রব্বান বলল, কাকারে একখান জলচকি দেও বইতে। আর চা মুড়ি দেও। কাকা, দোফরে ভাত খাইছেননি? নাকি ভাত দিবো? দুফইরা ভাত আছে। তরকারিও আছে। দরকার হইলে দুইডা মুরগির আন্ডা ভাইজ্জা দিবো নে। খাইবেন?
দবির স্নান গলায় বলল, না বাজান, আমি ভাত খাইছি। চা মুড়িও খামু না। তোমার লগে কথা কমু।
শেফালি ততক্ষণে দুইটা জলচৌকি নিয়া আসছে। বাইর বাড়ির সামনে চৌকি দুইটা রাইখা বলল, এহেনে বইয়া কথা কইবা নাকি ঘরে গিয়া বইবা? মেজবান লইয়া বাইর বাইত্তে কেঐ বহেনি? কাকা, ঘরে লন। ঘরে গিয়া বইয়া কথা কন।
রব্বান বলল, তার আগে তুমি তোমার মাইয়ারে ধরো।
শেফালি মেয়ে কোলে নিল। মেয়ে রব্বানের কোল থেকে যেতে চায় না, শেফালি জোর কইরাই নিল।
রব্বান দবিরের দিকে তাকাল। জষ্টিমাসের সাই গরম পড়ছে কাকা। বিয়ালবেলা এইদিকটায় ভাল বাতাস লাগে। বোসের বাড়ির দিঘি থিকা ঠান্ডা বাতাস আহে। এর লেইগাঐ মাইয়া লইয়া এহেনে খাড়ইয়া রইছিলাম। শেফালি যে কইলো এহেনে বইবেন না ঘরে গিয়া বইবেন, অহন করবেন কোনডা? এহেনেঐ বইবেন না ঘরে যাইবেন?
দবিরের মুখ শুকনা, গলা দিয়া আওয়াজ বাইর হইতে চায় না। কোনওরকমে বলল, তার আগে তোমারে দুই একখান কথা জিগাইতে চাই বাজান?
রব্বান হাসল, কী জিগাইবেন আমি জানি কাকা। আমার কুলের মাইয়াডা কার? শেফালি কে? মাইয়াডা কাকা আমার। অর নাম হইল বকুল। ফুলের নামে নাম। অর মা’র নাম শেফালি দেইখা মাইয়ার নাম হইছে বকুল। নামডা আমি রাখি নাই। রাখছে আমার চাচায়। চাচা আবার শ্বশুরও। তার নামঐ আশ্রাব আলী শিকদার। তার তিনপোলা এক মাইয়া। আমার তো মা-বাপ ছোড কালেই মরছে। চাচায় আমারে মানুষ করছে। মানুষ কইরা এই বাইঐে রাইক্কা দিছে। একমাত্র মাইয়া শেফালিরে আমার কাছে বিয়া দিছে।
রব্বানের কথা শুইনা দবিরের মনে হইল মাথা ঘুরাইয়া এখনই সে মাটিতে পইড়া যাইব। মাথাটা এমুন একখান ঘুরান দিল। কোনওরকমে একটা জলচকিতে সে বসল।
তার অবস্থা খেয়াল করল রব্বান। মুখের হাসিটা আছেই। সেও বসল দবিরের মুখামুখি। আপনে মনে কষ্ট লইয়েন না কাকা। আমি আপনেগো গেরামে গিয়া বানাইয়া বানাইয়া বহুত কথা কইছি। যা কইছি ঘটনা তার উলটা। চাচায় আমারে আপনা পোলাগো মতনঐ আদর করে। কোনও কোনও সময় মনে অয় আপনা পোলাগো থিকাও বেশি আদর করে। আমার ভাগের জাগাসম্পিত্তি বেবাকতো আমারে দিছে, শেফালির ভাগেরটাও ভাগ কইরা দিয়া দিছে। এই যে এতবড় বাড়িডা দেখতাছেন, তিন পোলারে বাড়ির সীমানা আর যার যার ঘর ভাগ কইরা দিছে। জাগাসম্পিত্তি ভাগ কইরা দিছে। যে যার মতন আছে তারা। কেঐর লগে কেঐর শতরুতা নাই। বাড়ির বেবাক পোলাপানরে মনে হইব