রাখি তোর সিক্সথ সেন্স।
বন্যার মামা তেমন কোনো উৎসাহ দেখালেন না। দুএকটা ছোটখাট প্রশ্ন করলেন–কিবে পাস করেছেন? এর আগে কোথাও চাকরি করেছেন? টাইপিং জানা আছে কিংবা শর্টহ্যাণ্ড? বাসা কোথায়? এমন কিছু জটিল প্রশ্ন নয়, কিন্তু উত্তর দিতে গিয়ে নীলুর কথা জড়িয়ে যেতে লাগল এবং এক বান্ন মনে হল, না এলেই ভালো ছিল।
ভদ্রলোক তাদের কফি খেতে বললেন। প্রাইভেট ব্যবসার নানা সমস্যার কথা বললেন এবং এক সময় টেলিফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন। দুটি মেয়ে বসে আছে তাঁর সামনে, এটা তাঁর মনেই রইল না। নীলু ফিস-ফিস করে বন্যাকে বলল, আমরা কি চলে যাব? বন্যা ইশারায় তাকে বসতে বলল। সবচে যে জিনিসটি নীলুর কাছে আশ্চর্যজনক মনে হল, তা হচ্ছে-বিন্যার সঙ্গে এই ভদ্রলোকের তেমন কোনো যোগাযোগ নেই। বন্যা নিজেও কেমন যেন মিইয়ে আছে। নীলু লক্ষ করল, তাদের দু জনের মধ্যে কথাবার্তা প্রায় কিছুই হয় নি। এমন এক জন অল্প পরিচিত মানুষের কাছে বন্যা তাকে এতটা ভরসা দিয়ে কেন নিয়ে এসেছে, কে জানে! নীলুর বেশ মন খারাপ হল।
টেলিফোনে ভদ্রলোক প্রায় এক ঘণ্টা কথা বললেন। খুব জরুরি টেলিফোন বোধহয়। কারণ কথা শেষ করেই তিনি বললেন, আমি আজ একটু ব্যস্ত। অর্থাৎ উঠতে বলা হচ্ছে। বন্যা শুকনো মুখে বলল, একটা কিছু ব্যবস্থা করে দেন মামা। চাকরির ওর খুব দরকার। রাগ হবার মতো কথা। নীলুর চাকরির এমন কিছু দরকার নেই। কিন্তু বন্যা এমনভাবে কথাটা বলল, যেন নীলু ছেলেমেয়ে নিয়ে না খেয়ে আছে।
ভদ্রলোক নিরাসক্ত গলায় বললেন, আমাদের এখানে কোনো ওপেনিং নেই। ভবিষ্যতে হবে, এ-রকম আশাও নেই। তবে আমার কাছে পাটিকুলার্স রেখে যান, আমি দু-এক জনকে বলে দেখব।
ও কিন্তু মামা অত্যন্ত ভালো মেয়ে।
ভালো মেয়েদের অফিসে দরকার নেই, অফিসে দরকার এফিশিয়েন্ট মেয়ে।
ও খুব এফিশিয়েন্ট।
বুঝলে কী করে? উনি তো এর আগে অফিসে কোনো কাজ করেন নি।
মামা, আপনি একটু দেখবেন।
নিশ্চয়ই দেখব। নাম-ঠিকানা এবং একটা বায়োড়াটা আপনি আমার সেক্রেটারির কাছে দিয়ে যান।
নীলুর এসব করার কিছুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু বন্যা এমন আগ্রহ নিয়ে এসেছে, তাকে না বলতে খারাপ লাগল। সে এমন ভাব করছে যেন বায়োডাটা লিখে দিলেই তার চাকরি হয়ে যাবে। এমন ছেলেমানুষও থাকে এই যুগে!
নীলু বাড়ি ফিরল খুব মন খারাপ করে। এতটা মন খারাপ হবে সে নিজে বুঝতে পারে নি। সে বোধহয় ধরেই নিয়েছিল চাকরিটা হবে। নানা রকম পরিকল্পনাও তার ছিল। প্রতি মাসে মাকে কিছু টাকা পাঠাবে। বেতন পাবার সঙ্গে সঙ্গেই সে মানি অর্ডার করবে। যত দিন মা বেচে থাকবেন তত দিনই পাঠানো হবে। এ বাড়ির কারোর কিছু বলার থাকবে না। তার নিজের টাকা। দু একটা শখের জিনিস কিনবে। একটা টিভি। একটা ফ্রিজ। একটা হারমোনিয়াম। গানের দিকে তার খুব ঝোঁক ছিল। তার বাবারও ছিল। বাবাই দু, মেয়েকে গান শিখিয়েছিলেন। বাবা মারা যাবার পর কোথায় সব ভেসে গেল!
