সুখ স্মৃতিও আছে বৈকি কিছু কিছু। লিখতে ইচ্ছে হচ্ছে সেটা।
যেবার সেই প্রথম থিয়েটার দেখতে গিয়েছিল সুবৰ্ণ প্ৰবোধের সঙ্গে—
হ্যাঁ, তেমন অঘটনও ঘটেছিল একবার। সেই যোবার সুরাজ এসে কতদিন যেন ছিল বাপের বাড়ি সেবার। বিরাজ বেড়াতে এসে ধরে পড়লো, থিয়েটার দেখাও দিকি মেজদা! সেজদি সেই কোথায় না কোথায় পড়ে থাকে-
মেজদাকে ধরার উদ্দেশ্য, মেজবৌদির কলকাঠি নাড়ার গুণে ঘটবেই ব্যাপারটা। নচেৎ আর কে এই খরচের আবদার বহন করবে?
সুবোধের তো সংসার টানতে টানতেই সব যাচ্ছে, সেজদাটি কিপটের রাজা, ছোড়দা তো নিজেই রাতদিন নিজেকে গরীব বলে বাজিয়ে বাজিয়ে সংসার থেকে সব কিছু সুখ-সুবিধে আদায় করে নিচ্ছে। অতএব মেজদা! কর্তব্যপরায়ণা আর চক্ষুলজ্জাবতী মেজবৌদি যার কর্ণধার।
বিরাজের শ্বশুরবাড়ির অবস্থা ভাল, যাত্ৰা থিয়েটার এসব তারা দেখে, বলা বাহুল্য বৌদেরও দেখায়। কিন্তু কথাটা তা তো নয়। বাপের বাড়িতে এলাম, ভাইয়েরা আদর করলো, এসব দেখানোর সঙ্গে একটা মহৎ সুখ নেই! যা করছে তোমরাই করছে, এমন দৈন্য ভাবটা তো গৌরবের নয়।
তা বোনের সে আবদার রেখেছিল প্ৰবোধ, নিয়ে গিয়েছিল দুই বোনকে আর তার সঙ্গে বৌগুলোকেও। এমন কি উমাশশীও তার হাড়ির বন্ধন থেকে মুক্ত হয়ে স্পন্দিত হয়েছিল। দুপুরবেলাই রান্নাবান্না সেরে নিয়েছিল সে—লুচি, আলুরদম বেগুনভাজা করে। সুরাজ রাবিড়ী আর রসগোল্লা আনিয়েছিল।
অতএব ব্যাপারটায় যেন একটা উৎসবের সমারোহ লেগেছিল।
আর সেদিন যেন প্ৰবোধকে একটু সভ্য আর ভদ্র মনে হয়েছিল সুবর্ণর। হয়েছিল ভদ্র সেদিন প্ৰবোধ।
কেন?
কে জানে!
কে জানে সুবৰ্ণরই ভাগ্যে, না প্ৰবোধেরই ভাগ্যে! মোট কথা প্ৰভাস যখন ওদের বেরোবার প্রাক্কালে বলে উঠেছিল, থিয়েটার দেখতে যাওয়া হচ্ছে না থিয়েটার করতে যাওয়া হচ্ছে? এবং প্রকাশ তাতে দোয়ার দিয়ে আর একটু ব্যাখ্যানা করেছিল, যা বললে সেজদা মাইরি, থিয়েটারউলিদের বেহদ হয়ে বেরুচ্ছেন দেখছি বিবিরা— তখন প্ৰবোধই ভদ্রকথা বলেছিল। বলেছিল, যা মুখে আসে বললেই হল নাকি রে পোকা? গুরু-লঘু জ্ঞান নেই তোদের? এ বা কি, আরো কত সেজে আসে মেয়েরা! আর কত বেহায়াপনাই করে! দোতলার জালগুলো তো কেটে ওয়ার করে দিয়েছে ছুঁড়ীরা। এ বাড়ির বৌ-ঝির মতন সভ্য তুই কটা পাবি?
