মাইয়ার নাম কমলা নি?
হ কমলা খাতুন। ওই গানের লাহান নাম। সুন্দরী কমলা। হে হে।
মান্নান মাওলানার বাড়িতে এসে হে হে করা হাসিটা এই প্রথম হাসল বসির। সেই হাসি খেয়াল করলেন না মান্নান মাওলানা। বললেন, হ হ বুজছি। তয় কেলাস নাইন তরি পড়াও কম না। আমার তো ইসকুল কলেজের পড়াডা আসলে দরকার নাই। আমার দরকার কোরান শরিফ পড়ন। হেইডা পারে তো?
ল্যাংড়া বসির হা হা কইরা উঠল। এইডা আপনে কী কইলেন হুজুর? মোসলমান ঘরের মাইয়া, বড়গিরস্ত বাড়ির মাইয়া কোরান শরিফ পড়তে পারবো না? বহুত ভাল পারে হুজুর। একদোম ছইি (সঠিক) কইরা পাড়ে। হোনলে আপনে বেউস অইয়া যাইবেন।
মাশাল্লা, মাশাল্লা।
শইল্লের রংখানও মাশাল্লা। দুধের লগে আলতা গোলাইয়া দিলে যেমুন রং অয় ঠিক অমুন রং। লাম্বাচুড়া আপনের ওই বড়পোলার বউর লাহান। চাইয়া দেহনের মতন মাইয়া। আপনের বাড়ির বউ অইয়া আইল দেগেরামের মাইনষে বউ দেইক্কা কইবো, না, মাওলানা সাবে পোলার বউ আনছে একখান। হাজারে একজন। হাজারে কী, লাখে একজন। হে হে।
মান্নান মাওলানা মুগ্ধ। বাহ্। তয় ওয়াজদ্দি সাবরে আমার পরিচয় দিছস?
দিছি।
হুইন্না কী কইলো?
খুশি, বেদম খুশি। কইলো এই রকম পাকপবিত্র বাড়ির পোলাঐত্তো আমি চাই। হুজুরের পোলা তো আর খারাপ অইতে পারে না। আলেমের ঘরে জালেম পয়দা অয় এইরকম কথা আমরা হুনছি। তয় বেবাক আলেমের ঘরে জালেম পয়দা অয় না। আলেমের ঘরে আলেমও অয়। আমি কইলাম, হ, আতাহার আলেম টাইপ। কী ঠিক কইছি না হুজুর। হে হে।
মান্নান মাওলানা গম্ভীর গলায় কথা অন্যদিকে ঘুরালেন। পোলায় যে আই এ ফেল, কাম কাইজ কিছুই করে না, এই হগল কছ নাই তো?
আরে না। পাগল অইছেন নি আপনে। আতাহার কী করে না করে সবঐত্তো জানি আমি, বিয়ার বাজারে এই হগল চলেনি। বিয়ার বাজারে জালেমরে আলেম কইতে অয়। হে হে। আমি ওইপদের কথাই কইছি। কইছি পোলা আই এ পাশ। কনটেকদারি করে।
মান্নান মাওলানা চমকাল। কনটেকদারি করে?
হ।
আথকা এইডা কইলি ক্যা?
কইলাম এতবড় কনটেকদার আলী আমজাদ অইলো আতাহারের দোস্ত। কনটেকদারগো লগে কনটেকদারেরঐত্তো দুস্তি অয়। কইছি ঢাকা-খুলনা মহাসড়কের মাটির কনটেকদার আলী আমজাদের লগে পার্টনারশিপে কনটেকদারি করে আতাহার সাবে। মাওলানা হুজুরের তো জাগাসম্পত্তির আকাল নাই, আকাল খালি নগদ টেকার। এর লেইগা অল্প পুঞ্জি (পুঁজি) লইয়া দোস্তের লগে কনটেকদারি ধরছে আতাহারে। অহন বিয়া কইরা হৌরবাড়ি থিকা টেকাপয়সা লইয়া বড়ভাবে কনটেকদারির কাম ধরবো। পার্টনারশিপে করবো না। কী কেমুন বানাইছি কথাখান, কন হুজুর? হে হে।
মান্নান মাওলানা হাসলেন। ভালঐ কইছস। কইলাম না তুই বিরাট ট্যাটন।
ল্যাংড়া বসির তার হে হে হাসিটা এইবার প্রাণ খুইলা হাসল। ট্যাটন না অইলে এই লাইনে কইরা খাওন যায় না হুজুর। ঘটকালির লাইনে যে যতবড় ট্যাটন তার ততবেশি পয়সা।
অহন পয়সার কথা ক।
আমি বুজছিলাম হুজুর, অহনঐ আপনে এই কথাডা কইবেন।
আরে বেড়া এইডাঐত্তো আসল কথা। কমু না?
