বুলির পিঠটা শক্ত হয়ে গেল। বাড়াবাড়ি করা হল বোধহয় কথাটা জিজ্ঞাসা করে। জবাব না দেওয়ায় গিরি কুঁকড়ে গেল। বুলি গভীর মনোযোগে ওমলেট ভাঁজ করছে। রুনু কি আজও দেরি করে ফিরবে?
”মোহন আসবে কখন?”
”ঠিক নেই, না-ও আসতে পারে।”
যদি এখন এসে পড়ে তা হলে গিরিকে দেখে কী ভাববে, কী বলবে? কাল ভাবভঙ্গিতে বুঝিয়ে দিয়েছে, সে বিরক্ত হয়েছে। ট্যাবলেট খাইয়েছে বটে কিন্তু সেটা আত্মতৃপ্তি পাবার জন্য।
”চলুন ও-ঘরে যাই।”
প্লেট এবং কাপ হাতে বুলি শোবার ঘরে এল, পিছনে গিরি। বেতের সোফাটায় বসল। বুলি স্টিলের চেয়ারে।
”কলেজ ছাড়া আর কোথাও বেরোও না।”
নিজের লোকেদের কাছে যায় কি না জানার জন্য প্রশ্ন করা। এগিয়ে ধরা ওমলেটের প্লেটটা গিরি হাতে নিল, চামচ দিয়ে খণ্ড করতে লাগল।
”ইচ্ছে করে না বেরোতে। এদিককার কিছুই তো চিনি না। তা ছাড়া যা ভিড় আর নোংরা হাঁটতে ইচ্ছে করে না।”
”কলেজের বন্ধুদের বাড়িতে যেতে পারো।”
”আমার বন্ধু নেই।”
”আমারই মতো।”
বুলির সঙ্গে দৃষ্টি বিনিময় হল। গিরির মনে হল একই চিন্তাতরঙ্গে তারা পাশাপাশি উপস্থিত। তারা দু’জনেই একটি করে গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে পরস্পরকে বুঝে নিতে অসুবিধা বোধ করছে না। পনেরো আর তেরো বছর ধরে একটা বিশেষ ভঙ্গি তারা অর্জন করেছে যার দ্বারা বাস্তবের কঠিন জায়গায় সেঁধিয়ে যেতে পারে। ভঙ্গিটা হচ্ছে, সন্দেহ।
”উনি কি আপনার বন্ধু নন?”
”নিশ্চয়। ওর সব কথাই আমাকে বলে। ওই একজনই আমার বন্ধু। মোহনেরও আমি ছাড়া বোধ হয় আর বন্ধু নেই।”
গিরি একটু বেশি ব্যস্ত হয়েই বলল, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হল, মোহনই তাকে বলে দিয়েছিল, অ্যাকসেল টুকরোটা কীভাবে লুকিয়ে দারোয়ানের সামনে দিয়ে হেঁটে যেতে হবে। দুটো মাস রুনুর রক্ষাকারীর ভূমিকা নিয়েছিল, অথচ একইসঙ্গে কাজ করলেও সে-কথা জানায়নি। অবশ্য রুনুও তা গোপন করেছে, গত সন্ধ্যা পর্যন্ত।
”আমার কথাও নিশ্চয় তা হলে বলেছেন।”
”অল্পক্ষণের জন্য এসেছিল। বেশি কথা বলার সময় ছিল না। শুধু বলল, এখানে ফ্ল্যাট নিয়েছে জীবনের বাকিটুকু ভোগ করতে।”
গিরি স্পষ্টই দেখছে বুলির মুখে অপ্রতিভতা ফুটে উঠল। ‘ভোগ’ শব্দটার মধ্যে অশ্লীলতা আছে। হয়তো অপমানিত বোধ করেছে। কিন্তু ওর বদলে আর কী শব্দ ব্যবহার করা যায়! মোহন তো ভোগই করতে চায়।
খালি প্লেট ও কাপগুলো নিয়ে বুলি ঘর থেকে বেরিয়ে গেল। আড়ালে গিয়ে নিজেকে ‘ভোগ’ শব্দটা থেকে বিচ্ছিন্ন করছে। ওর সঙ্গে মোহনের সম্পর্কটা গিরি জানে, মুখোমুখি আলোচনার বিষয় নয়।
বুলি ঘরে ঢুকল, চোখে স্বচ্ছ প্রফুল্লতা।
”ক’টা বাজে?”
