‘বরেন্দ্রীতে জগদ্দল মহাবিহার, এই দেশেই বোধিসত্ত্ব লোকেশ ও তারার মন্দির। ইহার স্কন্দনগর এবং বহুমন্দির শোভিত শোণিতপুর (বাণগড়-কোটীবর্ষ) নগরে অসংখ্য ব্ৰাহ্মণের বাস। এই ভূমির দুই প্রান্তে গঙ্গা ও করতোয়া, আর পুনর্ভবার তীরে প্রসিদ্ধ তীর্থঘাট। বরেন্দ্রীতে প্রচুর বৃহৎ বৃহৎ জলাশয় (বিল?); সেই জলাশয় হইতে বলভী ও ক্ষীণতেীয়া কালিনদীর উদ্ভব। স্থানে স্থানে কোকিল কৃজিত, কন্দ-লকুচ-শ্ৰীফল-লবলী-করুণা-প্রিয়ালা শোভিত উদ্যান; মাঠে মাঠে নানা প্রকারের ধানের ক্ষেত, এলার ক্ষেত, প্রিয়ঙ্গুলতা এবং ইক্ষু ও বাঁশের ঝাড়, অগণিত মহুয়া, সুপারী ও নারিকেল গাছ। জলাশয়ে জলাশয়ে নীল ও লাল পদ্ম, গৃহপ্রাঙ্গণে কনক (চম্পক) ও কেতক ফুলের গাছ; আকাশে বিস্তৃত ও দ্রুতসঞ্চারমান প্রচুর বারিবর্ষ মেঘ।‘
লক্ষ্মণসেনের আনুলিয়া-লিপিতে শালিধান্যভারাবনত শস্যক্ষেত্র এবং রমণীয় উদ্যান শোভিত। গ্রামের উল্লেখ আছে; অন্যান্য ২/১টি লিপিতেও ধান্যভারাবনত শস্যসমৃদ্ধ গ্রাম্য শোভার ইঙ্গিত আছে। দুই একটি গ্রামে হর্ম্যাবলীর কথাও আছে।
বর্ষায় ও হেমন্তে বাঙলার গ্রাম-বর্ণনা, গ্রাম্য কৃষকের চিত্র প্রভৃতি সদুক্তিকর্ণামৃত-গ্ৰন্থ হইতে অন্যত্র উদ্ধার করিয়াছি (দেশ-পরিচয় প্রসঙ্গে জলবায়ু-বৰ্ণনা দ্রষ্টব্য)। শালিধান্য ও ইক্ষুশস্য সমৃদ্ধ এবং ইক্ষুযন্ত্রধ্বনিমুখরিত বাঙলার টুকরা টুকরা চিত্র লিপিমালায় এবং সমসাময়িক সাহিত্যে অন্যত্রও পাওয়া যায়।
গ্রামগুলি মোটামুটি অপরিবর্তিত, কিন্তু প্রাচীন বাঙলার নগরগুলি সম্বন্ধে তাহা বলা চলে না। বলিয়াই মনে হইতেছে। খ্ৰীষ্টপূর্ব শতক হইতে আরম্ভ করিয়া ষষ্ঠ-সপ্তম শতক পর্যন্ত যতগুলি নগরের খবর পাওয়া যাইতেছে, তাহার অধিকাংশই যেন প্রধানত ব্যাবসা-বাণিজ্য নির্ভর। তাম্রলিপ্তিতে তো বটেই, এমন কি পুণ্ড্রনগর, বর্ধমান, গঙ্গাবিন্দর-নগর, নব্যাবকাশিকা-নগর, বারকমণ্ডল-বিষয়ের-নগর প্রভৃতি সমস্ত নগরই সুপ্ৰশস্ত ব্যাবসা-বাণিজ্য পথের উপর অবস্থিত। তাম্রলিপ্ত, গঙ্গাবিন্দর ও পুণ্ড্রনগর সম্বন্ধে যে-সমস্ত বিবরণ প্রাচীন সাহিত্যগ্রন্থ, চীনপরিব্রাজকদের বিবরণ, পাশ্চাত্য বণিক ও ভৌগোলিকদের বিবরণ ইত্যাদির মধ্যে পাইতেছি, তাহাতে এ-সম্বন্ধে কোনও সংশয় থাকে না। নব্যাবকাশিকা-বারকমণ্ডল-পুণ্ড্রভুনগর-বর্ধমানে শাসনকেন্দ্র প্রতিষ্ঠিত ছিল সন্দেহ নাই; কিন্তু ইহাদের গুরুত্ব