হাদিস নম্বরঃ ৫৪৭০ | 5470 | ۵٤۷۰
পরিচ্ছদঃ ২৩৯৩. নখ কাটা
৫৪৭০। আহমাদ ইবনু আবূ রাজা (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নাভির নীচের পশম কামানো, নখ কাটা ও গোঁফ ছোট করা মানুষের ফিতরাত।
হাদিস নম্বরঃ ৫৪৭১ | 5471 | ۵٤۷۱
পরিচ্ছদঃ ২৩৯৩. নখ কাটা
৫৪৭১। আহমাদ ইবনু ইউনুস (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ফিতরাত পাঁচটিঃ খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বোগলের পশম উপড়ে ফেলা।
হাদিস নম্বরঃ ৫৪৭২ | 5472 | ۵٤۷۲
পরিচ্ছদঃ ২৩৯৩. নখ কাটা
৫৪৭২। মুহাম্মদ ইবনু মিনহাল (রহঃ) … ইবনু উমর (রাঃ) সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবেঃ দাঁড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। ইবনু উমর (রাঃ) যখন হাজ্জে (হজ্জ) বা উমরা করতেন, তখন তিনি তার দাঁড়ি খাট করে ধরতেন এবং মুটের বাইরে যতটুকু অতিরিক্ত থাকত তা কেটে ফেলতেন।
হাদিস নম্বরঃ ৫৪৭৩ | 5473 | ۵٤۷۳
পরিচ্ছদঃ ২৩৯৪. দাঁড়ি বড় রাখা
৫৪৭৩। মুহাম্মদ (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ বেশী ছোট করবে এবং দাঁড়ি বড় রাখবে।
হাদিস নম্বরঃ ৫৪৭৪ | 5474 | ۵٤۷٤
পরিচ্ছদঃ ২৩৯৫. বার্ধক্যকালে (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা
৫৪৭৪। মুআল্লা ইবনু আসাদ (রহঃ) … মুহাম্মদ ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেনঃ বার্ধক্য তাকে অতি সামান্যই পেয়েছিল।
হাদিস নম্বরঃ ৫৪৭৫ | 5475 | ۵٤۷۵
পরিচ্ছদঃ ২৩৯৫. বার্ধক্যকালে (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা
৫৪৭৫। সুলায়মান ইবনু হারব (রহঃ) … সাবিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাঃ) কে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিযাব লাগান সম্পর্কে জিজাসা করা হল। তিনি বললেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব লাগাবার অবস্থা পর্যন্ত পৌছেননি। আমি যদি তার সাদা দাঁড়িগুলো গুণতে চাইতাম, তবে সহজেই গুণতে পারতাম।
হাদিস নম্বরঃ ৫৪৭৬ | 5476 | ۵٤۷٦
পরিচ্ছদঃ ২৩৯৫. বার্ধক্যকালে (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা
৫৪৭৬। মালিক ইবনু ইসমাঈল (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাওহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমাকে আমার পরিবারের লোকেরা এক পেয়ালা পানি সহ উম্মে সালামার কাছে পাঠাল। (উম্মে সালামার কাছে রক্ষিত) একটি রূপার (পানি ভর্তি) পাত্র থেকে (আনাসের পুত্র) ইসরাঈল তিনটি আঙ্গুল দিয়ে কিছু পানি তুলে নিল। ঐ পাত্রের মধ্যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি মুবারক চুল ছিল। কোন লোকের যদি চোখ লাগতো কিংবা অন্য কোন রোগ দেখা দিত তবে উম্মে সালামার কাছ থেকে পানি আনার জন্য একটি পাত্র পাঠিয়ে দিত। আমি সে পাত্রের মধ্যে একবার লক্ষ্য করলাম, দেখলাম লাল রং এর কয়েকটি চুল আছে।
হাদিস নম্বরঃ ৫৪৭৭ | 5477 | ۵٤۷۷
পরিচ্ছদঃ ২৩৯৫. বার্ধক্যকালে (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা
৫৪৭৭। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাওহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একবার) আমি উম্মে সালামার (রাঃ) নিকট গেলাম। তখন তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগান ছিল।
আবূ নু’আইম … ইবনু মাওহাবের সুত্রে বর্ননা করেছেন যে, উম্মে সালামা (রাঃ) তাকে (ইবনু মাওহাব) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাল রং এর চুল দেখিয়েছেন।
হাদিস নম্বরঃ ৫৪৭৮ | 5478 | ۵٤۷۸
পরিচ্ছদঃ ২৩৯৬. খিযাব
৫৪৭৮। হুমায়দী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়াহুদ ও নাসারারা (চুল ও দাঁড়িতে) রং লাগায় না। সুতরাং তোমরা তাদের বিপরীত করবে।
হাদিস নম্বরঃ ৫৪৭৯ | 5479 | ۵٤۷۹
পরিচ্ছদঃ ২৩৯৭. কোঁকড়ানো চুল
৫৪৭৯। ইসমাঈল (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বা ছিলেন না খাটও ছিলেন না। ধবধবে সাদা ছিলেন না, আর না ফ্যাকাশে সাদা ছিলেন। চুল অতিশয় কোঁকড়ানও ছিল না, আর সম্পূর্ণ সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়াত দান করেন। এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেন। ষাট বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দান করেন। এ সময় তার মাথায় ও দাঁড়িতে বিশটি চুলও সাদা হয়নি।
হাদিস নম্বরঃ ৫৪৮০ | 5480 | ۵٤۸۰
পরিচ্ছদঃ ২৩৯৭. কোঁকড়ানো চুল
৫৪৮০। মালিক ইবনু ইসমাঈল (রহঃ) … বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লাল জোড়া কাপড় পরিহিত অবস্থায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাউকে আমি অধিক সুন্দর দেখিনি। (ইমাম বুখারী বলেন) আমার জনৈক সংগী মালিক থেকে বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল তার কাঁধ পর্যন্ত পৌছতো। আবূ ইসহাক (রহঃ) বলেনঃ আমি বারা (রাঃ) কে একাধিকরার এ হাদীস বর্ননা করতে শুনেছি। যখনই তিনি এ হাদীস বর্ণনা করতেন, তখনই হেসে দিতেন। শুবা বলেছেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল তার উভয় কানের লতি পর্যন্ত পৌছতো।
