হাদিস নম্বরঃ ৫৪৬২ | 5462 | ۵٤٦۲
পরিচ্ছদঃ ২৩৮৭. হার ধার নেওয়া
৫৪৬২। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একবার কোন এক সফরে) আসমার একটি হার (আমার নিকট থেকে) হারিয়ে যায়। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন পুরুষ লোককে তার সন্ধানে পাঠান। এমন সময় সালাত (নামায/নামাজ) এর সময় উপস্থিত হল। তাদের কারও উযূ (ওজু/অজু/অযু) ছিল না এবং তারা পানিও পেল না। সুতরাং বিনা উযূ (ওজু/অজু/অযু)তেই তাঁরা সালাত (নামায/নামাজ) আদায় করে নিলেন। (ফিরে এসে) তারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ বিষয়টির উল্লেখ করলেন। তখন আল্লাহ তা’আলা তাইয়াম্মুমের আয়াত নাযিল করেন। ইবনু নুমায়র হিশামের সূত্রে এ কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ঐ হার আয়িশা (রাঃ) আসমা (রাঃ) থেকে হাওলাত (ধার) নিয়েছিলেন।
হাদিস নম্বরঃ ৫৪৬৩ | 5463 | ۵٤٦۳
পরিচ্ছদঃ ২৩৮৮. মহিলাদের কানের দুল। ইব্ন ‘আব্বাস (রাঃ) বলেন, নবী (সাঃ) (একবার) মহিলাদের সদাকাহ করার নির্দেশ দেন। তখন আমি দেখলাম, তারা তাদের নিজ নিজ কান ও গলার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন।
৫৪৬৩। হাজ্জাজ ইবনু মিনহাল (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) ঈদের দিনে দু’ রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করেন। না এর আগে তিনি কোন সালাত (নামায/নামাজ) আদায় করেন না এর পরে। তারপরে তিনি মহিলাদের কাছে আসেন, তখন তাঁর সাথে ছিলেন বিলাল (রাঃ) তিনি মহিলাদের সাদকা করার নির্দেশ দেন। তারা নিজেদের কানের দুল ছুড়ে ফেলতে লাগল।
হাদিস নম্বরঃ ৫৪৬৪ | 5464 | ۵٤٦٤
পরিচ্ছদঃ ২৩৮৯. শিশুদের মালা পরানো
৫৪৬৪। ইসহাক ইবনু ইবরাহীম হানযালী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনার কোন এক বাজারে ছিলাম। তিনি (বাজার থেকে) ফিরে আসলেন। আমিও ফিরে আসলাম। তিনি বললেনঃ ছোট শিশুটি কেথায়? এ কথা তিনবার বললেন। হাসান ইবনু আলীকে ডাক। দেখা গেল হাসান ইবনু আলী হেঁটে চলছে। তার গলায় ছিল মালা। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাবে তার হাত উত্তোলন করলেন। হাসানও এভারে নিজের হাত উত্তোলন করলেন। তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং বললেনঃ হে আল্লাহ আমি একে ভালবাসি, আপনিও তাকে ভালবাসুন এবং যে ব্যাক্তি তাকে ভালবাসে, তাকেও আপনি ভালসাসুন। আবূ হুরায়রা (রাঃ) বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একথা বলার পর থেকে হাসান ইবনু আলীর চেয়ে কেউ আমার কাছে অধিক প্রিয় হয়নি।
হাদিস নম্বরঃ ৫৪৬৫ | 5465 | ۵٤٦۵
পরিচ্ছদঃ ২৩৯০. পুরুষের নারীর বেশ ধারণ করা এবং নারীর পুরুষের বেশ ধারণ করা
৫৪৬৫। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব পুরুষকে লা’নত করেছেন। যারা নারীর বেশ ধারণ করে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধারণ করে।
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
হাদিস নম্বরঃ ৫৪৬৬ | 5466 | ۵٤٦٦
পরিচ্ছদঃ ২৩৯১. নারীর বেশধারী পুরুষদের ঘর থেকে বের করে দেওয়া
৫৪৬৬। মু’আয ইবনু ফাযালা (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদের উপর লা’নত করেছেন। তিনি বলেছেনঃ ওদেরকে ঘর থেকে বের করে দাও। ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন এবং উমর (রাঃ) অমুককে বের করে দিয়েছেন।
হাদিস নম্বরঃ ৫৪৬৭ | 5467 | ۵٤٦۷
পরিচ্ছদঃ ২৩৯১. নারীর বেশধারী পুরুষদের ঘর থেকে বের করে দেওয়া
৫৪৬৭। মালিক ইবনু ইসমাঈল (রহঃ) … উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার ঘরে ছিলেন। তখন ঐ ঘরে একজন হিজড়া ছিল। সে উম্মে সালামার ভাই আবদুল্লাহকে বলল হে আবদুল্লাহ! আগামী কাল তায়েফের উপর যদি তোমাদের জন্মলাভ হয় তবে আমি তোমাকে বিনত গায়লানকে দেখাবো। সে যখন সামনের দিকে আসো তখন (তার পেটে) চার ভাজ দৃষ্ট হয়। আর যখন সে পিছনের দিকে যায়, তখন (তার পিঠে) আট ভাজ দৃষ্ট হয়। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওরা যেন তোমাদের নিকট কখনও না আসে।
হাদিস নম্বরঃ ৫৪৬৮ | 5468 | ۵٤٦۸
পরিচ্ছদঃ ২৩৯২. গোঁফ ছাটা। ইব্নু ‘উমার (র) গোঁফ এতো ছোট করতেন যে, চামড়ার শুভ্রতা দেখা যেত এবং তিনি গোঁফ ও দাঁড়ির মাঝের পশম কেটে ফেলতেন।
৫৪৬৮। মাক্কী ইবনু ইবরাহীম (রহঃ) … ইবনু উমর (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিতঃ তিনি বলেছেনঃ গোঁফ কেটে ফেলা ফিতরাত (স্বভাবের) অন্তর্ভুক্ত।
হাদিস নম্বরঃ ৫৪৬৯ | 5469 | ۵٤٦۹
পরিচ্ছদঃ ২৩৯২. গোঁফ ছাটা। ইব্নু ‘উমার (র) গোঁফ এতো ছোট করতেন যে, চামড়ার শুভ্রতা দেখা যেত এবং তিনি গোঁফ ও দাঁড়ির মাঝের পশম কেটে ফেলতেন।
৫৪৬৯। আলী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন ফিতরাত (অর্থাৎ মানূষের সৃষ্টিগত স্বভাব) পাঁচটিঃ খাতনা করা, ক্ষুর ব্যবহার করা (নাভির নীচে), বোগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা।
