না কয় নাই। তয় আমি বুজছি। মাইয়ার মন মায় বেবাকতের আগে বোজে।
আবার কয়েক টান তামাক খেল দবির। তয় অহন কইলাম তুমি আমি চাইলে নূরজাহানের বিয়ার কামডা সাইরা হালাইতে পারি। আল্লায় মনে অয় আমগো মিহি মুখ তুইল্লা চাইছে। নিজে থিকাই একটা পোলারে পাডাইয়া দিছে আমগো কাছে। এমুন পোলা যার দুইন্নাইতে কেউ নাই, কিছু নাই। নূরজাহানের লগে বিয়া অইলে আমরা ছাড়া অর আর কেঐ থাকবো না। পোলাও পছন্দসই। দেখবা কেউ কইবো না নূরজাহানরে খারাপ পোলার লগে বিয়া দিছি।
হ হেইডা কেঐ কইবো না।
তয় তোমার মতামতটা দেও।
রান্নাচালা থেকে একটা ফিরি আইনা দবিরের পাশে বসল হামিদা। আগে তোমার মতামত দেও। তোমার মত কী হেইডা কও।
আমার অমত নাই। রব্বানরে আমার পছন্দ অইছে। নূরজাহানের লগে রব্বানের বিয়া অইলে ভাল অয়।
আমারও হেইডাঐ মত। তয় একহান কথা আছে।
কী?
রব্বান যা কইছে হেই হগল বেবাক কথা ঠিক কিনা এইডা ইট্টু যাচাই করন দরকার। মালখানগরে কেঐরে পাডাইয়া আর নাইলে তুমি নিজে গিয়া ইট্টু খোঁজখবর লও। যুদি অর বেবাক কথা ঠিক অয় তয় বিয়া অইতে পারে।
তার আগে তো আরও কাম আছে।
কী কাম?
রব্বানের লগে কথা কওন লাগবো না? আমরা যা চিন্তা করতাছি, ও যুদি ওইরকম চিন্তা না কইরা থাকে তয় তো কোনও লাব নাই। আগে অর মতামত জানতে অইবো না? নূরজাহানরে আমরা অর কাছে বিয়া দিতে চাই, আমগো বাইত্তে অরে ঘরজামাই কইরা রাখতে চাই, এতে ও রাজি কিনা হেইডা জানন দরকার না?
হ জানন দরকার। অনেক পোলা আছে ঘরজামাই থাকতে চায় না। রব্বান যুদি ওই পদের অয় তয় তো ভেজাল।
ঠিক কইছো। এই কামডা কারে দিয়া করাইবা? আমি নিজে তো আর রব্বানরে কইতে পারি না, বাজান, আপনেরে তো আমি আর আপনের কাকি বহুত পছন্দ করছি। আমগো মাইয়াডা আপনের কাছে বিয়া দিয়া আপনেরে আমগো বাইত্তেঐ রাইক্কা দিতে চাই। আপনের মত কী?
না এইডা বহুত শরমের কথা। নিজের মাইয়ার বিয়ার পোরোসতাব এইভাবে কোনও পোলারে দেওন যায় না। দিলে পোলায় মনে করবো মাইয়ার কী না কী খুইত (খুঁত) আছে।
হুঁকায় আবার কয়েকটা টান দিল দবির। তোমার ভাইরে খবর দিবানি?
আউয়াল দাদারে?
হ। সে আইসা দুই চাইরদিন থাকলো আমগো বাইত্তে। একমাত্র ভাগনির বিয়ার কথাবার্তা পাকা করল। তারবাদে নিজে মালখানগর গিয়া খোঁজখবর লইলো রব্বান যা যা কইছে বেবাক ঠিক আছে কি না! নাকি বেবাকঐ মিছাকথা?
হামিদা একটু চিন্তিত হল। আমার ভাইয়ে গিরস্তি করা মানুষ। তার সংসারে কত কাম। এতকিছু হালাইয়া সে আইসা এই হগল করতে পারবো বইলা আমার মনে অয় না।
সে ছাড়া আমগো আর আপনা মানুষ আছে কেডা?
