দিয়ে দাও ওকে! শীতল সুরে বলল ট্যাপ।
কিন্তু রাইফেলে ট্যাপকে নিশানা করলাম আমি। ঘুরে দাঁড়াও, ট্যাপ, তারপর পালের কাছে ফিরে যাবে। পিস্তলের দিকে যদি হাত বাড়াও, স্রেফ খুন হয়ে যাবে।
আমার সঙ্গে বেঈমানি করছ? ব্যঙ্গ আর বিদ্বেষের সুরে জানতে চাইল সে।
নিজেদের মধ্যে কোন গোলাগুলি হতে দেব না আমি। এমনিতে যথেষ্ট ঝামেলার মধ্যে আছি আমরা। চোখের কোণ দিয়ে দেখলাম শার্টের চেরার দিকে এগিয়ে যাচ্ছে টম জেপসনের ডান হাত। উঁহু, টম, চেষ্টা কোরো না। তোমার ক্ষেত্রেও একই কথা। যে-ই পিস্তলে হাত দেবে, তার লাশ পড়ে যাবে এখানে।
অস্বস্তিকর নীরবতা নেমে এল। হঠাৎ দেখলাম একটা গাছের গুড়ির বিপরীতে উঠে দাঁড়িয়ে আছে রোজিটা জেপসন। দু’চোখ ভরা আতঙ্ক নিয়ে পুরো ঘটনা দেখছে।
পদশব্দ এগিয়ে আসছে ক্যাম্পের দিক থেকে।
ঘুরে দাঁড়াও, টম, ক্যাম্পে চলে যাও, অবিচল কণ্ঠে নির্দেশ দিলাম আমি। ব্যাপারটার নিষ্পত্তি এখনই করে ফেলব আমরা। মিসেস জেপসন, তুমিও যাবে।
ঝট করে চোখ তুলে আমার দিকে তাকাল মহিলা। আমি? কাঁপা স্বরে জানতে চাইল। কিন্তু আমি কি কারণে…
টমের পেছনে পেছনে এগোও।
স্বামী-স্ত্রী চলে যাওয়ার পরও কিছুক্ষণ নড়ল না ট্যাপ এডলে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ইদানীং প্রায়ই আমার কাজে বাগড়া দিচ্ছ তুমি, বয়। একসঙ্গে বড় হয়েছি এটা বোধহয় ভুলেই যেতে হবে আমাকে।
ও-কাজ কোরো না, ট্যাপ। আমি তোমাকে পছন্দ করি, এবং তুমি আমার ভাই। কিন্তু কখনও যদি আমার বিরুদ্ধে ড্র করো, তোমাকে খুন করব আমি।
শেষ রাতের চাঁদের স্লান আলোয় আলোকিত হয়ে আছে জায়গাটা। মায়াবী, রহস্যময় আলো। এখনও একই ভাবে দাঁড়িয়ে আছে ট্যাপ, আমার মুখোমুখি, হ্যাটের ব্রিমের ছায়ায় ঢাকা পড়েছে মুখটা, কিন্তু চোখ দুটোর মণি জ্বলছে জোনাকি পোকার ন্যায় ক্ষুদ্র আলোক বিন্দুর মত।
আস্ত বেকুব তুমি, বয়! জানো কার সঙ্গে কথা বলছ? বুদ্ধি গুলিয়ে ফেলেছ সব?
