টেপির পাশাপাশি চলতে, চলতে একটি সুঘ্রাণ পাচ্ছিলো মাধাই, যে সুঘ্রাণ আকর্ষণ করে। মাধাইয়ের দয়াস্নিগ্ধ মনে এই কথাটা উঠলো, যখন টেপি আর সুরতুন চালের ব্যবসা করতো সুরতুনকে টেপির তুলনায় হীন বলে বোধ হতো না, এখন যেমন হয়। পুরুষের আদরে টেপির এই পরিবর্তন। মাধাই ভাবলো, সাবান এসেন্স কাপড়চোপড়ের পরিচ্ছন্নতা এমন কিছু কিছু ব্যাপারে সে লক্ষ্য রাখবে। সেদিন ডিউটি সেরে ফিরবার সময়ে মাথায় দেওয়ার তেল ও একটা সাবান কিনলো মাধাই। মধ্যবিত্তের চোখে সেগুলো নিচের স্তরের হলেও মাধাইয়ের চোখে তেমনটা নয়।
দিবানিদ্রা সেরে উঠে মাধাই বললো, মনে কয় যে লাকড়ি কাঁচা কাটে রাখে আসছিলাম তা শুকাইছে।
আনবের যাবা?
তা যাওয়া যায়। তুইও চল না কেন ছান করে আসবি।
সুরতুন খুব একটা প্রয়োজন বোধ করছিলো না স্নানের। মাধাই ঘুমুলে ঘরে তোলা জলে হাঁড়িকুড়ি ধোয়ার সময়ে হাত পা ধুয়ে নিয়েছিলো, আঁজলা করে করে জল তুলে মাথায় চাপড়ে চুল ভিজিয়ে নিয়ে, ভিজে আঁচলে চোখমুখ মুছে নিয়েছিল। কিন্তু সে সময়েই সে স্থির করেছিলো এখানেই যদি থাকতে হয়, ভোরে রাত থাকতে বাঁধের জলে মাঝে মাঝে স্নান করতে যাওয়া যায় কিনা মাধাইকে তা জিজ্ঞাসা করে নেবে–কিংবা রাত দশটায় যখন শেষবারের মতো রাস্তার কলে জল আসে তখন সেটা ব্যবহার করা যায় কিনা।
চলো, তা যাই।
এক কাজ কর, ঘরে তেলের শিশি আর সাবান আছে, তা আন। নতুন কাপড়জামা আন।
সুরতুনকে প্রায় জলের ধারে পৌঁছে দিয়ে মাধাই তার আগের বারের কাটা লকড়ির খোঁজে গেলো। সুরতুনের হলো মুশকিল।না পারে তেলের শিশি খুলতে, না পারে সাবান মাখতে সাহস করে। খানিকটা বাদে মাধাই নিজেই এলে।
কি রে, বসে আছিস?
সুরতুন তেলের শিশিটা দেখিয়ে মুখ নিচু করে হাসলো।
খুলবের পারিস নাই?
খুলতে মাধাইয়েরও জোর লাগলো, পকেট থেকে ছুরি বের করে তার সাহায্য নিতে হলো।
এক কাজ কর, চুলে অনেক ধুলা আছে। সাবান দিয়ে মাথা ঘষে নে।
কী কাম?
কলাম ঘষে নে। ময়লা থাকে লাভ কী?
সুরতুন নিজের মাথা ঘষার কাজটা জীবনে করেনি। গ্রামে থাকার সময়ে কোনোদিনই তার এসব কথা খেয়াল হতোনা। চালের কারবারে বেরিয়ে বরং একবার সে মাথা ঘষেছিলো, যেদিন মোকামের ছোটো নদীটিতে সন্ধ্যাবেলায় তারা দল বেঁধে স্নান করতে নেমেছিলো ট্রেন ফেল করে অন্য কিছু করার ছিলো না বলে। ফতেমা সেদিন অনেকটা সময় ধরে তার মাথা ঘষে দিয়েছিলো।
কী হলো? মাধাই প্রশ্ন করলো।
আমি জানি নে।
তখন সুরতুনকে শিউরে দিয়ে, ভয়ে দিশেহারা করে দিয়ে মাধাই তার ঝাকড়মাকড় চুলগুলো আর সাবান নিয়ে দু’হাতে মাজতে বসলো। একটি অনভ্যস্ত পুরুষ যেমন পারে তেমনি করে চুল ঘষে ঘষে পরিচ্ছন্ন করে মাধাই বললো, এবার গায়ে সাবান মাখে ডুব দিয়ে নিয়ে চুল ঝাড়ে মাথায় তেল দিস। আমি লাকড়ি বাঁধে আনি।
মাধাই ফিরে এসে দেখলো সুরতুনের স্নান হয়ে গেছে। পরিচ্ছন্ন জামাকাপড়ে একুপিঠ ফাপানো চুলে সুরতুনকে যেন চেনাই কঠিন।
মাধাই বললো, তোর ছাড়া-শাড়ি কী করলি, ধুয়ে নিয়া কাম নি। যে ময়লা, ও আর পরেও কাম নি।
কী করবো?
