চট করেই কুট্টিকে ছেড়ে দিল আলফু। ঠিকঐ কইছো। কোনও কিছু লইয়াঐ বাড়াবাড়ি ভাল না। তয় আমার কইলাম দোষ আছে একহান।
কী দোষ?
আমি কইলাম অনেক কিছু বোজতে চাই না। বহুত বাড়াবাড়ি করি।
হ আগে বুজি নাই, অহন বুজি।
বোজছো যহন তহন আমারে কইলাম শাসনে রাইখো।
কেমতে?
আমি যা চামু তাতেঐ লগে লগে রাজি অইয়ো না।
তয় কী করুম?
আগে চিন্তা করবা যে কামডা ঠিক হইবো কি না।
যদি ঠিক অয় করবা আর না অইলে লগে লগে আমারে ফিরাইবা।
অহন যেমুন ফিরাইলাম?
হ।
কুট্টি হাসল। আইচ্ছা।
একটু থেমে বলল, তয় আমিও তো কোনও কোনও সময় আপনের লাহান করতে পারি।
কেমুন?
আমিও অবুজ অইয়া যাইতে পারি, বাড়াবাড়ি করতে পারি।
এবার আলফু হাসল। তহন আমি তোমারে ফিরামু।
তয় আগে ফিরান নাই ক্যা?
আগে কবে?
ওই যে জ্বরের রাইত্রে। ক্যান ওদিন নাইলে তারপরে কোনওদিন আমারে কইতেন তুমি যা চাও হেইডা সম্ভব না। দ্যাশে আমার বউ আছে, ডাঙ্গর ডাঙ্গর পোলাপান আছে।
আমি কইলেঐ তুমি ফিরতা?
কইতে পারি না।
জানি, ফিরতা না। অহন যুদি আমি কই মনের কথা মনেঐ তুমি চাইপ্পা রাখো নাই ক্যান? আমারে কইছো ক্যান? আর আমার দ্যাশে যাওনের কথা হুইন্না মন খারাপ করছো। ক্যান। আমি যহন গেলাম না, তহন এত খুশি অইলা ক্যান? তারবাদেও কহেকদিন চুপচাপ রইলা। এক রাইত্রে আমারে ভাত দিয়া নিজের হাতখান বাড়াইয়া দিলা। রাইত্রে চইলা আইলা আমার বিছনায়। তারবাদে আইজ কও এই কথা, আমি তোমারে ফিরাই নাই ক্যান! আরে ক্যান ফিরামু? তুমি যেমতে চাইছো আমারে আমিও তো ওমতে চাইছি তোমারে!
আলফুর চোখের দিকে তাকিয়ে গভীর মায়াবী গলায় কুট্টি বলল, হারাজীবন এমতে চাইবেন তো?
চামু। যতদিন বাইচ্চা আছি এমতেঐ চামু তোমারে। তুমি আমারে যেই সুক দিছো এই সুক জিন্দেগিতে পাই নাই আমি। বউ আমার আছে কিন্তু এমুন সুক হেয় আমারে দিতে পারে নাই।
আমারেও পারে নাই নয়নের বাপে। আপনের লগে না থাকলে আমি কোনওদিন। বোজতামঐ না জিনিসটা এত সুকের। ওই সুক একবার পাইয়া মইরা গেলেও সুক। দুইন্নাইতে আর কিছু চাওনের থাকে না।
আসলে দুনিয়ার বেবাক কাম অয় আল্লার ইশারায়। আল্লায় যহন চাইছে তোমার আমার মিল অউক তহনঐ অইছে।
এই মিলডা য্যান আল্লায় জনম ভইরা রাখে।
রাখবো। লিশ্চই রাখবো।
আচমকা কুট্টি বলল, এইবার কন আইজ্জাদার বাইত্তে কী অইছে।
এক ভাবনা থেকে চট করেই আরেক ভাবনায় এল আলফু। হেয় তো পাঁচদিন ধইরা বাইত্তে আহে না।
কী?
হ। পাঁচদিন আগে গাওয়ালে গেছে অহনতরি আহে না। ভাবিছাবে কাইন্দা কাইট্টা অস্থির। পোলাপানডিও বাবা গো, বাবা গো কইরা কান্দে।
কন কী?
হ।
গাওয়াল করতে গেছিলো কই?
দিগলির ঐমিহি।
তয় ঐমিহি বিচড়াইতে পাডাইতো কাঔরে?
আইজ দুই পোলারে পাডাইছে। নাদের আর হামেদ গেছে।
অতডু অতড় পোলারা গিয়া কী খবর লইবো?
