মাধাই কাজে যাবার আগে পোশাক পরছিলো, তখন কথাটা মনে হলো তার। মাস্টারমশাই দু’কথায় আবদুলের সব কথা সমর্থন করেছে, জীবনের সঙ্গে স্ত্রীদের যে যোগটার কথা আবদুল গনি বলেছিলো সেটা তবে মূল্যহীন নয়।
গোবিন্দর কথা মনে হলো, আর সেই সুকন্যা না কী নাম যার সেই মেয়েটির কথা গোবিন্দবাবু কি তাকে সুখী করার জন্যেই চলে গেলো!
স্টেশনের পথে চলতে চলতে মাধাই চিন্তা করলো : তাই হয় বোধ হয়, বেঁচে থাকা তখনই ভালো লাগে যখন আপন একজন থাকে। সংঘের কাজে বিদ্বেষের নেশাটা আর তেমন ধরছে না। বাকিটুকু কর্তব্যের মতো, চাকরির মতো ভারি বোধ হচ্ছে। গোবিন্দবাবু বোধ হয় এ কথা অনেক আগেই বুঝতে পেরেছিলো। মাস্টারমশাইয়ের অবশ্য এসবে দৃকপাত নেই, সব সময় অন্যের চিন্তায় ব্যস্ত, যেন সকলকেই পরীক্ষায় পাস করাবে।
কিন্তু মদ? কাজের ছোটোখাটো অনেক অবসরে কথাটা মনে পড়লো। মদ যদি খারাপ জিনিস হয় না, ভদ্রলোক ছি ছি করে ওঠে কেন? মন হাতড়াতে গিয়ে যে দৃশ্যটা সে খুঁজে পেলো সেটা ছি ছি করার মতোই। ধাঙ্গড়পাড়ায় রোজই দেখা যায়, রাস্তার পাশে মরার মতো স্ত্রী-রুষরা পড়ে আছে, মুখের উপর ভনভন করে নীল মাছি উড়ছে। কী কুৎসিত, কী ময়লা!
তবে মদ যে পথে পথে খেতে হবে এমন কথা নয়। সাহেবরা খায়, তারা খানায় পড়ে থাকে না। গোবিন্দবাবুও খান। তাহলেও–
মাধাই ‘তাইলেও’ কথাটা উচ্চারণ করে ফেলো চিন্তা করতে করতে। তাহলেও মদে কী হবে। মাধাই স্বচক্ষে দেখেছে স্পেশ্যাল ট্রেনের কাঁচের জানলা দিয়ে কাঁটা-চামচ, ভোয়ালের ফুল, কাঁচের আলোর সেই স্বর্গরাজ্যে বসে সাহেব-যোদ্ধারা মদ খেতে খেতে চলেছে। তখনো কিন্তু তাদের বসবার ভঙ্গিটিও নির্জীব। মুখের কথা বোলো না, যেন জোর করে কেউ তাদের পাঁচন খাওয়াচ্ছে।
মাস দু-তিন পরে আবার একদিন মাস্টারমশাই এসে বললো, ঘরে আছে মাধাই?
আসেন, প্রণাম হই।
কী হলো, মাধাই?
কই, তেমন কিছু আর কী!
খানিকটা সময় আলোচনা করে মাধাইকে কথার মাঝখানে পরিখা খুঁড়ে শক্ত হয়ে থাকতে দেখে একটু থেমে হাসি হাসি মুখে মাস্টারমশাই বললো, তুমি কি বাঁচতে চাও মাধাই?
আজ মাধাই অত্যন্ত দুঃসাহস প্রকাশ করতে বদ্ধপরিকর। সে বললো, তাই চাই।
বাঁচতে হলে ঘরদোর লাগে, অন্নবস্ত্র লাগে।
তা লাগে।
এখন যা পাচ্ছো তা যথেষ্ট নয়।
তা নয়।
যথেষ্ট পাওয়ার কী উপায়?
ঠিক জানি না, মাস্টারমশাই।
দল বেঁধে দাবি করতে হবে, দর কষাকষি করতে হবে। একসময়ে তুমি টাকার জন্য গোরুকে বিষ দিতে।
মাস্টারমশাই তার সম্বন্ধে কতদূর খবর রাখে জেনে মাধাই বিস্মিত হলো। কিন্তু ধীরভাবে বললল, আর কোনোদিনই কাউকে বিষ দেবো না।
এখনই বলা যায় না।
তা না যাক, টাকাতে সুখ হয় না। আপনার টাকা আমার চেয়ে বেশি।
আমি তোমার চাইতে সুখী কিনা এই তো তোমার প্রশ্ন?