হ কইবেন না?
তয় ক।
আগে মাইয়ার কথা বেকিছু হোনেন।
আর কী হুনুম, আর কী বাকি আছে?
আছে, আর ইট্টু কথা বাকি আছে।
তয় কইয়া ফালা।
বসির আমতা গলায় বলল, মাইয়ার চোক্কে হুজুর ছোট্ট একখান ডিফিকট (ডিফেক্ট) আছে।
মান্নান মাওলানা চমকালেন। মাইয়া কানা?
ওই দেহে হুজুরে কয় কী? আরে কানা অইবো ক্যা?
তয় কি ট্যাড়া?
অতি সামাইন্য, সামাইন্য ট্যারা। লক্ষ্মীট্যারা যারে কয়। এমতে দেইক্কা আপনে বুজবেন না। খ্যাল কইরা দেখলে বুজবেন। ওই চায় (তাকায়) দিল্লি, দেহে (দেখে) লাহোর ওইপদ না। হে হে।
মান্নান মাওলানা হতাশ হলেন। এইত্তো বেডা একখান ভেজালের মইদ্যে হালাইলি।
এইডা কোনও ভেজালঐ না। মাইয়া দেকলে যুদি আপনেগো পছন্দ না অয় তয় আমারে কইয়েন। অহন হুজুর আরেকখান কথাও আপনেরে কই, আপনের পোলার তো ডিফিকটের আকাল নাই। বড়ভাইর বউর লগে ইটিস পিটিস, মদপানি খাইয়া পইড়া থাকে, মস্তান, বিরাট মস্তান। আমি যতই কই আলেমের ঘরে আলেমঐ অইছে আতাহার, আসলে তো আলেম অয় নাই। অইছে তো জালেম। এইরকম পোলার কাছে কোন ভাল ঘরের মাইয়া বিয়া দিবো কন? আপনে মাইয়ার বাপ অইলে আপনে দিতেন? কন?
মান্নান মাওলানা কথা বললেন না।
বসির বলল, আপনে যা চান ওইডা পাইতে অইলে ইকটু ডিফিকট মিফিকট থাকা মাইয়া লাগে। ওয়াজদ্দিসাবের মাইয়া, সুন্দরী মাইয়া এই কারণে আপনের পোলার কাছে বিয়া দিতে রাজি অইবো। দুই-তিনলাখ টেকাও আমি নিয়া দিতে পারুম।
মাত্র দুই তিন-লাখ?
তয় কত?
লাখ দশেক দিবো না?
কন কী হুজুর? দশলাখ?
হ।
না এইডা মনে অয় সম্ভব না।
তয় কত সম্ভব?
বেশি ঠেলাঠেলি করলে চাইর-পাঁচতরি উটতে পারে।
তুই কথা কইয়া দেখ।
দেখতে পারি। তয় আমার অনুমানই ঠিক অইবো। বড়জোর চাইর-পাঁচ। আর লক্ষ্মীট্যারা মাইয়ারা ভাইগ্যবতি অয়। এই মাইয়ার লেইগাঐ বলে ওয়াজদ্দির এত উন্নতি। তিনপোলা বিদেশে। ওয়াজদ্দি সাবের এত জাগাসম্পত্তি। আপনে বিবেচনা করেন হুজুর। আগে মাইয়া দেহেন। বেবাকতে মিলা দেইখা বোজনের চেষ্টা করেন মাইয়া যে লক্ষ্মীট্যারা হেইডা ধরতে পারেন কি না। আর ওয়াজদ্দি সাবরাও পোলা দেহুক। আতাহাররে দেহুক। আতাহারের খোঁজখবর লউক। তারবাদে আমি টেকা পয়সার কথা ফাইনাল করুম নে।
