রামকানাই দুঃখিত সুরে বললেন–না মা, ওসব কথা বলতি নেই। আমি তুচ্ছ লোক। আচ্ছা একটু ওষুধ তোমারে দিই। আদার রস আর মধু দিয়ি মেড়ি খাবা।
–আচ্ছা, বাবা
–কি?
–সব লোক আপনার মতো হয় না কেন? লোকে এত দুষ্টু বদমাইশ হয় কেন?
–আমিও ওই দলের। আমি কি করে দলছাড়া হলাম? এ গাঁয়ে একজন ভালো লোক আছে, দেওয়ানজির জামাই ভবানী বাঁড়ুয্যে। মিথ্যা কথা বলে না, গরিবের উপকার করে, লক্ষ্মীর সংসার, ভগবানের কথা নিয়ে আছে।
–আমি দেখিচি দূর থেকি। কাছে যেতি সাহসে কুলোয় না–সত্যি কথা বলচি আপনার কাছে। আমাদের জমো মিথ্যে গেল। জানেন তো সবি জ্যাঠামশাই
–তাঁকে ডাকো। তাঁর কৃপা হোলি সবই হয়। তুমি তো তুমি, কত বড় বড় পাপী তরে গেল।
-জ্যাঠাইমশাই, এক এক সময়ে মনে বড় খেদ হয়। ইচ্ছে হয় সব ছেড়ে-ছুঁড়ে বেরিয়ে যাই–মার জন্যি পারি নে। মা-ই আমাকে নষ্ট করলে। মা আজ মরে গেলি আমি একদিকে গিয়ে বেরোতাম, সত্যি বলচি, এক এক সময় হয় এমনি মনটা জ্যাঠামশাই–
রামকানাই চুপ করে রইলেন। তাঁর মন সায় দিল না এ সময়ে কোনো কথা বলতে।
গয়া বললে–কলা নেবেন?
–দিয়ে যাও। ওষুধটা দিয়ে দিই মা, দাঁড়াও। মধু আছে তো? না থাকে আমার কাছে আছে, দিচ্ছি–
গয়া প্রণাম করে চলে গেল ওষুধ নিয়ে। পথে যেতে যেতে প্রসন্ন চক্কত্তির সঙ্গে হঠাৎ দেখা। গয়ার আসবার পথে সে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে।
-এই যে গয়া, কোথায় গিয়েছিলে? হাতে কি?
–ওষুধ খুড়োমশাই। এখানে দাঁড়িয়ে?
–ভাবচি তুমি তো এ পথ দিয়ে আসবে!
–আপনি এমন আর করবেন না–সরে যান পথের ওপর থেকে
–কেন, আমার ওপর বিরূপ কেন? কি হয়েচে?
–বিরূপ-সরূপের কথা না। আপনি সরুন তো–আমি যাই–
গয়া হনহন করে পাশ কাটিয়ে চলে গেল। প্রসন্ন চক্কত্তি তেমন সাহস সঞ্চয় করতে পারলে না যে পেছন থেকে ডাকে। ফিরেও চাইলে না গয়া।
নাঃ, মেয়েমানুষের মতির যদি কিছু—
.
নীলবিদ্রোহ আরম্ভ হয়ে গেল সারা যশোর ও নদীয়া জেলায়। কাছারিতে সে খবরটা নিয়ে এল নতুন দেওয়ান হরকালী সুর।
শিপটন সাহেব কুঠির পশ্চিম দিকের বারান্দায় বসে বন্দুকের নল পরিষ্কার করছিল। হরকালী সুর সেলাম করে বললে-তেরোখানা গাঁয়ের প্রজা ক্ষেপেছে সায়েব। ছোটলাট আসচেন এই সব জায়গা দেখতে। প্রজারা তাঁর কাছে সব বলবে—
শিপটন মাথা নাড়া দিয়ে বললে–Hear me, দেওয়ান! প্রজাশাসন। কি করিয়া করিটে হয় টাহা আমি জানে! আগের দেওয়ানকে যাহারা খুন করিয়াছিল, টাহাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিয়াছি–these people want a revolt-do they? সব নীলকুঠির সাহেব লোক মিলিয়া সভা হইয়াছিল, টুমি জানে?
