বকুল আস্তে আস্তে খা। কেয়ামতকে বলেছি শুকনা মরিচ ভেজে দিতে। পেয়াজ আর শুকনা মরিচ ভাজা মাখিয়ে খেয়ে দেখ খুব ভাল লাগবে।
আমার এম্নিতেই ভাল লাগছে।
মা খুশি খুশি গলায় বললেন, কেয়ামত আসলেই ভাল রাধে, আমি তিন প্লেট খেয়ে ফেলেছি।
সেকী?
কেউ বুঝতে পারে নি যে তিন প্লেট খেয়েছি।
বুঝতে পারলেই বা কী—তুমি দু নম্বর নায়িকার মা, তুমি তিন প্লেট খাবে। নাতো কে খাবে?
সব সময় ফাজলামি করবি না বকু। নাশতা খেয়ে মঈন ভাইকে দেখে আয়।
উনার আবার কী হয়েছে?
খুব জ্বর। কাল বৃষ্টিতে ভিজেছেনতো। পায়ে আবার কাটাও ফুটেছে। আমি গিয়ে দেখে এসেছি।
তাঁর স্ত্রীর কী অবস্থা মা, স্বামীর সেবাযত্ন করছেন?
সেজে কুল পায় না স্বামীর সেবা করবে কী! সকাল বেলাতেই লিপস্টিক-টিপস্টিক দিয়ে পরী সেজে বসে আছে। তোর কথা জিজ্ঞেস করছিল।
আমার কথা জিজ্ঞেস করবে কেন? আমার কথা তাকে কে বলেছে?
বলতে হবে কেন? তুই ছবির নায়িকা তোকে চিনবে না? বকু শোন, মঈন ভাইয়ের ঘরে যাবার আগে সেজে গুজে ফিট ফাট হয়ে যাবি। আউলা ঝাউলা অবস্থায় যাবি না।
গেলে ক্ষতি কী?
ভদ্রমহিলা তাকে প্রথম দেখবেন। ফাস্ট ইমপ্রেশনের একটা গুরুত্ব আছে? কথায় বলে না, পহেলা দর্শনধারী তারপরে গুনবিচারি।
আমি নাশতা শেষ করলাম। পর পর দুকাপ চা খেলাম। ঘরে গিয়ে কাপড় পাল্টালাম, চুল বাঁধলাম। ডিরেক্টর সাহেবের ঘরে কিন্তু গেলাম না। একা একা হাঁটতে বের হলাম। আজ আমি সারাদিন হাঁটব। দুপুরে ফিরব না। গেটের কাছে এসে এক ঝলকের জন্যে পেছন দিকে ফিরলাম। মা আমার পালিয়ে যাবার ব্যাপারটা দেখছেন কি-না জানা দরকার। মাকে দেখলাম না–অন্য একজনকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলাম! ইনিই কি নীরা? আমি এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নি। লম্বা ছিপছিপে একজন তরুণী। মাথা ভর্তি কোকড়ানো চুল। হালকা হলুদ রঙের শাড়িতে তাঁকে অবিকল হলুদ পাখির মত লাগছে। তিনি হাত ইশারায় আমাকে থামতে বললেন। তিনি ইশারা না করলেও আমি থামতাম। আমি দাঁড়িয়ে আছি— তিনি এগিয়ে আসছেন। হাঁটার ভঙ্গিটাও অন্য রকম। প্রাচীন কালের রাজকন্যারা কি এমন করে হাঁটতেন? যেন বাতাসের উপর দিয়ে ভেসে আসছেন।
তুমি রুমালী না?
জি।
কী অদ্ভুত নাম— রুমালী।
আপনার মেয়ের নামওতো খুব অদ্ভুত–এন্টেনা।
ওর নাম কিন্তু আসলে এরিয়েল। ওর বাবা রেখেছিলো। যে নৌকায় করে কবি শেলী সমুদ্রে বেড়াতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন সেই নৌকাটার নাম ছিল এরিয়েল। এ রকম অপয়া নামতো রাখা যায় না কাজেই এরিয়েল বদলে কাছা কাছি একটা নাম রাখলাম—এন্টেনা।
কী সহজ ভঙ্গিতেই-না মহিলা কথা বলছেন–যেন আমার সঙ্গে তার কতদিনের পরিচয়। পুরানো দুই অসম বয়সের বান্ধবী একসঙ্গে গল্প করছি।
তুমি যাচ্ছ কোথায়?
