কাণ্ড মানে তিনিও ঠিক জানেন না, তবে উল্লাসের অভিব্যক্তি এটুকু বোঝেন। কৌতুকের সুরে ভবানী বললেন–কিসের কাণ্ড রে খোকা?
–কাণ্ড! কাণ্ড!
–কোথায় যাচ্ছিস রে খোকা?
–মুকি আনতে!
-মুড়কি খাবে বাবা?
–হুঁ।
–চল কিনে দেবো।
ইছামতী নদী বর্ষার জলে কূলে-কূলে ভর্তি। খোকাকে নিয়ে গিয়ে একটা নৌকোর ওপর বসলেন ভবানী। দুই তীরে ঘন সবুজ বনঝোপ, লতা দুলচে জলের ওপর, বাবলার সোনালি ফুল ফুটেছে তীরবর্তী বাবলাগাছের নত শাখায়। ওপার থেকে নীল নীরদমালা ভেসে আসে, হলদে বসন্তবৌরি এসে বসে সবুজ বননিকুঞ্জের ও ডাল থেকে ও ডালে।…
ভবানী বাঁড়ুয্যে মুগ্ধ হয়ে ভাবেন, কোন মহাশিল্পীর সৃষ্টি এই অপরূপ শিল্প! এই শিশুও তার অন্তর্গত। এই বিপুল কাকলিপূর্ণ অপরাহ্নে, নদীজলের স্নিগ্ধতায় শ্রীভগবান বিরাজ করচেন জলে, স্থলে, ঊর্ধ্বে, অধেঃ, দক্ষিণে, উত্তরে, পশ্চিমে, পুবে। যেখানে তিনি, সেখানে এমন সুন্দর শিশু অনাবিল হাসি হাসে, অমন সুন্দর বসন্তবৌরি পাখির হলুদ রঙের দেহের ঝলক ফুটে ওঠে। ঘন বনের ফাঁকে ফাঁকে বনকলমি ফুল ওইরকম ফোটে জলের ধারে ঝোপে ঝোপে। তাঁর বাইরে কি আছে? জয় হোক তার।
খোকা হাত ছাড়িয়ে বলে–কি জল! কি জল!
এগুলো সে সম্প্রতি কোথা থেকে যেন শিখেছে–সর্বদা প্রয়োগ। করে।
ভবানী বললেন–খোকা, নদী বেশ ভালো?
খোকা ঘাড় নেড়ে বললে–ভালো।
–বাড়ি যাবি?
হুঁ।
-তবে যে বললি ভালো?
–মার কাছে যাবো…
অন্ধকার বাঁশবনের পথে ফিরতে খোকার বড় ভয় হয়। দুবছরের শিশু, কিছু ভালো বুঝতে পারে না…সামনের বাঁশঝাড়টার ঘন অন্ধকারের দিকে তাকিয়ে তার হঠাৎ বড় ভয় হয়। বাবাকে ভয়ে জড়িয়ে ধরে বলে–বাবা ভয় করচে, ওতা কি?
–কই কি, কিছু না!
খোকা প্রাণপণে বাবার গলা জড়িয়ে থাকে। তাকে ভয় ভুলিয়ে দেবার জন্যে ভবানী বাঁড়ুয্যে বললেন–এগুলো কি দুলচে বনে?
খোকা চোখ খুলে চাইলে, এতক্ষণ চোখ বুজিয়ে রেখেছিল ভয়ে। চেয়ে দেখে বললে–জোনা পোকা।
ভবানী বললেন–কি পোকা বললি? চেয়ে দেখে বল–
–জোনা পোকা।
–মাকে গিয়ে বলবি?
–হুঁ।
–কোন্ মাকে বলবি?
তিলুকে।
–কেন নিলুকে না?
হুঁ।
–আর এক মায়ের নাম কি?
–তিলু।
–তিলু তো হোলো, আর?
–নিলু।
–আর একজন?
মা।
–আর এক মায়ের নাম বল—
–তিলু মা–
–দুর, তুই বুঝতে পারলি নে, তিলু মা হোলো, নিলু মা হোলো– আর একজন কে?
