রমিজ ও লায়লা আহমদ মুসার পাশে এসে দাঁড়িয়েছিল। রমিজ দগ্ধ গাড়ির দিকে চেয়ে বলল, আপনাদের সবকিছুই তো পুড়ে গেল।
আহমদ মুসা হাসল। বলল, আলহামদুলিল্লাহ আমরা আছি।
–পুলিশকে জানানো দরকার নয় কি? বলল রমিজ।
–ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কেউ না জানুক কার গাড়ি পুড়ল। আহমদ মুসা হেসে বলল।
–বিপদটা গাড়ির উপর দিয়েই গেল মনে করেন?
আহমদ মুসা চারদিকে দেখছিল। সেই এবড়ো থেবড়ো মুখওয়ালা লোক এবং তার সাথীকে কোথাও দেখলনা। গাড়ি ধ্বংস করে কোথায় গেল তারা? তারা তো চলে যাবে না, তাদের অপারেশনই তো বাকি। কোন ফাঁদ পেতেছে তারা? হতে পারে।
–না, গাড়ি ধ্বংস ভূমিকা মাত্র। আসল বিপদটা সামনে। বলল আহমদ মুসা।
রজিম এবং লায়লার চোখে আশংকা ও উদ্বেগের অন্ধকার আরও গভীর হলো।
–আপনারা এখন কি করবেন? বলল রমিজ।
–যুগোশ্লাভ সীমান্তে পৌঁছা যায়, এমন বাস বা গাড়ি কোথায় পাওয়া যাবে?
–কেন্দ্রীয় বাস টার্মিনালে।
–কোথায়, কতদূর টার্মিনাল?
–আমাদের গাড়ি আছে, চলুন পৌঁছে দেব। বলল রমিজ।
রমিজের গাড়ি হোটেলের পাশেই একটা ডিপার্টমেন্টাল ষ্টোরের লনে দাঁড়িয়েছিল তারা আসলে এসেছিল বাজার করতে। খাওয়ার সময় হয়ে যাওয়ায় তারা হোটেলে খেয়ে নিল।
রমিজ গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসল। তার পাশের সিটে লায়লা লিডিয়া। পেছনের সিটে আহমদ মুসা ও হাসান সেনজিক বসল।
গাড়িতে উঠে সেনজিক জিজ্ঞেস করল, বাস টার্মিনাল কতদূর?
–প্রায় ৪ মাইল হবে, দ্রিনি ব্রীজের ওপারে একদম শহরের পূর্ব প্রান্তে। গাড়ি চলতে শুরু করেছে। সবাই চুপচাপ।
আহমদ মুসার শান্ত দৃষ্টি সামনে প্রসারিত। কিন্তু সে শান্ত দৃষ্টির অন্তরালে চিন্তার এক ঝড় বইছে। ওরা গাড়ি ধ্বংস করে সরে পড়ল কেন? হোটেলের যে পরিবেশ ছিল সেখানে তো তারা অভিযান চালাতে পারতো হাসান সেনজিককে ধরার জন্যে। কিন্ত সেটা তারা করল না কেন? এর একটা ব্যাখ্যা এই হতে পারে, আহমদ মুসা ভাবল, যে তারা প্রকাশ্যে এ ধরণের অভিযান চালাতে ভয় পাচ্ছে। এর অর্থ এই যে, তারা পুলিশের কাছে প্রকাশ হতে চায় না। এসব চিন্তা থেকে আহমদ মুসা এই সিদ্ধান্তে পৌঁছল যে, এরা মিলেশ বাহিনীর লোক হোক কিংবা তাদের কোন এজেন্ট, পুলিশকে ভয় করার মত ক্রিমিনাল এরা। গোপনে এরা কাজ সারতে চায়। গাড়ি ধ্বংস করে আমাদের বিপদে ফেলার পর তারা নিশ্চয় ওঁৎ পেতে আছে নিরাপদ কোন জায়গায়। একটা বিষয় ভেবে আহমদ মুসা খুব খুশী হলো, ক্রিমিনালরা মনের দিক দিয়ে খুব দুর্বল হয়।
–আপনাদের নাম জিজ্ঞাসা করা হয়নি।
গাড়ি ড্রাইভরত এভরেন রমিজ সামনে দৃষ্টি রেখে অনেকটা স্বগত কণ্ঠেই বলল।
আহমদ মুসা একটু হাসল। বলল, আমিও ভুলে গেছি আমার নাম বলতে। আমার নাম আহমদ মুসা, আর এর নাম হাসান সেনজিক।
–আপনাদের সামনে দাঁড়ানো এই প্রবল শত্রুকে আমরা কি জানতে পরি? বলল লায়লা।
–আপনারা মিলেশ বাহিনীর নাম শুনেছেন?
