যে কথাটা সে বলবে তা হচ্ছে–আমি আপনাকে বিয়ে করে আপনার ওপর খুব অবিচার করেছি। কারণ আমি কখনো আপনাকে আমার খুব কাছে আসতে দেব না। আমি নিজেকে সাজিয়েছি অন্য একজনের জন্য। আপনি ইচ্ছে করলে আমাকে ছেড়ে চলে যেতে পারেন–কিংবা সারাজীবন পুতুলের মতো সাজিয়ে রাখতেও পারেন। সেটা আপনার ইচ্ছা; তবে আমি কখনো আপনার অবাধ্য হব না। আমার কাছে আপনি যা চাবেন তাই পাবেন।
তিতলী একদৃষ্টিতে ঝিলের পানির দিকে তাকিয়ে আছে। পানিতে কিছু শুকনো পাতা পড়েছে। বাতাসে ঢেউয়ের মতো উঠেছে। পাতাগুলো ঢেউয়ে উঠছে-নামছে। দেখতে ভালো লাগছে।
তিতলী!
জ্বি।
নাও পানি নাও–তুমি কি মাথাধরার ট্যাবলেট প্রায়ই খাও?
জ্বি।
বেশি খেও না। কিডনির ক্ষতি করে।
শওকত তিতলীর পাশে বসল। তিতলী সরে গিয়ে জায়গা করে দিল। শওকত বলল, জায়গাটা খুব সুন্দর না?
জ্বি।
বাগানবাড়ি শুনতে অবশ্যি অস্বস্তি লাগে। বাগানবাড়ি শুনলেই মনে হয় নিষিদ্ধ আনন্দের জায়গা। বাগানবাড়ি না বলে খামারবাড়ি বললে মনে হয়–খুব কাজের জায়গা। A place for productive work. তিতলী তুমি কি গান পছন্দ কর?
করি।
কী ধরনের গান তোমার পছন্দ?
সব ধরনের।
নাচ? নাচ কেমন লাগে?
ভালো।
গানকে বলা হয় হৃদয়ের শব্দ, আর নাচকে কী বলা হয় জান?
জ্বি না।
নাচকে বলা হয় শরীরের সঙ্গীত। নাচ কত রকমের আছে জান?
জ্বি না।
নাচ মূলত চার রকমের–ভারত নাট্যম, কথাকলি, মণিপুরী, কত্থক। ইদানীং অবশ্যি আরো দুটা ধারা ধরা হচ্ছে–ওড়িশি, কুচিপুড়ি।
ও আচ্ছা।
এ ছাড়াও আছে–যেমন ধর লোকনৃত্য, ছৌ ছৌ, রায়বেঁশে, বাউল, ঝুমুর, কাঠিনৃত্য, ব্ৰতচারী, খেমটা, কারবা, তয়ফা, ঠুমকি, বিহু, বাংরা, গরবা…।
তিতলী মনে মনে হাসল। মানুষটা তাকে মুগ্ধ করার চেষ্টা করছে। গান, নাচ এই দুটি বিষয়ে অনেক জ্ঞানগর্ভ ব্যাপার মুখস্থ করে এসেছে। তিতলী কিছু বলবে না বলবে না ভেবেও বলে ফেলল, নাচের এইসব নামধাম। আপনি মুখস্থ করেছেন কেন?
শওকত হাসতে হাসতে বলল, এর একটা মজার ইতিহাস আছে। আরেক দিন বলব।
আচ্ছা।
তুমি কি গান গাইতে জান?
জ্বি না।
তোমার ফুফু, যে বললেন তুমি সুন্দর গান কর।
ভুল বলেছেন। আমার অনেক গুণ আছে এটা বোঝানোর জন্যে বানিয়ে বলেছেন।
তুমি যদি গান শিখতে চাও আমি শেখাবার ব্যবস্থা করব। শিখতে চাও?