বাবু, তা করা আমার অন্যাই। আমি পারিনে, ভালো লাগে না।
‘পরে একদিন আসবো’ বলে মাস্টারমশাই সেদিনের মতো চলে গেলো। কিন্তু মাধাই মাস্টারমশাইয়ের জন্য অপেক্ষা করলো না। ইতিমধ্যে একদিন লোকোশেড মহল্লায় গিয়ে এমন পরিশ্রম সে করলো যে সে খবর যখন মাস্টারমশাইয়ের কাছে পৌঁছলো তখন সে স্তম্ভিত হলো, কলকাতা শহর থেকে যে শ্রমিকনেতারা এসে পারস্পরিক নেতৃত্বের মহার্ঘতার প্রচার করছিলো তারাও বিপন্ন বোধ করলো সাময়িকভাবে।
কিন্তু ফিরতি পথে মাধাই একটা কাজ করে বসলো, সে খবর কারো কাছে পৌঁছলো না। রজনীর দোকান থেকে এক বোতল মদ কিনে কিছু খেয়ে কিছু সঙ্গে নিয়ে সে বাসার পথ ধরলো। গলা সুড়সুড় করছিলো। প্ল্যাটফর্মে উঠে অন্ধকার জায়গা দেখে আরও খানিকটা গলায় ঢেলে দিলো সে। বাসার কাছাকাছি পৌঁছতে পৌঁছতে অদ্ভুত একটা অনুভূতি হলো তার। কিন্তু তার মধ্যেও মন যেন বল পাচ্ছে অনেকদিন পরে। সে সম্মুখের অন্ধকার শূন্যকে লক্ষ্য করে গর্জন করে উঠলো, এই ওপ।
নিজের ঘরের বারান্দায় বসে সে একটা সিগারেট ধরালো। কয়েক টান ধোঁয়া গিলে তার শরীর অস্থির হয়ে উঠলো। শরীরকে সুস্থ করার জন্য বোতলের বাকি মদটুকু সে চুষে চুষে খেলো। তার বোধ হলো সে আর বাঁচবেনা। চোখে জল এলো। অন্ধকারে শায়িত নিজের একটি বিপন্ন প্রাণকে যেন সে দেখতেও পেলো। তার মনে হলো মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া দরকার। ঘরে ঢুকে মাটিতে বসে বিছানায় মাথা রাখলো সে। দেহ ও মস্তিষ্ক একটি আচ্ছন্নতায় ডুবে যাচ্ছে। আচ্ছন্ন অবস্থায় মাধাই বিছানা থেকে ফসকে মাটিতে শুয়ে পড়লো। মূৰ্ছা ও ঘুমের মাঝামাঝি অবস্থায় সে কখনো কখনো ফোপাতে লাগলো, যেন তার একটি অন্তরাত্মা আছে, এবং সেটা অত্যন্ত ব্যথিত এবং তার চাইতে বেশি ভীত হয়ে কাঁদছে।
১৫. এগোলেও মৃত্যু
এগোলেও মৃত্যু, পিছলেও তাই। সুরতুন একদিন একদিন ভয়ে ভয়ে বলেছিলো ফতেমাকে, আগুনের বেড়াপাক। মোকামে পুলিস চালের পুটুলি কেড়ে নেবার ভয় দেখালে টেপির মা তাদের পাল্টা ভয় দেখাতে স্টেশনে দাঁড়িয়ে-থাকা ট্রেনের তলায় গিয়ে বসতো আত্মহত্যার ভঙ্গিতে। সেই অভিনয় যে কত মর্মান্তিক তার পরিচয় দিয়েছে ফুলটুসির মৃত্যু। বাঁচার জন্যই চালের কারবার। চাল প্রাণ দেয় বলেই এত করা, যদি
সেই বাঁচার আশ্বাস আর না থাকে, চাল যদি বিষের দানা হয়? সমস্যা বাড়িয়েছে ফতেমা। ফতেমা গ্রামমুখো হয়ে পড়ছে ক্রমশ। দু-তিন মাস সুরতুন চালের কারবার থেকে দূরে দূরে কাটালো। অথচ অন্য কোনো জীবিকা অবলম্বন করতেও পারেনি। অবশ্য বছরের এ সময়টায় চালের কারবারে মন্দা পড়ার কথা, কিন্তু সুরতুনের বিপন্ন বোধ হয় চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে। একা একা চালের মোকামে যেতেও সে সাহস পায় না। ঠারে ঠারে কথা বলার পর একদিন সে খোলাখুলি বললো ফতেমাকে। তখন তারা দুজনে খেতে বসেছিলো। ফতেমা মুখ নিচু করে ভাতের পাত্রে হাত দিয়ে বসে রইলো। তার মুখটা বিষণ্ণ। কী একটা কথা বলতে গেলো সে, কিন্তু নিরুদ্ধ আবেগে যেন দুলতে লাগলো। এঁটো হাত দিয়ে কপাল চাপড়াতে লাগলো সে, যেন তার চোখের জল আসছে না, যা এসেছে তা প্রচুর নয়।