–শুনেছি। ছেলেটি অর্থাৎ এভরেন রমিজ জবাব দিল।
–স্টিফেন পরিবারকে চিনেন, যুগোশ্লাভিয়ার স্টিফেন পরিবারের নাম শুনেছেন?
–শুনেছি। বিখ্যাত পরিবার। যুবকটিই বলল।
–এটুকু আমরা শুনেছি যে, এই পরিবারের পুরুষ সন্তানরা অব্যাহতভাবে গুপ্ত হত্যার শিকার হয়ে আসছে। আর কিছু জানি না। লায়লা লিডিয়া বলল।
–এই হত্যাকান্ড ঘটাচ্ছে খৃস্টান মিলেশ বাহিনী। বলল আহমদ মুসা।
–এই বাহিনী তো বলকান অঞ্চল থেকে মুসলমানদের নির্মুল করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। বলল এভরেন রমিজ।
–ঠিক বলেছেন, এদের বিশেষ রাগ স্টিফেন পরিবারের উপর।
–জি, সেটাও জানি। সার্বিয়ার স্টিফেন রাজ সুলতান বায়েজিদের সাথে বোনকে বিয়ে দিয়েছিলেন এবং খৃস্টানদের মিলিত শক্তির বিরুদ্ধে সুলতানকে সমর্থন দিয়ে গেছেন। বলকান অঞ্চলে ইসলাম প্রচারে প্রভূত সাহায্য করেছে এই পরিবার। বলল এভরেন রমিজ।
–হাসান সেনজিক স্টিফেন পরিবারের প্রত্যক্ষ এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ উত্তরসূরী।
লায়লা লিডিয়া এবং এভরেন রমিজ দু’জনেই একযোগে পেছনে তাকাল। তাদের দৃষ্টি হাসান সেনজিকের দিকে।
আহমদ মুসা হাসান সেনজিকের সব কাহিনী সংক্ষেপে বলে উপসংহার টানল, জানিনা হিংস্র, রক্তপায়ী মিলেশ বাহিনীর উদ্যত খড়গের মধ্যে দিয়ে আমরা হাসান সেনজিকের মা’র কাছে পৌছতে পারবো কিনা। আহমদ মুসা থামল।
আহমদ মুসা থামার কিছুক্ষণ পর লায়লা বলল, খুব খুশী হয়েছি। আপনাদের সাফল্য কামনা করি।
আহমদ মুসাদের গাড়ি মাঝারি গতিতে চলছিল। অনেক গাড়ি এ গাড়িকে ডিঙিয়ে গেল। অবশ্য গাড়ির ভীড় এখন খুব কম। এ সময়টা অফিস, মিল কারখানা, দোকান সব কিছুর ওয়ার্কিং আওয়ার।
গাড়ি দ্রিনি ব্রীজের সামনে এসে পড়লো। এদিকে গাড়ি চলাচল নেই বললেই চলে। কাকেজী শহরের পূর্ব প্রান্তে এ ব্রীজটি। গাড়িটি দ্রিনি ব্রীজের উপর উঠল। দ্রিনি ব্রীজ জনশুণ্য, গাড়ি-ঘোড়া কিছু নেই।
আহমদ মুসাদের গাড়ি ব্রীজের মাঝ বরাবর এসেছে। এমন সময় বিপরীত দিক থেকে একটা জীপ বিপজ্জনক গতিতে আহমদ মুসাদের গাড়ির ঠিক নাক বরাবর ছুটে আসছে দেখা গেল।
আহমদ মুসাদের গাড়ির চালক এভরেন রমিজ পাগলা জীপটিকে পাশ কাটানোর জন্য শেষ মুহূর্তে ডান দিকে মোড় নিয়েছিল। কিন্তু পাগলা জীপটিও মোড় নিয়ে আহমদ মুসাদের গাড়ির পথ রোধ করে দাঁড়িয়ে গেল।
জীপটি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দু’জন লোক পিস্তল বাগিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে পড়ল। তাদের টার্গেট আহমদ মুসা ও হাসান সেনজিক। ছুটে এল তারা তাদের দিকে।
হাসান সেনজিক পেছনের সিটে তাদের সামনেই বসে ছিল।
পিস্তল বাগিয়ে দু’জন গাড়ির পেছনের দরজার সামনে এসেই একজন গাড়ির দরজা খুলে হাসান সেনজিককে টেনে বের করে নিল।
আরেকজন আহমদ মুসার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল।
আহমদ মুসা লোকটির চোখে চোখ রেখে নিরীহ মানুষের মত আর্ত কণ্ঠে বলতে লাগল, আপনারা কে? কি দোষে তাকে আপনারা এভাবে ধরে নিয়ে যাচ্ছেন?