সুবৰ্ণ বিগলিত হয়েছিল সেদিন সেই মহান কথা শুনে। বিনিময়ে তার খাটো ঘোমটার ফাঁক থেকে সকৃতজ্ঞ প করেছিল ওই সহসা ভদ্র হয়ে ওঠা স্বামীর চোখে চোখে। আর সেদিনই যেন প্ৰথম মনে পড়েছিল সুবর্ণর, তার স্বামীর রূপ আছে।
রূপ ছিল প্ৰবোধের, বয়সের তুলনায় এখনও আছে। আর আছে এবং ছিল সাজসজ্জার শৌখিনতা। ঢ়িলেহাতা গিলেকরা পাঞ্জাবি পরেছিল সেদিন প্ৰবোধ, পরেছিল চুনট-করা ফরাসডাঙা ধুতি, কানে আন্তরমাখা তুলো, মাথায় পরিপাটি টেরি। যদিও পুরুষমানুষের এত সাজ হাসির চোখেই দেখতো সুবর্ণ, তবু সেদিন যখন সুরাজ বলেছিল, বাবাঃ, মেজদার কী বাহার গো, যেন বিয়ে করতে যাচ্ছে!। আর তার মেজদা হেসে বলে উঠেছিল, থাম তো পোড়ারমুখী, ভারি ফক্কড় হয়েছিস, তখন সত্যি বলতে বেশ ভালই লেগেছিল সুবর্ণর সেই হাসিটুকু।
হয়তো প্ৰবোধের সেদিন মেজাজ শরীফ ছিল, ওই নারীবাহিনীতে দ্বিতীয় আর কোনো পুরুষ ছিল না বলে, আর কোনো লোভী চক্ষু তার একান্ত নিজস্ব সম্পত্তিটির ওপর দৃষ্টি দিচ্ছিল না, অতএব–
তাছাড়া নিজে খরচ-খরচা করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে এদের, এর মধ্যে একটা আত্মপ্ৰসাদের সুখও ছিল। তাই সেদিন উদার হয়েছিল প্ৰবোধ, সভ্য হয়েছিল, সুন্দর সেদিনের স্মৃতিকথা পরিচ্ছন্ন করে মাজা একটি গ্লাসে এক গ্লাস জলের মত স্নিগ্ধ শীতল।
তা সেই জলের কথাটাও না হয় থাকুক সুবর্ণর আগুনের অক্ষরের পাশে পাশে। নইলে হয়তো বিধাতার কাছে অকৃতজ্ঞতা হবে। একটি সন্ধ্যাও তো তিনি সুধায় ভরে দিয়েছিলেন!
মূল বইটা ছিল, বিল্বমঙ্গল, তার আগে কি যেন একটা হাসির নাটক ছিল ছোট্ট একটুখানি। নাম মনে নেই, কিন্তু পাঁচ ননন্দ-ভাজে মিলে যে হাসতে হাসতে গড়িয়েছিল তা মনে আছে।
তারপর বিদ্বমঙ্গল! প্ৰেম আর ভক্তির যুগপৎ আবেগে গড়া সেই নাটক অশ্রুর মালা ঝরিয়েছিল চোখ দিয়ে। হাসি ও অশ্রুতে গড়া সেই সন্ধ্যাটির প্রত্যেকটি ঘটনা, প্রতিটি শব্দও যেন জীবন্ত হয়ে আছে।
শ্বশুরবাড়ি থেকে একটা কায়দা শিখেছিল বিরাজ, থিয়েটারে আসতে কৌটো। ভর্তি-ভর্তি পান সেজে আনতে হয়। পান খাবে মুঠো মুঠো, আর ড্রপসিন পড়ার অবকাশকালে লেমনেড খাবে, কুলপি খাবে, ঠোঙা ঠোঙা খাবার খাবে, তবে না থিয়েটার দেখা?
তা করেছিল। এসব প্ৰবোধ।
একদিনের রাজা হয়ে মেজাজটাই রাজসই হয়ে গিয়েছিল তার।
নিচে থেকে ঝিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল শালপাতার ঠোঙাভর্তি হিঙের কচুরি, আলুর দম, খাস্তা গজা আর অমৃতি এবং পাঁচ বোতল লেমনেড।
উমাশশী বার বার বলেছিল, ওমা, বাড়িতে যে ছিষ্ট রোধেবেড়ে রেখে আসা হয়েছে গো—এখন এইসব এত খাওয়া!
বিরাজ বলেছিল, ভয় নেই গো বড়গিনী, সে সবও উঠবে। ফুর্তির চোটে পেটে ডবল খিদে।
আশ্চর্য, সুবর্ণরও সেদিন ওই নেহাৎ মোটা কৌতুকের কথাগুলোও দিব্যি উপভোগ্য মনে হয়েছিল, খেয়েছিল। সকলের সঙ্গে, আর কখনো যা করে নি। তাই করেছিল, মুঠোভর্তি পান খেয়েছিল।
প্রথমে খেতে চায় নি, সুরাজই জোর করেছিল, খাও না বাবা একটা, জাত যাবে না। কেয়া খয়ের, জৈত্রি-জায়ফল, অনেক কিছু দিয়ে নবাবী পান বানিয়ে এনেছে বিরাজবালা–
