সাঁওতালদের দল শ্রীবাসের অপেক্ষাতেই বসিয়াছিল, তাহাদের কাজ-কর্ম বন্ধ হইয়া রহিয়াছে। হিসাবের খাতায় টিপছাপ দিবার পর ধান মাপা হইবে। ওদিকে ‘রোয়া’ পর্বের সমারোহ তাহাদের বর্বর মনকে মুহুর্মুহু আকর্ষণ করিতেছে। তাহারা ক্রমাগত নড়িয়া চড়িয়া বসিতেছিল, আর ব্যাগ্রদৃষ্টিতে শ্রীবাসকে লক্ষ্য করিতেছিল। তাহার উপর এই আকস্মিক টাকা প্রাপ্তিতে পর্বটা আরও রঙিন হইয়া উঠিয়াছে। চূড়া, সেই কাঠের পুতুলের ওস্তাদ রসিক সাঁওতালটি, দেখিয়া শুনিয়া বলিয়া উঠিল, এ বাবা গো! মোড়লের আমাদের হল কি? ডাঁশ কামড়াচ্ছে নাকি গো? এমন করে ঘুরছে কেনে? ও সর্দার! তোমার মুখ কি কেউ সেলাই করে দিলে নাকি?
কমল এবার ডাকিল, মোড়ল মশায় গো!
শ্রীবাস ঈষৎ চকিত হইয়া বলিল, কি? ও যাই। সে ফিরিয়া তক্তপোশের উপর বসিল। কমল বলিল, লেন গো, টিপছাপগুলা লিয়ে লেন গো! ইয়ার বাদে আবার ধান মাপতে হবে।
হুঁ। হিসাবের খাতাটা কোলের কাছে টানিয়াই শ্রীবাসের মাথার মধ্যে একটা কথা বিদ্যুৎ চমকের মত খেলিয়া গেল। জমির দাম বাড়িবে। টিপছাপ খাতায় না লইয়া একেবারে বন্ধকী দলিল করিয়া লইলে;– কিন্তু বর্বরের দল বড় সন্দিগ্ধ। আবার একটা গোঁ ধরিয়া অবুঝের মত বলিবে, কেনে গো, উটিতে ছাপ কেনে দিব গো? তু যে বুললি, খাতাতে ছাপ দিতে হবে। পরমুহূর্তেই সে দোয়াতটা খাতার উপর উলটাইয়া ফেলিল এবং আঁতকাইয়া বলিয়া উঠিল, যা সর্বনাশ হল।
সাঁওতালদের দলও অপরিসীম উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, যাঃ।
শ্রীবাসের ছেলে বাপকে তিরস্কার করিয়া বলিল, কি করলে বল তো? হল তো! যাক্, ও পাতাখানা বাদ
বাধা দিয়া শ্রীবাস অত্যন্ত দুঃখিত ভঙ্গিতে বলিল, উঁহু। এক কাজ কর, বোঁ করে ও-পারে ভেণ্ডারের কাছ থেকে ডেমি নিয়ে আয় খান-পঁচিশেক। তারপর খাতা বেঁধে নিলেই হবে।
শ্রীবাসের ছেলে গনেশ এবার ক্রুদ্ধ হইয়া উঠিল, বলিল, তুমি ক্ষেপেছ নাকি? ডেমিতে কে কোনকালে খাতা করে, শুনি?
দুরন্ত ক্রোধে অদ্ভুত দৃষ্টিতে বিকৃত মুখে শ্রীবাস গণেশের দিকে চাহিয়া রহিল, তারপর বলিল, তোকে যা করতে বলছি, তাই কর। যা, এখুনি যা, যাবি আর আসবি।–বলিয়া বাক্স খুলিয়া টাকা বাহির করিয়া ফেলিয়া দিল।
সাঁওতালেরা বিস্ময়ে নির্বাক হইয়া শ্রীবাসের মুখের দিকে চাহিয়া ছিল, শ্রীবাস গম্ভীরমুখে উঠিয়া বলিল, টিপছাপ পরে হবে মাঝি, গণেশ কাগজ নিয়ে আসুক। ততক্ষণে তোরা আয়, বাখার ভেঙে ধানটা মেপে ঠিক করে রাখ। তোদের সব আজ আবার পরব আছে।
সাঁওতালেরা এ কথায় খুশি হইয়া উঠিল। কমল বলিল, নাঃ, মোড়ল বড় ভাল লোক, বিবেচনা আছে মোড়লের।
চূড়া মাঝি ভ্রূ নাচাইয়া বলিল, কিন্তু ভারি বেকুব হয়ে গিয়েছে মোড়ল কালিটা ফেলে। ছেলের উপর রাগ দেখলি না।
চূড়ার ব্যাখ্যায় সকলেই ব্যাপারটা সকৌতুকে উপভোগ করিয়া খিল খিল করিয়া হাসিয়া উঠিল। সত্যিই মোড়ল বড় বেকুব হইয়া গিয়াছে।
দেখিতে দেখিতে খড়ের তৈয়ারী মোটা দড়া জড়াইয়া বাঁধা বাখারটা ভাঙিয়া স্তুপাকার করিয়া ধান ঢালা হইল। হুস-হাস করিয়া টিন-ভর্তি ধান মাপিয়া মাপিয়া ফেলা হইতে লাগিল। শ্রীবাস ধানের মাপের সঙ্গে হাঁকিতে আরম্ভ করিল- রাম-রাম, রাম-রাম, রাম-রামে দুই-দুই, দুই-রামে-তিন তিন।
চূড়া এক পাশে বসিয়া একটা কাঠি লইয়া মাপের সঙ্গে সঙ্গে একটা করিয়া দাগ দিয়া সাঁওতালদের তরফ হইতে হিসাব করিয়া যাইতেছিল।
.
