কিন্তু কাকে বলছে গিরি?
সুবৰ্ণ যে বাহ্যজ্ঞানশূন্য হয়ে গেছে হঠাৎ।
তার মায়ের সমবয়সী পিসী?
গলায় গলায় ভাব ছিল?
কে সে? কী নাম তার?
সুবৰ্ণ যেন নিথর সমুদ্রে ড়ুবুরি নামাতে চেষ্টা করে! মার কাছে মার ছেলেবেলার গল্প শুনেছিল না?
নাম জানো তার—
আস্তে বলে।
গিরি দেখে ওষুধ ধরেছে!
গিরি। অতএব পান বার করে এবং পানটি খেয়ে একটু কালক্ষেপ করে বলে, জানি— নাম তো বললে বুড়ি। তোমার মায়ের পিসি হয় বললো, পুণ্যি পিসি না কি। বললো, ওই বললেই বোধ হয় বুঝতে পারবেন।
পুণ্য পিসি! পুণ্যি পিসি!
বিস্মৃতির কোন অতল থেকে ভেসে উঠল এ নাম? একখানি উজ্জ্বল হাসি হাসি মুখ থেকে ঝরে পড়তো না। এই নামটি?
আমি আর পুণ্য পিসি, এই দুটিতে ছিলাম একেবারে দুষ্টুমির রাজা!… একদিন আমি আর পুণ্যি পিসি, হিহি হি, দুজনে পাল্লা দিয়ে এমন সাতার কাটলাম যে ফিরে এসেই সঙ্গে সঙ্গে কথামুড়ি দিয়ে তেড়ে জ্বর!… পুণ্যি পিসি ছিল এদিকে ভারি ভীতু—
সুবৰ্ণ চোখ তুলে বলে, উনি মেয়ের কে হন বললে?
দিদিমা গো! খোদ মায়ের মা! অবস্থা একদা উঁচু ছিল, ভগবানের মারে পড়ে গেছে সে অবস্থা—
সুবৰ্ণ স্থির গলায় বলে, তুমি এখানেই কথা কও গিরি ঠাকুরবি, এই মেয়েই আমি নেব।
এই মেয়েই আমি নেব।
এই মেয়েই আমি নেব।
যেন যপের মন্ত্ৰ!
এই ছবির মুখে যেন কী এক শান্তির আশ্বাস পেয়েছে সুবর্ণ।
এই ছবির মুখে কি সুবর্ণর মার মুখের আদল আছে?
কিন্তু কেন তা থাকতে যাবে?
কোনো যুক্তি নেই, তবু সুবৰ্ণর মনে হতে থাকে, এই মেয়ের মধ্যে তার মার মাধুরী মাখানো আছে। আছে সুরে সুরে সাদৃশ্য। এই যোগসূত্র কে এনে ধরে দিল? নিশ্চয়ই ভগবান! সুবর্ণ নিজে তো যায় নি খুঁজতে?
তবে?
এ ভগবানের খেলা!
সুবৰ্ণর ভয়ানক শূন্যতার দিকটায় বুঝি পূর্ণতার প্রলেপ দিতে চান তিনি এতদিনে!
ছবিখানা মানুর কাছে পাঠিয়ে দিতে হলে— হয় স্বামীকে, নয় পুত্তুরদের জানাতে হবে। সুবর্ণ তো আর পার্শেল করতে যাবে না? আগের মত দিন থাকলে সুনিৰ্মলকেই বলতো। কিন্তু ওই পড়া আর পড়ানো নিয়ে এমন বিশ্ৰী একটা আবহাওয়া হয়ে গিয়েছে যে, তেমন সচ্ছন্দে আর ডেকে কাজ বলা যায় না।
অথচ এখুনি এই ছবির খবরটা বলতে ইচ্ছে হচ্ছে না। কাউকে। এ যেন সুবর্ণর নিজস্ব গোপন ভারি দামী একটি সম্পত্তি।
একখানি মিষ্টি মুখ, এত প্রভাবিত করতে পারে মানুষকে?
