আবদুল মহাখুশি। আইচ্ছা দাদা, আইচ্ছা। দিয়া যামু নে।
মোতালেব চোখ পিতিপিতি করে বলল, কী মাছ কিনলা মামু চাইশশো টেকা দিয়া?
সব ব্যাপারে মোতালেবের মাতবরি পছন্দ করে না এনামুল। সে একটু বিরক্ত হল। কিনছি, ভাল মাছঐ কিনছি। এই হগল লইয়া আপনের চিন্তা করনের কাম নাই। আপনে। তাড়াতাড়ি নাও বাইয়া মাওলানা সাবের বাইত্তে যান। তারে ডাইক্কা লইয়াহেন। আমি কইলাম যামু গা। মজজিদের কাম ফাইনাল করুম আইজ। যান, দৌড় দেন।
যাইতাছি মামু, যাইতাছি।
মোতালেব পা চালিয়ে নিজেদের সীমানার দিকে চলে গেল। ওইদিককার কদমগাছতলায় তার নৌকা বান্ধা। সেই নৌকা নিয়া চকপাথালে মান্নান মাওলানার বাড়ির দিকে মেলা দিল।
দেলোয়ারা বললেন, একবেলার লেইগা আইছো বাজান, কী দিয়া কী খাওয়ামু তোমারে?
এনামুল হাসল। খাওনের জিনিস তো আমি লইয়া আইছি। মাছ। অল্প অল্প কইরা চাইর-পাঁচপদের মাছ রানতে কন। হবিবর দুধ দিয়া যায় না আপনেরে?
হ বাজান। দেয়।
আপনের ওহেন থিকা ইকটু দুধভাত খামু নে, মাছভাত খাওনের পর।
খাইয়ো বাজান খাইয়ো। তয় আমি ইট্টু রান্নঘর থিকা আহি। রাবিরে কইয়াহি কী মাছ রানবো। তারবাদে তোমার লগে কথা কইতাছি। জরুলি (জরুরি) কথা আছে।
নিমের পাতায় ঝিরঝিরা একখান হাওয়া আছে। একটা কাক ডাকছে আমগাছে। বাদলা রানঘরের ওটায় বসে আছে এমন ভঙ্গিতে যেন এনামুল কোনও আদেশ করলেই দৌড় দিয়া সেই কাজ সেরে আসবে। মতলা রান্নঘরের ভিতরে বসে গুড়ক গুড়ক করে তামাক টানছে। রোদে ঝলমল করছে বাড়ির চারদিককার বর্ষার পানি।
ফিরে এসে দেলোয়ারা যা বললেন, শুনে এনামুল একেবারে হতভম্ব। কোনওরকমে বলল, কন কী আম্মা?
হ বাজান। দউবরা আমার কাছে আইয়া বহুত কান্দাকাটি করছে।
এইডা তো কান্দাকাটি করনের কথা। অহনতরি পুরাপুরি ডাঙ্গর অয় নাই নূরজাহান আর তারে বিয়া করতে চায় মাওলানা সাবে? হেয় তো বসে দউবরার থিকাও বড়।
খালি বড় না, বহুত বড়।
আথকা হুজুরের এই মতলব অইলো ক্যা? নূরজাহানরে মনে অয় তার পছন্দ অইছে। আতাহারের মায় মইরা গেছে অহন তো বিয়া একখান হেয় করতেই পারে। তয় নূরজাহানরে খালি যে তার পছন্দ অইছে হেইডাই না, অন্য কারণ আছে।
কারণ আমি বুজছি আম্মা। ওই যে মাকুন্দার লেইগা মাওলানা সাবের মুখে নূরজাহান ছ্যাপ ছিড়াইয়া দিছিল…।
হেইডা তো মিট্টাই গেছিল।
হ আপনে হুজুররে কইছেন, আমি কইছি। হেয় তো তহন কইছে নূরজাহানরে হেয় মাপ কইরা দিছে।
অহন তো বাজান মনে অয় মাপ করে নাই।
হ ঘটনা আমি বুজছি। নূরজাহানের উপরে শোদ লওনের লেইগা অরে হেয় বিয়া করতে চায়।
দউরাও হেইডাঐ কইলো। আমার কাছে আইছিলো, আমি য্যান তোমারে কই। আর তুমি যুদি মাওলানা সাবরে কও তয় হেয় থাইম্মা যাইবো।
এনামুলের ভুরু কুঁচকে গেল। বাদলার দিকে তাকিয়ে বলল, ওই বাদলা, তর মা’রে ক তো আমারে আদা দিয়া এককাপ চা বানাইয়া দিতে।
বাদলা লাফ দিয়া উঠল। অহনঐ কইতাছি।
দুই লাফে রান্নঘরে ঢুকে গেল বাদলা।
এনামুল বলল, হায় হায় আমি দিহি খালি এককাপ চা’র কথা কইলাম।
দেলোয়ারা বললেন, তয় কয় কাপ কইবা? আপনে খাইবেন না আম্মা?