–বিলু।
–ঠিক।
এখনো সামনে অগাধ বাঁশবনের মহাসমুদ্র। বড়ড় অন্ধকার হয়ে এসেছে, আলোর ফুলের মতো জোনাকি পোকা ফুটে উঠচে ঘন অন্ধকারে এ বনে ও বনে, এ ঝোপে ও ঝোপে। একটা পাখি কুস্বরে ডাকচে জিউলি গাছটায়। বনের মধ্যে ধূপ করে একটা শব্দ হল, একটা পাকা তাল পড়লো বোধ হয়। ঝিঁঝি ডাকচে নাটাকাঁটার বনে।
খোকা আবার ভয়ে চুপ করে আছে।…
এমন সময় কোথায় দূরে সন্ধ্যার শাঁখ বেজে উঠলো। খোকা চোখ ভালো করে না চেয়ে দেখেই বললে–দুগগা দুগগা–নম নম– ওর মায়েদের দেখাদেখি ও শিখেচে; একটুখানি চেয়ে দেখলে চারিদিকের অন্ধকার নিবিড়তর হয়েচে। ভয়ের সুরে বললেও ভবানী
–কি বাবা?
–মার কাছে যাবো–ভয় করবে।
–চলো যাচ্চি তো
–ভবানী–
–কি?
–ভয়!
-কিসের ভয়? কোনো ভয় নেই।
এই সময়ে কোথায় আবার শাঁখ বেজে উঠলো। খোকা অভ্যাসমতো তাড়াতাড়ি দুহাত জোড় করে কপালে ঠেকিয়ে বললে–দুগা দুগগা, নম নম।
ভবানী হেসে বললেন–দ্যাখো বাবা, এবার দুর্গানামে যদি ভয় কাটে..
সত্যি দুর্গানামে ভয় কেটে গেল। বনবাদাড় ছাড়িয়ে পড়া আরম্ভ হয়ে গেল। ঘরে-ঘরে প্রদীপ জ্বলচে, গোয়ালে-গোয়ালে সাঁজাল দিয়েছে, সাঁজালের ধোঁয়া উঠচে চালকুমড়োর লতাপাতা ভেদ করে, ঝিঙের ফুল ফুটেচে বেড়ায় বেড়ায়।
ভবানী বললেন–ওই দ্যাখো আমাদের বাড়ি
ঠিক সেই সময় আকাশের ঘন মেঘপুঞ্জ থেকে বৃষ্টি পড়তে শুরু করলে। ঠাণ্ডা বাতাস বইলো। নিলু ছুটে এসে খোকাকে কোলে নিলে।
–ও আমার সোনা, ও আমার মানিক, কোথায় গিইছিলি রে? বৃষ্টিতে ভিজে–আচ্ছা আপনার কি কাণ্ড, এই ভরা সন্দে মাথায় মেঘে অন্ধকার বনবাদাড় দিয়ে ছেলেটাকে কি বলে নিয়ে এলেন? অমন আসতি আছে? তার ওপর আজ শনিবার
খোকা খুব খুশি হয়ে মায়ের কোলে গেল একগাল হেসে।
তারপর দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে বিস্ময়ের সুরে বললে–কাণ্ড! কাণ্ড!
আজ বিলুর পালা। রাত অনেক হয়েচে। তিলু লালপাড় শাড়ি পরে পান সেজে দিয়ে গেল ভবানীকে। বললে–শিওরের জানালা বন্ধ করে দিয়ে যাবো? বড় হাওয়া দিচ্ছে বাদলার–
–তুমি আজ আসবে না?
–না, আজ বিলু থাকবে।
–খোকা?
–আমার কাছে থাকবে।
ভবানীর মন খারাপ হয়ে গেল। তিলুর পালার দিনে খোকা এ ঘরেই থাকে, আজ তাকে দেখতে পাবেন না–ঘুমের ঘোরে সে তাঁর দিকে সরে এসে হাত কি পা দুখানা ওঁর গায়ে তুলে দিয়ে ছোট্ট সুন্দর মুখোনি উঁচু করে ঈষৎ হাঁ করে ঘুমোয়। কি চমৎকার যে দেখায়!
আবার ভাবেন, কি অদ্ভুত শিল্প! ভগবানের অদ্ভুত শিল্প!
বিলু পান খেয়ে ঠোঁট রাঙা করে এসে বিছানার একপাশে বসলো। হাতে পানের ডিবে।
ভবানী বললেন–এসো বিলুমণি, এসো—
বিলুর মুখ যেন ঈষৎ বিষণ্ণ। বললে–আমারে তো আপনি চান না!
–চাই নে?
–চান না, সে আমি জানি। আপনি এখুনি দিদির কথা ভাবছিলেন।
–ভুল। খোকনের কথা ভাবছিলাম।
–খোকনকে নিয়ে আসবো?
–না। তোমার কাছে সে রাতে থাকতে পারবে?
–দাঁড়ান, নিয়ে আসি। খুব থাকতি পারবে।
