পোর্ট্রেট তো অনেক হল, বলল সুখময়, তাই এবার ল্যান্ডস্কেপের দিকে ঝুঁকেছি।
আপনি আমার একটা ছবি এঁকে দেবেন?
সুখময় রীতিমতো বিস্মিত। এ ধরনের প্রস্তাব ভদ্রলোকের কাছ থেকে সে আশা করেনি। গণেশ মুৎসুদ্দি ঘাসের উপর বসে পড়ে বললেন, আমি একটা অভিনব অফার দিচ্ছি আপনাকে। আপনি পোর্ট্রেট আঁকবেন, তবে সাধারণ পোর্ট্রেট নয়।
কীরকম?
সুখময়ের মনে এখন বিরক্তির জায়গায় কৌতূহল দেখা দিয়েছে। তার হাতের তুলি হাতেই রয়ে গেছে; সে তুলি আর কাজ করছে না।
গণেস মুৎসুদ্দি বললেন, আমার প্রস্তাবটা শুনুন, তারপর আপনার যা বলার বলুন। আমার মনে হয় এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না।
সুখময় এখনও কোনও আন্দাজ করতে পারছে না ভদ্রলোক কী বলতে চান। ভদ্রলোকও একটু সময় নিয়ে তাঁর প্রস্তাবটা দিলেন।
ব্যাপারটা হল এই–আপনি আমার একটা ছবি আঁকুন, কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয়। আজ থেকে ঠিক পঁচিশ বছর পরে আমার যে চেহারা হবে সেইটে আপনার অনুমান করে আঁকতে হবে। আজ হল ১৫ অক্টোবর ১৯৭০। আপনার ছবিটা আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব। তারপর আজ থেকে পঁচিশ বছর পরে–অর্থাৎ ১৫ অক্টোবর ১৯৯৫–আমি আবার ছবিটি নিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার কথার নড়চড় হবে না। যদি দেখা যায় যে আপনার অনুমান ঠিক হয়েছে এবং ছবির সঙ্গে আমার তখনকার চেহারা মিলে গেছে, তা হলে আমি আপনাকে আরও কিছু টাকা পুরস্কার দেব। রাজি?
প্রস্তাব যে অভিনব তাতে সন্দেহ নেই। এমন প্রস্তাব কোনও ব্যক্তি কোনও শিল্পীকে করেছে বলে সুখময়ের জানা নেই। সুখময় প্রস্তাবটা উড়িয়ে দিতে পারল না। এটা একটা চ্যালেঞ্জই বটে! একজন লোকের আজকের চেহারা পঁচিশ বছরে কী রূপ নেবে সেটা অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তাও সুখময় একটা আকর্ষণ অনুভব করল। সে বলল, ছবি না হয় আমি আঁকলাম, কিন্তু পঁচিশ বছর পরে আপনার সঙ্গে যোগাযোগ হবে কী করে?
আমিই আপনার সঙ্গে যোগাযোগ করব, বললেন গণেশ মুৎসুদ্দি। আপনার এখনকার ঠিকানা আপনি আমাকে দিন, আমিও আমার ঠিকানা দিচ্ছি। যার ঠিকানা বদল হবে, সে অন্যকে জানাবে। এই ব্যাপারে যেন অন্যথা না হয়, নইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে ঠিক পঁচিশ বছর পর আপনার পোর্ট্রেটটি সঙ্গে নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব। যদি চেহারা মেলে তা হলে আপনি আরও পাঁচ হাজার পাবেন! না হলে অবশ্য টাকার আর কোনও প্রশ্ন উঠছে না; কিন্তু এটাও বুকুন যে, আপনার কোনও লোকসান হচ্ছে না, কারণ আপনার পারিশ্রমিক আমি এখনই দিয়ে দিচ্ছি।
সুখময় একটু ভেবে বলল, আমি রাজি আছি। শিলং-এই কাজটা হবে তো?
তা তো হতেই পারে। আমি এখানে আরও দশদিন আছি। তার মধ্যে আপনার পোর্ট্রেট হয়ে যাবে?
পোর্ট্রেট করতে দিন পাঁচেকের বেশি লাগবে না। আমি আরও সাতদিন আছি। কালই শুরু করা যাবে তো!
