লাহোরে রাজধানী স্থানান্তরের প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এমনকি তার মা তার নতুন কক্ষের ব্যাপারে সামান্যই অভিযোগ করার সুযোগ পেয়েছেন। লাহোরের প্রসাদের নতুন কক্ষটি ফতেহপুর শিক্রির তুলনায় অধিক আলো-বাতাস সম্পন্ন এবং তার সঙ্গে যোগ হয়েছে রবি নদী দেখতে পাওয়ার সুবিধা। আবারো বুকে সাহস সঞ্চয় করে সে তার বাবাকে জিজ্ঞেস করেছিলো কাশ্মীর অভিযানে তিনি তাকে সঙ্গে নেবেন কি না, কারণ তার বয়স এখন চৌদ্দর কাছাকাছি এবং সেনাবাহিনীর কার্যকলাপ শিখতে সে ভীষণ আগ্রহী। আকবর রাজি হওয়ায় সে একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত হয়েছে। এমনকি তাকে তিনি একজন সঙ্গী নির্বাচনের সুযোগও দিয়েছেন। সেলিম সুলায়মান বেগকে নির্বাচন করেছে, সে তার দুধভাইদের একজন। তার বয়স প্রায় সেলিমের সমান এবং সে মাত্র কয়েকদিন আগে তার বাবার সঙ্গে বাংলা থেকে ফেরত এসেছে যিনি বেশ কিছু বছর সেখানকার সহকারী প্রশাসক হিসেবে নিযুক্ত ছিলেন। তার মা বাংলাতে মারা গিয়েছে এবং সেলিমের তার দুধমাকে সামান্যই মনে আছে। সুলায়মানের হালকা পাতলা কাঠামো দেখে তার দৈহিক শক্তি সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না এবং সে সর্বদা দক্ষতার মহড়ায় বা শিকার অভিযানে সেলিমের সঙ্গে যোগ দিতে প্রস্তুত থাকতো। তার উপস্থিত কৌতুকবোধের প্রভাবে সেলিম না হেসে থাকতে পারতো না, এমনকি সে যখন তার ভবিষ্যত সম্পর্কে চিন্তা করে মনমরা হয়ে থাকতো তখনোও এর ব্যতিক্রম ঘটতো না।
সেলিমকে আকবর অভিযানের সঙ্গী করা সত্ত্বেও কদাচিৎ যুদ্ধসভার সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছিলেন। কিন্তু গতকাল সন্ধ্যায় এর ব্যতিক্রম ঘটেছিলো, তিনি সেলিমকে সভায় ডেকেছিলেন। সে যখন তার বাবার বিশাল আকারের উজ্জ্বল লাল বর্ণের নিয়ন্ত্রণতাবুতে প্রবেশ করে তখন দেখতে পায় সভা ইতোমধ্যে আরম্ভ হয়ে গেছে এবং আকবর বক্তব্য রাখছেন। সামান্য থেমে তিনি তাকে ইশারা করেন মেঝের শতরঞ্জিতে আসনসিঁড়ি হয়ে বসে থাকা সেনাপতিদের পাশে বসতে।
সেলিম বসতে বসতে শুনতে পেলো আকবর বলছেন, …তাহলে আমাদের তথ্য সংগ্রহকারী এবং গুপ্তচরদের বয়ে আনা খবর থেকে বোঝা যাচ্ছে যে আগামী দুই এক দিনের মধ্যেই আমরা কাশ্মীরের সুলতানের একটি অগ্রগামী সৈন্যদলের মুখোমুখী হবো যেখানে উপত্যকাটি আরেকটু প্রশস্ত হয়েছে। তাঁদের মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আকবর তার নতুন প্রধান সেনাপতি আব্দুল রহমানের দিকে তাকালেন, বার্ধক্যের কারণে আহমেদ খানের পদত্যাগের পর সে তার ভূমিকায় নিযুক্ত হয়েছে। সেনাকর্তাদের বলবে আজ সন্ধ্যায় যেনো তারা তাদের অধীনস্ত সৈন্যদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করে। আজ রাতে