‘আমি আজ সকালে ঠিক করলাম একটু বুদ্ধিমানের মত কাজ করব। আমি স্থির করলাম ব্যাঙ্ক কি চায় সে সম্পর্কে কথা না বলে আমাদের মক্কেল কি চান তাই নিয়ে কথা বলব। আর সবার উপরে আমি তাকে ‘হ্যাঁ’ বলাতেই চাইবো একদম গোড়া থেকেই। অতএব আমি তার সঙ্গে একমত হলাম। আমি তাকে জানালাম যে খবর তিনি দিতে অনিচ্ছুক সেগুলো তেমন প্রয়োজন নেই।
যাইহোক আমি বললাম, ধরা যাক আপনার মৃত্যুর পর এই ব্যাঙ্কে টাকা রয়ে গেল। আপনি কি চাইবেন না সে টাকা ব্যাঙ্ক আপনার উত্তরাধিকারীকে দিক?
‘হ্যাঁ, তা অবশ্যই চাইব’, তিনি বললেন।
‘তা বলে কি চাইবেন না। আপনি তার নামটা আমাদের জানাতে, যাতে আমরা দ্রুত কাজ করতে পারি?’
‘আবার তিনি বললেন ‘হ্যাঁ’।
‘তরুণ লোকটির মনোভাব একেবারেই বদলে গেল যখনই তিনি বুঝতে পারলেন খবরগুলো আমরা আমাদের জন্যে চাইছিনা বরং তারই জন্য চাই। ব্যাঙ্ক ত্যাগ করে যাওয়ার সময় শুধু যে সমস্ত খবরই দিলেন তাই না তিনি একটা ট্রাষ্ট অ্যাকউন্টও খুললেন তার মাকে উত্তরাধিকারী করে। আর তার মার সম্বন্ধে স্বইচ্ছাতেই সব খবর দিয়ে দিলেন।
আমি বললাম তাকে হা’ বলাতে পেরে একেবারে গোড়াতেই তিনি সব বিরোধিতা ভুলে গেলেন আর এর পরিসমাপ্তি সুখকরই হলো।
‘আর একটা প্রতিষ্ঠান একজন মক্কেলকে তাদের পণ্য বিক্রী করতে চাইছিলেন’, বলেছেন ওয়েটিংহাউসের একজন সেলসম্যান জোশেফ অ্যালিসন। আমার পূর্বসূরী দশ বছর চেষ্টা করেও কিছু করতে পারেন নি। আমার হাতে যখন ওই এলাকার দায়িত্ব এলো, আমি তিন বছর চেষ্টা চালালাম কিন্তু কোন অর্ডার পেলাম না। শেষ পর্যন্ত তের বছরের চেষ্টায় আমরা তাঁকে কয়েকটা বৈদ্যুতিক যন্ত্র বিক্রি করতে পারলাম। এটা যদি হতে পারে তাহলে আরও কয়েক শ নিশ্চয়ই এবার বিক্রি করতে পারব ভাবলাম।’
তাই পরের সপ্তাহে যখন গেলাম বেশ উচ্চ ধারণাই আমার ছিল। অবশ্য এ ধারণাটা আর রইলো না যে মুহূর্তে তাঁদের চিফ ইঞ্জিনিয়ার আমাকে অভ্যর্থনা করে বললেন : ‘অ্যালিসন, তোমাদের বাকি বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো আমরা নিতে পারবো না। আমি প্রচণ্ড ধাক্কা খেলাম।
‘কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কেন?’
‘কারণ তোমাদের মোটরগুলো অত্যন্ত গরম হয়ে যায়। আমি হাত রাখতে পারি না।’
‘আমি জানতাম এক্ষেত্রে তর্ক করে কোন লাভ হবে না। এভাবে আগেও চেষ্টা করে দেখেছি, এত কোন কাজ হয় না। অতএব আমি ঠিক করলাম ‘হ্যাঁ হ্যাঁ’ বলে দেখবো।
‘বেশ, মিঃ স্মিথ’, আমি বললাম। আমি আপনার কথা শতকরা একশ ভাগই মেনে নিচ্ছি। ওই মোটরগুলো যদি সত্যিই গরম হয়ে ওঠে কখনই তা কেনা উচিত নয়। আপনি নিশ্চয়ই সেই সব মোটর কিনবেন যেগুলো মোটর তৈরির কানুন অনুযায়ী যে মান নির্দিষ্ট করে বানানো হয়, তাই না?