না বাজান। আমি চা তেমুন খাই না। হেইডা আমি জানি। এর লেইগাঐ মনে অয় কই নাই।
এনামুল যে একটু আনমনা তার কথায় দেলোয়ারা তা বুঝলেন। তারপর অন্যকথা বললেন। বাজান, দেশগেরামের বেবাক মাইনষে জানে, তুমি আমিও জানি মান্নান মাওলানা মানুষ ভাল না। বদ স্বভাবের। এমুন একজন মানুষরে মজজিদের ইমাম বানাইবা?
এইডা আম্মা আমিও চিন্তা করছি। তয় আমি তো তারে কথা দিয়া হালাইছি, অহন হেই কথা ফিরত নেওন ঠিক অইবো না। তয় মাওলানা সাবে দেশগেরামে আমার বদনাম কইয়া বেড়াইবো।
হ কথা ঠিক বাজান।
তয় আমিও কম ত্যান্দর না, মাওলানা সাবরে আমি বিরাট চাপের মইদ্যে রাখুম। ওই যে দেকলেন ওইবার মোতালেইব্বারে ঠিক করলাম, মাওলানা সাবরেও ওইরকম ঠিক কইরা হালামু।
রানঘর থেকে মাছ তরকারি বাগার দেওয়ার ঝাল ঝাল একটা গন্ধ আসছে। সেই গন্ধ নাকে টেনে এনামুল বলল, গাছির মাইয়াডাও কইলাম কম ট্যাটনি না আম্মা? এত মানুষজনের মইদ্যে মাওলানা সাবরে ছ্যাপ ছিড়াইয়া দিল? দারোগা পুলিশ কেঐরে ডরাইলো না? ছেমড়ির কইলাম বিরাট সাহস।
হেইডা তুমি ঠিক কইছো বাজান। তয় আমি তো পরে হাজামবাড়ির মাইনষের কাছ থিকা বেক কথা হুনছি। মাকুন্দারে যেই মাইরড়া মাওলানা সাবে আর তার পোলায়। মারছেলো, একটা বলদা নিরীহ মানুষের ওই চেহারা দেইক্কা সইজ্য করন মুশকিল।
হ এর লেইগাঐ ছেমড়ি ওই কাম করছে।
তয় বাজান দউবরা তো আমার কাছে আইয়া কানছে, হাতে পায়ে ধরছে। অর মাইয়াডার একটা বিহিত কইরা দেও।
দউবরা খাইগোবাড়িত যায় নাই ক্যা?
দেলোয়ারা অবাক। ওই বাইত্তে যাইবো ক্যা?
আপেল মেম্বরের কাছে বিচার দিতে পারে। চেরম্যানও তো ওই বাড়ির। তাগো কাছে বিচার দিলেঐত্তো বেক কিছু ঠিক অইয়া যায়।
দউবরা যে ক্যান ওই মিহি যায় নাই হেইডা আমি কইতে পারি না বাজান। তয় ও মনে করছে তুমি মজজিদ বানাইতাছো, তোমার মজজিদের ইমাম অইবো হেয়, তোমারে থুইয়া তাগো কাছে বিচার দিতে যাওন ঠিক অইবো না। আর বিচার ও দিতেও চায় না। বিচার দিলে মাওলানা সাবে আরও চেতবো। নিজে না পারলে আতাহাররে দিয়া নানানভাবে অগো উপরে অইত্যাচার করবো। এর লেইগা দউবরা চাইতাছে তুমি যুদি অন্যভাবে ভেজালডা। মিডাইয়া দেও।