জ্বি না।
এমনভাবে কথা বলছি কেন? তোমার কি মাথাধরা কমে নি? তিতলী জবাব দিল না। সে অনেক কথা বলে ফেলেছে আর ইচ্ছা করছে না।
রীনার জীবনে খুব আনন্দময় একটা ঘটনা
আজ রীনার জীবনে খুব আনন্দময় একটা ঘটনা ঘটেছে। তার এমনই কপাল যে আনন্দের ঘটনাগুলো যখন ঘটে তখন আশপাশে কেউ থাকে না। নিজের সুখ অন্যকে দেখিয়ে আনন্দ। এই সুখ থেকে রীনা বারবার বঞ্চিত হয়েছে।
দুপুরে খাওয়াদাওয়া শেষ করে একটা গল্পের বই নিয়ে সে ঘুমোতে গেছে। ফ্যান ছেড়ে দিয়ে ঠাণ্ডা মেঝেতে সে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। এই ঘুমের আলাদা মজা। ঘুমে যখন চোখ প্রায় বন্ধ হয়ে আসছে তখন কমলার মা বলল, আফনেরে কে জানি খুঁজে? বুড়া এক লোক।
রীনা বিরক্ত হয়ে বসার ঘরে গেল। মাথাভর্তি সাদা চুল দাড়ির এক ভদ্রলোক বসে আছেন। সেই গরমেও তার গায়ে সাদা সামার কোট। ভদ্রলোককে খুব চেনা লাগছে আবার ঠিক চেনাও যাচ্ছে না। ভদ্রলোক বললেন, কীরে রীনা রীনা টিন টিন চিনতে পারছিস না?
রীনা হতভম্ব গলায় বলল, ছোটমামা!
যাক চুলদাড়ি দিয়ে তোকে বিভ্ৰান্ত করতে পারি নি। তোকে কিন্তু আমি একবার দেখেই চিনেছি। হাফপ্যান্ট পরা অবস্থায় তোর চেহারা যা ছিল–শাড়ি পরা অবস্থাতেও তাই আছে, একটুকুও বদলায় নি।
রীনা তার ছোটমামার ওপর ঝাঁপিয়ে পড়ল। কত প্রিয় একজন মানুষকে কত দিন পরে দেখা। মনে হচ্ছে অন্য কোনো জীবন থেকে মানুষটা হঠাৎ উঠে এসেছেন। যেন একটা স্বপ্নদৃশ্য।
মা শোন, কেঁদে সময় নষ্ট করিস না, আমি এক্ষুণি চলে যাব। আমি গত তিন দিন ধরে ঢাকায় আছি কিন্তু তোর ঠিকানা বের করতে পারছিলাম না। আজ বিকেলে ফ্লাইট।
এক্ষুণি চলে যাবে??
হ্যাঁ এক্ষুণি চলে যাব। আমি হঃকঃ-এর একটা সেমিনারে এসেছিলাম। হঠাৎ ভাবলাম বাংলাদেশ হয়ে যাই। তোর সঙ্গে দেখা হবার আশা ছেড়েই দিয়েছিলাম, তবু যাক শেষ মুহুর্তে দেখা হলো।
তুমি এমন বুড়ো হয়ে গেলে কেন মামা?
বয়স কত হয়েছে দেখবি না?
তুমি সত্যি আজই চলে যাবে?
হ্যাঁ ইয়াং লেডি, তুই চোখের পানি মুছে ফেলে দুই-একটা কথা টথা বল আমি শুনি। তোর বরের সঙ্গে কথা বলার শখ ছিল ও তো মনে হয় অফিসে।
মামা আমি বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করে দিচ্ছি ও চলে আসবে।
কোনো দরকার নেই। আসতে আসতে এক ঘণ্টা লাগবে–ততক্ষণ আমি থাকব। না। মা শোন, আমি তোর জন্যে কোনো গিফট আনতে পারি নি–এখানে যে আসব। তেমন পরিকল্পনা ছিল না। কয়েকদিন ছুটি পাওয়া গেল, তারপর দেখি টিকিটও এভেইলেবল। ভালো কথা, তোর ছেলেমেয়ে কী?
দুই ছেলে মামা–টগর এবং পলাশ।
বাহ নাম তো খুব সুন্দর! ওরা কোথায়?
ওরা তার ফুফুর বাসায় বেড়াতে গেছে।
আমার ভাগ্য খারাপ কারো সঙ্গে দেখা হলো না। মা শোন আমি কিন্তু আর দশ মিনিট থাকব তারপর উঠব। ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি।
রীনার মামা সত্যি সত্যি দশ মিনিট থাকলেন। যাবার সময় রীনার হাতে একটা খাম দিয়ে বললেন, তোর বিয়েতে আমি কিছুদিতে পারিনি, এখানে সামান্য কিছু ডলার আছে, তুই তোর বরকে নিয়ে তোদের পছন্দমতো কোনো উপহার কিনে নিস। ছোটমামা চলে যাবার পর রীনা খাম খুলে দেখে সাতটা একশ ডলারের নোট। নিশ্চয়ই অনেক টাকা। জীবনে এই প্রথম রীনা ডলার দেখছে। সবুজ রঙের এই নোটগুলোর কী প্রচণ্ড ক্ষমতা!
