আর সময় মিনিট গুনতো কখন রাত্তির আসবে। রাত্তিরে তো আর মা ঠেলে সরিয়ে দিয়ে বলতে পারবে না, যাও পড় গে!
রাত্তিরে মায়ের বুকের কাছে ঘোষটে শুয়ে গায়ের ওপর হাত রেখে পরম সুখময় একটু আবেশ নিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়া!
ছোট সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াতে থাকে সুবৰ্ণলতা। তার মায়ের কাছে বসে চুল বাঁধে, ভাত খায়, পড়া মুখস্থ করে। বই-খাতা গুছিয়ে নিয়ে স্কুলে যায়।
যায় দুর্গাপূজার প্রতিমা দেখতে। যেখানে যায় তার নামগুলো যেন ভেসে ভেসে উঠছে চালচিত্ৰঘেরা জগজ্জননী মূর্তির ধারে ধারে।
রাণী রাসমণির বাড়ি, শোভাবাজারের রাজবাড়ি, শ্যামবাজারের মিত্তির বাড়ি।… কোথায় যেন নাগরদোলা চড়ে আসে, কোথায় যেন সঙের পুতুল দেখে।
তারপর ব্যথা-করা পা নিয়ে বাড়ি ফিরে ঝাঁপিয়ে এসে পড়ে, মা, মাগো, কতো ঠাকুর দেখেছি জানো? পাঁ-চ-খান!
মা হেসে বলতো, ঠাকুর তো দেখেছিস? নমস্কার করেছিস?
আহা রে নমস্কার করবো না? আমি যেন পাগল!
মা ওর কপালের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলতো, করেছিস তাহলে? নমস্কার করে কি বর চাইলি?
বর? এই যাঃ, কিছু চাই নি তো?
মা হেসে ফেলতো।
চাস নি? তা ভালোই করেছিস! না চাওয়াই ভালো। তবে এইটুকু চাইতে হয়, মা, আমার যেন বিদ্যে হয়!
বিদ্যে!
বিদ্যে!
উঠতে বসতে মা ওই কথাই বলতো।
বিদ্যেই হচ্ছে আসল, বুঝলি? মেয়েমানুষের বিদ্যে-সাধ্যি নেই বলেই তাদের এত দুৰ্দশা!. তাই তাদের সবাই হেনস্থ করে। আর যে-সব মেয়েমানুষরা বিদ্যে করেছে, করতে পেরেছে, বিদুষী হয়েছে?… কত গৌরব তাদের-কত মান্য। সেই মান্য, সেই গৌরব তোরও হবে।
সুবৰ্ণলতার সর্বশরীরে প্রবল একটা আলোড়ন ওঠে।
সুবৰ্ণলতা ছাদে ধুলোর ওপর শুয়ে পড়ে মুখটা ঘষটে বলে, শেষরক্ষা করতে পারনি মা! শুধু তোমার দেওয়া সেই মন্ত্রের দাহে সারাজীবন জর্জরিত হয়েছে তোমার সুবর্ণ!
অনেক চোখের জল ফেলে ফেলে দুঃসহ যন্ত্রণাটা স্তিমিত হয়ে আসে। সুবৰ্ণলতা আবার এখন তাই দেখতে পায়। শব্দের তরঙ্গে ভাসতে ভাসতে দৃশ্যের ঘাটে এসে ঠেক খায়।
তাই সুবৰ্ণলতা দেখতে পায়, সুবৰ্ণলতার মা রান্নাঘরে বসে রাঁধছে, মা ছাদে উঠে কাপড় শুকোতে দিচ্ছে, মা ঝেড়ে ঝেড়ে বিছানা পাতিছে!… মা মাটিতে আরশি রেখে চুল বাধছে!
ধবধবে মুখখানি ঘিরে একরাশ কালো পশমের মত চুলের রাশি! কপালে ঘষে-যাওয়া সিঁদুরটিপের আভাস!
প্রাণভরা, বুকভরা, চোখভরা!
আশ্চর্য!
এতখানি মা ছিল সুবর্ণর, আর সুবর্ণ কিনা তুচ্ছ একটু অভিমান নিয়ে নিজেকে ঘিরে প্রাচীর তুলে রেখে বসেছিল।
ঠিক হয়েছে সুবর্ণ, তোর উপর্যুক্ত শাস্তিই হয়েছে! মা একটা চিঠি লিখে রেখে গেছে সুবৰ্ণকে, তাও আদেশ দিয়ে গেছে, আমি মরে গেলে তবে দিও।
এ ছাড়া আর কি হবে তোর?
