হাদিস নম্বরঃ ৫৫২২ | 5522 | ۵۵۲۲
পরিচ্ছদঃ ২৪১৬. যে নারী অঙ্গ প্রতঙ্গে উলকি উৎকীর্ণ করায়
৫৫২২। যুহায়র ইবনু হারব (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) এর নিকট এক মহিলাকে আনা হল। সে অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করতো। তিনি দাঁড়ালেন এবং বললেন, আমি তোমাদের আল্লাহর কসম দিয়ে বলছি (তোমাদের মধ্যে) এমন কে আছে যে উল্কি উৎকীর্ন করা সম্পর্কে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছে? আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি দাঁড়িয়ে বললাম, হে আমীরুল মুমিনীন। আমি শুনেছি। তিনি বললেন, কি শুনেছ? আবূ হুরায়রা (রাঃ) বলেন আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মহিলারা যেন উল্কি উৎকীর্ন না করে এবং উল্কি উৎকীর্ণ না করায়।
হাদিস নম্বরঃ ৫৫২৩ | 5523 | ۵۵۲۳
পরিচ্ছদঃ ২৪১৬. যে নারী অঙ্গ প্রতঙ্গে উলকি উৎকীর্ণ করায়
৫৫২৩। মুসাদ্দাদ (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা ব্যবহারকারী এবং এ পেশা অবলম্বনকারী এবং উল্কি উৎকীর্ণকারী এবং তা গ্রহণকারী নারীদের লানত করেছেন।
হাদিস নম্বরঃ ৫৫২৪ | 5524 | ۵۵۲٤
পরিচ্ছদঃ ২৪১৬. যে নারী অঙ্গ প্রতঙ্গে উলকি উৎকীর্ণ করায়
৫৫২৪। মুহাম্মদ ইবনু মুসান্না (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সৌন্দর্য বৃদ্ধি করে যে নারী উল্কি উৎকীর্ণ করে ও করায়, যে নারী ভ্রু উপড়ে ফেলে এবং যে নারী দাঁত কেটে সরু করে দাঁতের মাঝখানে ফাঁক বানায়- যে কাজগুলি দ্বারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধিত হয়, এদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। আমি কেন তার উপর অভিশাপ বর্ষণ করবো না, যাদের উপর আল্লাহর রাসুল অভিশাপ বর্ষণ করেছেন। এবং মহান আল্লাহর কিতাবেই তা বিদ্যমান আছে।
হাদিস নম্বরঃ ৫৫২৫ | 5525 | ۵۵۲۵
পরিচ্ছদঃ ২৪১৭. ছবি
৫৫২৫। আদম (রহঃ) … আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ঐ ঘরেও না, যে ঘরে ছবি থাকে।
লায়স (রহঃ) আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (এ বিষয়ে) শুনেছি।
হাদিস নম্বরঃ ৫৫২৬ | 5526 | ۵۵۲٦
পরিচ্ছদঃ ২৪১৮. ক্বিয়ামতের দিন ছবি নির্মাতাদের শাস্তি প্রসঙ্গে
৫৫২৬। হুমায়দী (রহঃ) … মুসলিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (একবার) মাসরুকের সাথে ইয়াসার ইবনু নুমায়রের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মুর্তি দেখতে পেয়ে বললেনঃ আমি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে শুনেছি এবং তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
হাদিস নম্বরঃ ৫৫২৭ | 5527 | ۵۵۲۷
পরিচ্ছদঃ ২৪১৮. ক্বিয়ামতের দিন ছবি নির্মাতাদের শাস্তি প্রসঙ্গে
৫৫২৭। ইবরাহীম ইবনু মুনযির (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যারা এ জাতীয় (প্রানীর) ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর।
হাদিস নম্বরঃ ৫৫২৮ | 5528 | ۵۵۲۸
পরিচ্ছদঃ ২৪১৯. ছবি ভেঙ্গে ফেলা
৫৫২৮। মু’আয ইবনু ফাযালা (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙ্গে ছাড়তেন না, যাতে কোন (প্রানীর) ছবি থাকত।
হাদিস নম্বরঃ ৫৫২৯ | 5529 | ۵۵۲۹
পরিচ্ছদঃ ২৪১৯. ছবি ভেঙ্গে ফেলা
৫৫২৯। মূসা (রহঃ) … আবূ যুর’আ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) এর সাথে মদিনার এক ঘরে প্রবেশ করি। ঘরের উপরে এক ছবি নির্মাতাকে তিনি ছবি তৈরী করতে দেখলেন। তিনি বললেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। (আল্লাহ বলেছেন) ঐ ব্যাক্তির চেয়ে অধিক যালিম আর কে, যে আমার সৃষ্টির অনুরূপ কোন কিছু সৃষ্টি করতে যায়? তা হলে তারা একটি দানা সৃষ্টি করুক অথবা একটি অণুপরিমাণ কণা সৃষ্টি করুক? তারপর তিনি একটি পানির পাত্র চেয়ে আনালেন এবং (উযূ (ওজু/অজু/অযু) করতে গিয়ে) বোগল পর্যন্ত দু’হাত ধুইলেন। আমি জিজ্ঞাসা করলামঃ হে আবূ হুরায়রা! (এ ব্যাপারে) আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন কি? তিনি বললেনঃ (হ্যাঁ, শুনেছি) অলংকার পরার শেষ প্রান্ত পর্যন্ত (ধোয়া উত্তম)।
হাদিস নম্বরঃ ৫৫৩০ | 5530 | ۵۵۳۰
পরিচ্ছদঃ ২৪২০. ছবিযুক্ত কাপড় দিয়ে বসার আসন তৈরী করা
৫৫৩০। আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাবুক যুদ্ধের) সফর থেকে প্রত্যাগমন করলেন। আমি আমার কক্ষে পাতলা কাপড়ের পর্দা টাঙ্গিয়েছিলাম। তাতে ছিল (প্রানীর) অনেকগুলো ছবি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, তখন তা ছিড়ে ফেললেন এবং বললেনঃ কিয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন আযাব হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রানীর) অনুরূপ তৈরি করবে। আয়িশা (রাঃ) বলেনঃ এরপর আমরা তা দিয়ে একটি বা দু’টি বসার আসন তৈরি করি।