”সময় দিয়ে কী হবে, বসুন না। আপনার সমস্যা তো সময় কাটানো, গিয়ে রান্না করবেন?”
”রুনুই সকালে রেঁধে রেখে যায়, তবে কোনও কোনও দিন ও অফিস ক্যান্টিনে খায়, আমি নিজে রেঁধে খাই।”
”আপনি রাঁধতে পারেন! কী কী রান্না জানেন?”
”পোলাও, কোপ্তা, কাবাব, বিরিয়ানি।”
পিছনে হেলান দিয়ে গিরি হাসছে। বুলিও।
”তা হলে তো আপনার রান্না একদিন খেতে হয়।”
গিরি সামনে ঝুঁকে পড়ল।
”কবে? কালকেই?”
অপ্রত্যাশিত আমন্ত্রণে বুলি থতমত হয়েছে, তবে হেসে যাচ্ছে।
”তুমি এলে আমার খানিকটা সময় কাটবে, পনেরো বছর আমাদের ফ্ল্যাটে কোনও মেয়ের পা পড়েনি রুনু ছাড়া।”
বুলির হাসিটা ভেঙে গেল দুই ঠোঁটের চাপে। চাহনি কোমল। নিজের কণ্ঠস্বর আর্তনাদের মতো গিরির কানেই ধরা পড়েছে।
”আপনার খুব…”
বুলি ইতস্তত করল।
”কষ্ট?”
ও মাথা নাড়ল।
”কষ্ট ঠিক নয়, কী রকম যেন একটা একা, নিঃসঙ্গ ভাব… বোঝানো শক্ত। আমার মাঝে মাঝে লাগে।… তখন আনন্দ কি কষ্ট কিছুই বোঝা যায় না।… নিজেকে খুব ফালতু অ-দরকারি মনে হয়। হয় না তোমার?”
রুনুর বাবার মতো! গিরি ম্লান হাসল।
”ফাঁসির হুকুম পাওয়া লোকের মতো?”
”অনেকটা। আমিও তো আস্ত মানুষ নই।”
গিরি নিজের গোটানো পাজামার দিকে তাকাল।
”আমি নিজের সম্পর্কেই কথাটা বলেছিলাম। আপনার কথা তখন মনে ছিল না যে আপনি আমার মতো কুৎসিত নন। ভালোবাসা আপনি পান… হয়তো পান, তাই ভালোবাসেনও, হয়তো। আসলে ‘আস্ত’ শব্দটা আমার ব্যবহার করা উচিতই হয়নি। আপনি নিশ্চয় আঘাত পেয়েছেন।”
”একটুও না। এটা আমার নিজেরই মনে হয়। বহু সময় ভাবি রুনু কি ভালোবাসে, মানে তা কি সম্ভব? চিন্তাটা র্যাঁদার মতো ঘষে ঘষে ক্ষইয়ে দিয়ে একটা গর্ত তৈরি করে ফেলেছে। ভয়ংকর গর্ত, যার মধ্যে আমি অনবরত পড়ছি আর থ্যাঁতলাচ্ছি। আসলে আমাদের যত কিছু আঘাত তা নিজেদেরই তৈরি, তাই না?”
”ব্যাপারটা, অর্থাৎ থ্যাঁতলানিটা একদমই ঘটবে না যদি ভালোবাসা জিনিসটাই না থাকে।”
”তা হলে মানুষে মানুষে সম্পর্কটা কী দিয়ে তৈরি হবে? ভান, অভিনয় দিয়ে? নিছক শরীরের ব্যাপারগুলো দিয়ে? কতদিন তা টিকবে?”
গিরি বুঝতে পারল তার গলা দরকারের চেয়েও বেশি চড়ে গেছে। বুলি পাংশু মুখে দেয়ালের দিকে তাকিয়ে।
ওরা কথা বন্ধ রেখে দিল।
থলিটা মেঝে থেকে কুড়িয়ে গিরি উঠল।
”কাল, এই সময় যাব। আমি কিন্তু নিরামিষ খাই।”
দরজার কাছে এসে গিরি ঘুরে দাঁড়াল আচম্বিতে। বুলি ছিল পিছনেই, প্রায় বুকের কাছে এসে পড়ল।
”কিন্তু দুটো ভাঙা জুড়ে একটা আস্ত হয়, হতে পারে!”
