মানুষও আছে।
তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন, সুরেন বাঁড়ুয্যে, বিপিন পাল এঁদের সঙ্গে নাকি চেনা-জানা আছে তার, রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কী অলৌকিক কথা!
অথচ ওঁর বৌ নাকি ওসব দুচক্ষের বিষ দেখে। নাকি রাতদিন বাড়িতে গোবরজলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে।
আশ্চর্য! আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এই রকম?
একখানা পত্রিকায় প্ৰবন্ধ পড়ছিল সুবর্ণ, ময়াল সাপের কথা নিয়ে।
ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের উপর পাকে পাকে এঁটে বসে, চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে, সে চাপ ক্রমশ বজকঠিন হয়ে বসে।…সেই অদৃশ্য নিষ্ঠুর পেষণে বাইরের চেহারাটা অবিকল রেখেও—চুর্ণ করে ফেলে অধিকৃত শিকারের হাড়গোড়।
পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবৰ্ণ, অন্য আর একটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতির মিলা খুঁজে পাচ্ছিল।…
ঠিক ঠক করে জানলায় টোকা পড়লো।
উৎফুল্ল মুখে উঠে বসলো সুবর্ণ।
আবার বই!
দুলোর ওপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র ক্ষ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালবাসার প্রকাশ দেখেছে।
জানলায় টোকা, এটা বই আনার সঙ্কেত। একতলার একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবৰ্ণ দুপুরবেলার বিশ্রামালয় হিসেবে।
এখান থেকে এই পদ্ধতিটায় কাজ সহজে হয়। দুলো জানলায় টোকা দেয়, সুবৰ্ণ জানলা খুলে দেয়, সেই পথে বই প্রেরণ করে দুলো।
এ ছাড়া উপায় কি?
নিত্য এত নাটক-নভেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশপেড়ে কাটবে না। এ বাড়ির গিন্নী আর তার ছেলেরা?
এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদ-বালাইয়ের ঘর! সিঁড়ির ওপর চিলেকোঠা তো নেই, তাই এই প্ৰায়-পাতাল ঘর!
ভিতরের অন্ধকার-অন্ধকার দালানের দিকে একটামাত্র দরজা, আর পিছনের অন্ধকার-অন্ধকার গলির দিকে দুটো জানলা। আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত।
এই জানলা দিয়ে সরু যে দুটি আলোকরেখা ঘরে প্রবেশ করে, সেই হচ্ছে সুবর্ণর আলোকবর্তিকা।
ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে, সে বোধ করি সুবর্ণ বলেই।
একদা ভাড়ারঘর থেকে একটা নড়বড়ে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল, সেটাই সুবর্ণর রাজশয্যা।
এ ঘরটা বেশ ঠাণ্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ।
না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল-ডাল বাছার কাজ করতে হয় না বৌদের, তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে।
তা ছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর এই মৌতাতটি চাই।
চৌকির মাথার কাছের জানলা খুলে বই পড়ছিল সুবর্ণ, বাকি জানলাটা বন্ধ ছিল। টোকা পড়েছে সেটাতে।
সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানলাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ?
চারটে-, দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে।
দুলোর মুখে যেন একটা চাপা আনন্দোচ্ছাস!
এ কী শুধুই বইয়ের আহ্লাদ।
সরু জানলা, ঘোষাৰ্ঘেষি গরাদে, একটি একটি করে বই টেনে নিতে হয়।
বইগুলো শেষ করেই বলে ওঠে দুলো, কপাটটা হাট করে খুলে এখানটায় দাঁড়াও তো মেজমামী!
কেন রে?
বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ।
দুলো ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিচুপের ইশারা করে। নিচু গলায় বলে, আছে। মজা, দাঁড়াও!
কাঠের গরাদেতে মুখটা চেপে ধরে সুবর্ণ বাইরেটা দেখবার চেষ্টা করে, কোথায় দুলোর মজা অবস্থান করছে।
ইতস্তত চাইতেই চমকে উঠলো। সিঁদুরের মত লাল হয়ে উঠলো মুখটা।
পরীক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির উপর এসে বসে পড়ল!
এই মজা!
বোকা ছেলেটার এ কী কাণ্ড!
কাকে ডেকে এনেছে ও জানলার নিচেয়?
সন্দেহ নেই। ওই মল্লিক। বাবু!
না বলে দিলেও বুঝতে অসুবিধে হয় না।
ছি ছি! এ কী করে বসলো দুলো!
অথচ অনেক বুদ্ধি খাঁটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো।
এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশী হবে, এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার, অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটা করতে হবে।
চালাকি একটু করতে হয়েছে।
মল্লিকাবাবুকে বলতে হয়েছে, মেজমামীর একান্তো। ইচ্ছে তোমায় একবার দেখে। বলে, এত বই কেনে, আবার অপরকে পড়তে দেয়, কেমন সেই মানুষটি একবার দেখতে সাধ হয় রে দুলো!
প্রায়ই বলেছে।
রোজই বলেছে।
এ কথাও বলেছে, মেজমামী যদি মেয়েমানুষ না হোত নিজেই আসতো। ওরাও তো আবার আপনার মতন দেশের দুঃখুর বাই!
অবশেষে এই ঘটনা।
ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন।
কিন্তু সুবর্ণর সে-সব জানিবার কথা নয়, তাই সুবর্ণ ভাবে, ছিছি, উনিই বা কেমন!
তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়?
বোকা ছেলেটাকে ভুলিয়ে-ভালিয়ে বই ঘুষ দেওয়াটাও কি তাহলে এই উদ্দেশ্যে?
কিন্তু তাই কি?
সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বলকান্তি সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ, সে কি অসৎ চরিত্র পুরুষের লুব্ধ দৃষ্টি?
