সার্টেনলি–বলুন—
দেখুন, প্রথম প্রথম রক্তারক্তি আমি চাই না। তবে প্রয়োজন হলে–আমিও ফার্স্ট গ্রেট ওয়ার-ফেরত লোক। ইফ নেসেসিটি কমপেলস–তা হলে এই পাহাড়ীদের দাঁড় করিয়ে ওদের ওপর আমি বেয়োনেট প্র্যাকটিশ করাব। পুলিশ সুপার মিস্টার বসওয়েল প্রথম মহাযুদ্ধ ফেরত ক্যাপ্টেন। মেসোপটেমিয়া আর পানামা ক্যানেলের ওপর অজস্র রক্ত ঝরতে দেখেছে। অন্তত মানুষের প্রাণের জন্য তার মনের কোথায়ও একবিন্দু করুণা কি স্নেহ আছে, এমন একটা অপবাদ কেউ দিতে পারবে না। মানুষের রক্তে রক্তে, মেশিনগান আর অ্যান্টি-এয়ারক্রাফট গানের গর্জনে প্রথম মহাযুদ্ধ তার মন থেকে স্নেহ মমতা ভালোবাসা দয়া প্রীতি নামে ললিত বৃত্তিগুলিকে বাষ্পের মতো উড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে একটা রাক্ষসের মতো দেখাচ্ছে বসওয়েলকে। তার মুখখানা ঝুঁকে পড়ল পাদ্রী ম্যাকেঞ্জির কানে, আই অ্যাডমিট ফাদার। ওই হাফ-নেকেড গ্যান্ডির ক্ষমতা আছে। পাহাড়-বন ডিঙিয়ে নন-কো-অপারেশনের ঢেউ এসে পড়েছে এই কোহিমা শহরে। বাট, আই অ্যাম বসওয়েল। ফার্স্ট গ্রেট ওয়ার আমি দেখেছি। ম্যাসাকার, ডেস্ট্রাকশন, আউটরেজ–এগুলোর মধ্যে আমি আনন্দ পাই, আমার স্পোর্টিং স্পিরিটকে খুঁজে পাই। অন্তত আমার কোনো সফটনেস নেই। থাকতে পারে না। দরকার হলে–
কথা শেষ না করেই গর্জে উঠল বসওয়েল।
একপাশে একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে পিয়ার্সন। সেদিকে এতটুকু নজর নেই। আশঙ্কায় থর থর কাঁপছে ম্যাকেঞ্জির গলা, ইয়েস, গ্যান্ডির নাম আমি শুনেছি, লোকটা সত্যি জাদু জানে। কিন্তু এই কোহিমা শহরে হঠাৎ কী হল মিস্টার বসওয়েল?
যা হবার হয়েছে। এই আনসিভিলাইজড ওয়াইল্ড পাহাড়ীগুলো পর্যন্ত কনশাস হয়ে উঠেছে। ওই যে ছুকরি গাইডিলিও, দ্যাট উইচ গ্যান্ডির কথা বলে, স্বাধীনতার কথা বলে পাহাড়ীগুলোকে খেপিয়ে তুলছে। আর একটু ল্যাটিচ্যুড আমি দেব। আর একটু দৌড় আমি দেখব। তার হাতের মোটা রোমশ আঙুলগুলো বাতাসে কী যেন আঁকড়ে ধরার চেষ্টা করছে। বার বার বিরাট, কঠিন মুঠিটা পাকিয়ে পাকিয়ে আসছে। হয়তো গাইডিলিওর কল্পিত মুণ্ডুটা গুড়ো হয়ে যাচ্ছে তার মুঠির মধ্যে, আমি অবশ্য কড়া নজর রেখেছি, যাতে প্লেনসম্যানরা এখানে এসে এই পাহাড়ীদের তাতিয়ে তুলতে না পারে। কোহিমার ওপাশে ডিমাপুরের দিকে রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিয়েছি। একটু থেমে বসওয়েল বলল, আপনাকে এটা কাজ করতে হবে ফাদার–
উৎসুক চোখে তাকাল পাদ্রী ম্যাকেঞ্জি, কী কাজ?