নিশ্চয়ই।
কিন্তু এমন উদ্ভট প্ল্যান আপনার মাথায় এল কী করে?
আমি মানুষটাই একটু রগুড়ে আর খামখেয়ালি। আমাকে যারা চেনে তারা আমার এদিকটা জানে। আপনার সঙ্গে পরিচয় হয়নি, তাই আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে।
আপনার বয়স এখন কত?
সাঁইত্রিশ। পঁচিশ বছর পরে আমার বয়স হবে বাষট্টি। আপনি তো বোধহয় আমার চেয়ে ছোট?
আমার বয়স পঁয়ত্রিশ, বলল সুখময়।
আশা করি আমরা দুজনেই আরও পঁচিশ বছর জীবিত থাকব।
সেটা কি জোর দিয়ে কেউ বলতে পারে?
আমার মন তাই বলছে। তারপর দেখা যাক কী হয়!
তা হলে কাল থেকেই কাজ শুরু।
হ্যাঁ। আপনি যদি বলেন তা হলে আমি আপনার বাড়িতে আসতে পারি।
আঁকার সরঞ্জাম–রঙ, তুলি, ক্যানভাস, ইজেল–সেখানে পাওয়া যাবে। আমি থাকি লাইমখা–বাংলো বাড়ি, নাম কিসমত। এখানে সকলেই ওটাকে স্মিথ সাহেবের বাংলো বলে।
গণেশ মুৎসুদ্দির আজ থেকে পঁচিশ বছর পরের পোর্ট্রেট আঁকতে সুখময় সেনের লাগল পাঁচদিন। ছবিটা এঁকে সুখময় বুঝেছে যে, এমন চিত্তাকর্ষক কাজ সে কোনওদিন করেনি। অন্য পোর্ট্রেট আঁকতে শুধু পর্যবেক্ষণেরই প্রয়োজন হয়, এক্ষেত্রে একটা দূরদৃষ্টি সুখময়ের সবসময়ই প্রয়োগ করতে হচ্ছিল, যেটা এর আগে কখনওই প্রয়োজন হয়নি। গণেশ মুৎসুদ্দির মাথা ভর্তি চুল, কিন্তু সুখময় লক্ষ করেছে যে, সে চুলের জাত পাতলা। তাই পঁচিশ বছর পরে তার মাথায় একটা বিস্তীর্ণ টাক দিয়েছে সুখময়। তা ছাড়া সুখময়ের মন বলেছে, এ ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে মোটা হবে না, রোগাই থাকবে। তাই ছবিতে মুখের ভাবটা শীর্ণ করেছে। গাল বসা, চোখের কোণে বলিরেখা, কানের পাশে চুলে পাক, থুতনির নীচে ঈষৎ লোল চর্ম–এই সবই সুখময় এঁকেছে। তা ছাড়া ঠোঁটের কোণে একটা হাসির আভাস দিয়েছে। কারণ তার মন বলেছে, গণেশ মুৎসুদ্দির জীবনটা মোটামুটি সুখের হবে।
ছবি দেখে গণেশ মুৎসুদ্দি বললেন, বাঃ, এ অদ্ভুত ব্যাপার। কিছুটা আমার বাবার এখনকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। আর মনে হয় আমাকে মেক-আপ দিলেও এই চেহারা দাঁড় করানো যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আবার পঁচিশ বছর পরে দেখা হবে, আপাতত আপনার পারিশ্রমিকটা আপনাকে দিয়ে দিচ্ছি।
শিলং লেকের ছবি শেষ করার জন্য সুখময়কে আরও কদিন থাকতে হয়েছিল। কিন্তু এ কদিনে আর গণেশ মুৎসুদ্দির সঙ্গে দেখা হয়নি। লোকটা যে ভারী অদ্ভুত, এ চিন্তা সুখময়ের মনে অনেকবার উদয় হয়েছে। পঁচিশ বছর পরে কি সে সত্যিই আবার আসবে? সেটা বলার কোনও উপায় নেই। এই পঁচিশ বছরে যে কত কী ঘটতে পারে এটা ভেবে সুখময়ের মাথা বোঁ বোঁ করে উঠল।