২২.
এ দিকে গ্রামের মধ্যে একটা প্রকাণ্ড জটলা পাকাইয়া উঠিল। সকাল হইতে না হইতে গ্রামের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত রটিয়া গেল, ও-পারের চরের উপর চিনির কল বসিতেছে। খাস কলিকাতা হইতে এক ধনী মহাজন আসিয়াছেন, তিনি সঙ্গে আনিয়াছেন প্রচুর টাকা-ছোট একটি ছালায় পরিপূর্ণ এক ছালা টাকা। সঙ্গে সঙ্গে রায়বংশের অন্য সমস্ত শরিকেরা একেবারে লোলুপ রসনায় গ্রাস বিস্তার করিয়া জাগিয়া উঠিল। অপরদিকে উর্বর-জমি-লোলুপ চাষীর দল বাঘের গোপন পার্শ্বচর শৃগালের মত জিভ চাটিতে চাটিতে চঞ্চল হইয়া উঠিল। সর্বপ্রথম নবীন বাগদীর স্ত্রী মতি বাগদিনী শিশু পৌত্রকে কোলে করিয়া চক্রবর্তী-বাড়ির অন্দরের উঠানে আসিয়া দাঁড়াইয়া চোখ মুছিতে আরম্ভ করিল।
সংবাদটা শুনিয়া রংলাল বাড়ি ফিরিয়া অকারণ স্ত্রীর সহিত কলহ করিয়া প্রচণ্ড ক্রোধে লাঠির আঘাতে রান্নার হাঁড়ি ভাঙিয়া চুরমার করিয়া দিল। তারপর স্তব্ধ হইয়া মাটির মূর্তির মত বসিয়া রহিল।
মনের আক্ষেপে অচিন্ত্যবাবুর সমস্ত রাত্রি ভাল করিয়া ঘুম হয় নাই। ফলে-অতিপুষ্টিকর শশক-মাংস বদহজম হেতু নানা গোলমালের সৃষ্টি করিয়াছিল। ভদ্রলোক অন্ধকার থাকিতে থাকিতে বিছানা ছাড়িয়া উঠিয়া ঢক ঢক করিয়া এক গ্লাস জল ও খানিকটা সোডা খাইয়া মর্নিং ওয়াকের জন্য বাহির হইয়া পড়িলেন। খুব জোরে খানিকটা হাঁটিয়া তিনি সম্মুখে ভরা কালিন্দীর বাধা পাইয়া দাঁড়াইয়া গেলেন। ও-পারের চরটা অন্ধকারের ভিতর হইতে বর্ণে বৈচিত্রে সম্পদে অপরূপ হইয়া প্রকাশ পাইতে আরম্ভ করিয়াছে; গভীর তমিস্রাময়ী কালী যেন কমলা রূপে রূপান্তরিত হইতেছেন।
অচিন্ত্যবাবু লক্ষ্য করিতেছিলেন, বেনাঘাসের গাঢ় সবুজ ঘন জঙ্গল চরের এ-প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত চলিয়া গিয়াছে। তিনি একটা দীর্ঘনিঃশ্বাস ফেলিলেন। উঃ, রাশি রাশি খসখস ওই ঘন সবুজ আস্তরনের নীচে লুকাইয়া আছে। খেয়াঘাটের ঠিকাদার ঠিক এই সময়েই ঘাটে আসিয়া উপস্থিত হইল। অচিন্ত্যবাবুকে দেখিয়া সে একটি প্রণাম করিয়া বলিল, আজ আজ্ঞে, ভাগ্যি আমার ভাল পেভাতেই ব্রাহ্মণদর্শন হল। এই ঘাট নিয়ে বুঝলেন কিনা, কত যে জাত-অজাতের মুখ সকালে দেখতে হয়! এ কাজ আপনার অতি পাজী কাজ মশায়। তবে দুটো পয়সা আসে, তাই বলি