ও মর্যাদা যেন বাণিজ্য-সমৃদ্ধির উপরই নির্ভর করিত; পুণ্ড্রনগরের ক্ষেত্রে তীর্থমহিমাও অবশ্যই কার্যকরী ছিল। এই উভয় কারণের জন্যই হয়তো মৌর্য ও গুপ্তরাজারা এইখানেই শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করিয়াছিলেন। গঙ্গা-বন্দর ও তাম্রলিপ্তির গুরুত্ব নিরঙ্কুশ ব্যাবসা-বাণিজ্যের উপর। কোটীবর্ষ, পঞ্চনগরী, পুষ্করণ, প্রভৃতি নগর প্রধানত রাষ্ট্ৰীয় ও সামরিক প্রয়োজনে হয়তো গড়িয়া উঠিয়াছিল, কিন্তু কোটীবর্ষের অবস্থান এবং প্রাচীন সাহিত্যের উল্লেখ-ইঙ্গিতে মনে হয়, এই নগরের কিছু কিছু বাণিজ্য এবং তীর্থমহিমাও ছিল। বস্তুত, অন্তত ষষ্ঠ-সপ্তম শতক পর্যন্ত প্রাচীন বাঙলার সব কয়টি নগরেরই অবস্থিতি ও বিবরণ যতটুকু জানা যায়, তাহাতে মনে হয়, ব্যাবসা-বাণিজ্য বিবেচনার উপরই ইহাদের অস্তিত্ব ও মর্যাদা প্রধানত নির্ভর করিত। বাৎস্যায়নের কামসূত্রে বাঙলার নগর-সভ্যতার যে সমসাময়িক চিত্র দৃষ্টিগোচর হয়, তাহাতেও সদাগরী ধনতন্ত্রের লক্ষণ সুস্পষ্ট। কিন্তু সপ্তম শতক ও তাহার পর হইতে ব্যাবসা-বাণিজ্য, বিশেষত সামুদ্রিক বহির্বাণিজ্যের অবনতির সঙ্গে সঙ্গে প্রাচীন বাঙলার নগরগুলির আকৃতি ও প্রকৃতি ধীরে ধীরে বদলাইতে আরম্ভ করে। সপ্তম শতকে য়ুয়ান-চোয়াঙ বাঙলার যে-কয়টি নগরের বিবরণ দিতেছেন, তাহাদের মধ্যে এক তাম্রলিপ্তি ছাড়া আর একটিরও বাণিজ্য-প্রাধান্যের ইঙ্গিত নাই, বরং রাষ্ট্ৰীয় প্রয়োজন-প্রেরণার ইঙ্গিত আছে। কর্ণসুবর্ণ, ঔদুম্বর নগর, ক্যঙ্গল-নগর, সমতট-নগর, এমন কি পুণ্ড্রনগর সম্বন্ধেও য়ুয়ান-চোয়াঙের বর্ণনার ইঙ্গিত লক্ষণীয়। অষ্টম-নবম শতক হইতে আরম্ভ করিয়া হিন্দু আমলের শেষ পর্যন্ত যে-কয়টি নগরের বর্ণনা উপরে কবা হইয়াছে, তাহাদের ভৌগোলিক অবস্থিতি, নগর-বিন্যাস এবং সমসাময়িক উল্লেখের ইঙ্গিত একটু সূক্ষ্ম বিশ্লেষণ করিয়া দেখিলে মনে হওয়া স্বাভাবিক যে, অধিকাংশ নগরের পশ্চাতে রাষ্ট্রীয়, বিশেষভাবে সামরিক প্রয়োজন-বিবেচনা সক্রয় ছিল। মুদগগিরি, বিলাসপুর, হরধাম, রামাবতী, লক্ষ্মণাবতী, বিজয়পুর, সপ্তগ্রাম, বিক্রমপুর, সুবর্ণ গ্রাম, পট্টিকেরা প্রভৃতি সমস্ত নগর সম্বন্ধেই এই উক্তি প্রযোজ্য। দুই একটি নগর, যেমন ত্ৰিবেণী, নবদ্বীপ, সোমপুর এবং অন্যান্য বৌদ্ধ বিহার-নগর প্রভৃতির পশ্চাতে হয়তো ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রয়োজন-প্রেরণাই প্রধান বিবেচনার বিষয় ছিল। অন্যত্র সর্বত্রই এই প্রয়োজন-বিবেচনা গৌণ।