বলতে বলতে আহমদ মুসা গাড়ির খোলা দরজা দিয়ে বেরিয়ে এল।
লোকটি মাত্র দেড় গজ দূরে আহমদ মুসার কপাল বরাবর পিস্তল তাক করে দাঁড়িয়ে। আহমদ মুসা উঠে দাঁড়ালে লোকটি বলল, কোন চালাকি করার চেষ্টা করলে মাথা গুড়িয়ে দেব।
আহমদ মুসা সারেন্ডারের ভংগীতে দু’হাত উপরে তুলতে তুলতে সামনের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল।
পিস্তলধারী লোকটি চমকে উঠে কি ঘটেছে তা দেখার জন্য চোখটা একটু পেছনের দিকে ঘুরিয়ে নিয়েছিল।
সংগে সংগে আহমদ মুসা বাজের মত ছোঁ দিয়ে পিস্তলটি কেড়ে নিয়ে ডান পা দিয়ে প্রচন্ড এক লাথি মারল লোকটির তলপেটে।
মুখে “কোৎ” করে শব্দ তুলে লোকটি বাকা হয়ে বসে পড়লো মাটিতে।
লোকটিকে দম নেবার সুযোগ না দিয়ে আহমদ মুসা ডান পায়ের আরেকটি লাথির নিম্নচাপ ছুড়ে দিল লোকটির হাটুর লক্ষ্যে। বোধহয় হাটুটি ভেঙে গেল।
এবার লোকটি একটা প্রচন্ড আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়লো।
যে লোকটি হাসান সেনজিককে টেনে গাড়িতে তুলছিল সে শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে ছিল। ফিরে তাকিয়েই সে হাসান সেনজিককে ছেড়ে দিয়ে হাতের পিস্তল ঘুরিয়ে নিচ্ছিল।
এই সুযোগে মুহূ্র্তেই হাসান সেনজিক পেছনদিক থেকে পিস্তলধারী লোকটিকে জাপটে ধরল। কিন্তু লোকটি সঙ্গে সঙ্গেই উন্মুক্ত ডান হাতের কনুই দিয়ে প্রচন্ড এক গুতো মারল হাসান সেনজিকের পাজরে।
হাসান সেনজিক মুখে যন্ত্রণাদায়ক এক চিৎকার তুলে পড়ে গেল। কিন্তু লোকটি হাসান সেনজিকের কাছ থেকে মুক্ত হয়ে আর পিস্তল তোলার সময় পেল না। আহমদ মুসা তার উপর তখন ঝাঁপিয়ে পড়েছে। তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে তাকে জাপটে ধরে ড্রাইভিং সিটে বসা লোকটির দিকে ছুড়ে ফেলে দিল। লোকটি তার প্রাথমিক বিমুঢ়তা কাটিয়ে ছুরি বাগিয়ে এগিয়ে আসছিল আহমদ মুসার দিকে।
মাটিতে আছড়ে পড়েই আবার তারা উঠে দাঁড়াচ্ছিল। আহমদ মুসা এবার দু’হাতে দুই পিস্তল নিয়ে ওদেরকে বলল, বেয়াদবি করার চেষ্টা করলে আর জানে বাঁচিয়ে রাখব না।
ওরা দু’জনেই দু’হাত উপরে তুলে উঠে দাঁড়াল।
আহমদ মুসা বলল, তোমরা মিলেশ বাহিনীর লোক?
–না। তাদের একজন বলল।
–তাহলে, তোমরা তাদের দালাল?
–হাঁ।
–কত টাকা বন্দোবস্ত?
–৫ হাজার মার্কিন ডলার।
–তোমরা কি শাস্তি চাও? তারা কথা বলল না।
–তোমরা সাঁতরাতে জান?
