তবে! শুধু শুধু অভিমান!
আমাকে আপনার লোক ভাবতে পারলে, নিজেই চাইতেন।
তা হয় না। টাকাপয়সার ব্যাপারটা অত সহজ নয়! অনেকে পাওনা টাকাই মুখ ফুটে চাইতে পারে না। লোককে ধার দিয়ে নিজে উপোস করে মরে।
ঠিক আছে, আজ উনি আসুন। কত বড় কাকিমা হয়েছেন আমিও দেখছি!
মুকু পেঁয়াজ আর আদা কুচোতে বসে গেল। পেছন থেকে দেখলে অবিকল কনক। কোথায় যে গেল মেয়েটা? যদি কোনওদিন দেখা হয়, বাপের নাম ভুলিয়ে দোব! যদি মারা গিয়ে থাকে! কী হবে কনকের কথা ভেবে? চলতে চলতে হঠাৎ দেখা হঠাৎ হারিয়ে যাওয়া। এ জগতে কে কার?
ওমলেট নিয়ে বসার ঘরে ঢুকতেই শুনলাম, পিতা বলছেন, তোমাকে আমি বারবার বারণ করেছিলুম কি না?
মাতুল বললেন, আজ্ঞে হ্যাঁ, করেছিলেন।
শুনেছিলে?
না।
তা হলে এখন ভোগো। তুমি তো জীবনে কারুর কথা শোনো না, জয়। তোমার তালে তাল না দিলে তুমি রেগে অগ্নিশর্মা হও। তুমি যখন কারুর কথা শোনো না, তোমার কথা আমরা শুনব কেন?
আমি এখন তা হলে কী করব?
যেখানে যা যেমন আছে পড়ে থাক, তুমি আবার তোমার জগতে ফিরে যাও। জীবন থেকে এই ক’টা পাতা ছিঁড়ে ফেলে দাও।
আমার এত টাকা ইনভেস্টমেন্ট সব যাবে?
যাবে, কী আর করা যাবে! আবার নতুন করে শুরু করো। Remember the faith that took men from home.
পিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওমলেট দেখিয়ে বললেন, নাও খেয়ে নাও, তোমাকে আজ বড় ক্লান্ত দেখাচ্ছে। ইউ আর নট ইয়োর ফর্মার সেলফ।
মাতুল ডিমটা টেনে নিলেন। চামচেটা আর একটু হলেই মেঝেতে পড়ে যেত। পিতা পায়চারি করতে করতে আর একটি লাইন বললেন, At the call of a wandering preacher. ঘরের ও মাথা CRICS sytent orico OICO 70107a, Our age is an age of moderate virtue/And of moder ate vice/When men will not lay down the cross/Because they will never assume it/Yet noth ing is impossible nothing. To men of faith and conviction. Let us therefore make perfect our will/O god, help us.
পিতা মাঝে মাঝে শিশির ভাদুড়ি হয়ে যান। থামতেই জিজ্ঞেস করলুম, চা খাবেন?
নিশ্চয় খাব।
চেয়ারে বসে পড়ে বললেন, আবার নতুন করে শুরু করো। সংগীতই তোমার জীবন, নট দ্যাট সিনেমা। মাতুল কঁচালঙ্কা চিবিয়েছেন। মুখ বিকৃত করে বললেন, শিগগির এক গেলাস জল।
চায়ে চুমুক দিয়েই মাতুল বাপ বলে উঠলেন। ঝালের মুখে চা, ব্রহ্মরন্ধ্র ছ্যাঁদা করে দেয়।
পিতা বললেন, তোমার খাবার কম্বিনেশনটা তেমন ভাল হল না। ডিমের পরে চা। অ্যান্টি প্রোটিন হয়ে গেল।
ও আমি প্রায়ই খাই। কিছু হবে না।
যখন হবে তখন আর সামলাতে পারবে না, এই সিনেমা করার মতো হবে। আচ্ছা, তোমার তো একটা বাজেট ছিল?
ছিল বই কী?
তা হলে এমন ভাড়ে মা ভবানী হয়ে গেলে কী করে?
