বাঘারু পেছন ফিরে পথ দেখিয়ে আবার চলতে শুরু করলে তার দেশিয়া ঘরের এম-এল-এও দেখে বাঘারুর পিঠে-পাছায় মাংস-খুলনো বাঘের থাবার দাগ–শাল-গাছের কাণ্ডে যেমন কত দাগই না থাকে। ঘাড় না ঘুরিয়ে বাঘারু বলে, এমেলিয়াবাবু।
কহেন।
মোক একখান ছোটনাম করি দেন।
কহিলেন ত আপনার পালাটিয়া-গানের মতন নাম। মুই ত গান বান্ধিবার পারো না।
মুই না চাও পালাটিয়া-গান। নামের পালাটিয়াখান ঢলঢলাছে, খলখলাছে। মোক একখান মানষির নাম দেন।
এম-এল-এ কোনো জবাব দেয় না। চলতে-চলতে বাঘারু আবার বলে, তুমি একখান জ্যান্ত এমেলিয়ার ঘর। বাগানিয়া মানষিক ঝাণ্ডা দিছেন, বস্তির মানষিক জমি দিছেন আর মোক একখান নাম দিবার না পারেন? এ ক্যানং হাকিম হবা ধরিছু ই, এমেলিয়া?
জঙ্গলটা শেষ করে ওরা সেই পাথারে পড়ে। নিধুয়াপাথার। উঁচু ডাঙা, বরমতল, পাথার, পাথারের। পর নদী–ব্রিজহীন।
বাঘারু বলে, আসেন এমেলিয়াবাবু, পার হওয়া নাগে।
এম-এল-এ জিজ্ঞাসা করে, ক্যানং করি?
বাঘারু বলে, মোর ঘাড়ত উঠেন।
এম এল-এ একবার চারপাশে তাকায়। জঙ্গল, পাথর, আকাশ আর এই নদী। বাঘারু নদীর পাড়ে বসে বলে, উঠেন।
ব্রিফকেস মাটিতে রেখে, জুতোটা খুলে বা হাতে নিয়ে বাঘারুর ডান কাঁধের ওপর দিয়ে এম-এল-এ পাটা নামিয়ে দেয়। বাঁ হাতে মাথাটা চেপে ধরে বা পা-টাও বাঘারুর বা কাধ দিয়ে নামাতে পারে। জুতোটা ডান হাতে বদলি করে নিচু হয়ে বা হাতে ব্রিফকেসটা তুলে নেয়। একহাতে ব্রিফকেস আর এক হাতে জুতোসহ বাঘারুর মাথাটা চেপে ধরে। বাঘারু জিজ্ঞাসা করে, টাইট করি বসিছেন?
বসিছু।
খাড়াম?
খাড়া।
এম-এল-একে কাঁধে নিয়ে বাঘারু দাঁড়িয়ে দু-পা ফেলতেই জুতো-ব্রিফকেস নিয়ে বাঘারুর মাথাটা চেপে ধরে এম-এল-এ চিৎকার করে ওঠে, পড়ি যাছে, মোর ব্রিফকেস পড়ি যাছে। পেছিয়ে এসে বাঘারু বসে পড়ে। প্রথমে জুতোজাড়াটা মাটিতে ফেলে দিয়ে ব্রিফকেস সহ এম-এল-এ নেমে আসে, মুই না পার এ্যানং করি পার হবার
মোক গয়ানাথ কইছে. পার করি দিবার নাগিবে তোমাক।
ক্যানং করি পার হম? তরিবার পারি। সাতরিম? জামা কাপড় খুলি
না-হয়, না-হয়। ভিজা গাওত আবার জামা কাপড় পরিবেন কেমনে? গা শুখাবার টাইম নাগিবে। মোর পিঠত ঝুলো। নাও ঝুলো কেনে।
এই জুতা? ব্যাগ?
মোক দাও– বাঘারু এক হাতে জুতো আর-এক হাতে ব্যাগটা নেয়। কিন্তু এম-এল-এ বাঘারুর পিঠে ঝুলতে গেলে মাটিতে তার পাছা ঠেকে যায়। বাঘারু তখন পাড়ের নীচে পিঠ নুইয়ে দাঁড়ায়। আর এম-এল-এ তার গলা ধরে পেছনে ঝুলে পড়ে, দুটো পা দিয়ে বাঘারুর কোমর পেঁচিয়ে।
ঠিক আছে? হাটিম?
