হ এই হগল খবর আমার কাছেও আছে।
এর লেইগা অনেকে করছে কী, জাপানি মাইয়া বিয়া কইরা ফালাইছে। জাপানি মাইয়া বিয়া করলেঐ কাগজপত্র অইয়া যায়। সারাজীবন জাপানে থাকন যায়। আপনের ছোড পোলায় মনে হয় এই কারবার করছে।
হেইডা কইরা থাকলে তো ভালঐ। আমি তো চাই ও জাপানি মাইয়া বিয়া করুক। হারাজীবন জাপানে থাকুক। আমারে খালি টেকা পাডাইলেই অইলো। আমার দরকার টেকার। বউ জাপানি না চিনা হেইডা দিয়া আমার কিছু যায় আহে না।
তয় হুজুর, জাপানি মাইয়া বিয়া করতে খরচা অনেক। জাপানি বউ লইয়া জাপানে থাকতেও ম্যালা খরচা। যেই হগল পোলা জাপানি বউ লইয়া জাপানে থাকে তারা দেশে বেশি টেকা পাডাইতে পারে না।
আরে না রে বেড়া, পারে। বউ ভাল অইলে পারে। খাড়েদজ্জাল অইলে পারে না। আমি তো হুনছি মুনশিগইঞ্জের ওইদিকে, সুখবাসপুর বজ্রযুগিনী এই হগল গেরামে পেরায় বাড়িতেই জাপানি বউ। জাপান ছাইড়া বিক্রমপুরে আইয়া সংসার করতাছে।
হ হেইডা ঠিক আছে। আবার অনেকের তো জাপানে একহান বউ আবার বাংলাদেশেও একহান বউ। এক বউয়ে জানে না আরেক বউয়ের কথা। আপনের পোলায় ইচ্ছা করলে এইডাও করতে পারে।
আরে বেড়া ও জাপানে বিয়া করছে কি না হেইডাঐত্তো জানি না। তারবাদে তো দেশে বিয়া করনের কথা উটবো।
তয় এইডার খবর লন। ফকিরবাড়ির একটা পোলা আছে না জাপানে, অরে দিয়া খবর লন।
হ এই চেষ্টা আমি করতাছি। এর মইদ্যে গেছিলাম একদিন ফকিরবাড়ি। পোলাডার নাম বুলবুল। বুলবুলের বাপ নাই, মা আছে। তারে আমি কইয়াইছি। হেয় বুলবুলরে জানাইবো। বুলবুল তারে জানাইলে হেয় জানাইবো আমারে।
কথার ফাঁকে ফাঁকে চা শেষ করছে বসির। কাপটা পাশে রাইখা বলল, জাপানে বিয়া করা না করা কোনও ব্যাপার না। জাপানি বউ রাইখা আপনের পোলায় যুদি দেশে আহে, যুদি বিয়া করতে চায়, ভাল মাইয়া আমি দিতে পারুম। কোনও অসুবিদা অইবো না। বছরে এক-দুইমাস দেশে আইয়া দেশি বউর কাছে থাকবো, আবার যহন জাপানে যাইবো জাপানি বউর লগে থাকবো। মামলা ডিসমিস।
আইচ্ছা ওইডা পাওয়া যাইবো নে। তুই অহন দউবরার কথা ক।
বসিরের খুব ইচ্ছা করল জেব থেকে সিগ্রেটের প্যাকেট বাইর কইরা একখান সিগ্রেট ধরায়। তয় সেইটা সম্ভব না দেইখা কথা বাড়াইয়া দিল। কথার তালে থাকলে সিগ্রেটের নেশা ভুইলা থাকা যাইবো।
হাসিমুখে বসির বলল, আস্তে আস্তে উপরে উঠি হুজুর।
মান্নান মাওলানা কথাটা বুঝলেন না। বললেন, অর্থ কী?
অর্থ হইল ছোট থিকা বড়। পয়লা আপনের ছোডপোলার কথা কইলাম, অহন কমু মাজারো পোলার কথা তারবাদে কমু পোলার বাপের কথা।
মান্নান মাওলানা হাসলেন। তুই বহুত ট্যাটনরে বইচ্ছা।
বসিরও হাসল। কথা বলল না।
মান্নান মাওলানা বললেন, আইচ্ছা ক। আতাহারের বিয়ার কথাই ক। বইলতলির মাইয়ার বাপে কী কইলো?
