অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে তিলু ওকে সন্দের আগে নিজে গিয়ে ওদের বাড়ী রেখে এল। বলে এল, তার সঙ্গে নদীর ঘাটে নাইতে গিয়েছিল, এতক্ষণ তাদের বাড়ি বসেই গল্প করছিল। শাশুড়ি সন্দিগ্ধ সুরে বললেন–ওমা, আমরা দুদুবার নদীর ঘাটে খোঁজ নিয়ে এ্যালাম–এ পাড়ার সব বাড়ি খোঁজলাম…বৌ বটে বাবা বলিহারি! বেরিয়েছে তিন পহর বেলা থাকতি আর এখন সন্দের অন্ধকার হোলো, এখন ও এল। আর কি বলবো মা, ভাজা-ভাজা হয়ে গ্যালাম ও বৌ নিয়ে। আবার কথায় কথায় চোপা কি!
নিস্তারিণী সামান্য নিচু সুরে অথচ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বললে– হ্যাঁ, তোমরা সব গুণের গুণমণি কিনা? তোমাদের কোনো দোষ নেই.. থাকতি পারে না
–শুনলে তো মা, শুনলে নিজের কানে? কথা পড়তি তস্ সয় না, অমনি সঙ্গে সঙ্গে চোপা!
বৌ বললে–বেশ।
তিলু ধমক দিয়ে বললে–ও কি রে? ছিঃ-শাশুড়িকে অমন বলতি আছে?
সন্দের দেরি নেই। তিলু বাড়ী চলে গেল। বাঁশবনের তলায় অন্ধকার জমেচে, জোনাকি জ্বলচে কালকাসুন্দে গাছের ফাঁকে ফাঁকে।
এসে ভবানীকে বললে–দিন বদলে যাচ্চে, বুঝলেন? নিস্তারিণীর ব্যাপার দেখে বুঝলাম। কখনো শুনি নি ভদ্রঘরের বৌ বনের মধ্যে বসে পরপুরুষের সঙ্গে আলাপ করে। আমাদের যখন প্রথম বিয়ে। হোলো, আপনার সঙ্গে কথা কওয়ার নিয়ম ছিল না দিনমানে। এ গাঁয়ে এখনো তা নিয়ম নেই। অল্পবয়সী বৌরা দুপুররাত্তিরি সবাই ঘুমুলি তবে স্বামীর ঘরে যায়–এখনো।
ভবানী বাঁড়ুয্যে বললেন–আমি বলেছিলাম না তোমাকে, খোকা তার বৌ নিয়ে এই গাঁয়ের রাস্তায় দিনিমানে পাশাপাশি বেড়াবে
–ওমা, বল কি?
–ঠিক বলচি। সেদিন আসচে। তোমাদের ওই বৌটিকে দিয়েই দেখলে তো। দিনকাল বড় বদলাচ্চে।
.
প্রসন্ন চক্কত্তি আজকাল গয়ামেমের দেখা বড় একটা পায় না। মেমসাহেব চলে যাওয়ার পরে গয়া একরকম স্থায়ীভাবেই বড়সাহেবের বাংলোয় বাস করচে। যদি বা বাইরে আসে, পথেঘাটে দেখা মেলে কখনো-সখনো, আগের মতো যেন আর নেই। আবার কখনো কখনো আছেও। খামখেয়ালী গয়ামেমের কথা কিছু বলা যায় না। মন হোলো তো প্রসন্ন চক্কত্তির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্পই করলে! খেয়াল না হল, ভালো কথাই বললে না।
নীলকুঠির কাজ খুব মন্দা। নীলের চাষ ঠিকই হচ্ছে বা হয়ে এসেচেও এতদিন। প্রজারা ঠিক আগের মতোই মানে বড়সাহেবকে বা দেওয়ানকে। কিন্তু নীলের ব্যবসাতে মন্দা পড়েছে। মজুদ নীল বাইরের বাজারে আর তেমন কাটে না। দাম এত কম যে খরচ পোষায় না। আর-বছরের অনেক নীল গুদামে মজুদ রয়েছে কাটতির অভাবে। নীলকুঠির চাকরিতে আর আগের মতো জুত নেই, কিন্তু এরা এখন নতুন চাকরি পাবেই বা কোথায়। বড়সাহেব নীলকুঠি থেকে একটি লোককেও বরখাস্ত করে নি, মাইনেও ঠিক আগের মতো দিয়ে যাচ্ছে কিন্তু তেমন উপরি পাওনা নেই ততটা, হাঁকডাক কমে গিয়েচে, নীলকুঠির চাকরির সে জলুস অন্তর্হিতপ্রায়।
শ্রীরাম মুচি একদিন প্রসন্ন চক্কত্তিকে বললেও আমিনবাবু, আমার জমিটা আমাকে দিয়ে দিতি বলেন সায়েবকে।
-বলবো। সব চাকরদের জমি দিচ্চে নাকি?