–জানি।
–তাহলে ঠিক আছে, তোমরা ব্রীজের রেলিং এ উঠে নদীতে ঝাপিয়ে পড়।
তারা দ্বিধা করছিল।
আহমদ মুসা পিস্তল নাচিয়ে বলল, এক মুহু্র্ত দেরী করলে গুলি করবো।
তারা আহমদ মুসার হুকুম তামিল করল। এক সাথেই দু’জন নদীতে ঝাঁপিয়ে পড়ল। ব্রীজ থেকে নদীর দূরত্ব খুব বেশী নয়। ভরা নদী। তবে প্রবল স্রোত আছে। বেশ ভাসতে হবে তাদের।
ওদের তৃতীয় জনও খোঁড়াতে খোঁড়াতে উঠে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। আহমদ মুসা ওকে কিন্তু এ নির্দেশ দেয়নি। প্রাণের ভয়েই সে করেছে।
আহমদ মুসা এভরেন রমিজের দিকে এগিয়ে আসতে আসতে বলল, তৃতীয় শ্রেণীর ক্রিমিনাল এরা।
এভরেন রমিজ এবং লায়লা লিডিয়া এতক্ষণ ভয়ে-আতংকে কাঠ হয়ে বসেছিল। আহমদ মুসার কথা শুনে তারা যেন জেগে উঠল।
গাড়ির দরজা খুলে এভরেন রমিজ বেরিয়ে এসে জড়িয়ে ধরল আহমদ মুসাকে। বলল, অভিনন্দন গ্রহণ করুন।
আহমদ মুসা বলল, অভিনন্দন পরে হবে। চলুন এখান থেকে সরে যাই।
আহমদ মুসা ও হাসান সেনজিক জীপে উঠল। তারপর দুই গাড়ি মাইল খানেক সামনে এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়াল।
সবাই গাড়ি থেকে নামল। পাশেই বাস টার্মিনাল। আহমদ মুসা জিজ্ঞেস করল, বাস টার্মিনাল শহর থেকে এতটা বাইরে কেন?
–সাবেক কম্যুনিস্ট সরকারের এ আর এক খামখেয়ালি। কম্যুনিস্ট পার্টির কাউকে তো আর বাসে চড়তে হয় না। বলল রমিজ।
আহমদ মুসা বলল, আমরা তো সীমান্তে এই জীপ নিয়েই পৌঁছতে পারি?
–হ্যাঁ, অসুবিধা নেই। গাড়ির কাগজপত্র তো গাড়িতে আছেই। বলল রমিজ।
–ড্রাইভিং লাইসেন্স?
–বিদেশী ট্যুরিস্টদের জন্যে এটা প্রয়োজন হয়না নতুন আইনে।
–ধন্যবাদ।
–আমি একটা প্রশ্ন করতে চাই। আহমদ মুসাকে বলল লায়লা লিডিয়া।
–করুন। বলল আহমদ মুসা।
–আমি এক আহমদ মুসার কথা জানি। তার সাথে আপনার কোন সম্পর্ক আছে?
–এ প্রশ্ন কেন?
–আমি ব্রীজের ঘটনায় আপনার যে অবিশ্বাস্য ভূমিকা দেখলাম তা সাধারণ নয়, এর সাথে আহমদ মুসার সাদৃশ্য আছে।
–কোথায় জেনেছেন আপনি আহমদ মুসার সম্পর্কে?
–কূটনীতিকরা তো অনেক কিছুই জানে। সেভাবেই জেনেছি।
আহমদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল। কিন্তু তার আগেই হাসান সেনজিক বলল, আপনার অনুমান ঠিক। ইনিই সেই আমদ মুসা।
এভরেন রমিজ এবং লায়লা লিডিয়া কেউই সংগে সংগে কোন কথা বলতে পারলনা। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহমদ মুসার দিকে।
শেষে কথা বলল এভরেন রমিজ। বলল, আমরা কূটনৈতিক ও পররাষ্ট্রমন্ত্রণালয়ে চাকুরী করতে গিয়ে ফিলিস্তিন, মিন্দানাও, মধ্য এশিয়া ও চীনে আহমদ মুসার ভূমিকা সম্পর্কে অনেক পেপার পড়েছি। কিন্তু কোন দিন ভাবিনি, এ বিস্ময়কর মানুষটির মুখোমুখি কোন দিন হব!