–জানি হুজুর। তখন আমি রণবিজয়পুরের কুঠিতে—
–ও, that রণবিজয়পুর! যেখানে জেফ্রিস সাহেব খুন হইলো?
–খুন হন নি হুজুর। মদ খেয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন–
–ওসব নেটিভ আমলাদের কারসাজি আছে। It was a polt against his life আমি সব জানে। কে ম্যানেজার ছিল? রবিনসন?
–আজ্ঞে হুজুর।
–এখন কান পাতিয়া শোনো, I want a very intrepid দেওয়ান, যেমন রাজারাম ছিলো। But
নিজের মাথায় হাত দিয়ে দেখিয়ে বললে–He was not a brainy chap-something wrong with his think-box-in 1966 না! সাবধান হইয়া চলিটে জানিট না, সেজন্যে মরিলো। বর্তৃক দেখিলে?
–হাঁ হুজুর।
–সাতটা নতুন গান আসিয়াছে। আমার নাম শিপটন আছে–কি করিয়া শাসন করিটে হয় টাহা জানে–I will shoot them like pigs.
–হুজুর!
–আমাদের সভাতে ঠিক হইয়াছে, আমরা হঠিব না। গভর্নমেন্টের কঠা শুনিব না। প্রয়োজন বুঝিলে খুন করিবে। মেমসাহেবদের এখানে রাখা হইবে না–আমি মেমসাহেবকে পাঠাইয়া ডিটেছি–
–কবে হুজুর?
–Monday next. by boat from here to মঙ্গলগঞ্জ। সোমবারে। নৌকা করিয়া যাইবেন, নৌকা ঠিক রাখিবে।
–যে আজ্ঞে হুজুর। সব ঠিক থাকবে–সঙ্গে কে যাবে হুজুর?
–কি প্রয়োজন?–I dont think that is necessary
দেওয়ান হরকালী সুর ঘুঘু লোক। অনেক কিছু ভেতরের খবর সে জানে। কিন্তু কতটা বলা উচিত কতটা উচিত নয়, তা এখনো বুঝে উঠতে পারে নি। মাথা চুলকে বললে–হুজুর, সঙ্গে আপনি গেলে ভালো হয়–
শিপটন ভুরু কুঁচকে বললে-she can take care of herself তিনি নিজেকে রক্ষা করিটে জানেন। আমার যাইটে হইবে না–টুমি সব ঠিক কর।
–হুজুর, করিম লাঠিয়ালকে সঙ্গে দিতে চাই
–what? Is it as worse as that? কিছু ডরকার নাই। টুমি যাও। অত ভয় করিলে নীলকুঠি চালাইটে জানিবে না। ঠিক আছে।
–যে আজ্ঞে হুজুর
–একটা কঠা শুনিয়া যাও। Are you sure theres as much as that? খবর লইয়া কি জানিলে?
–সাহস দেন তো বলি হুজুর–মেমসাহেবের সঙ্গে করিম লাঠিয়াল আর পাইক যেন যায়। ষড়যন্ত্র অনেক দূর গড়িয়েচে
সাহেব শিস্ দিতে দিতে বললেও, this I never imagined possible! It will make me feel different–ইহা বিশ্বাস করা শট। আচ্ছা, টুমি যাও। Leave everything to me–আমি যা-যা করিটে হইবে, সব করা হইবে, বুঝিলো?
হরকালী সুর বহুদিন বহু সাহেব ঘেঁটে এসেচে, উলটো-পালটা ভুল বাংলা আন্দাজে বুঝে বুঝে ঘুণ হয়ে গিয়েচে।
বললে–একটা কথা বলি হুজুর। আমার বন্দোবস্ত আমি করি, আপনার বন্দোবস্ত আপনি করুন। সেলাম হুজুর