অভিমান আর আত্মধিক্কার এরা দুজন যেন ঠেলা ঠেলি করে নিজের শিকড় পুঁততে চায়।
আর শেষ পর্যন্ত আত্মধিক্কারই বুঝি জয়ী হয়।
মা, মাগো, এই নির্মায়িক লোকটার পায়ে ধরেও কেন একবার দেখতে গেলাম না তোমায়? এখন যে আমার জীবনের সব গান থেমে গেল, সব আলো মুছে গেল!
টের পাই নি আমার জীবনের অন্তরালে তুমি ছিলে আলো হয়ে, গান হয়ে। যেন আমার একটা বিরাট ঐশ্বৰ্য নিজের লোহার সিন্দুকে ভরা ছিল। মনে হতো, ইচ্ছেমত ওটাকে খুলবো। আমি। খুললেই দেখতে পাবো!
বুঝতে পারি নি, হঠাৎ একদিন দেখবো শূন্য হয়ে গেছে সে সিন্দুক!… কেবল অন্যের দোেষই দেখেছি আমি, আর অভিমানে পাথর হয়েছি। নিজের দোষ দেখি নি। মা না হয় দূরে ছিল আমার,
বাবা?? বাৰীক অপরাধী করে রেখে ভাগ করেছিলাম আমি। আজও ভাগ করে এলাম। জীবন্ত মানুষটার মুখের ওপর বলে এলাম, মনে জানবো। আমি মা-বাপ দুই-ই হারিয়েছি।
আমি কি!
আমি কি গো!
শুধু কঠোর কঠিন!
সারাটা জীবন শুধু সেই কাঠিন্যের তপস্যাই করলাম! আমার ছেলেমেয়েরা কি অনেকদিন পরে ভাবতে বসবে মায়ের কাছে এলেই কিসের সেই সৌরভ পেতাম? চুলের? না শুধু মাতৃহৃদয়ের?
কিন্তু সুবৰ্ণলতা কবে কখন সময় পেয়েছে সেই স্নেহ-সৌরভো কোমল হতে? সুবৰ্ণলতাকে যে অবিরাম যুদ্ধ করে আসতে হচ্ছে। সুবৰ্ণলতা যদি কোমল হতো, মুক্তকেশীর সংসার থেকে মুক্তি পেত কোনোদিন? পেত না। মুক্তকেশীর ছেলে গ্রাস করে রেখে দিত তাকে। তার ইচ্ছায় উঠতে বসতে হতো, তার চোখরাঙানিতে জড়সড় হয়ে যেতে হতো, আর তার লুব্ধ ইচ্ছার দাসীত্ব করতে করতে আত্মাকে বিকিয়ে দিতে হতো!
কিন্তু আজো কি আছে সেই আত্মা?
বিকিয়ে যেতে দেব না পণ করে যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে যায় নি?
সেই ধ্বংস হয়ে যাওয়া আত্মাকে কি আৰান্ন গড়ে তুলতে পারা যায়?
চেষ্টায়, যত্নে, সাধনায়?
হয় না!
হতে পারে না!
সুবৰ্ণ বলে ওঠে, অসুরের সঙ্গে লড়াইয়ে নামতে হলে দেবীকেও চামুণ্ডা হতে হয়। বীণাবাদিনী সরস্বতীর, কড়ির ঝাঁপি হাতে লক্ষ্মীর সাধ্য নেই। সে ভূমিকা পালনের।
সুবৰ্ণলতা কি তবে লড়াই থেকে অব্যাহতি নেবে এবার? তার সংসারকে নিজের ইচ্ছেয় চলতে হবে?
নিজেকে গুটিয়ে নিয়ে একান্তে বসে ধ্বংস-আত্মার ইতিহাস লিখবে বসে বসে? লিখে রাখবে?
লিখে রাখবে—শুধু একজন সুবৰ্ণলতাই নয়, এমন হাজার হাজার লক্ষ লক্ষ সুবৰ্ণলতা এমনি করে দিনে দিনে তিলে তিলে ধ্বংস হচ্ছে? কেউ লড়াই করে চূর্ণ-বিচূর্ণ হচ্ছে কেউ ভীরুতায় অথবা সংসারের শান্তির আশায় আপন সত্তাকে বিকিয়ে দিয়ে পুরুষসমাজের ইচ্ছের পুতুল হয়ে বসে আছে।