এ লাইনে এত জোচ্চোর ঘোরে কে জানত! সেট সাজাবার জন্যে একটা শুকনো গাছের ডাল সাপ্লাই করে, দুশো টাকা বিল করে দিলে। একটা স্টেথিসকোপের ভাড়া তিনশো টাকা। নতুন কিনলে তিরিশ টাকা।
তুমি এসব জানতে না?
কী করে জানব, আমি তো এ লাইনে একেবারে নতুন!
তুমি ঈশপস্ ফেটাও যদি একবার ভাল করে পড়তে, লুক বিফোর ইউ লিপ।
আমার এক লাখ টাকা ভুষ্টিনাশ হয়ে গেল। ছবি হয়েছে ওয়ান ফোর্থ।
এইভাবে ওড়াতে ওড়াতে চললে, কত লাখে গিয়ে শেষ হবে?
তিনের কমে নামবে না।
তুমি ফিরে এসো, জয়। এর চেয়ে তুমি আসামের জঙ্গল থেকে একটা হাতি কিনে পুষলে, অনেক বেশি রোজগার করতে। তোমাকে আমি সম্বলপুরে, আমার বন্ধুর ফরেস্টে পাঠিয়ে দিতুম, সেখানে কাঠ ক্যারি করে তোমার হাতি তোমাকে সারাজীবন খাওয়াত। বউমার গয়না সব গেছে তো?
আজ্ঞে হ্যাঁ।
ইস, ইস। বাড়ি মর্টগেজ?
আজ্ঞে হ্যাঁ।
বহত আচ্ছা। তুমি তো তা হলে অনেক দূর এগিয়ে গেছ হে!
কোন দিকে?
লোটাকম্বলের দিকে। একতারা নিয়ে বেরিয়ে পড়লেই হয়। ভগবানদত্ত গলা, চেহারাটিও রাজপুত্তুরের মতো। নেচে নেচে গাও, নেচে নেচে গাও,
পার করো দয়াল,
আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি
ঘোর সাগরে।।
ওমলেট আর চায়ের অ্যাকশন অন্যভাবে শুরু হল। মাতুল বলেন, রাইজ আই মাস্ট। বই আমি শেষ করবই।
তাই যদি করবে, তা হলে আমার কাছে ছুটে এলে কেন?
বড় আপন ভাবি বলে, পিতার চেয়েও আপনজন।
সাঁই করে তির ছেড়েছেন পিতার সেন্টিমেন্টে। পিতার কাছে কেউ সারেন্ডার করলে, তিনি পর্বতের মতো তাকে আগলে রাখবেন।
শেষ করতে গেলে, তোমার দু’লাখ চাই।
দেড়ে আমি ম্যানেজ করব।
দেড় পাবে কোথায়?
মধুপুরের বাগানবাড়িটা বেচে দোব।
অসম্ভব! মধুপুরের বাড়ি বেচবে কী হে! সে বাড়িতে কত স্মৃতি থইথই করছে! ইমপসিবল! বাঙালির এমনই নাম হয়েছে, বাড়ি-বেচা বাঙালি! সারা কলকাতাটা বেচে দিয়ে বসে আছে।
মধুপুরে আমরা বছরে ক’বার যাই! এরপর ওই মালির ফ্যামিলিই বাড়িটা দখল করে নেবে।
তুমি যখন বেচবে ভেবেছ, তখন তুমি থাউজেন্ড অ্যান্ড ওয়ান যুক্তি খাড়া করবে। আমার মত নেই। আমি কনস্ট্রাকটিভ, ডেস্ট্রাকটিভ নই।
আহা, আপনি একটা জিনিস ভুল করছেন, ছবিটা লেগে গেলে কত লাখ আসবে একবার ভেবে দেখুন। তখন ওই বাহান্ন বিঘের দিকে, আপনার সেই প্রিয় বাগানবাড়িটা এককথায় কেনা যাবে। অনেক বেশি জায়গা, অনেক ভাল এলাকা।
এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টেন ইন দি বুশ। গাছে কাঁঠাল গোঁফে তেলে আমি বিশ্বাসী নই।