হয়। হাট।
বাঘারু জুতো আর ব্রিফকেস দুলিয়ে-দুলিয়ে, পেছনে এম-এল-এ ঝুলিয়ে জলে পা দিতেই এম-এল-এ বলে ওঠে, হে বাঘারু, না হয় রে– কেনে? বাঘারু দাঁড়িয়ে পড়ে।
হাত খুলি যাছে। মোক নামি দে। বাঘারু আবার পেছিয়ে পাড়ের কাছে নিচু হয়। এম-এল-এ তার পিঠ থেকে নামে। জুতো আর ব্রিফকেস ফিরিয়ে দিতে দিতে বাঘারু বলে, নিজের ওজনখান হাতত ধরিবার পার না? ত খাড়াও কেনে, খাড়াও।
এম-এল-এ সোজা হয়ে দাঁড়ায়।
জুতা আর বাক্স দুই হাতত টাইট করি ধর।
বাঘারু তার আপাদমস্তক ন্যাংটো শরীরের সঙ্গে দুহাতে জাপটে নেয় এম-এল-এ-কে। বাঘারুর শরীরের ওপর তার শরীরের পুরো ভারটা দিয়ে জুতো আর ব্রিফকেসসহ এম-এল-এ বাঘারুর গলাটাও জড়িয়ে ধরে। ধুতি, পাঞ্জাবি, জুতো, ব্রিফকেস সহ একটা আস্ত এম-এল-এ যেন বিসর্জনের ঠাকুর, বাঘারুর কাধ ছাড়িয়ে-জলের ঠিক ওপরেই, ঠিক ওপরেই। নদীর জলে ধীরে-ধীরে বাঘারুর হাঁটু ডোবে, কোমর ডোবে। তখন এম-এল-এর পেছন আর জুতো-ব্রিফকেস প্রায় জল হেঁয়-ছোয় যেন, আর দু-এক পা গেলেই সেই গভীর জল, সেখানে বাঘারু তলিয়ে যাবে-পরমুহূর্তে ভারমুক্ত ভেসে উঠতে।
কিন্তু বাঘারু জানে, আর দুই পা গেলেই জল আবার কমতে শুরু করবে। এই নদীটার সঙ্গে কোনো বরফগলা ঝোরার যোগ নেই–বাঘারু জানে।
না থাকলেও নদী ত! আকাশ ছাড়া কোনো ঢাকনা নেই।
নদী ত! স্রোত এসে বাঘারুকে ঘা মারলে ফুলে ওঠে–বানভাসি ফরেস্টে এক একটা শালগাছের গোড়ায় যেমন হয়।
চলন্ত শালগাছের মতন মাঝনদীতে বাঘারু দাঁড়িয়ে থাকে। তারপর আবার স্রোত সামলে এম-এল-এ কাঁধে পা বাড়ায়।
.
তিস্তাপারের এই বৃত্তান্তের আদিপর্ব এখানে–এই মাঝনদীতেই, আপাতত শেষ করা যায়। সামান্য কয়েক-পা গেলেই ওপারে ফুলবাড়ি বস্তি। নদীটা ব্রিজহীন হলেও, ফুলবাড়ি বস্তি ও তার আশেপাশে আরো, সব বসতি-এলাকায়, খেতিতে, চা বাগানে ছোট ছোট ঝোরায় বা স্রোতে অনেক জায়গায় ক্যালভার্ট আছে, যেমন থাকে। যা এখনো মাঝে-মাঝে দুটো-একটা তৈরি হচ্ছে, যেমন হয়। সেরকম একটা ক্যালভার্ট তৈরির ব্যাপারে ডিপার্টমেন্টের সঙ্গে স্থানীয় লোকজনের গোলমালের ব্যাপারেই এম-এল-এ যাচ্ছে। তার মানে, এঞ্জিনিয়ার, কনট্রাক্টার, ওভারসিয়ার, সিমেন্টের মিকশ্চার, লোহা, বালি, পার্সেন্টেজ, ইউনিয়ন, কৃষক মজুর, লিডার, অফিসার থেকে এম-এল-এ, আবার এম-এল-এ থেকে…,মিটিং, মিটিং ইত্যাদি। সেখানে ত ফরেস্টারচন্দ্র বাঘারুবর্মন আবার অবান্তর, এখনো যতক্ষণ-না একটা পথহীন ফরেস্ট বা ব্রিজহীন নদী পথে পড়ে।
কিন্তু সে ত বৃত্তান্ত আর-এক–
২.১ বনপর্ব – বাঘারুর নির্বাসন
এম-এল-এ ফিরে এল