ওই গাইডিলিওর অনেক ফলোয়ার, অনেক ভক্ত। উইচক্র্যাফট দেখিয়ে অনেক লোক দলে জুটিয়ে নিয়েছে শয়তানীটা। যেমন করে গোপন মন্ত্রদান করা হয় ঠিক তেমন ভঙ্গিতেই। ফিসফিস গলায় কথাগুলো বলল মিস্টার বসওয়েল। পাদ্রীর কানে নতুন ধরনের প্যারা আওড়াল, আপনারও তো অনেক ব্যাপটাইজড নাগা আছে।
আছে।
আপনি তাদের দিয়ে রটিয়ে দিন, গাইডিলিও একটা ডাইনি। গ্রামে গ্রামে হেডম্যানদের হাত করে নিতে হবে। যত টাকা দিতে হয় গভর্নমেন্ট কসুর করবে না। এই অ্যাজিটেশন ভেঙে তছনছ করে দিতে হবে। সমতলের বাসিন্দারা এই হিলি বিস্টগুলোর সঙ্গে মিললে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে ফাদার। বাট ডোন্ট ফরগেট ইয়োর নিউ ডিউটি, আজ থেকেই গাইডিলিও সম্বন্ধে প্রচার করে দিনও একটা ডাইনি। একটু একটু করে মুখখানা ভয়ানক হয়ে উঠল পুলিশ সুপার বসওয়েলের।
এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল পিয়ার্সন। অস্বাভাবিক তীক্ষ্ণ গলায় এবার সে বলল, সে কী কথা! শী ইজ আ গুড পায়াস গার্ল, আই নো। এ ভারি অন্যায়। ভারি অন্যায়।
কী অন্যায়? বিদ্যুৎস্পৃষ্টের মতো ঘুরে বসল বসওয়েল।
হোয়াট ডু ইউ মীন? চোখের মণিদুটো নীল আগুনের বিন্দু হল পাদ্রী ম্যাকঞ্জির।
আমি বলছি একজনের নামে মিথ্যে অ্যাসপার্স করা কি ঠিক? অত্যন্ত শান্ত গলায় পিয়ার্সন বলল।
বসওয়েল হাসল। দু’পাটি কদাকার দাঁত অদ্ভুতভাবে আত্মপ্রকাশ করল। পিয়ার্সনের পিঠে মৃদু একটা চাপড় দিয়ে বলল, ইউ আর টু ইয়াং। আমাদের ধর্মের সঙ্গে রাজ্য বিস্তারের সম্পর্ক আছে ফাদার। সেটা এখন আপনি বুঝতে পারবেন না। ইয়াংম্যান, রক্ত এখন গরম। পুঁথিপড়া বিশ্বপ্রেম মনের মধ্যে টগবগ করছে। আই ক্যান অ্যাসিওর, ওসব ফিলানথ্রপি বেশিদিন থাকবে না। আচ্ছা, গুড ডে। আমাকে আবার গাইডিলিওর ওখানে লোক মোতায়েন করতে হবে।
সতেজ সবুজ ঘাসের জমি পেরিয়ে গেটটার কাছে চলে এসেছে পুলিশ সুপার বসওয়েল। তার পিছু পিছু বড় পাদ্রী ম্যাকেঞ্জি। বসওয়েল চওড়া কাঁধখানা ঘুরিয়ে বলল, এই ইয়াং মিশনারিকে এখান থেকে সরাতে হবে ফাদার। নইলে আমাদের পক্ষে বড় ক্ষতি হবে।
ইয়েস, একটা শয়তান। এর ওষুধ আমি জানি। নিচের দাঁতগুলোর ওপর ওপরের পাটিটা নির্মমভাবে চেপে বসল পাদ্রী ম্যাকেঞ্জির। আশ্চর্য সংযম। এতটুকু শব্দ হল না। শুধু চাপা। বীভৎস গলায় সে বলল, আপনি কিছু ভাববেন না। সব ব্যবস্থা আমি করব। আমার দেশের, আমার গভর্নমেন্টের ইন্টারেস্ট আগে দেখতে হবে।
ক্যাঁচ করে শব্দ হল লোহার গেটটায়। বাইরে বেরিয়ে গেল বসওয়েল। সবুজ ঘাসের জমিটা থেকে তীক্ষ্ণ ধারাল দৃষ্টিতে ম্যাকেঞ্জির দিকে তাকিয়ে রয়েছে পিয়ার্সন, পলক পড়ছে না। চোখজোড়া যেন জ্বলছে।
২৫. বেলাশেষের বিষণ্ণ রোদ
২৫.