তারা মনে অইলো রাজি না।
ক্যা?
মনে অয় গোপনে আতাহারের খোঁজখবর লইছে।
কী খোঁজখবর?
পোলার সবাব চরিত্র। গার্জিয়ানরা যেই হগল খোঁজখবর লয় আর কী!
একটু থামল বসির, মাথা নিচা করল। মনে অয় বেবাক খবরই তারা জানছে।
কোন বেবাক খবর?
বড়ভাইর বউর লগে আতাহারের সম্পর্ক…
মান্নান মাওলানা খুবই অবাক হলেন। যা বেডা। এইডা তারা কেমতে জানবো? কই বইলতলি আর কই মেদিনমণ্ডল। এক গেরাম থিকা আরেক গেরাম ম্যালা দূর। এত দূর গেরামের এত গোপন খবর তারা কেমতে জানবো?
জানতে পারে হুজুর। পারুর মাজারো বইনের বিয়া হইছে পয়সা গেরামে। পয়সা আর বইলতলি পাশাপাশি গেরাম। ওই বাড়ি থিকাও জানতে পারে।
মাথার টুপি খুলে টাক মাথাটা হাতাতে লাগলেন মান্নান মাওলানা। চোখে মুখে চিন্তার ছায়া।
বসির কয়েক পলক তাঁকে খেয়াল করল তারপর বলল, তয় ওই সমন্দর থিকাও ভাল সমন্দ আইজ আমি আতাহারের লেইগা আনছি।
বসিরের মুখের দিকে তাকালেন মান্নান মাওলানা। সত্য।
তয় মিছা নি? আমার কারবারঐ ঘটকালির। এক সমন্দ না অইলে আরেক সমন্দ আনুম। দেরি করুম ক্যা? দেরি করলে আমার সংসার চলবো কেমতে?
অহনকার সমন্দ কোন গেরামের? কোন গেরামের মাইয়া?
গাদ্দা (গাওদিয়া)।
অবস্তা কেমুন?
বহুত ভাল। তিন ভাইয়ের এক বইন। তিন ভাইয়ের এক ভাই জাপানে আর দুই ভাই সৌদিতে। টেকাপয়সার আকাল নাই। বইন বেবাকতের ছোড। কেলাস নাইন তরি পড়ছে।
আরে থো তর কেলাস নাইন। আমার কেলাস মেলাস লাগবো না। কেলাস দিয়া আমি কী করুম? আমার কাম টেকার। যেইবাড়ির তিনপোলা বিদেশে হেই বাড়িতে টেকার আকাল নাই। এই সমন্দ তুই ঠিক কর।
ঠিক পেরায় আমি কইরা ফালাইছি।
আলহামদুলিল্লাহ। মাইয়া কেমুন?
মাইয়া কেমুন জিগাইলেননি?
হ।
পরি, পরি। বিরাট সুন্দরী মাইয়া। আদপ লেহাজ জানা।
আরে বেড়া বড়বাড়ির মাইয়া তো এমুনঐ অইবো। তয় লেখাপড়া এত কম ক্যা?
আপনে না কইলেন কেলাস মেলাস আপনের লাগবে না, তয় আবার লেখাপড়ার কথা জিগান ক্যা?
মান্নান মাওলানা একটু থতমত খাইলেন। না এই আর কী, জিগাইলাম আর কী!
তয় হোনেন, এইডা আমিও জিগাইছিলাম। মাইয়ার বাপের নাম ওয়াজদ্দি। জিগাইলাম, ওয়াজদ্দিসাব, মাইয়াডারে মেট্রিক পাশ করান নাই ক্যা? বিয়ার বাজারে মেট্রিক পাশটা আইজকাইল লাগে।
সে কী কইলো?
কইলো, হ এইডা আমি বুজি। তয় মাইয়াডা পড়তে চাইলো না। তিনপোলার পর এক মাইয়া তো, ইট্টু বেশি আল্লাইদ্যা। ও যেইডা কয় হেইডাঐ সই (ঠিক)। আমি আর অর মা’য় আর আমার তিনপোলায় কমলা যা কয় ওইডাই করি।