–আমি বিস্ময়কর নয়, মজলুম মুসলমানদের একজন সামান্য খাদেম।
–শুধু মুসলমানদের কেন? কেন সব মুসলমানের নন? একটু হেসে বলল লায়লা।
–মজলুমের জাতভেদ করে ভাবা ঠিক নয়, কিন্তু যখন জাতভেদে মানুষ জুলুমের শিকার হয়, তখন জাত ভেদ করে ভাবা ছাড়া আর উপায় থাকেনা। যেমন আপনাদের বলকান অঞ্চল। এখানে মুসলমানরা জাতিগত নির্যাতন ও নির্মুল ষড়যন্ত্রের শিকার। এখানে মুসলমানদের কথাই আমাকে ভাবতে হবে।
–আর কোন কারণ নেই? লায়লাই বলল আবার।
আহমদ মুসা হাসল। বলল, আছে সুপথ ও বিপথের প্রশ্ন। বিপথের মোকাবিলায় সুপথের পথিক যারা তাদের প্রতি একটা পক্ষ-পাতিত্ব থাকবেই। আসলে এটা পক্ষপাতিত্ব নয়, ন্যায়ের প্রতি সমর্থন। বিপথকে যদি সুপথে পরিণত করতে হয়, সুপথকে তাহলে শক্তিশালী ও সম্প্রসারিত করতেই হবে। ইসলাম মানবতার মুক্তির একমাত্র পথ।
সুতরাং এর পক্ষে সমর্থনের অর্থ হলো, মানবতার কল্যাণ করা। সুতরাং ইসলামের পক্ষে কাজ আমি করব, সেটাই স্বাভাবিক।
আহমদ মুসা থামলে লায়লা লিডিয়া বলল, প্রশ্নগুলো আমার নয়, আমি এক কমেন্ট্রিতে পড়েছি যে, আহমদ মুসা একজন গোঁড়া কম্যুনাল লিডার।
–সত্যকে ভালবাসা, নিষ্ঠার সাথে সত্যের পক্ষে দাঁড়ানো যদি কম্যুনালিজম হয়, তাহলে আমি একশ’ বার কম্যুনাল। আর বাইরের সব দিক থেকে দরজা বন্ধ করে দেয়া যদি কম্যুনালিজম হয়, আমি কম্যুনাল নই, কোন মুসলমান কম্যুনাল হতে পারেনা।
–দরজা বন্ধ করে দেয়ার অর্থ কি?
–যেমন ইহুদিদের চিন্তা বনি ইসরাইল কেন্দ্রিক। বাইরের গোটা দুনিয়া তাদের কাছে অনাত্মীয়। বাইরের দুনিয়ার লোকেরা তাদের অধীনতা ও আনুগত্য স্বীকারই করতে পারে মাত্র, তাদের জাতির একজন সম্মানিত সদস্যের আসন পেতে পারেনা। হিন্দু ধর্মের ব্যাপারটাও তাই। জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় না হলে অন্য কেউ এ আসন লাভ করতে পারেনা। একেই বলে দরজা বন্ধ করা। প্রকৃতপক্ষে একেই বলে কম্যুউনালিটি। ইসলাম এর সম্পূর্ণ বিপরীত। ইসলাম চায় গোটা বিশ্বকে জড়িয়ে ধরতে। কাফ্রী ক্রীতদাসও এখানে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে।
–উৎকট জাতীয়তাবোধ কি এক ধরনের কম্যুনালিটি বা সাম্প্রদায়িকতা নয়?
–কেউ যদি বলে আমার জাতি ন্যায় করুক অন্যায় করুক আমার জাতিই ঠিক কিংবা নিজ জাতির সমৃদ্ধির জন্যে অন্য জাতির মাথায় অন্যায়ভাবে বাড়ি দেয়া যদি বৈধ করে নেয়, তাহলে তা এক ধরনের সাম্প্রদায়িকতা হবে বৈকি। কিন্তু এ ধরনের কাজকে ইসলাম অবৈধ ঘোষনা করেছে। ইসলামের আইন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপর সমানভাবে প্রযোজ্য। সাধারণ একজন অমুসলিম নাগরিকের অভিযোগে স্বয়ং খলিফা হযরত আলী (রাঃ) আদালতে আসামীর কাঠগড়ায় এসেছেন এবং তার বিরুদ্ধে আদালতের রায়কে তিনি মেনে নিয়েছেন। ইসলামের সোনালী যুগে যুদ্ধ অনেক হয়েছে, কিন্তু যুদ্ধের বৈধ রীতি-নীতির বাইরে পররাজ্য বা পরসম্পদ লুণ্ঠন আত্মসাতের কোন অভিযোগ ইসলামের বিরুদ্ধে নেই।
কথা শেষ করে আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে বলল, জোহরের সময় হয়েছে, নামাজ পড়ে নিতে হয়।
পাশেই ছোট একটা জলাশয়।
এভরেন রমিজ ও লায়লা লিডিয়া একটা বড় পাথরের উপর বসে রইল।
আহমদ মুসা এ হাসান সেনজিক গেল অজু করতে।
–অজু করাও একটা নিয়ম আছে নাকি? বলল লায়লা লিডিয়া।
–শুনেছি আছে।
–কেমন মনে হচ্ছে তোমার আহমদ মুসাকে?
