বললাম, ফেরত দেবার কথা ভাবছি না। আমি এসেছিলাম ঐ দৌলত খাঁর কথা জানতে। খুব কৌতূহল হচ্ছে। আপনি কি কিছু জানাতে পারেন?
ইউদ্রিশ আলি বললে, ঐ যতটুকু বললাম তার চেয়ে বেশি জানি না। জানবার ইচ্ছেও নেই। আমি গোপন ব্যবসা করি এই পর্যন্ত। তাছাড়া দৌলত খাঁর ব্যাপার তো বহুকাল আগের।
বললাম, ওর সম্বন্ধে আর কেউ বলতে পারেন কি?
ইদ্রিশ একটু ভেবে বললে, যার কাছ থেকে এটা পেয়েছিলাম হয়তো একমাত্র সেইই বলতে পারে।
তার ঠিকানাটা আমায় দেবেন? বলেই পাঁচটা একশো টাকার নোট ওর হাতে গুঁজে দিলাম।
ইদ্রিশ যে খুশি হলো তা ওর চোখ-মুখ দেখেই বুঝতে পারলাম।
ও বললে, তা না হয় দিচ্ছি। কিন্তু সে তো অনেক দূর। সেই জম্মু-কাশ্মীর পহেলগাম্ ছাড়িয়ে আচ্ছাবা। আপনাকে অবশ্য প্রথমে জম্মুতেই নামতে হবে। তারপর
বললাম, যত দূরই হোক দৌলত খার ইতিহাসটা আমায় জানতেই হবে।
ইদ্রিশ ঠিকানা লিখে দিল। ঠিকানাটা নিয়ে আমি চলে আসছিলাম, ইদ্রিশ পিছু ডাকল, আরে ও মশাই! শুধু ঠিকানা পেলেই হবে? যারা কবর খুঁড়ে পুরনো কঙ্কাল বের করে তারা যে কী সাংঘাতিক তা ভাবতে পারবেন না। পুলিশের স্পাই মনে করে ওরা হয়তো জ্যান্ত পুঁতে ফেলে আপনাকেই কঙ্কাল বানিয়ে দেবে।
আমি হতাশ হয়ে বললাম, তা হলে উপায়?
দাঁড়ান, একটা চিঠি লিখে দিচ্ছি, বলে আমার সামনে বসেই উর্দুতে একটা চিঠি লিখে দিল। তারপর খামের ওপর একটা লাল ছাপ মেরে দিল।
এবার নিশ্চিন্ত মনে যান। দেখবেন চিঠিটা যেন না হারায়। তবু যদি বিপদে পড়েন তাহলে বলবেন, ইদ্রিশের মাথায় একগাদা উকুন হয়েছে, মনে থাকবে?
হেসে বললাম, হাঁ ধন্যবাদ।
বুঝলাম কথাটা সাংকেতিক।
ইদ্রিশ ফের ডেকে বলল, আর শুনুন, এইভাবে ধুতি-পাঞ্জাবি-পরা বাবু সেজে গেলে সন্দেহ এড়াতে পারবেন না। ফকির সেজে যাবেন। বলবেন দেশভ্রমণ করেন। নানা জায়গার কবরের উপর কেতাব লিখবেন।
আমি বললাম, তাই করব। কিন্তু ফকির কেতাব লিখবে।
কেন? ফকির হলে বুঝি পড়া-লেখা জানতে নেই?
তা বটে। ধন্যবাদ জানিয়ে চলে এলাম।
.