আমিই এই—, মনে মনে একটু হাসে সুবৰ্ণ, তবে আর ভবিষ্যতে আমার ছেলেকে দোষ দেওয়া চলবে না। সে তো আত্মহারা হয়েই বসবে। ফটো আর পাঠিয়ে কাজ নেই, মূৰ্ছা যাবে।
ফটোটা পাঠাল না। সুবর্ণ, এমনি একটা চিঠি লিখলে ছেলেকে।
তাতে জানালো, সে মেয়ে অপছন্দ হবার নয়, দেখলেই বুঝবে মার নজরটি কেমন। এক দেখায় বলা যায় পরমা সুন্দরী মেয়ে, তাই আর কালবিলম্ব না করে কথা দিয়ে দিয়েছি। তুমি পত্রপাঠ ছুটির দরখাস্ত করবে। গরীব বিধবার মেয়ে, বয়েসও হয়েছে, তারা একান্তই ব্যস্ত হয়েছে।
আবার সেই বাডির কর্তাকে বাদ দিয়ে, বড় বড় ছেলেদের উপেক্ষা করে কথা দেওয়া!
শিক্ষা আর সুবর্ণর হবে না!
তা মাস্টার রাখা এবং কলেরা কাণ্ডের পর থেকে সুবৰ্ণকে যেন সবাই ভয় করতে শুরু করেছে।
ভক্তি নয়, হয়!
চৈতন্য হয়ে সমঝো যাওয়া নয়, রাগে গুম হয়ে থাকা। অতএব এই কথা দেওয়া নিয়ে আড়ালে যতই সমালোচনা চলুক, সামনে কেউ কিছু বলে না।
তবে সুবর্ণ যদি বলে সে— গিরির সঙ্গে একবার ওদের বাড়ি যাই না? তাতেও চুপ করে থাকবে মানুষ?
বিরক্ত প্ৰবোধ না বলে পারে না, ওদের বাড়ি যাবে তুমি? ছেলের মা ছুটবে মেয়ের মার পায়ে তেল দিতে?
পায় তেল দিতে আবার কি? সুবর্ণ বলে, শুনলে তো বাড়িতে পুরুষ অভিভাবক তেমন নেই, মা আর দিদিমা। তা দিদিমা তো আমার থেকে সম্পর্কে বড়, গুরুজন, যেতে দোষের কি আছে?
বলে এ কথা সুবর্ণ।
দোষের কিছু দেখে না সে।
কিন্তু কেউ যদি কেবলমাত্র নিজের দৃষ্টিভঙ্গী দিয়েই দোষ-গুণের বিচার করে, সেটা তো সংসারসুন্ধু লোকে মানতে পারে না?
সুবৰ্ণ যদি ছেলের মা হয়েও হ্যাংলার মত মেয়ের বাড়িতে যায়, তারা তো একথাও ভাবতে পারে, নিৰ্ঘাত ছেলের কিছু গলদ আছে, নচেৎ এত গরজ কিসের?
কথাটা উড়িয়ে দেবার নয়। বুনো সংসারী লোকেরা তো এই ভাবেই ভাবতে অভ্যস্ত। যেখানেই দেখবে চুলচেরা হিসেবের বাইরে কিছু ঘটছে, সেখানেই ধরে নেবে নিশ্চয় কোথাও কোনো গলদ আছে, নচেৎ এমন বেহিসেবী কেন?
পাত্ৰপক্ষ সিংহাসনে আসীন থাকবে পাত্রীপক্ষ জুতো শুকতলা ক্ষয়াবে, এই নিয়ম! এর বাইরে যেতে যেয়ে না। তুমি সুবর্ণ।
অতএব যাওয়া হয় না।
শুধু সুবর্ণ ভবিষ্যৎ বাংলার ছবিতে মেয়েদের জন্যে মড়ক প্রার্থনা করে, বাংলাদেশের মেয়েদের ওপর এমন কোনো মড়ক আসে না গো, যাতে দেশ মেয়েশুন্যি হয়ে যায়? তখন দেখি তোমরা মহানুভব পুরুষসমাজ কোন সিংহাসনে বসে ক্রীতদাসী সংগ্ৰহ কর? এ অহঙ্কার ফুরোবে তোমাদের। তোমাদেরই জুতো শুকতলা ক্ষয়াতে হবে, এই আমি অভিশাপ দিচ্ছি। নিজ মনে এই ভয়ানক কথা উচ্চারণ করে সুবর্ণ বলে, হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান-
তবু এই বিয়ে উপলক্ষে আবার যেন ঝেড়ে উঠছে সুবর্ণ। আশ্চর্য, কোথায় লুকনো আছে তার এই অদম্য প্রাণশক্তি যে শতবার ভেঙে লুটিয়ে পড়ে পড়েও আবার ওঠে খাঁড়া হয়ে?
কতবারই তো মনে হয়। এইবার বুঝি ফুরিয়ে গেল সুবৰ্ণলতা, আবার দেখা যায়, আরো এ যে আবার জীবন্ত মানুষের ভূমিকা নিয়েছে!