–বড়সায়েব বলেচে, ভজা, নফর আর আমাকে জমি দিতি। আপনি। মেপে কুঠির খাসজমি থেকে তিন বিঘে করে জমি এক এক জনকে দিয়ে দেবেন।
–সায়েবের হুকুম পেলেই দেবো। আমরা পাবো না?
–আপনি বলে নিতি পারেন সায়েবকে। শুধু চাকর-বাকরকে দেবে বলেচে। আপনাদের দেবে না, গয়ামেমকে দেবে পনেরো বিঘে।
–অ্যাঁ, বলিস্ কি!
–সে পাবে না তো কি আপনি পাবা? সে হোলো পেয়ারের লোক সায়েবের।
ঠিক দুদিন পরে দেওয়ান হরকালী সুর পরোয়ানা পেলেন বড়সাহেবের–গয়ামেমের জমি আমিনকে দিয়ে মাপিয়ে দিতে। আমিনকে ডাকিয়ে বলে দিলেন। গয়ামেম নিজের চোখে গিয়ে জমি দেখে নেবে।
–কোন্ জমি থেকে দেওয়া হবে?
–বেলেডাঙার আঠারো নম্বর থাক নক্সা দেখুন। ধানী জমি কতটা আছে আগে ঠিক করুন।
–সেখানে মাত্র পাঁচ বিঘে ধানের জমি আছে দেওয়ানজি। আমি বলি ছুতোরঘাটার কোল থেকে নতিডাঙার কাঠের পুল পজ্জন্ত যে টুকরো আছে, শশী মুচির বাজেয়াপ্ত জমির দরুন–তাতে জলি ধান খুব ভালো হয়। সেটা ও যদি নেয়–
হরকালী সুর চোখ টিপে বললেন–আঃ, চুপ করুন!
–কেন বাবু?
–খাসির মাথার মতো জমি। সায়েব এর পরে খাবে কি? নীলকুঠি তো উঠে গেল। ও জমিতি ষোল মন আঠারো মন উড়ি ধানের ফলন। সায়েব খাসখামারে চাষ করবে এর পরে। গয়াকে দেবার দায় পড়েছে আমাদের। না হয়, এর পর আপনি আর আমি ও জমি রাখবো।
হায় মূর্খ বৈষয়িক হরকালী সুর, প্রণয়ের গতি কি করে বুঝবে। তুমি?
তার পরদিনই নিমগাছের তলায় দুপুরবেলায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রসন্ন চক্কত্তি গয়ামেমের সাক্ষাৎ পেলে। গয়া কোনো দিন সাহেবের বাংলোয় ভাত খায় না-খাওয়ার সময় নিজেদের বাড়িতে মায়ের কাছে গিয়ে খায়। আর একটা কথা, রাতে সে কখনো সাহেবের বাংলোয় কাটায় নি, বরদা নিজে আলো ধরে মেয়েকে বাড়ি নিয়ে যায়।
গয়া বললে–কি খুড়োমশাই, খবর কি?
–দেখাই তো আর পাইনে। ডুমুরের ফুল হয়ে গিয়ে।
গয়ামেম হেসে প্রসন্ন আমীনের খুব কাছে এসে দাঁড়িয়ে বললে– কেন এমন করে দাঁড়িয়ে আছেন এখেনে দুপুরের রদুরি?
–তোমার জন্যি।
–যান, আবার সব বাজে কথা খুড়োমশায়ের।
–পাঁচ দিন দেখি নি আজ।
