শেষোক্ত দলের একজন হচ্ছে শিপটন সাহেব। ডেভিড সাহেব চলে গিয়েছিল স্ত্রীপুত্র নিয়ে, কিন্তু শিপটন ছাড়বার পাত্র নয়–হরকালী সুরের সাহায্য নিয়ে মিঃ শিপটন কুঠি চালাতে লাগলো আগেকার মতো। পুরাতন কর্মচারীরা সবাই আগের মতো কাজ চালাতে লাগলো।
নীলকর সাহেবদের বিষদাঁত ভেঙ্গে গিয়েচে আজকাল। আশপাশে কোনো নীলকুঠিতে আর সাহেব নেই, কুঠি বিক্রি করে চলে গিয়েচে। দুএকটা কুঠিতে সাহেব আছে, কিন্তু তারা নীলচাষ করে সামান্য, জমিদারি আছে–তাই চালায়।
এই পল্লীর নিভৃত অন্তরালে পুরোনো সাহেব শিপটন পূর্ববৎ দাপটেই কিন্তু কাজ চালাচ্ছিল, ওকে আগের মতো ভয়ও করে অনেকে। নীলবিদ্রোহের উত্তেজনা থেমে যাবার পরে সাহেবের প্রতি ভয়-ভক্তি আবার ফিরে এসেছিল। হরকালী সুরও গোঁফে চাড়া দিয়েই বেড়ায়। সাহেব টমটম হাঁকিয়ে গেলে এখনো লোক সম্ভ্রমের চোখে চেয়ে দেখে। একদিন শিপটন তাকে ডেকে বললে–ডেওয়ান, এবার ডুর্গা পূজা কবে হইবে?
হরকালী সুর বললেন–আশ্বিন মাসের দিকে, হুজুর।
–এ কুঠিতে পূজা করো
–খুব ভালো কথা হুজুর। বলেন তো সব ব্যবস্থা করি—
–যা টাকা খরচ হইবে, আমি দিবে। কবির গান দিটে হইবে।
আজ্ঞে গোবিন্দ অধিকারীর ভালো যাত্রার দল বায়না করে আসি হুকুম করুন।
-সে কি আছে?
–যাত্রা, হুজুর। সেজে এসে, এই ধরুন রাম, সীতা, রাবণ
–oh, I understand, like a theatre. বেশ টুমি ঠিক কর– আমি টাকা দিবে।
–কোথায় হবে?
–হলঘরে হইটে পারে।
–না হুজুর, বড় মাঠে পাল টাঙিয়ে আসর করতে হবে। গোবিন্দ অধিকারীর দল, অনেক লোক হবে।
–টুমি লইয়া আসিবে।
সেবার পূজার সময় এক কাণ্ডই হল গ্রামে। নীলকুঠিতে প্রকাণ্ড বড় দুর্গাপ্রতিমা গড়া হল। মনসাপোতার বিশ্বম্ভর ঢুলি এসে তিনদিন বাজালে। গোবিন্দ অধিকারীর যাত্রা শুনতে সতেরোখানা গাঁয়ের লোক ভেঙ্গে পড়লো।
তিলু স্বামীকে বললে–শুনুন, নিলু যাত্রা দেখতে যাবে বলচে কুঠিতি।
–সেটা কি ভালো দেখায়? মেয়েদের বসবার জায়গা হয়েচে কি না–গাঁয়ের আর কেউ যাবে?
–নিস্তারিণী যাবে বলছিল। নালু পালের বৌ তুলসী যাবে ছেলেমেয়ে নিয়ে–
–তারা বড়লোক, তাদের কথা ছেড়ে দাও। নালু পালের অবস্থা আজকাল গ্রামের মধ্যে সেরা। তারা কিসে যাবে?
–বোধ হয় পালকিতি। ওর বড় পালকি, নিলু ওতে যেতে পারে।
–গোরুর গাড়ি করে দেবো এখন। তুমিও যেও।
–আমি আর যাবো না
–না কেন, যদি সবাই যায়, তুমিও যাবে।
খোকার ভারি আনন্দ অত বড় ঠাকুর দেখে, অমন সুন্দর যাত্রা দেখে। গাঁয়ের মেয়েরা কেউ যাবার অনুমতি পায় নি সমাজপতি চন্দ্র চাটুয্যের ছেলে কৈলাস চাটুয্যের।
.