হেইডাঐত্তো কথা।
আইজ্জাদার আততিয় স্বজনগ খবর দেয় নাই?
দিছে। ভাবিছাবের ভাই বেরাদারগো, বইনজামাই আততিয় স্বজন বেবাকতেরেঐ জানাইছে। বেবাকতেঐ বিচড়াইতাছে। এই গেরামের মানুষজনও যে যেই মিহি যাইতাছে। হেই মিহিঐ বিচড়াইতাছে।
কুট্টি উদাস হল, চিন্তিত হল। মানুষ একবার হারাইয়া গেলে হেয় যুদি নিজে থিকা ফিরত না আহে তয় তারে আর বিচড়াইয়া বাইর করন যায় না। পাওয়া যায় না।
আলফু ভুরু কুঁচকাল। এই কথা কইলা ক্যা?
কইলাম আলাকাকার বাপের কথা চিন্তা কইরা। চল্লিশ-পাচ্চল্লিশ বচ্ছর আগে বাড়িত থিকা ইমামতির কামে গেল চানপুরের মতলব না কোন জাগায় জানি। আর কোনওদিন ফিরত আইলো না। হারাজীবন ধইরা দাদি তার লেইগা বইয়া রইলো। চাইরডা পোলাপান লইয়া কত কষ্ট করলো।
ঠিক কইছো! আইজ্জাদায়ও যুদি এমুন করে? যুদি আর কোনওদিন ফিরত না আহে।
আকথা কইয়েন না। আল্লায় য্যান অমুন কাম না করে। ভাবীছাবে মানুষ ভাল না। ছনুফুপুরে বহুত জ্বালাইছে, তারবাদেও আইজ্জাদায় যুদি ফিরত না আহে তয় এতডি পোলাপান লইয়া তার উপায় হইবো কী?
হ, ঠিকঐ। আমগো বেবাকতের উচিত আইজ্জাদারে বিচড়াইয়া বাইর করন। তয় আমার মনে অয় কোনও কামে হেয় আইটকা পড়ছে, দুই-চাইর দিন বাদে ফিরত আইবো।
আল্লায় য্যান তাই করে।
আলফুর চোখের দিকে তাকিয়ে কুট্টি বলল, আপনে কোনওদিন এমুন করবেন না তো?
আলফু অবাক। কেমুন?
কোনও কামের কথা কইয়া আমারে ছাইড়া যাইবেন আর ফিরত আইবেন না।
তোমার মনে অয় এমুন কাম আমি করতে পারি?
মাইনষের মনের কথা কওন যায় না।
তয় এই কথাডা তো তোমারেও আমি কইতে পারি। তুমিও তো আমারে ছাইড়া যাইতে পারো। আর ফিরত নাও আইতে পারো আমার কাছে।
হেইডা কেমতে অইবো?
ক্যান? অইতে পারে না?
অইতে পারে না। আমার যাওনের জাগা নাই। বহুতদিন আগে সতিনের সংসার থিকা ফিরত আইছি। মা-বাপে জাগা দেয় নাই বাইত্তে। মিয়াবাইত্তে আইয়া ঝিয়ের কাম লইছি। আততিয় স্বজন কেঐ কোনহানে নাই যে আমারে একওক্ত খাওন দিবো। এমুন মানুষ যাইবো কই!
কুট্টি যখন এভাবে কথা বলে আলফুর মন আশ্চর্য মমতায় ভরে যায়। ইচ্ছা করে দু’হাতে বুকে জড়িয়ে অনেকক্ষণ ধরে আদর করে দেয়।
এখনও করল। কিন্তু জড়িয়ে কুট্টিকে সে ধরল না।
কুট্টি বলল, আপনের দশা আমার লাহান না। আপনের যাওনের জাগা আছে। চরে আপনের দ্যাশ আছে, সংসার বউ পোলাপান আছে। একবার হেই চরে গিয়া আপনে যুদি আর ফিরত না আহেন, আমি কেমতে গিয়া আপনেরে বিচড়াইয়া আনুম? আর কোন মোকে বিচড়ামু? আমি তো আপনের বিয়া করা বউ না। আমার তো আপনের উপরে কোনও দাবি নাই। আপনে আমার মনের মানুষ এইডা অন্য মাইনষে বোজবো না। মাইনষে বোজতে চাইবো আপনের লগে আমার বিয়া অইছেনি। কবুল কইরা, কাবিন কইরা আপনে আমারে বিয়া করছেন নি।