রামাবতী ও বিজয়পুরের যে বর্ণনা যথাক্রমে রামচরিত ও পবনদূতে পাইতেছি, মহাস্থান-বাণগড়-রামপাল-পট্টিকেরা প্রভৃতি নগরের ধ্বংসাবশেষের মধ্যে নগর-বিন্যাসের যে-চিত্র উদঘাটিত হইতেছে তাহা সমস্তই অষ্টম শতক পরবর্তী। বলা বাহুল্য, যে ভাবে নগরগুলি অবস্থিত ও বিন্যস্ত তাহাতে সামরিক ও রাষ্ট্রীয় প্রয়োজন, রাজকীয় প্রয়োজন এবং ধন ও বংশাভিমান-সমৃদ্ধ অভিজাত শ্রেণীসমূহের প্রয়োজনকেই গুরুত্ব দেওয়া হইয়াছে বেশি। রামাবতী-লক্ষ্মণাবতী দুইই গঙ্গা-মহানন্দার সঙ্গমে রাজমহল গিরিবর্ক্সের প্রবেশ মুখের প্রহরী; পুণ্ড্রনগর করতোয়ার উপর; কোটীবর্ষ পূনর্ভবার তীরে; রামপাল ইচ্ছামতী-ব্ৰহ্মপুত্রের সঙ্গমে; পট্টিকেরা গোমতী নদী ও ময়নামতী পাহাড়ের ক্রেগড়ে; বিজয়পুর ভাগীরথী-যমুনা-সরস্বতী এই ত্ৰিবেণী সঙ্গমের অদূরে। মহাস্থান-বাণগড়- রামপালের ধ্বংসাবশেষ বিশ্লেষণে দেখা যাইতেছে, প্রত্যেকটি নগরই প্রাকার-বেষ্টিত এবং প্রাকারের পরেই পরিখা। নগর হইতে, নগরোপকণ্ঠে বা নদীর ঘাটে ঘাইবার জন্য প্রাকারের প্রত্যেক দিকেই এক বা একাধিক নগরদ্বার এবং পরিখার উপর দিয়া সেতু। পরিখার অপর পারে নগরোপকণ্ঠে সমাজ-সেবক, সমাজ-শ্রমিক এবং নগর-নির্ভর কুটুম্ব-গৃহস্থদের বাস; কোথাও কোথাও মন্দির, সংঘ, বিহার প্রভৃতিও আছে। নগরাভ্যন্তরে উচ্চতর ভূমির উপর প্রাচীর-বেষ্টিত রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের সংলগ্ন রাজকীয় এবং শাসনকাৰ্যসংক্রান্ত অট্টালিকাদি। সোজা সরল রেখায় পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে লম্ববান রাজপথদ্বারা সমস্ত নগরভূমি পৃথক পৃথক চতুর্ভুজে বিভক্ত; রাজপথের দুইধারে সমান্তরালে প্রাসাদোপম আবাস-সৌধশ্রেণী, আপণি-বিপণি প্রভৃতি: তাহা ছাড়া, হাট-বাজার, মন্দির, প্রমোদোদ্যান, দীঘি, পুষ্করিণী, বিহার প্রভৃতি তো ছিলই; য়ুয়ান-চেয়াঙের বর্ণনায়ও তাহার আভাস পাওয়া যাইতেছে। রামাবতী ও বিজয়পুরের কাব্যময় বর্ণনাতেও পাইতেছি, সুপ্ৰশস্ত রাজপথের দুইধারে সমান্তরালবতী সুউচ্চ সুরম্য প্রাসাদোপম অট্টালিকাশ্রেণী, প্রত্যেক অট্টালিকার চূড়ায় সুবৰ্ণকলস; মন্দির, বিহার, প্রমোদোদ্যান; বৃহৎ দীঘির চারিধার তালবৃক্ষ ও সুসজ্জিত প্রস্তরখণ্ডদ্বারা শোভিত ও অলঙ্কত।
