–তিনি কে?
–ভগবান।
–যজমান কে?
–যে তাঁকে ভক্তিপূর্বক উপাসনা করে।
–এখানে মনই যজমান, এরকম একটা কথা আগে আছে না?
–আছেই তো–ও কারা কথা বলচে? ঝোপের মধ্যে? দাঁড়াও দেখি–
–এগিয়ে যাবেন না। আগে দেখুন কি–আমিও যাবো?
ওরা গিয়ে দেখলে নিস্তারিণী আর গোবিন্দ ওদের দিকে পেছন ফিরে বসে একমনে আলাপে মত্ত–এবং দেখে মনে হচ্ছিল না যে ওরা উপনিষদ বা বেদান্তের আলোচনা করছিল নিভৃতে বসে। কারণ গোবিন্দ ডান হাতে নিস্তারিণীর নিবিড়কৃষ্ণ কেশপাশ মুঠি বেঁধে ধরেচে, বাঁ হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছিল। নিস্তারিণী ঘাড় ঈষৎ হেলিয়ে ওর মুখের দিকে হাসি-হাসি মুখে চোখ তুলে চেয়ে ছিল।
পেছনে পায়ের শব্দ শুনে নিস্তারিণী মুখ ফিরিয়ে ওদের দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। গোবিন্দ বনের মধ্যে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। ভবানী বাঁড়ুয্যে পিছু হঠে চলে এলেন। নিস্তারিণী অপরাধীর মতো মুখ নিচু করে রইল তিলুর সামনে। তিলু বনের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে–কে ওখানে চলে গেল রে? এখানে কি করচিস?
নিস্তারিণীর মুখ শুকিয়ে গিয়েচে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে কোনো উত্তর দিলে না।
–কে গেল রে? বল্ না?
–গোবিন্দ।
–তোর সঙ্গে কি?
–নিস্তারিণী নিরুত্তর।
–আর বাড়ি থেকে এতখানি এসে এই জঙ্গলের মধ্যি–বাঃ রে মেয়ে!
–আমার ভালো লাগে।
নিস্তারিণী অত্যন্ত মৃদুস্বরে উত্তর দিলে।
তিলু রাগের সুরে বললে–মেরে হাড় ভেঙ্গে দেবো, দুষ্ট মেয়ে কোথাকার! ভালো লাগাচ্চি তোমার! উনি এসেছেন নদীর ধারে এই বনের মধ্যি আধকোশ তফাৎ বাড়ি থেকে–কি, না ভালোলাগে আমার! সাপে খায় কি বাঘে খায়, তাঁর ঠিক নেই। ধিঙ্গি মেয়ে, বলতি লজ্জা করে না? যা–বাড়ি যা–
ভবানী বাঁড়ুয্যে তিলুর ক্রোধব্যঞ্জক স্বর শুনে দূর থেকে বললেন ওগো চলে এসো না
তিলু তার উত্তর দিলে–থামুন আপনি।
নিস্তারিণীর দিকে চেয়ে বললে–তোর একটু কাণ্ডজ্ঞান নেই, এখুনি যে গাঁয়ে টি-ঢি পড়ে যাবে! মুখ দেখাবি কেমন করে, ও পোড়ারমুখী?
নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো।
–আয় আমার সঙ্গে চল–পোড়ারমুখী কোথাকার! গুণ কত? সে মুক্তোটা আছে, না এর মধ্যি গোবিন্দকে দিয়েচিস?
–না। সেটা শাশুড়ির কাছে আছে।
–আয় আমার সঙ্গে। বিছুটির লতার মধ্যি এখানে বসে আছে দুজনে! তোর মতো এমন নির্বোধ মেয়ে আমি যদি দুটি দেখেচি– কুন্তীঠাকরুন যদি একবার টের পায়, তবে গাঁয়ে তোমারে তিষ্টুতে দেবে?
–না দেয়, ইছামতীর জল তো তার কেউ কেড়ে নেয় নি!
–আবার সব বাজে কথা বলে! মেরে হাড় ভেঙ্গে দেবো বলে দিচ্চি-মুখের ওপর আবার কথা? চল–ডুব দিয়ে নে নদীতে একটা। চল, আমি কাপড় দেবো এখন।
তিলু ওকে বাড়ি নিয়ে এসে ভিজে কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় পরালে। কিছু খাবার খেতে দিলে। ওকে কথঞ্চিৎ সুস্থ করে বললে– কতদিন থেকে ওর সঙ্গে দেখা করচিস?