আমাদের সেনা শিবিরের চারপাশে পাহারারত রক্ষীদের সংখ্যা দ্বিগুণ করবে। আমাদের বাহিনীর প্রস্থের সমান সংখ্যক তথ্যসংগ্রহকারীকে আগামীকাল সকালে আমাদের যাত্রার পূর্বে রওনা করে দেবে। সাধারণত আমরা সকালের যে সময় যাত্রা শুরু করি তার তুলনায় এক ঘন্টা আগেই আগামীকাল রওনা হবো। তুমি অগ্রবর্তী সৈন্য দলের নেতৃত্ব দেবে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আমাদের সবচেয়ে দক্ষ অশ্বারোহী যোদ্ধা এবং বন্দুকধারীরা।
জ্বী জাহাপনা। আজ রাতে শিবিরের পাহারায় দ্বিগুণের পরিবর্তে আমি তিনগুণ বৃক্ষী নিযুক্ত করবো। এবং প্রতিটি পাহারাচৌকিতে যাতে শিঙ্গা এবং ঢাক থাকে তাও নিশ্চিত করবো যা বিপদ সংকেত প্রদানে ব্যবহার করা হবে, যদি কুয়াশার আড়ালকে ব্যবহার করে কোনো আক্রমণের চেষ্টা হয়। তাছাড়া আমি সেনাকর্তাদের নির্দেশ দেবো যাতে পনেরো মিনিট পর পর তারা পাহারাচৌকিগুলিতে টহল দেয়।
ঠিক আছে আব্দুল রহমান।
জাহাপনা, দয়া করে যদি বলেন আগামীকাল সকালে আপনি সেনা দলের কোনো অংশে অবস্থান করবেন তাহলে ভালো হয়, এই তথ্যের ভিত্তিতে আমি আপনার নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
আমি যুদ্ধহাতির নেতৃত্ব দেবো, কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তা প্রদান করতে হবে হাতিবাহিনীর শেষ অংশে। কারণ আমার পুত্র সেলিম সেখানে অবস্থান করবে। এটা তার জীবনের প্রথম যুদ্ধ। সে এবং তার ভাইয়েরা মোগল সম্রাজ্যের ভবিষ্যত এবং এ সাম্রাজ্যের ভবিষ্যৎ প্রবৃদ্ধির নিশ্চয়তা। আমি তাকে আজকের সভায় উপস্থিত হতে বলেছি যাতে সে আমাদের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে ধারণা পেতে পারে। সেলিম অনুভব করলো তার বাবার সেনাপতিদের দৃষ্টি তাকে পর্যবেক্ষণ করছে। আকবর তাকে বললেন, সভাকে উদ্দেশ্য করে তুমি কি কিছু বলবে, সেলিম?
আকবরের এই অপ্রত্যাশিত প্রস্তাবে সেলিম কিছুটা বিস্মিত হলো এবং তার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য শূন্য হয়ে পড়লো। কিন্তু তারপর কিছুটা সাহস সঞ্চয় করে সে বলে উঠলো, আমি শুধু এইটুকু বলতে চাই যে এই যুদ্ধে আমি আমার সর্বোচ্চ সামর্থ প্রয়োগ করবো এবং আশা করি আমি তোমার সেনাপতিদের মতোই সাহসী ভূমিকা পালন করতে পারবো এবং তোমার পুত্র হিসেবে তোমার মর্যাদা রক্ষা করতে পারবো।
সেলিম যখন থামলো উপস্থিত সেনাপতিরা একযোগে করতালি দিলো এবং আকবর বললেন, নিশ্চয়ই তুমি পারবে।
সেলিমের দিক থেকে দৃষ্টি সরিয়ে আকবর আবার সভার দিকে মনোযোগ দিলেন। সে তখন ভাবছে তার বাবার কণ্ঠস্বরে এমন কোনো আভাস ছিলো কি যাতে বোঝা যায় সে যথেষ্ট মৌলিক এবং উত্তম বক্তব্য প্রদান করতে পারেনি? কিন্তু তারপর আসন্ন যুদ্ধ সম্পর্কিত উত্তেজনা তার মনের সকল দুশ্চিন্তাকে গ্রাস করলো।