–যেমন ভাবতাম, তার চেয়ে অনেক ভালো।
–কেমন?
–আমি ভাবতাম, চে-গুয়েভারা, হো-চি-মিন, অতবা ক্যাস্ট্রোর মত অস্বাভাবিক চেহারা হবে তাঁর। চুল বড় বড় হবে, চোখ হবে লাল, গায়ে মোষমার্কা মোটা কাপরের জামা কাপড়। তার সাথে থাকবে স্বৈরাচারী অহমিকা। তার বদলে তাঁকে দেখলাম অত্যন্ত পরিচ্ছন্ন একজন ভদ্রলোক হিসেবে। স্বৈর-চরিত্রের কাঠিন্য বর্জিত সরল এবং পবিত্র চেহারা। সাধারণ, কিন্তু অসাধারণ।
–একই ধরনের বিপ্লবী তাঁরা, কিন্তু কেন এই পার্থক্য বলতে পার?
–একই ধরনের বিপ্লবী তারা তো নন।
–বিপ্লবের মত একই কাজ তো তারা করছেন।
–না একই কাজ তারা করেননি।
ভিয়েতনামে হো-চি-মিন, কিউবায় ক্যাষ্ট্রো ও চে-গুয়েভারা, রাশিয়ায় লেনিন এবং চীনে মাও সেতুং কম্যুনিষ্ট বিপ্লব—করেছেন যেখানে স্বৈরচরিত্র ছিল অত্যাবশ্যক, যেখানে মিথ্যাচার, হিংসা, সন্ত্রাস, শঠতা, হত্যা ইত্যাদি ছিল সাফল্যের সোপান। আলবেনিয়ায় এসব আমরা নিজ চোখেই দেখেছি। কিন্তু আহমদ মুসা কাজ করছেন ইসলামী বিপ্লবের জন্যে। যেখানে বিপ্লবের স্বার্থেও কোন অন্যায়, অত্যাচার ও অসততাকে বৈধ করা হয়নি।
–ঠিক বলেছ, এ পার্থক্যের কথা আমি চিন্তা করিনি। বিপ্লবকেই আমি কাজ মনে করেছিলাম।
আহমদ মুসা এবং হাসান সেনজিক নামাজ পড়ছিল।
সবুজ গাছের ছায়ায় সবুজ ঘাসে ঢাকা চত্তর। সবুজ ঘাসের চাদরে দাঁড়িয়ে কাবামূখী হয়ে নামাজ পড়ছিল আহমদ মুসা এবং হাসান সেনজিক। পাশেই এক পাথরে বসে এভরেন রমিজ ও লায়লা লিডিয়া দু’চোখ মেলে তাদের নামাজ পড়া দেখছিল। নামাজীদের মত পবিত্র একটা ভাব তাদের মৌন মুখেও সুষ্পষ্টভাবে ফুটে উঠেছে।
নামাজ শেষে গাড়ির দিকে আসতে লাগল আহমদ মুসা।
এভরেন রমিজ তাকে পাথরে এসে বসতে অনুরোধ করল।
বড় পাথর। আহমদ মুসা ও হাসান সেনজিকের বসতে অসুবিধা হলো না।
আহমদ মুসারা বসার পর লায়লা লিডিয়াই সর্বপ্রথম কথা বললঃ নামাজ না পড়লে কি ক্ষতি হয়?
আহমদ মুসা হাসল; বলল, নামাজ এবং মুসলমান অবিচ্ছেদ্য। নামাজ বাদ দিলে মুসলমান আর মুসলমান থাকেনা।
এভরেন রমিজ ও লায়লা লিডিয়া দু’জনের মুখটা মলিন হয়ে গেল এইকথা শুনে।
–তাহলে আমাদের কি হবে? বলল এভরেন রমিজ।
–আপনারা একটা পরিস্থিতির শিকার যা আপনাদের মুসলমান হিসেবে গড়ে উঠার সুযোগ দেয়নি। আপনাদের নতুন যাত্রা শুরু করতে হবে।
–আমি একটা কথা বলব?
–কি? বলল আহমদ মুসা।
–কা’বা শরিফ আপনি দেখেছেন?