কী চমৎকার গানের গলা ছিল বিলু আপার! বাবা সব সময় বলতেন, আমার এই মেয়ে গান গেয়ে পাগল করে দেবে সবাইকে। কোথায় গেল গান, কোথায় কি!
নীলু তার বোনের কথা কখনো ভাবতে চায় না। ওটা যেন একটা দুঃস্বপ্ন। কোনোকালে তারা যেন কোনো বোন ছিল না। বিলু নামের কাউকে সে চেনে না। কিন্তু তবু একেক সময় এমন পরিষ্কারভাবে বিলু আপার মুখ মনে আসে।–আদুরে, স্নিগ্ধ একটা মুখ! যেন সে বলছে, কিরে নীলু, রোদে ঘুরে তোর মুখটা রাঙা হয়ে আছে। দেখি, বস তো আমার পাশে। নীলু প্রায়ই ভাবে, এত মায়াবতী একটি মানুষ কী করে হয়! কী দুঃখী মেয়েই না ছিল আপা, অথচ কী সুখী—সুখী চেহারা! গভীর দুঃখের কিছুমাত্র ছাপ ছিল না বিলু আপার চোখে। আনন্দ উজ্জ্বল হাসি-হাসি দুটি চোখ।
শফিক সাধারণত রাত আটটার মধ্যে এসে পড়ে। সাড়ে আটটা বাজছে, এখনো তার ফেরার নাম নেই। হোসেন সাহেবও ফেরেন নি। কোথায় ঘুরছেন কে জানে। এত দীর্ঘ সময় পর্যন্ত তাঁর রাগ থাকে না। আজ আছে। রাগ পড়ে নি শাহানারও। এখনো তার ঘরের দরজা বন্ধ। মনোয়ার রাগ ভাঙানোর চেষ্টা করেছেন, লাভ হয় নি।
নীলু। বারান্দায় এসে দাঁড়াল। দিন খারাপ করেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হলে ভালোই হবে। গুমোট হয়ে আছে। নীলু আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল।
টুনী জেগে উঠেছে। তার হাসি শোনা যাচ্ছে। অদ্ভুত স্বভাব হয়েছে মেয়েটার, ঘুম ভেঙে হাসতে শুরু করে। পৃথিবীর সব বাচ্চারাই জেগে উঠে কাঁদে। শুধু টুনীই বোধহয় হাসে। দূর থেকে টুনীর হাসি শুনতে এমন মজা লাগছে।
বৌমা।
নীলু চমকে তাকাল। মনোয়ারা টুনীকে কোলে নিয়ে বারান্দায় চলে ५q6अCछ्न्म।
একটু হলেই তো সর্বনাশ হত! কী যে কাণ্ড কর তুমি!
কী হয়েছে মা?
খাটের কিনারে শুইয়ে রেখেছি। নিজে নিজে উঠে বসেছে, একটু হলেই পড়ত। এত অসাবধান হলে চলে?
নীলু কিছু বলল না।
বারান্দায় দাঁড়িয়ে আছ কেন?
দিন খারাপ করেছে মা।
ঘরে আস। দরজা-জানালা বন্ধ করা। বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকারটা কী?
জানালা বন্ধ করবার আগেই হঠাৎ করে প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। রীতিমতো ঝড়। ইলেকট্রিসিটি চলে গিয়ে অন্ধকার হয়ে গেল চারদিক। মনোয়ারা টুনীকে কোলে নিয়ে অকারণেই ছোটাছুটি করতে লাগলেন। মোমবাতি খুঁজে পাওয়া গেল না। হারিকেনে তেল নেই। প্রচণ্ড শব্দে বাথরুমের জানালার একটা কাঁচ ভাঙল। মনোয়ারা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, বৌমা, তোমার কি কোনো কালেও বুদ্ধিসুদ্ধি হবে না। ঝড়-বাদলার দিনে হাতের কাছে হারিকেন রাখবে ঠিকঠাক করে–এক ফোঁটা তেল নেই হারিকেনে। এসব কী?
