তিন দিন পরে বড়সাহেবের মেম নীলকুঠির কাছ থেকে বিদায় নিয়ে কুলতলার ঘাটে বজরায় চাপলো। সঙ্গে দশজন পাইকসহ করিম লাঠিয়াল, নিজে হরকালী সুর পৃথক নৌকায় বজরার পেছনে।
পুরোনো কর্মচারীদের মধ্যে প্রসন্ন চক্রবর্তী আমিন হাতজোড় করে গিয়ে দাঁড়িয়ে বললে–মা, জগদ্ধাত্রী মা আমার! আপনি চলে যাচ্চেন, নীলকুঠি আজ অন্ধকার হয়ে গেল।…
প্রসন্ন আমিন হাউ হাউ করে কেঁদে ফেললে।
মেমসাহেব বললে–Dont you cry my good man-আমিনবাবু, কাঁদিও না–কেন কাঁদে?
–মা, আমার অবস্থা কি করে গেলে? আমার গতি কি হবে মা? কার কাছে দুঃখ জানাবো, জগদ্ধাত্রী মা আমার
চতুর হরকালী সুর অন্য দিকে মুখ ফিরিয়ে হাসি চেপে রাখলে।
মেমসাহেব দ্বিরুক্তি না করে নিজের গলা থেকে সরু হারছড়াটা খুলে প্রসন্ন আমিনের দিকে ছুঁড়ে ফেলে দিলে।
প্রসন্ন শশব্যস্ত হয়ে সেটা লুফে নিলে দুহাতে।
সকলে অবাক। হরকালী সুর স্তম্ভিত। করিম লেঠেল হাঁ করে রইল।
বজরা ঘাট ছেড়ে চলে গেল।
প্রসন্ন আমিন অনেকক্ষণ বজরার দিকে চেয়ে চেয়ে ঘাটে দাঁড়িয়ে রইল, তারপর উড়ানির খুঁটে চোখের জল মুছে ধীরে ধীরে ঘাটের ওপরে উঠে চলে গেল।
.
বড়সাহেবের মেম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলকুঠির লক্ষ্মী চলে গেল।
.
গয়ামেম হাসতে হাসতে বললে–কেমন খুড়োমশাই? আদ্দেক ভাগ কিন্তু দিতি হবে–
দুপুরবেলা। নীল আকাশের তলায় উঁচু গাছে গাছে বহু ঘুঘুর ডাকে মধ্যাহ্নের নিস্তব্ধতা ঘনতর করে তুলেচে। শামলতার সুগন্ধি ফুল ফুটেছে অদূরবর্তী ঝোপে। পথের ধারে বটতলায় দুজনের দেখা। দেখাটা খুব আকস্মিক নয়, প্রসন্ন চত্তি অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছিল। সে হেসে বললে–নিও, তোমার জন্যেই তো হোলো–
-কেমন, বলেছিলাম না?
–তুমিই নাও ওটা। তোমারেই দেবো
–পাগল! আমারে অত বোকা পালেন? সায়েব-সুবোর জিনিস আমি ব্যাভার করতি গেলে কি বলবে সবাই? ওতে আমি হাত দিই কখনো?
–তোমারে বড় ভালো লাগে গয়া
–বেশ তো।
–তোমারে দেখলি এত আনন্দ পাই—
–এইসব কথা বলবার জন্যি বুঝি এখানে দাঁড়িয়ে ছেলেন?
–তা—তা–
–বেশ, চললাম এখন। শুনুন আর একটা কথা বলি। আপনি অন্য জায়গায় চাকরির চেষ্টা করুন–
–সে আমি সব বুঝি। এদের দাপট কমেছে তা আমি দেখতে পাচ্চিনে, এত বোকা নই। শুধু তোমারে ফেলে কোনো জায়গায় যেতি মন সরে না–
–আবার ওইসব কথা!
–চলো না কেন আমার সঙ্গে?
–কনে?
-চলো যেদিকি চোখ যায়—
গয়া খিলখিল করে হেসে বললে–এইবার তাহলি ষোলকলা পুন্ন হয়। যাই এবার আপনার সঙ্গে যেদিকি দুই চোখ যায়–
প্রসন্ন চক্কত্তি ভাব বুঝতে না পেরে চুপ করে রইল। গয়া হাসিমুখে বললে–কথা বলছেন না যে? ও খুড়োমশাই!
