হাদিস নম্বরঃ ৫৫৩১ | 5531 | ۵۵۳۱
পরিচ্ছদঃ ২৪২০. ছবিযুক্ত কাপড় দিয়ে বসার আসন তৈরী করা
৫৫৩১। মুসাদ্দাদ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে প্রত্যাগমন করেন। সে সময় আমি নকশাদার (প্রানীর) ছবিযুক্ত কাপড় দিয়ে (ঘরের) পর্দা লটকিয়ে ছিলাম। আমাকে তিনি তা খুলে ফেলার হুকুম করেন। তখন আমি খুলে ফেললাম। আর আমি ও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে (পানি নিয়ে) গোসল করতাম।
হাদিস নম্বরঃ ৫৫৩২ | 5532 | ۵۵۳۲
পরিচ্ছদঃ ২৫২১. ছবির উপর বসা অপছন্দনীয়
৫৫৩২। হাজ্জাজ ইবনু মিনহাল (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি একবার ছবিযুক্ত গদি খরীদ করেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাহির থেকে এসে এ অবস্থা দেখে) দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন, প্রবেশ করলেন না। আমি বললামঃ যে পাপ আমি করেছি তা থেকে আল্লাহর কাছে তাওবা করছি। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ গদি কিসের জন্য? আমি বললামঃ আপনি এতে বসবেন ও হেলান দিবেন। তিনি বললেনঃ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে। তাদের বলা হবে, যা তোমরা তৈরি করেছিলে সেগুলো জীবিত কর। আর যে ঘরে ছবি থাকে সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না।
হাদিস নম্বরঃ ৫৫৩৩ | 5533 | ۵۵۳۳
পরিচ্ছদঃ ২৫২১. ছবির উপর বসা অপছন্দনীয়
৫৫৩৩। কুতায়বা (রহঃ) … রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে ছবি থাকে সে ঘরে ফিরিশতা প্রবেশ করে না। এ হাদীসের (এক রাবী) বুসর বলেনঃ যায়েদ একবার অসুস্থ হয়ে পড়ল। আমরা তার সেবা শুশ্রুষার জন্য গেলাম। তখন তার ঘরের দরজায় ছবিযুক্ত পর্দা দেখতে পেলাম। আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনা মায়মূনা (রাঃ) এর প্রতিপালিত উবায়দুল্লাহর কাছে জিজ্ঞাস করলাম, ছবি সম্পর্কে প্রথম দিনই যায়দ আমাদের কি জানায় নি? তখন উবায়দুল্লাহ বললেন, তিনি যখন বলেছিলেন তখন কি তুমি শুননি যে, কারুকার্য করা কাপড় ব্যাতিরেকে? ইবনু ওহাব অন্য সূত্রে আবূ তালহা (রাঃ) থেকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদীস বর্ণনা করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫৩৪ | 5534 | ۵۵۳٤
পরিচ্ছদঃ ২৪২২. ছবিযুক্ত কাপড়ে নামায পড়া মাকরূহ
৫৫৩৪। ইমরান ইবনু মায়সারা (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশা (রাঃ) এর নিকট কিছু পর্দার কাপড় ছিল, তা দিয়ে তিনি ঘরের এক দিকে পর্দা করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ আমার থেকে এটা সরিরে নাও, কেননা এর ছবিগুলো সালাত (নামায/নামাজ) এর মধ্যে আমাকে বাধার সৃষ্টি করে।
হাদিস নম্বরঃ ৫৫৩৫ | 5535 | ۵۵۳۵
পরিচ্ছদঃ ২৪২৩. যে ঘরে ছবি থাকে সে ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করেন না
৫৫৩৫। ইয়াহইয়া ইবনু সুলায়মান (রহঃ) … সালিমের পিতা (আবদুল্লাহ ইবনু উমর) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জিবরীল (আলাইহিস সালাম) (একবার) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (আগমনের) ওয়াদা করেন। কিন্তু তিনি আসতে দেরী করেন। এতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই কষ্ট হচ্ছিল। এরপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়লেন। তখন জিবরীলের সাথে তার সাক্ষাত হল। তিনি যে মানসিক কষ্ট পেয়েছিলেন সে বিষয়ে তার কাছে বর্ণনা করলেন। তখন জিবরীল (আলাইহিস সালাম) বললেনঃ যে ঘরে ছবি বা কুকুর থাকে সে ঘরে আমরা কখনও প্রবেশ করি না।
হাদিস নম্বরঃ ৫৫৩৬ | 5536 | ۵۵۳٦
পরিচ্ছদঃ ২৪২৪. যে ঘরে ছবি রয়েছে তাতে যিনি প্রবেশ করেন না
৫৫৩৬। আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন যে, (একবার) তিনি ছবিযুক্ত গদি খরিদ করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাহির থেকে এসে) যখন তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাঁড়িয়ে গেলেন। (ভিতবে) প্রবেশ করলেন না। [আয়িশা (রাঃ)] নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় অসন্তুষ্টির ভাব বুঝতে পারলেন। তখন তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ ও তার রাসুলের নিকট এ গুনাহ থেকে তাওবা করছি? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ গদি কোত্থেকে? আয়িশা (রাঃ) বললেনঃ আপনার বসার ও স্থান দেওয়ার জন্য আমি এটি খরীদ করেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেনঃ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে এবং তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। তিনি আরো বললেনঃ যে ঘরে (প্রানীর) ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করে না।
হাদিস নম্বরঃ ৫৫৩৭ | 5537 | ۵۵۳۷
পরিচ্ছদঃ ২৪২৫. ছবি নির্মানকারীকে যিনি লা’নত করেছেন
৫৫৩৭। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) … আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্নিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য কুকুরের মূল্য ও যিনাকারীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহিতা, সুদদাতা, অঙ্গ-প্রত্যঙ্গে (সূচের মাথা দিয়া ছিদ্র করে) উল্কি উৎকীর্নকারী ও তা করানোওয়ালা এবং ছবি নির্মাণকারীকে লানত করেছেন।