পা দিয়ে ঠেলে জলে ফেলে দে।
সামনে সুরতুন, পিছনে মাধাই। লকড়ির ভারে মাধাই হেঁট হয়ে চলছে কিন্তু ইতিমধ্যে মাধাই সুরতুনকে লক্ষ্য করেছে কয়েকবার।
সে বললো, কাপিস কেন?
জার লাগে।
তা জার একটু লাগবের পারে। অবেলায় সাবান ঘষা তো।
একটু চুপ করে থেকে সুরতুন বললো, কাপড় ফেলায়ে দিলাম ‘আবার কিনলি হবি। টেপির মতো গয়না দিবের পিরবো না, সিল্কের শাড়িও না। জোলাকি এক-আধখান ধারে হলিও কিনে দিবো। ক’ আমার যে টাকা তার কিছু হলে তোর চলে কিনা।
ঘরে ফিরে মাধাইয়ের কথামতো চুল আঁচড়ে সিঁথি কেটে সুরতুন যখন ঘরময় কাজ করে বেড়াতে লাগলো মাধাইয়ের বিস্ময় বোধ হলো এই ভেবে, এমন রূপ এমন গঠন কোথায় লুকানো ছিলো। লক্ষ্য করার মতো মনের অবস্থা তার ছিলো না,নতুবা অন্তত একটা আভাসের মতো মাধাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারতো সুরতুনের দৈহিক দিকটা। অনাহারে যে কাঠি কাঠি কাঠ কাঠ হয়েছিলো, চালের ব্যবসায়ের শত কষ্ট সত্ত্বেও নিয়মিত আহার পেয়ে সে তেমনটা আর ছিলো না। একটা মালিকানা বোধও হলো তার। এই দেহটির কী দুরবস্থা হয়েছিলো অনাহারে। পিঁপড়ে ঢাকা মৃতদেহের মতো সুরতুনকে কুড়িয়ে এনেছিলো সে। সে ছাড়া আর কেউ সুরতুনকে এমন করে সাজাতে এগিয়ে আসেনি অন্তত এ কথাটা তো ঠিক। কাজের এক অবসরে সে সুরতুনকে ডাকলো।
কী কও?
লাইন-দেখা রেল কোম্পানির আলোটা তুলে সুরতুনকে মাধাই যেন পরীক্ষা করলো। নিজের ঘরে তেমন বড় আরসি ছিলো না যে তার সম্মুখে সুরতুনকে দাঁড় করাবে। মাধাই ভাবলো, ও কি বুঝতে পারে ওকে কেমন দেখায়। স্বাস্থ্য ও দেহবর্ণ কথা দুটির প্রয়োগ করতে না পারলেও মাধাই অনুভব করলো টেপির চাইতেও সুরতুন গরীয়সী। এমন পরিচ্ছন্নতায় অভ্যস্ত হয়ে গেলে সুরতুন কি মালবাবুর সেই সুকন্যে না কী তার নাম, তার মতোই হবে না?
মাধাইয়ের উপলব্ধি হলো জীবনের শূন্যতা পূর্ণ হয়ে উঠবে। সুরতুনকে নিয়ে এই খেলা তার মুখে যেন স্বাদ এনে দিলো।
কিন্তু যারা মনের গোপন তথ্য নিয়ে বহু আলোচনা করতে অভ্যস্ত তারাও কি মনের গতি নির্ধারণ করতে পারে?মনের কোনো হদিসই যার জানা নেই সেই মাধাই পোর্টার কীকরে জানবে তার মনে কোন রূপটি তার ব্যবহারে কখন আত্মপ্রকাশ করে বসবে। আমি কর্তা, আমি অভিভাবক, আমার প্রাচুর্য থেকে দান করে ওকে ধাপে ধাপে একটি স্বছন্দ জীবনের দিকে নিয়ে যাচ্ছি, এই ছিলো তার অনুভব। এবং এরই ফলে তার হৃদয় আতপ্ত হয়ে উঠেছিলো। কিন্তু আর একটি বিষয়ের দিকে তার নজর ছিলো না। মলিন সুরতুনকে দেখে যা কোনোদিন হয়নি তেমনি একটা কামনা সংগোপনে তার চেতনার অজ্ঞাতে বেড়ে উঠেছিলো তার সন্ধান সে কখনন রাখেনি। প্রকাশের মুহূর্তেও তা তার চেতনায় পরিস্ফুট হলো না। ইতিমধ্যে সুরতুনের জন্যে সে একজোড়া রোল্ড গোল্ডের বালা এনে দিয়েছে, চোখে দেবার সুর্মাও।