–কি বলবো? তোমার সঙ্গে কথা বলতি সাহস হয় না যে।
–খুব সাহস দেখিয়েছেন, আর সাহসে দরকার নেই। আপনাকে একটা কথা বলি। মারে ফেলে কনে যাবো বলুন। এতদিনে যাদের নুন খেলাম, তাদের ফেলে কোথায় যাবো? ওরা এতদিন আমারে খাইয়েচে, যত্ন-আত্যি কম করে নি–ওদের ফেলে গেলি ধম্মে সইবে না। আপনি চলে যান–ভাত খাচ্চেন কনে আজকাল? বেঁধে দিচ্চে কেডা?
প্রসন্ন চক্কত্তি কথার উত্তর দিতে পারে না। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। এসব কি ধরনের কথা? কেউ তাকে এমন ধরনের কথা বলেচে কখনো?…আবার সেই আনন্দের শিহরণ নেমেছে ওর সর্বাঙ্গে। কি অপূর্ব অনুভূতি। গা ঝিমঝিম করে ওঠে যেন। চোখে জল এসে পড়ে। অন্যমনস্কভাবে বলে–ভাত? ভাত রান্না…ও ধরো.. না, নিজেই রাঁধি আজকাল।
–একবার দেখতি ইচ্ছে হয় কি রকম রাঁধেন
–প্রসাদ পাবা?
–সে আপনার দয়া। কি রান্না করবেন?
–বেগুন ভাতে, মুগির ডাল। খয়রা মাছ যদি খোলার গাঙে পাই তবে ভাজবো
–আপনি সত্যি সত্যি এত বেলায় এখনো খান নি?
–না। তোমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কুঠি থেকে কখন বেরুবে তাই দাঁড়িয়ে আছি
গয়া রাগের সুরে বললে–ওমা এমন কথা আমি কখনো শুনি নি। সে কি কথা! আমি কি আপনার পায়ে মাথা কুটবো? এখুনি চলে যান। বাড়ি। কোনো কথা শুনচিনে। যান–
–এই যাচ্চি–তা–
–কথাটথা কিছু হবে না। চলে যান আপনি
গয়া চলে যেতে উদ্যত হলে প্রসন্ন চকত্তি ওর কাছ ঘেঁষে (যতটা সাহস হয়, বেশি কাছে যেতে সাহসে কুলোয় কৈ?) গিয়ে বললে– তুমি রাগ করলে না তো? বল গয়া
–না, রাগ করলাম না, গা জুড়িয়ে জল হয়ে গেল–এমন বোকামি কেন করেন আপনি..যান এখন–
–রাগ কোরো না গয়া, তুমি রাগ করলি আমি বাঁচবো না।
ওর কণ্ঠে মিনতির সুর।
.
ভবানী বাঁড়ুয্যে বিকেলে বেড়াতে বেরুবেন, খোকা কাঁদতে আরম্ভ করলে–বাবা, যাবো
তিলু ধমক দিয়ে বললে–না, থাকো আমার কাছে।
খোকা হাত বাড়িয়ে বললে–বাবা যাবো
ভবানী বাঁড়ুয্যের ছাতি দেখিয়ে বলে–কে ছাতি?
অর্থাৎ কার ছাতি?
ভবানী বললেন–আমার ছাতি। চল, আবার বিষ্টি হবে—
খোকা বললে–বিষ্টি হবে।
–হাঁ, হবেই তো।
ভবানীর কোলে উঠে খোকা যখন যায়, তখন তার মুখের হাসি দেখে ভাবেন এর সঙ্গ সত্যই সৎসঙ্গ। খোকাও তাঁকে একদণ্ড ছাড়তে চায় না। বাপছেলের সম্বন্ধের গভীর রসের দিক ভবানীর চোখে কি স্পষ্ট হয়েই ফুটলো!
কোলে উঠে যেতে যেতে খোকা হাসে আর বলে–কাণ্ড! কাণ্ড!
এ কথার বিশেষ কি অর্থ সে-ই জানে। বোধ হয় এই বলতে চায় যে কি মজার ব্যাপারই না হয়েচে। ভবানী জানেন খোকা মাঝে মাঝে দুই হাত ছড়িয়ে বলে–কাণ্ড!
