ওই যে কইলাম কেঐরে চরে পাডাই।
কারে পাডাবি?
রাবির জামাই মতলারে।
পাডাইতে টেকাপয়সা লাগবো না।
হেইডার বেবস্তা অইবোনে।
কেমতে অইবো? সংসারখরচ থিকা দিলে রাজা মিয়ার মা’য় আইয়া ইসাব লইবো না। তারে বুজ দিবি কেমতে?
আমার কাছে কয়ডা টেকা আছে, হেই টেকা দিয়া পাডামু নে।
তুই টেকা পাইলি কই?
ওই যে দুই-চাইর সময় দেশে আইলে মাজারো বুজানে দুই-চারডা টেকা দেয়, হেই টেকা তো আমি খরচা করি না। আমার কাছে জমে। হেই টেকা দিয়া রাবির জামাইরে পাডাই।
বড়বুজান হাসলেন। আলফুর লেইগা দিহি বিরাট টান তর। ঘটনা কী লো ছেমড়ি? আমি চোকে দেহি না, হারাদিন হুইয়া থাকি, তরা দুইজনে কী দা কী করছ বুজি না। কী লো, পিরিতি মিরিতি করছসনি আলফুর লগে?
হ করছি।
বড়বুজান চমকালেন। কী?
আপনের যা কথা? আপনে বেককিছু বেঁকা কইরা দেহেন। দুইজন মানুষ এক বাইত্তে কাম করি, একজনের লেইগা আরেকজনের ইট্টু চিন্তা লাগবো না? এইডা খারাপ কিছু? খালি পিরিত থাকলেই মাইনষে মাইনষের কথা চিন্তা করে? এমতে করে না?
করে। তয় তগো দুইজনেরঐ জুয়ান বয়স। এই বয়সে ওইসব অয়। নিজে না চাইলেও ঠেকায়া রাখন যায় না।
আমগো ঘটনা অমুন না।
যদিও মুখে কথাগুলি বলল কুট্টি, তবে মনে মনে বড়বুজানের কথা শুনে অবাক। বুড়ি তো কথা খারাপ বলে নাই। আসলেই তো, কেমতে কেমতে কী হইয়া গেল দুইজন মানুষের একজনও বুজল না। ঘটনা ঘইটাই গেল।
বড়বুজান বললেন, তয় তুই যখন চাইতাছস, তয় পাড়া মতলারে। খবরডা আলফুর লইয়াহুক।
তখন কথার ভিতরকার একটা ফাঁক ভরার চেষ্টা করল কুট্টি। আপনেরে একখান কথা কই বুজান। আমি গরিব মাইনষের মাইয়া। আমার কথা বেবাকঐ আপনে জানেন। এই যে নিজের কয়ডা জমাইন্না টেকা দিয়া মতলারে আমি আলফুর লেইগা পাডাইতে চাইতাছি। এইডা হুইন্না আপনে আবার মনে কইরেন না আমি আপনেগো সংসার থিকা চুরি কইরা টেকা জমাইছি, হেই টেকা অহন আলফুর লেইগা খরচা করতে চাইতাছি।
বড়বুজান সরল গলায় বললেন, না লো ছেমড়ি, আমি এই হগল ভাবি নাই। তুই পাডা মতলারে। আমিও চাই না এই বাইত্তে নতুন কামলা আহুক। আমিও চাই আলফুই থাউক।
শুনে খুশি হয়েছে কুট্টি। ভোরবেলা উঠে উত্তরের সীমানায় দাঁড়িয়ে বাদলাকে ডেকে বলবে, তর বাপরে ইট্ট আইতে ক বাদলা। কাম আছে। তার অনেক আগ থেকে মাথাটা ঘুরছে, বুকটা চাপ ধরে আছে, গলার ভিতর দলা পাকায়া আছে কী যেন। খালি উকাল আসতে চায়। নানারকম চেষ্টায় সেই উকাল ঠেকায়া সকালবেলার কাজগুলি করল কুট্টি। বড়বুজানের গু-মুতের ডহি পরিষ্কার করল, তাকে পরিষ্কার করল, নাস্তা পানি খাওয়াল। তারপর রান্নঘরে এসে নিজে একটু চা আর দুইটা আটারুটি নিয়া বসছে, মাত্র মুখে। দিয়েছে, লগে লগে উটকি (বমির উদ্রেক) পাড়তে লাগল। শেষ পর্যন্ত উকাল ঠেকাতে পারল না। ঘোয়াক ঘোয়াক করে উকাল করল। পেট থেকে তেমন কিছু বের হল না। তবে মাথাটা ঘুরতেই লাগল।