–দেখেছি। কয়েকবার হজ্জ করেছি।
–আমার খুব ইচ্ছা কা’বা শরিফ দেখার। কা’বা ও হজ্জের ইতিহাস আমি পড়েছি। আল্লাহর এ ঘর দেখার খুব ইচ্ছা আমার।
–শুধু দেখা কেন হজ্জ করার নিয়ত করুন, আল্লাহ অবশ্যই তা পূরণ করবেন।
–করবেন, আমি যে মুসলমানদের কিছুই করি না?
–এখন থেকে করুন।
–আরেকটা কথা বলব? লায়লা লিডিয়াই বলল।
–বলুন।
–কা’বা বা মক্কার কোন চিহ্ণ আপনার কাছে আছে?
লায়লা লিডিয়ার মুখে সংকোচের একটা ভাব এবং কথার শেষ দিকে কণ্ঠটা ভারি হযে উঠেছিল।
আহমেদ মুসা চোখ তুলে লায়লা লিডিয়ার দিকে তাকাল। একটু ভাবল। তারপর বলল, একটা তসবিহ আছে। মক্কার পাহাড়ে এক সুগন্ধ কাঠ হয় নাম জানি না। সে সুগন্ধ কাঠের তৈরী তসবিহটি। দেড় বছর আগে ফিলিস্তিন থেকে আসার পথে উমরাহ করি। সে সময় কা’বার সম্মানিত ইমাম তসবিহটি আমাকে দিয়েছিলেন। আমি তোমাকে এটা দিতে পারি।
বলে আহমদ মুসা পকেট থেকে বের করে তসবিহটি লায়লা লিডিয়র দিকে বাড়িয়ে ধরল।
লায়লা লিডিয়া কম্পিত হাতে তসবিহটি নিল। তারপর অপলক চোখে চেয়ে রইল তসবিহটির দিকে। একসময় দু’হাতে তুলে ধরে তসবিহটি চুমু খেল । তার চোখ থেকে তখন গড়িয়ে আসছিলো অশ্রু। তার চোখে মুখে এক অপরূপ ভাবাবেগ।
আহমদ মুসা, এভরেন রমিজ এবং হাসান সেনজিক তিন জনের কারো মুখেই কোন কথা ছিলনা। লায়লার এই আবেগ, এই পরিবর্তন তাদের বিস্মিত করেছে।
লায়লা তার চোখের পানি মুছল না। সে-ই কথা বলল। বলল, মক্কায় কোন দিনে যেতে পারবো কিনা , কা’বা কোনদিন স্পর্শ করতে পারবো কিনা, জানি না। মক্কার মাটির স্পর্শ পেয়েছে এমন জিনিস তো পেলাম। আপনারা বুঝবেন না এ কত অমূল্য আমার কাছে।
আহমদ মুসা আনমনা হয়ে গিয়েছিল, ভাবছিলো অন্য কথা। অনেক দশক থেকে আলবেনিয়া নিরীশ্বরবাদী রাষ্ট্র। ধর্মকে উৎখাতের কোন উপায়ই এখানে বাদ রাখা হয়নি, বিশেষ করে লায়লাদের মত নতুন প্রজন্ম ইসলামরে সাথে পরিচয় লাভেরও কোন সুযোগ পায়নি। তারপরও লিডিয়ার মধ্যে ঈমানের বীজ কি করে প্রবেশ করল! লিডিয়ার চোখে অশ্রু তার হৃদয়ের গোপন কুঠরীতে লালন করা তার ঈমানেরই এক গলিতরুপ। কম্যুনিজম তার দীর্ঘ শাসনকালে শক্তির জোরে মুসলমানদের ঈমানের প্রকাশকে বাধাগ্রস্ত করেছে, তাদের ঈমানকে ধ্বংস করতে পারেনি।
–কি ভাবছেন? বলল এভরেন রমিজ আহমদ মুসাকে।
আহমদ মুসা মুখ তুলল। বলল, ভাবছি কম্যুনিজমের নিদারুন ব্যর্থতার কথা। ওরা মুসলমানদের জীবন থেকে অনেকটা বছর কেড়ে নিয়েছে, কিন্তু তাদের ঈমান কেড়ে নিতে পারেনি।
লায়লার অশ্রু তার ঈমানেরই প্রকাশ। কা’বার প্রতি তার ভালবাসা কা’বার মালিকের প্রতি ভালবাসা থেকেই এসেছে। আমি স্বাগত জানাচ্ছি রমিজ তোমাকে, লায়লাকে।
বলেই আহমদ মুসা ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, আমাদের এখন যাত্রা করতে হয়, রমিজ।