–পাঁচ-ছমাস।
–কেউ টের পায় নি?
–নুকিয়ে ওই বনের মধ্যে ও আসে, আমিও আসি।
–বেশ কর! বলতি একটু মুখি বাধচে না ধিঙ্গি মেয়ের? আর দেখা করবি নে, বল?
-আর দেখা না করলি ও থাকতি পারবে না।
–ফের। তুই আর যাবি নে, বুঝলি?
হুঁ।
–কি হু? না যাবি নে?
নিস্তারিণী অন্যদিকে মুখ ফিরিয়ে ঘাড় দুলিয়ে বললে–গোবিন্দ আমাকে একটা জিনিস দিয়েছে
–কি জিনিস?
নিয়ে এসে দেখাবো? কানে পরে, তারে মাড়ি বলে–
–কোথায় আছে?
নিস্তারিণী ভয়ে ভয়ে বললে–আমার কাছেই আছে–আঁচলে বাঁধা আছে আমার ওই ভিজে শাড়ির। আজই দিয়েচে নতুন গয়না। ওরকম এ গাঁয়ে আর কারো নেই। কলকেতা শহরে নতুন উঠেচে। ও গড়িয়ে এনে দিয়েচে ওর মামাতো ভাই-কলকেতায় কোথায় যেন কাজ। করে।
নিস্তারিণী নিয়ে এসে দেখালে নতুন গয়না ভিজে কাপড়ের খুঁট থেকে খুলে এনে। তিলু উল্টেপাল্টে দেখে বললে–নতুন জিনিস, ভলো জিনিস। কিন্তু এ জিনিস নিতি পারবি নে–এ তোকে ফেরত দিতি হবে। ফেরত দিয়ে বলবি, আর কখনো দেখা হবে না। এবার আমি এ কথা চেপে দেবো। আর তো কেউ দেখে নি, আমরাই দেখেচি। কারুরি বলতি যাবো না আমরা। কিন্তু তোমারে এরকম মহাপাপ করতি দেবো না কিন্তু। স্বামীকে ভালো লাগে না তোমার? স্বামীর চোখে ধুলো দিয়ে
নিস্তারিণী মুখ নিচু করে বললে–সে আমায় ভালোবাসে না
–মেরে হাড় ভেঙ্গে দেবো। ভলোবাসবে কি করে? উনি এখানে ওখানে–
–তা না। আগে থেকেই। সে এ সব কিছু জানে না।
–স্বামীকে ফাঁকি দিয়ে এ সব করচি মনে মায়া হয় না?
–তুমি দিদি স্বামী পেয়েচ শিবির মতো। অমন শিবির মতো স্বামী আমরা পেলি আমরাও অমন কথা বলতাম। আহা–তিনি যে গুণবান! একখানা কাপড় চেয়েছিলাম বলে কি বকুনি, যেমন শাশুড়ির, তেমনি সেই গুণবানের। বাপের বাড়ির এক জোড়া গুজরীপঞ্চম ছিল, তা সেবার বাঁধা দিয়ে নালু পালের কাছ থেকে টাকা নিয়েছিল–আজও ফিরিয়ে আনার নাম নেই। এত বলি, কথা শোনে না। আনবে কোথা থেকি? ঐ তো সংসারের ছিরি! ধান এবার হয় নি, যা হয়েছিল তিনটে মাস টেনেটুনে চলেছিল। পেঁকিতে পাড় দিয়ে দিয়ে কোমরে বাত ধরবার মত হয়েচে। এত করেও মন পাবার জো নেই কারো। কেন আমি থাকবো অমন শ্বশুরবাড়ি, বলে দাও তো দিদি।
সুন্দরী বিদ্রোহিনীর মুখ রাঙা হয়ে উঠেছে। মুখে একটি অদ্ভুত গর্ব ও যৌবনের দীপ্তি, নিবিড় কেশপাশ পিঠের ওপর ছড়িয়ে আছে সারা পিঠ জুড়ে। বড় মায়া হোলো এই অসমসাহসী বধূটির ওপর তিলুর। গ্রামে কি হুলুস্থুল পড়ে যাবে জানাজানি হয়ে গেলে এ কথা…তা এ কিছুই জানে না।