কুট্টি বুঝে গেল কারবারটা তার হয়ে গেছে। আলফুর লগে সহবাসের ফল গর্ভে ঢুকে গেছে। হায় হায় সব্বোনাশ! অহন কী করুম আমি? অহন তো কিলিংকার অইবো? মতলারে পাডাইয়াও যুদি আলফুরে ফিরত না আনতে পারি, তয় আমার উপায় অইবো কী? গলায় দড়ি দেওন ছাড়া তো গতি নাই। হায় হায়! ওই যে হেদিন নূরজাহানরে কইলাম আমি চাই আলফুর পোলা আহুক আমার পেডে। অর মাজায় আমি ঝুনঝুনি বাইন্দা থুমু। আমার। পোলায় হাঁটলে য্যান ঝুনঝুন কইরা আওজ হয়। হায় হায়, আল্লায় কি আমার হেই কথা। হুনলো!
উকাল পরিষ্কার করে, চা রুটি ফেলেই উত্তর দিককার সীমানায় গিয়া চিৎকার করে বাদলাকে ডাকতে লাগল কুট্টি। বাদলারে, ওই বাদলা। বাদলা।
বাদলাকে পাওয়া গেল না। তাড়া দিল রাবি। সে বদনা হাতে পায়খানা ঘর থেকে বের হচ্ছিল। কুট্টির ডাক শুনে সে যেদিকটায় দাঁড়িয়ে আছে সেই মুখী এসে দাঁড়াল। কী লো। কুট্টি, বাদলারে ডাক পারচ ক্যা?
তোমার জামাইরে দরকার।
ক্যা?
নিজের কথা বললে রাবি তেমন পাত্তা দিবে না ভেবে বলল, বড়বুজানে তারে তোমগো চরে পাডাইবো।
কীর লেইগা?
দেড়মাস অইয়া গেছে আলফু আহে না, তারে আনতে পাডাইবো।
হেয় মনে অয় যাইতে পারবো না। হের শইল খারাপ।
কুট্টি নিয়ারার গলায় বলল, তুমি তারে ইট্ট বুজাও। বুজাইয়া বাজাইয়া পালাও। নাইলে বড়বুজানে চেতবো নে। পরে মাজারো বুজানের কানে কথাডা গেলে হেয় আরও চেতবো। তোমরাই তো আলফুরে এই বাইত্তে আইন্না দিছিলা, এর লেইগা তোমগোই কইতাছে।
রাবি চিন্তিত হল। আইচ্ছা ঠিক আছে। আমি বাদলার বাপরে কইতাছি। তয় আইজ কাইলের মইদ্যে মনে অয় যাইতে পারবো না। শইলডা ইট্ট ভাল অউক, আমি তারে বুজাইয়া বাজাইয়া পাড়ামুনে চরে। তয় টেকা পয়সা ঠিক মতন দিয়ো। চরে যাইতে অইতে চল্লিশ-পনচাশ টেকা খরচা আছে।
অইলো, ওই হগল লইয়া তুমি চিন্তা কইরো না। হের যাইতে আইতে দুইদিন লাগবো, দুইদিনের মজুরিও দিয়া দিমু নে।
তয় ঠিক আছে। পশু তার যাওনের বেবস্তা করুম নে। কাইল তোমগো বাইত্তে পাডামু নে।
আইজ পাড়ান যায় না। যাতে কাইলই হেয় মেলা দিতে পারে।
না আইজ তার শইলডা সত্যঐ খারাপ। কয়দিন পর পর জ্বর আহে। হেই জ্বরডা কাইল রাইতে আইছে। কাইল তরি ভাল অইয়া যাইবো।
কুট্টি হতাশ গলায় বলল, তয় আর কী করুম। আইচ্ছা আমি বড়বুজানরে কইতাছি। কাইল তাইলে আমগো বাইত্তে পাডাইয়ো।