–না আজকে যাবেন না ভাইয়া। বলল লায়লা লিডিয়া।
–না লায়লা, তা হয় না, অযথা সময় নষ্ট করা কেন? বলল আহমদ মুসা ।
–অযথা নয় ভাইয়া। আমাদের অন্তত নামাজ শেখাতে হবে আপনার। আপনি তো বলেছেন, নামাজ না পড়লে কোন মুসলমান মুসলমান থাকেনা।
–লায়লা ঠিকই বলেছে ভাইয়া। না হলে নামাজ আমরা কোথায় শিখব? বলল এভরেন রমিজ।
–নামাজ ছাড়াও ইসলাম সম্পর্কে আরও কিছু জানার আছে। যা জানলে আমরাও আমাদের সমাজে দায়িত্ব পালন করতে পারব। বলল লায়লা লিডিয়া।
আহমদ মুসা হাসান সেনজিকের দিকে চেয়ে বলল, এ দাবী আমি উপেক্ষা করতে পারি না হাসান। হোক একটা দিন দেরী।
আনন্দে উল্লাস করে উঠল এভরেন রমিজ ও লায়লা লিডিয়া দু’জনেই।
–জীপটি কি আমরা সাথে নিব? বলল আহমদ মুসা।
–সাথে নিয়ে ঝামেলার আশংকা বাড়িয়ে লাভ নেই। বলল এভরেন রমিজ।
জীপ আমরা বাস টার্মিনালের গেষ্ট গ্যারেজে রেখে যেতে পারি। কাল ওখান থেকে নিয়ে নিব।
–না, ও জীপের আর দরকার নেই। বেচারা টাকা হারাল, জীপটা অন্তত থাকুক। ওরা জীপটা গ্যারেজ থেকে খুঁজে নিতে পারবে।
–মুসা ভাই আপনি দুর্বৃত্তদের সুবিধা দেখছেন, তাদের চেয়ে আপনার সুবিধার মূল্য কি বেশী নয়?
–কিন্তু জীপটা তো ওদের। আর ভেবে দেখলাম ওরা প্রকৃতই আমাদের শত্রু নয়।
–মুসা ভাই, আপনি বিপ্লবী না হয়ে মিশনারী হওয়া উচিত ছিল। এমন দয়ার শরীর হলে চলবে কি করে? বলল লায়লা লিডিয়া।
–লায়লা, ইসলামে বিপ্লবী ও মিশনারী চরিত্র আলাদা নয়। এখানে বিপ্লবীকে মিশনারী হতে হয়, আবার মিশনারীকে বিপ্লবী হতে হয়। একজন মুসলমান একই সাথে গৃহী, ধর্মপ্রচারক, সৈনিক এবং পুলিশ।
–কিন্তু এ চরিত্র তাদের কোথায়? বলল লায়লা লিডিয়া।
–নেই বলেই তো মুসলমানদের পতন, মুসলমানরা পরাধীন হয়েছে। যখন মুসলমানরা ভোগবাদী গৃহীতে পরিণত হলো, অন্য সব বৈশিষ্ট্য পরিত্যাগ করলো তখনই এল পতন। তোমাদের আলবেনিয়ার শতকরা ৭৫ জন মুসলমান। মুসলমান হিসেবে তাদের সব বৈশিষ্ট থাকলে তারা তাদের স্বাধীনতা হারাতো না, বরং অবশিষ্টদের মুসলমান বানাতে পারতো।
এভরেন রমিজ জীপে গিয়ে উঠেছিল। সে বলল, মুসা ভাই আমি জীপটি বাস টার্মিনালে রেখে আসছি। বলে সে জীপটি নিয়ে চলে গেল।
আহমদ মুসা ও হাসান সেনজিক গিয়ে এভরেন রমীজের গাড়ির পেছনের সিটে বসল। লায়লা লিডিয়া ড্রাইভিং সিটের পাশের সিটে বসতে বসতে বলল, মুসা ভাই, আমাদের বাসা কিন্তু ভালো লাগবে না, একেবারে পায়রার খোপ। আমরা তো কম্যুনিষ্ট পার্টির সদস্য ছিলাম না, তাই দু’জন চাকুরে হওয়ার পরও ভালো বাসা মেলেনি।
–আমরা বাসা ভাল নয়, মানুষ ভাল চাই। বলল আহমদ মুসা।
এই সময় এভরেন রমিজ এসে পৌছল। এসে বসল ড্রাইভং সিটে। একবার পেছন ফিরে আহমদ মুসার দিকে চেয়ে এভরেন রমিজ গাড়ি ছেড়ে দিল।