হেমন্তের প্রথমে একদিন বিকালে শিপটন সাহেব ডাকালে হরকালী সুরকে। বললে–ডেওয়াল গোলমাল হইলো–
–কি সায়েব?
–এবার নীলকুঠি উঠিলো–
–কেন হুজুর? আবার কোনো গোলমাল
–কিছু না। সে গোলমাল আছে না, এ অন্য গোলমাল আছে! এক ডেশ আছে জার্মানি টুমি জানে? ও ডেশ হইটে নীল রং ইণ্ডিয়ায় আসিলো, সব দেশে বিক্রয় হইলো।
–সে দেশে কি নীলের চাষ হচ্ছে, হুজুর?
–সে কেন? টুমি বুঝিলে না। কেমিক্যাল নীল হইটেছে–আসল নীল নয়, নকল নীল। গাছ হইটে নয়–অন্য উপায়ে by synthetic process–টুমি বুঝিবে না।
–ভালো নীল?
–চমকার! আমি সেইজন্যই টোমাকে ডাকাইলাম–এই ডেখো—
হরকালী সুরের সামনে শিপটন একটা নীলরঙের বড়ি রেখে দিলে। অভিজ্ঞ হরকালী সেটা নেড়েচেড়ে দেখে সেটার রং পরীক্ষা করে অবাক হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বললে না।
–ডেখিলে–
–হাঁ সাহেব।
–এ রং চলিলে আমাদের নীল রং কেন লোক কিনিবে?
–এর দাম কত?
শিপটন হেসে বললে–টাহা আগে জিজ্ঞাসা করিলে না কেন? আমি ভাবিটেছি দেওয়ানে মাথা খারাপ হইলো? কত হইটে পারে?
–চার টাকা পাউণ্ড।
–এক টাকা পাউণ্ড, জোর ডেড় টাকা পাউণ্ড। হোলসেল হান্ড্রেড ওয়েট নাইনটি রুপিজ-নব্বই টাকা। আমাদের ব্যবসা একডম gone west–মাটি হইলো। মারা যাইলো।
হরকালী সুর এ ব্যাপারে অনেকদিন লিপ্ত আছে। নীল সংক্রান্ত কাজে বিষম ঘুণ। সে বুঝেসুঝে চুপ করে গেল। সে কি বলবে? সে ভবিষ্যতের ছবি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে।
চাষের নীল বাজারে আর চলবে না। খরচ না পোষালে নীলচাষ অচল ও বাতিল হয়ে যাবে। সে ভাবলে–এবার ঘুনি ডাঙায় উঠে যাবে। সায়েবের!
সেদিন হেমন্ত অপরাহে বড়সাহেব জেকি শিপট সুন্দর ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছিল। রামগোপাল ঘোষের বক্তৃতা, হরিশ মুখুয্যের হিন্দু পেট্রিয়ট কাগজ, পাদ্রি লংয়ের আন্দোলন (দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এ সময়ের পরের ব্যাপার), নদীয়া যশোরের প্রজাবিদ্রোহ, সার উইলিয়ম গ্রের গুপ্ত রিপোর্ট যে কাজ হাসিল করতে পারে নি, জার্মানি থেকে আগত কৃত্রিম নীলবড়ি অতি অল্প দিনের মধ্যেই তা বাস্তবে পরিণত করলে। কয়েক বছরের মধ্যে নীলচাষ একদম বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।
শিপটন সাহেবের মেম বিলাতে গিয়ে মারা গিয়েছিল। একটিমাত্র। মেয়ে, সে সেখানেই তার ঠাকুরদাদার বাড়ি থাকে। শিপটন্ সাহেব এ দেশ ছেড়ে কোথাও যেতে চাইলে না।
একদিন নীলকুঠির বড় বারান্দার পাশে ছোট ঘরটাতে শুয়ে শুয়ে ইণ্ডিয়ান কৰ্ক গাছের সুগন্ধি শ্বেত পুষ্পগুচ্ছের দিকে চেয়ে সে পুরোনো দিনের কথা ভাবছিল। অন্য দিনের কথা।