একটু হাঁটব।
আশেপাশের লোকজনদের বাড়িঘরে গিয়েছ?
জ্বি না একটা বাড়িতেই শুধু গিয়েছি। সেই বাড়িতে অনেক গাছ আছে। বিরাট একটা পুকুরও আছে।
ঐ বাড়িতেই কি যাচ্ছ?
এখনো ঠিক করি নি। যেতে পারি।
আমি যদি সঙ্গে যাই তোমার কি আপত্তি আছে?
ছিঃ ছিঃ কী বলেন–আপত্তি থাকবে কেন? আপনি সঙ্গে গেলে আমার খুব ভাল লাগবে। এন্টেনাকে সঙ্গে নেবেন না?
না ও থাকুক। ও গল্প করুক তার বাবার সঙ্গে। চল আমরা দুজন যাই।
আমরা পথে নামলাম। আমি আরেকবার পেছন দিকে তাকালাম। দলের সবই তাকিয়ে আছে। যেন বিরাট কোন ঘটনা ঘটতে যাচ্ছে। সেই ঘটনা ঘটাতে যাচ্ছি আমরা দুজন। বাকি সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। এটা যদি সিনেমার কোন দৃশ্য হত তাহলে ক্যামেরা আমাদের মুখ থেকে প্যান করে অপেক্ষমান ইউনিটের লোকজনদের মুখে পড়ত। তখন সাসপেন্স জাতীয় আবহ সংগীত হত।
রুমালী।
জ্বি।
অভিনয় করতে কেমন লাগছে?
খুব ভাল লাগছে।
সবার কাছেই শুনেছি তুমি না-কি অসম্ভব ভাল অভিনয় কর।
আমি বুঝতে পারি না।
মঈন তোমার অভিনয়ের প্রশংসা করছিল। আমি অবশ্যি সব সময় ওর প্রশংসাকে গুরুত্ব দেই না। ওর রুচির সঙ্গে আমার রুচি প্রায়ই মেলে না। মঈনকে ডিরেক্টর হিসেবে তোমার কেমন লাগল?
ভাল।
শুধু ভাল?
খুব ভাল। অবশ্যি আমি ডিরেক্টরতো বেশি দেখি নি।
আমার মনে হচ্ছে তুমি খুব সাবধানে কথা বলার চেষ্টা করছ। বি ইজি। সহজ হয়ে কথা বল। মানুষ হিসেবে মঈন কেমন?
তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই নি।
নীরা হেসে ফেললেন। সুন্দর সরল হাসি। শুরু থেকেই আমি সাবধান ছিলাম। এখন আরো সাবধান হয়ে গেলাম। নীরা খুব সহজ মেয়ে না। মনের দরজা জানালা বন্ধ রেখে তার সঙ্গে কথা বলা যাবে না। আবার মনের দরজা জানালা খোলা রেখেও কথা বলা যাবে না।
রুমালী!
জ্বি।
তুমি তার সঙ্গে ভাল মত মেশার সুযোগ পাও নি কথাটা কি ঠিক বললে? তুমিতো ভালই সুযোগ পেয়েছ। তুমি নিজে সুযোগ তৈরি করে। নিয়েছ।
আপনি কী বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি না।
তিনি শান্ত গলায় বললেন, তোমরা কাশবনের শুটিং করতে গেলে। বৃষ্টি নামল। মঈন তার স্বভাবমত বৃষ্টিতে রওনা হল। অসম্ভব বৃষ্টি প্রীতির কারণে যে সে কাজটা করল তা কিন্তু না। তার মধ্যে প্রচুর লোক দেখানোর ব্যাপার আছে। তাকে দেখাতে হবে যে সে আর দশজনের মত না। সে আলাদা। বুঝতে পারছ কী বলছি?
জ্বি।
সে বৃষ্টিতে নেমে গেল, ভিজতে ভিজতে ক্যাম্পে ফিরবে এই হল তার পরিকল্পনা। সে কি তোমাকে বলেছিল, এসো আমার সঙ্গে। আমরা দুজন এক সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফিরি। বলেছিল?