তিনি স্বীকার করলেন। আর প্রথম হ্যাঁ বললেন।
‘বৈদ্যুতিক মোটর তৈরি সমিতির নিয়ম হলো তাপমাত্রার উপর কোন মোটর ৭২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। ঠিক কি না?
‘হ্যাঁ’, তিনি স্বীকার করলেন। সেটা ঠিক। তবে তোমাদের মোটর আরও গরম হয়ে যায়।
আমি তার সঙ্গে কোন রকম তর্ক করলাম না। আমি শুধু শুনতে চাইলাম আপনাদের কারখানার ঘর কি রকম গরম?
‘ওহ, তিনি বললেন, প্রায় ৭৫ ডিগ্রী ফারেনহাট।‘
বেশ, আমি বললাম, ঘরের তাপমাত্রা যদি ৭৫ ডিগ্রী হয় আর তার সঙ্গে যদি আরও ৭২ ডিগ্রী যোগ করেন তাহলে মোট দাঁড়ায় ১৪৭ ডিগ্রী ফারেনহাইট। তাহলে ধরুন ১৪৭ ডিগ্রীতে যদি হাত রাখেন তা হলে হাতে প্রচণ্ড গরম লাগবে না?’
আবার তাকে ‘হ্যাঁ’, বলতে হলো।
বেশ, আমি জানালাম, ‘মোটরগুলোয় হাত না দিলেই ভালো হয় না কি?’
‘হ্যাঁ, মনে হচ্ছে তেমার কথাই ঠিক’, তিনি স্বীকার করলেন। আমরা এরপর বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর তিনি সেক্রেটারিকে ডেকে প্রায় আরও ৩৫০০০ হাজার ডলারের অর্ডার ওই মাসের জন্য দিলেন।
‘বহু লক্ষ টাকার ব্যবসা নষ্ট করার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে তর্ক করে কোন ফল লাভ হয়। আসল প্রয়োজন হলো হ্যাঁ বলানো!’
সক্রেটিস ছিলেন এথেন্সের একজন তার্কিক মানুষ। চল্লিশ বছরের টাক মাথা মানুষ হয়েও তিনি উনিশ বছরের একটি মেয়েকে বিয়ে করেন। তা সত্ত্বেও তিনি যা করে গেছেন ইতিহাসে কম মানুষই তা পেরেছেন। তিনিই মানুষের চিন্তাধারায় একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দেন, আর আজ তাঁর মৃত্যুর তেইশ শতাব্দী পরেও তাকে সম্মান জানানো হয় মানবের চিন্তাধারার চরম বিপ্লববাদী পরিবর্তনকারী জ্ঞানী বলে।
তাঁর কৌশলটা কেমন ছিল? তিনি কি সবাইকে বলতেন তারা ভুল করছে? ওহ্ না, সক্রেটিস এরকম করার মানুষ ছিলেন না। তিনি ঢের বেশি কৌশলী ছিলেন। তাঁর পুরো কৌশলের নাম সক্রেটিসের পদ্ধতি। এর মূলে ছিল মানুষকে প্রথমেই ‘হ্যাঁ’, ‘হ্যাঁ’ বলিয়ে নেওয়া। তিনি এমন প্রশ্ন করতেন যাতে তার বিরোধীকে ‘হ্যাঁ’, হ্যাঁ’, বলতে হতো। এরপর ক্রমাগত তিনি তাকে সব স্বীকার করিয়ে নিতেন। বিরোধীরা হা’ বলতে বলতে এমন অবস্থায় আসত যে তারা দেখতে ক’মিনিট আগে তারা যার বিরোধিতা করছিল এখন তাকেই সমর্থন করছে।
এরপর কাউকে সে ভুল করছে আখ্যা দেওয়ার আগে তখন খালি সক্রেটিসের কথাটা মনে রাখা দরকার। চীনাদের বেশ প্রাচীন একটা প্রবাদ আছে : ‘যে শান্তভাবে চলে সে ঢের দূর যায়। পাঁচ হাজার বছরের অভিজ্ঞতাই তাদের এ জ্ঞান দিতে পেরেছে।