এক মা বাপের পোলাপান। চাচায় বুড়া থুরথুইরা হইয়া গেছে, তাও অহনতরি হেয় যা কয় বাড়িতে তাই হয়। যার যার সীমানা উঠান পালান ভিন্ন ভিন্ন। বাড়ির এই দিকটা হইল আমার। বিয়ালবেলা দেইক্কা বাইত্তে আপনে কোনও পোলাপান দেখতাছেন না। বেবাকতে গেছে মালখানগর মাঠে খেলতে। আমার মাইয়াডা ছোড দেইক্কা অরে কুলে লইয়া আমি বাইর বাইত্তে বাতাস খাওনের লেইগা খাড়ইয়া রইছি।
দবির কোনওরকমে বলল, এত কিছুর পর তুমি আমগো লগে এমুন করলা ক্যা? তোমার বউ মাইয়া আছে, শিকদারবাড়ির এমুন পোলা তুমি, তারবাদে ক্যান মেদিনমণ্ডল গিয়া কামলাগিরি করলা, ক্যান আমার মাইয়াডারে এমতে বিয়া করলা? একটা বছর থাকলা? আর ঘটকায়…
রমিজ ঘটকরে কাকা আমি টেকা খাওয়াইয়া মেনেজ করছিলাম। ফালতু লোক, ফালতু। টেকার লেইগা সব করতে পারে। আমার কাকা তহন মাথা খারাপ আছিল। তয় তার আগে আপনেরে আমি একহান কথা কই, হ, মিছাকথা কইয়া, আপনের মাইয়ারে আমি বিয়া করছিলাম, বহুত আদর যত্ন আপনেগো কাছ থিকা আমি পাইছি। বেবাক ঠিক আছে। তয় আইজ আপনের লগে আমি একহানও মিছাকথা কমু না। আমার ওই মাইয়াডার কিরা। আমার মাথা খারাপ অইছিল ক্যান জানেন? মাইয়াডার লেইগা, ওই বকুলের লেইগা। মাইয়া আমি দুই চোক্ষে দেখতে পারি না। বিয়ার পর থিকা আশা করছি পোলা হইব। হইল একটা মাইয়া। মাইয়া হইছে দেইক্কা আমার মাথা গেল খারাপ হইয়া। আমার খালি মনে হইল যেই বউ মাইয়া জন্ম দেয় হেই বউর লগে আমি থাকুম না, মাইয়ার মুখ আমি দেখুম না। বেবাক হালাইয়া আমি পলাইয়া গেলাম গা। আমার মাথাডা তহন সত্যঐ খারাপ। মালখানগর মিহি আমি আর কোনওদিন আমু না এইডাঐ চিন্তা। গেলাম আপনেগো ওই মিহি। গিয়া তো আপনের লগে পরিচয়। বিয়াশাদি কইরা থাইকা গেলাম।
বাচ্চা কোলে শেফালি আসল। রব্বানরে বলল, কাকারে লইয়া বাংলাঘরে গিয়া বহো। বারেকের মায় সেঐ (সেমাই) রানছে। লগে মুড়ি দিছে। সেঐ মুড়ি খাও। তারবাদে চা দিবো নে। আমি বারেকের মা’রে কইছি একটা মোরগ জব করতে, পোলাও রানতে। কাকারে রাইত্রে পোলাও মোরগ খাওয়ামু। আহো।
রব্বান বলল, লন কাকা, বাংলাঘরে লন। আমার বাড়ি দেহেন, সংসার দেহেন।
এই অবস্থায় কেমন কইরা কথা বলে মানুষ! কেমন কইরা লড়াচড়া করে! দবিরের তখন শুধু মনে হচ্ছে তার শরীরে জোরবল নাই। বুকের ভিতরে কইলজাটা ফাইটা গেছে। রক্ত চলাচল বন্ধ। হাত পা চলতাছে না। উইঠা যে দাঁড়াইব, বাংলাঘর তরি হাইটা যাইব সেই শক্তি নাই। শুকনা গলায় শেফালিকে না, রব্বানকে বলল, না আমি ঘরে যামু না। এহেনেঐ ইট্টু বহি। রাইত্রে আমি থাকুম না, মোরগ পোলাও আমার গলা দিয়া নামবো না। রানতে না করো।