ফকির, সন্ন্যাসী সাজা আমার পক্ষে কোনো ব্যাপার নয়। জীবনের বেশির ভাগ সময়ই তো আমি সাধু-সন্ন্যাসী সেজে ঘুরে বেড়িয়েছি, এবার না হয় ফকির সাজলাম। বড়ো বড়ো চুল তো ছিলই। অল্প দাড়ি, একটু ছেটে কেটে ঠিক করে নিলাম। কালো একটা আলখাল্লা পরলাম। কালো একটা বড়ো ঝুলি, চোখে সুর্মা, গলায় কাচ-পাথরের মালা। ব্যস, একেবারে নির্ভেজাল ফকির বনে গেলাম। তারপর একদিন শেয়ালদা থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে চড়ে বসলাম। মনে বেশ আনন্দ। কত দিন পর দেশভ্রমণে চলেছি। তা ছাড়া ঐ হতভাগা কঙ্কালটার হাত থেকেও কিছুদিন রেহাই পাব।
পাক্কা দুরাত্তির কাটিয়ে জম্মু। সেখানে সকালে বাসে উঠে শ্রীনগর। রাত্তিরটা একটা ছোটোখাটো হোটেলে কাটিয়ে পরের দিন পহেলগা। সেখান থেকে মাটান হয়ে আচ্ছাবা।
আঁকাবাঁকা পাহাড়ী রাস্তা। মাঝে মাঝে ঝর্ণা। গোড়ালি ডোবা সরু নদী। কখনও কখনও ছোট ছোট ঘরবাড়ি। এখানেই রয়েছে মোগল বাগান। কাছের ভৃঙ্গী নদীর জলধারা পাহাড় ভেঙে এখানে ঝর্ণা হয়েছে। আর এখানেই ১৬৪০ খ্রিস্টাব্দে শাহজাহান-কন্যা মোগল উদ্যান তৈরি করলেন যার সুন্দর সবুজ লনে কেয়ারি করা অজস্র রঙ-বেরঙের ফুলের মাধুর্য ছড়িয়ে আছে, স্বপ্নের মতো।
কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। জালালুদ্দিনের ঠিকানা খুঁজে বের করতেই হবে। জানতে হবে বামন দৌলত খাঁর ইতিহাস। এটা খুব সহজ কাজ নয়।
অনেক খোঁজাখুঁজির পর জালালুদ্দিনের সন্ধান পেলাম। এখানে ছোটো একটা সরাইখানা চালায়। যেমন লোক দেখানো রাজমিস্ত্রির কাজ ইদ্রিশের।
একটা ছোটো ঘরে বসে ছিল তিনজন। লম্বা-চওড়া চেহারা। চোয়াল শক্ত। চোখগুলো সাপের মতো। এরা যে শুধু পুরনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে তা নয়, বোধ হয় আরও কিছু ভয়ানক কাজটাজ করে।
চিঠিটা একজনের হাতে দিয়েই খামের ওপর নাম পড়ে সে আর একজনকে দিল। তার একটা চোখ কানা। সম্ভবত সেই জালালুদ্দিন, কেননা চিঠিটা সেই খুলে পড়ল।
চিঠিটা পড়ে সে প্রথমে একটু অবাক হয়ে আমার দিকে তাকাল। তারপর চিঠিটা অন্যদের হাতে দিল। চিঠিটা তিনজনেই পড়ল। এবার আমাদের কথাবার্তা শুরু হলো। ওরা উর্দু-হিন্দি মিশিয়ে কথা বলছিল। ভাঙা ভাঙা বাংলাও জানে। ওদের প্রশ্ন করার ভঙ্গি থেকে বুঝলাম, আমি যে কেতাব লেখার জন্যে দৌলত খাঁর ইতিহাস জানতে চাইছি তা ওরা বিশ্বাস করছে না। শুধু অবিশ্বাস করাই নয় আমি যে একটা প্রতারক এমন সন্দেহও করছিল। আমি ওদের বোঝাতে চাইলাম, চিঠিটি ইদ্রিশ আলি নিজে লিখেছে। হাতের লেখা মিলিয়ে দ্যাখো।
সে কথার উত্তরে একজন বলতে চাইল, চিঠিটা জাল হতে পারে।
বললাম, কিন্তু লাল ছাপটা?
ওটা ইদ্রিশের বলেই মনে হয়।
তা হলে?
ওরা কিছুক্ষণ চুপ করে রইল। সন্দেহ তবু ঘোচে না। আমাকে পুলিশের লোক ভেবেছে। আমি যে পুলিশের লোক নই তা প্রমাণ করতে না পারলে আমায় মরতে হবেই। আমি করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইলাম।
আচ্ছা ফকিরসাহেব, ইদ্রিশ কি আর কিছু বলেছে আপনাকে?
কই না তো। বলেছে এই চিঠিখানা দিলেই তুমি যা জানতে চাইছ তা জানতে পারবে।
ওদের একজন খেঁকিয়ে উঠে বলল, ব্যস। আর কিছু বলেনি?