হেইডাও ঠিক। এক কাম করো, তুমি নিজে যাও মালখানগর। শিকদার বাড়ি বিচড়াইয়া বাইর কইরা নিজে বেবাক সমবাত লইয়াহো। যুদি দেহে রব্বানের কথা ঠিক আছে তারবাদে অন্য কেঐরে দিয়া বিয়ার পোরোসতাব দেও।
এইডা খারাপ কও নাই। খোঁজখবর লইয়া যুদি দেহি সব ঠিক আছে তয় পোবোসতাব দেওনের মানুষের আকাল অইবো না। হাজামবাড়ির আবদুলরে দিয়া দেওয়ান যাইবো, গাওয়ালরে দিয়া দেওয়ান যাইবো। আলফু আছে, অরে দিয়াও রব্বানরে কওয়ান যাইবো।
তারপর দবির একদম লাফায়া উঠল। আরে, এত ভেজালের কাম কী? মানুষ তো হাতে একজন আছে। তারে দিয়াঐত্তো বেবাক কাম করাইতে পারি। মালখানগর পাডাইয়া বেবাক খোঁজখবর লইতে পারি, বিয়ার পোরোসতাবও দেওয়াইতে পারি।
কে, কারে দিয়া এইডি করাইবা?
আরে রমিজ ঘটক। অরে তো আমি টেকা দিছি। আরও কিছু টেকা দিলে ও নিজে ফাল দিয়া এই কামে নাইমা যাইবো। এইডি ঘটকাগোঐ কাম।
হামিদাও উৎসাহী হল। হ ঠিক কথা কইছো। ঘটকারে দিয়া খুব সহজে বেবাক কাম করাইয়া হালাইতে পারো।
তয় কাইলঐ ঘটকার লগে কথা কই?
কও। ময়মুরব্বিরা কইছে শুভ কাজে দেরি করতে নাই। দেরি কইরো না।
তামাক শেষ করে ঘরের দিকে ফিরবে দবির হামিদা, হামিদার একটা হাত ধরল দবির। তোমার মাইয়ার লগে কি তুমি ইট্টু কথা কইবা।
কী কথা?
রব্বানের লগে বিয়াতে অর মত আছে কি না?
এইডা জিগানের কিছু নাই। আমরা যেহেনে ভাল মনে করুম ওহেনেই মাইয়ার বিয়া দিমু। আমরা যেহেনে রাজি ওহেনে মাইয়ারও রাজি অওন লাগবো। ও জানে না অরে লইয়া কেমুন পেরেসানির মইদ্যে আমরা আছি। অহন যত তাড়াতাড়ি অরে বিয়া দিতে পারি তত তাড়াতাড়ি আমরা বাঁইচা যাই। এনামুল সাবের কথা মতন কাম না করতে পারলে আবার যুদি কোনও বিপদ আপদ অয় তয় আর মরণ ছাড়া গতি নাই। তুমি অরে লইয়া কোনও চিন্তা কইরো না। কাইল বিয়ানেই রমিজ ঘটকার কাছে যাও। তারে দিয়া কাম করাও। এইডা বহুত ভাল বুদ্ধি বাইর করছো। মাইয়ার বাপ অইয়া তুমি নিজে মালখানগর গেলে হেইডা ভাল দেহা যাইবো না। দেশগেরামের মাইনষে নানান পদের কথা কইবো।
ঠিকই কইছো। আমি কাইল বিয়ানেই ঘটকার বাইত্তে যাইতাছি।
.
রমিজকে পাওয়া গেল জশিলদা বাজারে।
সকালবেলা বাজারে আইসা ছেলের দোকান খুলছে সে। রমিজের ছেলে হারুন কিছুদিন আগে বিয়া করছে। বিয়ার পর সকালবেলা উঠতে তার দেরি হয়। রমিজের অভ্যাস হইল সকাল সকাল ঘুম থেকে ওঠা। ফজরের আজানের পর সে আর শুইয়া থাকতে পারে না। এইজন্য সকালবেলা হারুন বউর লগে ঘুমায় আর রমিজ বাজারে আইসা পোলার মুদিদোকান খোলে। হারুন গোসল মোসল সাইরা নাস্তাপানি খাইয়া দশটার দিকে বাজারে আইসা দেখে সাইদ বাট্টা (বউনি) তো বাবায় করছেঐ। বেচা বিক্রিও ভাল। ক্যাশবাক্সে টাকাপয়সা ভালই জমছে।