না, ট্যাপ, ঠিকই বলেছি আমি। আমার ব্যাপারে খুব বেশি নিশ্চিত হয়ো না, কারণ পিস্তল বা রাইফেল আমি তোমার চেয়ে ভাল চালাই। তবে প্রমাণ করার ইচ্ছে নেই আমার। আর•••তোমার মত গানফাইটার হিসেবে নাম কিনতে চাই না নামি, খ্যাতির দরকার নেই কিনা। তোমাকে ড্র করতে কিংবা গুলি করতে দেখেছি, ট্যাপ, কিন্তু আমাকে দেখোনি তুমি। যে-কোন সময়ে তোমাকে ড্র-তে হারাতে পারব আমি।
ঝটিতি ঘুরে দাঁড়িয়ে ক্যাম্পের দিকে এগোল সে। প্রায় সবাই জেগে গেছে ততক্ষণে, বাবাও। মহিলারাও বাকি নেই। মিসেস অটম্যান বা ইলেনও ঘিরে দাঁড়াল আমাদের। একেবারে রক্তশূন্য দেখাচ্ছে ইলেনের মুখ।
ফ্রি, স্কয়ারকে বললাম আমি। তুমি কি আমার জায়গায় পাহারা দিতে যাবে? একটা ব্যাপারে ফয়সালা করতে হবে আমাদের।
শার্টস্লিভ পরনে আগুনের কাছে বসে আছেন বাবা, মুখ গম্ভীর।
ক্যাম্পে পা রাখল ট্যাপ এডলে। কঠিন মুখে সামান্য ব্যঙ্গের, হাসি, টম জেপসনের দিকে তাকাল যখন, স্পষ্ট বিপ আর তাচ্ছিল্য ফুটে উঠল চাহনিতে; কিন্তু ভুলেও ওর দিকে তাকাল না টম।
আগুনের কাছে এসে দাঁড়াল রোজিটা, মাথা উঁচু ওর, নির্লিপ্ত থাকার চেষ্টায় রীতিমত ক্লান্ত বোধ করছে। কিন্তু পুরোপুরি সফল হয়েছে, তা বলা যাবে না।
সময় নষ্ট করলেন না বাবা। ঝটপট প্রশ্ন করলেন, উত্তরও এল। ক্যাম্পের বাইরে বনের কিনারে ট্যাপের সঙ্গে দেখা করেছে রোজিটা। বেশ কয়েকবারই আশপাশে ঘোরাঘুরি করেছে টম জেপসন, আশা করেছে ওকে দেখে চলে আসবে রোজিটা কিংবা ট্যাপই হাল ছেড়ে দেবে।
মাথা নিচু করে সব শুনছে ইলেন, দৃষ্টি মাটির দিকে। স্পষ্ট বুঝতে পারছি পুরো ঘটনা ওর জন্যে কতটা বেদনার। ট্যাপ সম্পর্কে ওকে সতর্ক করতে পারতাম, কিন্তু আমাকে বিশ্বাস করত না, মেয়েটা। মানুষ হিসেবে সে মন্দ নয়; দশজন পুরুষের মেলায় নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত, অথচ মেয়েদের বেলায় কোন সীমারেখা বেঁধে রাখতে পারে না ওকে, মানেও না সে। মেয়ে মাত্র, যেখানেই হোক, তাদের পছন্দ করে ট্যাপ, পটাতে ভালবাসে এবং ওখানেই শেষ হয়ে যায় সবকিছু। ইলেনকে যা বলেছি তারচেয়ে বেশি কিছু বলে আসলে কোন কাজ হত না। মাঝে মধ্যে এমনও সময় আসে, যেটা আমরা বিশ্বাস করতে চাই শুধু সেটাই বিশ্বাস করি।
ট্যাপকে সমীহ করি আমি, একসময় নিজের আদর্শ মনে করতাম ওকে। একসঙ্গে বড় হয়েছি আমরা, অনেক কিছুই ওর কাছ থেকে শিখেছি। কিন্তু সবাই আমরা একটা আউটফিটের অংশ, তাই ব্যক্তির চেয়ে দলের স্বার্থই এখানে বড়। শেষপর্যন্ত সফল হতে হলে একসঙ্গে থাকতে হবে আমাদের। একাট্টা হতে হবে। এখানকার প্রতিটি লোকই জানে যে ট্যাপ এডলে আমাদের স্বপ্নের মূল কারিগর। এই ট্রেইলে পাড়ি দেয়ার অভিজ্ঞতা আছে ওর, যা আমাদের কারোই নেই। যেদিকে যাচ্ছি আমরা, এলাকাটা চেনে ট্যাপ, অথচ আমরা এই প্রথম এলাম। মাইল খানেক পরেও কি আছে জানি না কেউ, সামান্য ধারণাও নেই।
ট্যাপ জন্মগত ভাবে নেতৃত্ব দিতে সক্ষম। কাউহ্যান্ড হিসেবে দক্ষ। এখন ও ভাবছে পুরো ব্যাপারটাই আসলে স্রেফ তামাশা বা লোক দেখানো ব্যাপার। কিন্তু ভুল করছে সে। বাবাকে এখনও ঠিক চেনা হয়নি ওর।
রোজিটাকে ওয়াগন থেকে বেরিয়ে যেতে দেখেছে টম জেপসন, জানত তার আগেই নিজের বিছানা ছেড়ে গেছে ট্যাপ; সুতরাং স্ত্রীকে অনুসরণ করে সে। লংহর্নটা ঝোঁপের ওপাশে কারও উপস্থিতি টের পেয়ে চমকে না উঠলে, নিঃসন্দেহে দু’জনের একজন খুন হয়ে যেত এতক্ষণে, হয়তো দু’জনকেই খুন করত জেপসন। দেখামাত্র ট্যাপকে গুলি করত সে। ঠান্ডা নির্লিপ্ত স্বরে এই বলল সে।
